বিষয়বস্তুতে চলুন

নন্দিনী মালিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নন্দিনী মালিয়া (জন্ম: ৪ ফেব্রুয়ারি, ১৯৫২, কলকাতা মৃত্যু: ১৩ সেপ্টেম্বর, ১৯৯৯) ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রিয় ও বহুমুখী অভিনেত্রী, যিনি সাবলীল অভিনয়ের জন্য প্রশংসিত ছিলেন। প্রায় ৩৫ বছরের কর্মজীবনে তিনি ১৯৯৯ সালে অকালে প্রয়াত হওয়ার আগে প্রায় ৪০টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৬৭ সালে ' ছুটি' চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম দর্শকদের মন জয় করেন , যেটি উচ্চ সাহিত্যকর্মের উপর ভিত্তি করে নির্মিত শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তিনি মূলত সমালোচকদের দ্বারা প্রশংসিত এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র যেমন মাল্যদান (১৯৭১), বিসর্জন (১৯৭৪), নিমন্ত্রণ (১৯৭১), এবং সমর্পিতা (১৯৮৩)-তে তার প্রধান এবং পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয়। তিনি অনায়াসে মর্মান্তিক, অশ্রুসিক্ত চরিত্র থেকে আরও আনন্দময়, হালকা মেজাজের চরিত্রে রূপান্তর করতে পারতেন, যা তাকে একজন অত্যন্ত সম্মানিত চরিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।[১][২]

অভিনয় জীবন

[সম্পাদনা]

নন্দিনী মালিয়ার জন্ম ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি, কলকাতায়। নন্দিনী মালিয়াকে আবিষ্কার করেন প্রতিভাময়ী নায়িকা-পরিচালক অরুন্ধতী দেবী। বিমল কর এর 'খড়কুটো' অবলম্বনে 'ছুটি' ছবি পরিচালনা করতে গিয়ে নতুন মুখ খুঁজছিলেন অরুন্ধতী দেবী। অপাপবিদ্ধা মুখের প্রয়োজন ছিল তাঁর। 'ছুটি' ছিল অরুন্ধতী দেবীর প্রথম পরিচালিত ছবি। তখন নন্দিনী কিশোরী। তাঁকে 'ছুটি' ছবির নায়িকা হিসেবে নির্বাচন করেন অরুন্ধতী। নন্দিনীকে কাস্ট করা হয় নায়ক মৃণাল মুখোপাধ্যায় এর বিপরীতে, যিনি সঙ্গীতশিল্পী মিস জোজোর বাবা। এক অসুস্থ মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে সবার মন জিতে নেন নন্দিনী মালিয়া। নিখুঁত শিল্পসুষমামণ্ডিত 'ছুটি' (১৯৬৭) ছবিটি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিল।

