দুই ধাপের খেলা (ফুটবল)
খেলাধুলায় (বিশেষত ফুটবল খেলায়) দুই ধাপের খেলা (ইংরেজি: Two-legged tie) হছে দুইটি দলের মধ্যে এমন একটি সামগ্রিক খেলা, যা দুইটি ধাপ (ইংরেজি পরিভাষায় "লেগ") নিয়ে গঠিত, যেখানে প্রতিটি ধাপকে একটি স্বতন্ত্র খেলা হিসেবে গণ্য করা হয়। প্রতিটি দল একটি ধাপ নিজস্ব মাঠে আয়োজক দল হিসেবে খেলে, আর আরেকটি ধাপ অতিথি হিসেবে বাইরের মাঠে খেলে। দুইটি ধাপের সামগ্রিক ফলাফলের নিরিখে বিজয়ী দলটি নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, যদি দুইটি ধাপের ফলাফল নিম্নরূপ হয়:
- প্রথম ধাপ (লেগ): ক দল ৪–১ খ দল
- দ্বিতীয় ধাপ: খ দল ২–১ ক দল
তবে সামগ্রিক ফলাফলের হবে ক দল ৫–৩ খ দল, অর্থাৎ সামগ্রিক দুই ধাপের খেলায় ক দল জয়লাভ করেছে। কিছু প্রতিযোগিতায় সামগ্রিক ফলাফল নির্বিশেষে প্রতিটি দল যদি একটি করে ধাপে জয়লাভ করে, তাহলে সেটিকে একটি সমতা বিবেচনা করা হয়। নক-আউট কাপ প্রতিযোগিতা এবং প্লে অফে দুই ধাপের খেলা ব্যবহার করা যেতে পারে।
উত্তর আমেরিকার ইংরেজি পরিভাষায় দুই ধাপের খেলার সমতুল্য শব্দ হচ্ছে হোম-অ্যান্ড-হোম সিরিজ বা সমষ্টিগতভাবে ফলাফল নির্ধারিত হলে দুই-খেলা সর্বমোট গোলসংখ্যা সিরিজ।
মীমাংসাকারী সমতাভঙ্গ (টাইব্রেকিং)
[সম্পাদনা]যদি দুই ধাপের খেলার পরেও সামগ্রিক ফলাফল সমতায় থাকে, তবে সমতা ভঙ্গ করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। বাইরের মাঠে করা গোলের নিয়ম অনুযায়ী যে দল বাইরের মাঠে বেশি গোল করে, তারা বিজয়ী ঘোষিত হয়। যদি দুই দলের জন্যই বাইরের মাঠে করা গোল সংখ্যা সমান হয়, বা যদি এ ব্যাপারটি বিবেচনা না করা হয়, তবে সমতাভঙ্গ করার জন্য অতিরিক্ত সময় এবং/অথবা পেনাল্টি শুটআউট দ্বারা বিজয়ী নির্ধারণ করা যেতে পারে। অতীতে ইউরোপীয় ক্লাবগুলির ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় ধাপের আয়োজনস্থলেই অথবা একটি নিরপেক্ষ আয়োজনস্থলে পুনরায় খেলার প্রচলন ছিল।[১] প্রিমেরা দিভিসিওন দে মেক্সিকোর "লিগিলা" (প্লে অফ)-এ, নিয়মিত মৌসুমে সর্বাধিক ভালো ফলাফল অর্জনকারী দলটি অগ্রসর হয়; কিছু লিগে দল দুইটির একে অপরের বিরুদ্ধে খেলার ইতিহাসকে আমলে নেওয়া হয়। ইতালির সেরিয়ে বি-তে উন্নতির জন্য আয়োজিত প্লে অফে (যা সাধারণত সকল মৌসুমে ঘটে না), দ্বিতীয় ধাপের খেলার নির্ধারিত সময়শেষে সামগ্রিক ফলাফলের ভিত্তিতে দুই ধাপের সমতাভঙ্গ করার জন্য অতিরিক্ত সময় (বাইরের মাঠে করা গোলের নিয়ম ব্যবহৃত হয় না) খেলা হয়; অতিরিক্ত সময়ের পরেও যদি সমতাভঙ্গ না হয়, তবে লিগ ফলাফল তালিকার শীর্ষে থাকা দলটি প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে অগ্রসর হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ross, James M. (২৭ জুন ২০০৭)। "Inter-Cities Fairs Cup 1960-61"। RSSSF। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০০৯।