সঙ্গে এই ছবির অনবদ্য গান আজও ভুলতে পারেনি বাংলা ছবির দর্শক। প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর নিষ্পাপ কণ্ঠ যথার্থ রূপ পেয়েছিল নন্দিনীর মুখশ্রীতে, যে জন্য 'ছুটি' দুঃখের ছবি আজও মনকে নাড়িয়ে দেয় আমাদের। কিন্তু নন্দিনী ছিলেন তখন বাংলা ছবিতে মুক্ত দখিনা হাওয়া। সুন্দর মুখ, সুন্দর হাসির জয় সর্বত্র। তাই নন্দিনী মালিয়ার স্নিগ্ধ রূপ ও অভিনয়ের প্রশংসা সবার মুখেমুখে ফিরতে লাগল। প্রচুর ছবিও আসতে থাকল নন্দিনীর হাতে। নন্দিনী কিন্তু আকাশবাণীর বহু নাটকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সঙ্গে কাজ করেছেন। আবার পেশাদার থিয়েটারেও অভিনয় করেছেন তিনি। এর পরে তরুণ মজুমদারের 'নিমন্ত্রণ' ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে নন্দিনী মালিয়া সুযোগ পান। ছোট্ট রোল, কিন্তু ভোলা যায় না। মনে পড়ে সেই দৃশ্যটা, পিকনিক স্পটে উঁচু টিলায় বসে নন্দিনী মালিয়ার লিপে কণিকা বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় গান, 'দূরে কোথাও দূরে দূরে'। সন্ধ্যা রায় অভিনীত ছবিতে ছোট্ট উপস্থিতিতেই নন্দিনী যে কতটা জাত অভিনেত্রী, তা বোঝা যায়। প্রথমদিকে নন্দিনীর কেরিয়ারে ভাল ভাল পরিচালকের ছবি আছে। এর পরে অজয় করের 'মাল্যদান' ছবিতে কুড়ানি নায়িকা চরিত্রে আইকনিক হয়ে আছেন নন্দিনী। সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় এর পাশেও নন্দিনীর উপস্থিতি উজ্জ্বল। অজয় করের 'মাল্যদান' সেরা আঞ্চলিক বাংলা ছবির রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল এবং প্রশংসিত হয়েছিল নন্দিনীর অভিনয়। তবে এখানেও রুগ্না চরিত্রে নন্দিনী। সত্যি সে কুড়ানি, মৃত্যুশয্যায় স্বামীর সিঁদুর পাচ্ছে। সৌমিত্র-নন্দিনী জুটি নিয়ে সেই বছরেই, ১৯৭১ সালে 'সংসার' ছবি বানালেন সলিল সেন। এর পর 'বিসর্জন' এবং 'ছন্দপতন' দুটি উল্লেখযোগ্য ছবিতে নন্দিনীই নায়িকা। দুটি ছবিই বেশ হিট করেছিল।

'ছুটি' ছবির পর আর নন্দিনী মালিয়াকে পিছন ফিরে তাকাতে হয়নি। অরুন্ধতী দেবীর হাত ধরে প্রথম সারির নায়িকার রোলে উঠে এলেন নন্দিনী মালিয়া। কিন্তু 'ছুটি'র সেই অসুস্থার ভূমিকায় নন্দিনী যেন অসুস্থর রোলের ফাঁদেই পড়ে গেলেন টালিগঞ্জ পাড়ায়। অলিখিত নিয়মেই যাঁর যে রোলে হিট বেশি হয়, তাঁকে সেই রোলই টলিউডে দেওয়া হয়। এর থেকে নন্দিনীও বেরোতে পারলেন না। .নন্দিনীকে দুখিণীর রোল থেকে কিছু সময় হলেও মুক্তি দিয়েছিল 'সমর্পিতা' ছবিটি। "এইদিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বারেবার এই ক্ষণ যেন চিরকাল ছুঁয়ে থাকে মনটা তোমার।" অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে প্রাণবন্ত নন্দিনীর লিপে এ গান যেন পাহাড়ের ঝরনাধারার মতো প্রাণোচ্ছল। সমর্পিতা ছবির নায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী জানাচ্ছেন, "সমর্পিতা আমার একটা অন্যধারার ছবি সেই সময়ে দাঁড়িয়ে। আমি, নন্দিনী, আলপনা (গোস্বামী), সঙ্ঘমিত্রা (ব্যানার্জী), রবিদা (ঘোষ) সবাই আউটডোরে গিয়ে চুটিয়ে মজা করে অভিনয় করেছিলাম। ছবিটা তখন সিনেমা হলে সেভাবে চলেনি। কিন্তু ছবিটা যখন রোববারের বাংলাছবিতে টিভিতে দিল, ভীষণ চলল। 'সমর্পিতা' টেলিভিশনে ব্যাপক হিট করে। আমার মারদাঙ্গার ছবির বাইরে অন্যরকম আলতো প্রেমের ছবি। কাজ করেও ভাল লেগেছিল। টিভিতে দেখে প্রচুর দর্শক ছবির, অভিনয়ের প্রশংসা করেছিল।"

এই সমস্ত ভাল ছবি পাচ্ছিলেন আশির দশকের মাঝামাঝি অবধি নন্দিনী। কিন্তু একটা সময় পরে নন্দিনীর হাতে কোনও ছবি ছিল না। যেসব পরিচালকদের সঙ্গে কাজ করে উঠেছিলেন নন্দিনী, তাঁদের কারও মৃত্যু হয়, কেউ কেউ ছবি করা ছেড়ে দেন। নতুন পরিচালকরাও নন্দিনীকে ভাবছিলেন না আর। যেমন ওই সময় অঞ্জন চৌধুরী, বীরেশ চ্যাটার্জী বা প্রভাত রায়রা কেউই নেননি তাঁদের ছবিতে নন্দিনীকে। এইসময় 'রঙ্গনা', 'রঙমহল', 'সারকারিনা'র হয়ে পেশাদার মঞ্চে থিয়েটার করেছেন নন্দিনী। কিন্তু ছবিতে নায়িকার রোলে তাঁকে আর কাস্ট করা হচ্ছিল না। কেবল অসুস্থার কোনও চরিত্র থাকলেই ওঁকে ডাকা হত তখনও, কিন্তু সেও বিরল। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন নন্দিনী খানিকটা।

সংসার জীবনেও নন্দিনী একজন সিঙ্গেল মাদার। স্বামীর সঙ্গে একত্রে সংসার করা খুব বেশিদিন হয়নি। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে মা নন্দিনী আর মেয়ে অনন্যা (ডাক নাম গুড়িয়া) থাকতেন। প্র্যাট মেমোরিয়াল স্কুলে মেয়ে অনন্যাকে পড়িয়েছিলেন নন্দিনী। নন্দিনী মালিয়ার আরও একটা নেশা ছিল ফোটোগ্রাফি। বড় চমৎকার ছবি তুলতেন। নিজের একটি স্টুডিও ছিল। আবার সেসময় সব ছবি তোলার স্টুডিওতে আলো করে থাকত নন্দিনীর ছবি। নন্দিনীর মুখশ্রীর একটা ভ্যালু চিরকাল ছিল। কিন্তু নন্দিনীর জীবনে বদল আনলেন স্বপন সাহা। মায়ের রোলে নতুন রূপে বাংলা ছবিতে কামব্যাক করলেন নন্দিনী। ছবি না থাকলে টাকাও থাকে না। সেই দিকটারও সুরাহা হল এবং স্বপন সাহার পরপর সব সুপারহিট ছবিতে তখন প্রসেনজিৎ, অভিষেক চ্যাটার্জীর মায়ের রোল করছেন নন্দিনী। বাংলাদেশের রাজ্জাকের স্ত্রীয়ের রোলে 'বাবা কেন চাকর' সুপার ডুপার হিট স্বপন সাহার ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন নন্দিনী। এর পর স্বপন সাহাই নন্দিনীর ভাগ্য ফিরিয়ে দিলেন এবং নতুন ঘরানার ছবিতে নতুন রূপে নন্দিনী মালিয়াকে নিয়ে এলেন স্বপন সাহা। 'সন্তান যখন শত্রু', 'কমলার বনবাস', 'মধু মালতী', 'সত্যম শিবম সুন্দরম', 'কাঞ্চনমালা'-- পরপর ছবিতে নন্দিনী। সৌমিত্র-নন্দিনী জুটি এসব ছবিতেও কাজ করেছেন তখন। তবে টাকা অনেক এলেও সেই আগেকার মানের ছবি কিন্তু নন্দিনী পেলেন না, যে সব ছবি ওঁর কেরিয়ারের শুরুতে করেছিলেন। ইতিমধ্যে নন্দিনী মালিয়াকে মেগা সিরিয়ালে নিয়ে এলেন বিষ্ণু পালচৌধুরী। প্রথম মেগা 'জননী'-তে সুপ্রিয়া দেবীর সেজো বৌমার চরিত্রে নন্দিনী মালিয়া। নন্দিনীর বিপরীতে ছিলেন শিলাদিত্য পত্রনবীশ। তিনিও অকালে প্রয়াত। 'জননী'তেও নন্দিনী খুব নাম করেছিলেন। তবে ওই অসুস্থ রোগভোগের চরিত্র ওঁর পিছু ছাড়েনি। 'জননী'তেও সেজো বৌমা নন্দিনীর ছেলের ব্লাড ক্যানসার। এক বিষণ্ণ চিন্তাগ্রস্ত মায়ের রোল অসম্ভব ভাল ফুটিয়ে তুলেছিলেন নন্দিনী। রূপা গাঙ্গুলি অভিনীত 'দ্রৌপদী' সিরিয়ালেও নন্দিনী মালিয়া কুন্তীর ভূমিকায় স্নিগ্ধতা ছড়িয়েছিলেন। অন্যদিকে স্বপন সাহার ছবিও চুটিয়ে করছেন নন্দিনী। কিন্তু এই নাম-যশ নতুনভাবে পাওয়া অধ্যায়টা নন্দিনী বেশি দিন যাপন করতে পারলেন না। 'ছুটি' হয়ে গেল নন্দিনীর জীবন থেকে। তখন 'জননী' করে সবার ঘরেঘরে নন্দিনী বঙ্গজীবনে রোজকার চেনা মুখ। ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর, আচমকা দুঃসংবাদ এল। নন্দিনী মালিয়া নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরের দিকে মৃত্যু হয় তাঁর। নন্দিনীর শেষ ছবি স্বপন সাহার 'গরীবের সম্মান'।[৩][৪][৫]

চলচ্চিত্র

[সম্পাদনা]

ছুটি | মা ও মাটি | বিসর্জন | ছন্দপতন | দুই পুরুষ | সমাধান | ভাগ্যচক্র | ঘরের বাইরে ঘর | গোপাল ভাঁড় | মা বিপত্তারিণী চণ্ডী | মা ভবানী মা আমার | মা কল্যাণেশ্বরী | প্রেয়সী | রসময়ীর রসিকতা | সমর্পণ | চেনা অচেনা | কাজলাদিদি | সমর্পিতা | মন্দির | তানিয়া | লাল দরজা | সমাধান | বাবা কেন চাকর | কমলার বনবাস | তোমায় পাব বলে | কাঞ্চনমালা | মধুমালতী |ইত্যাদি।

প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র – ছুটি (১৯৬৭)

উল্লেখযোগ্য চলচ্চিত্র – দেবদাস, ভাগ্যচক্র, নিমন্ত্রণ (১৯৭১-এর চলচ্চিত্র), মাল্যদান, লাল দরজা ।

শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র – মধুমালতী (১৯৯৯)

অন্যান্য তথ্য –

প্রায় ৪০টি ছবিতে অভিনয় করেছেন। অজয় কর, তরুণ মজুমদার, পিনাকী চৌধুরী, সলিল দত্ত, গুরু বাগচী প্রমুখ পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি দূরদর্শন-ধারাবাহিক ও মঞ্চেও অভিনয় করেছেন।[৬][৭][৮]

অপেরা হাউজের মালিকানা

[সম্পাদনা]

কলকাতা শহরের একসময়ের ঐতিহ্যশালী প্রেক্ষাগৃহ অপেরা হাউজ় অনন্যার প্রপিতামহ দুর্গাদাস সেহগল ব্রিটিশদের থেকে কিনেছিলেন। সেই সময়ে সেটি ছিল থিয়েটার হল। দুর্গাদাস সেটিকে প্রেক্ষাগৃহে রূপান্তরিত করেন। এই অপেরা হাউজ়ে উপরে দু’টি তল জুড়ে ফ্ল্যাট রয়েছে। প্রেক্ষাগৃহের পাশাপাশি এটিও নন্দিনী কন্যা অনন্যার পৈতৃক সম্পত্তি বলে দাবি তাঁর। অভিনেত্রী-কন্যার অভিযোগ, কলকাতার অপেরা হাউস প্রেক্ষাগৃহের মালিক তাঁরা। তাঁর ছোট কাকা তাঁকে সেখানে ঢুকতে দিচ্ছেন না![৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "celebrity bengali movie actress/ nandini malia"। net tv 4 u। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬।
  2. ↑ "actress/nandini mallya"। imdb। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬।
  3. ↑ "entertainment / nandini malia"। the wall। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬।
  4. ↑ "person/ nandini maliya"। the movie db। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬।
  5. ↑ "biography /nandini"। filmgoln। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. ↑ "profile /nandini malia"। bangla cinema 100। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬।
  7. ↑ "person / nandini"। bengali film archive। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬।
  8. ↑ "celebrity/ nandini maliya"। rotten tomatoes। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৬।
  9. ↑ "nandini maliyas daughter ananya maliya deprived of family property"। anandabazar.com। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৬।