বিষয়বস্তুতে চলুন

দায় অস্বীকার বিবৃতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রায়শই জননিরাপত্তা বা ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে দায় অস্বীকৃতি প্রদান করা হয়। তবে এটি ব্যক্তিগত প্রকৃতিরও হতে পারে, যেমনটি উপরের ছবিতে দেখানো হয়েছে। সম্ভাব্য দাবিদারদের গঠনমূলক বিজ্ঞপ্তি প্রদানের একটি প্রচেষ্টা হিসেবে দায় অস্বীকার প্রকাশ করা হয়।

দায় অস্বীকার বিবৃতি বা দাবিত্যাগ বিবৃতি বলতে সাধারণত এমন কোনও বিবৃতিকে বোঝায়, যার উদ্দেশ্য কোনও আইনগতভাবে স্বীকৃত সম্পর্কের পক্ষগুলির দ্বারা প্রয়োগযোগ্য এবং বলবৎযোগ্য অধিকার এবং বাধ্যবাধকতার পরিধি নির্দিষ্ট বা সীমাবদ্ধ করা। আইনত কার্যকরী ভাষার অন্যান্য পরিভাষার বিপরীতে "দায় অস্বীকার" পরিভাষাটির ব্যবহার সাধারণত এমন সব পরিস্থিতিকে বোঝায়, যেগুলির সাথে অনির্দিষ্ট কোনও মাত্রার অনিশ্চয়তা, ছাড় বা ঝুঁকি জড়িত আছে।

দায় অস্বীকার বিবৃতিটি একটি চুক্তির অংশ হিসেবে পারস্পরিক সম্মতিক্রমে ব্যক্তি-স্তরে বন্দোবস্তকৃত শর্তাবলী নির্দিষ্ট করতে পারে; অথবা অযৌক্তিক ক্ষতি বা আঘাতের ঝুঁকি প্রতিরোধের জন্য বাধ্যতামূলক যত্নের দায়িত্ব পালনের জন্য সাধারণ জনগণের (অথবা অন্য কোনও শ্রেণীর ব্যক্তিদের) কাছে সতর্কতা বা প্রত্যাশা নির্দিষ্ট করতে পারে। কিছু দায় অস্বীকার বিবৃতির উদ্দেশ্য হল ক্ষতি বা আঘাত ঘটে যাবার পরে ক্ষতিপূরণের দায় সীমিত করা। এছাড়া কয়েক ধরনের দায় অস্বীকার বিবৃতি দাবিদারের পাওনা অধিকার বা বাধ্যবাধকতার স্বেচ্ছায় পরিত্যাগের বিবৃতি হিসেবে কাজ করতে পারে।

দায় অস্বীকার বিবৃতিগুলি সব এক ধরনের বা সমরূপী হয় না। কিছু কিছু বিবৃতি নির্দিষ্ট প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট পক্ষের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। আবার অন্যান্য ধরনের দায় অস্বীকার বিবৃতি কঠোরভাবে একটি প্রতিষ্ঠিত সমরূপী আচরণবিধির সমষ্টি মেনে চলতে পারে, যেগুলিকে বিরল ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে বা সর্বদা অপরিবর্তিত থাকতে পারে (সরকারী কর্তৃপক্ষের অধীনে ছাড়া)। কিছু কিছু আনুষ্ঠানিক দায় অস্বীকার বিবৃতিকে শিল্প নিয়ন্ত্রণ প্রবিধান, নিরাপদ আশ্রয়ের অধীনে সুরক্ষালাভের যোগ্যতা এবং অন্যান্য পরিস্থিতিতে নিয়ম মেনে রচনা করতে হয়, যেখানে কোনও নির্দিষ্ট ধারা বা নথির নির্ভুল শব্দচয়ন আইনি বিরোধের ক্ষেত্রে মীমাংসাকারকের ভূমিকা পালন করতে পারে। (যেমন, পণ্যের দায়, বিষাক্ততার শ্রেণী, চিরস্থায়ী অধিকারের বিরুদ্ধে নিয়ম, জনস্বাস্থ্য ধূমপান আইন দেখুন।)

আইনত অবশ্যপালনীয় চুক্তিতে দায় অস্বীকার বিবৃতির উপস্থিতি অবশ্যম্ভাবীরূপে এই নিশ্চয়তা দেয় না যে ঐ বিবৃতির শর্তাবলী কোনও আইনি বিরোধে স্বীকৃত হবে ও বলবৎ হবে। অন্যান্য আইনি বিবেচনার উপস্থিতিতে একটি দায় অস্বীকার বিবৃতিকে সম্পূর্ণ বা আংশিকভাবে বাতিল করা যেতে পারে।

অপকৃত্য আইন

[সম্পাদনা]
"নিজ ঝুঁকিতে ব্যবহার করুন" - সেতুর উপরে স্থাপিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আইনের আলোচনায় দায় অস্বীকার বিবৃতি হল এমন একটি বিবৃতি যাতে নির্দিষ্ট কর্মসম্পাদন বা কর্তব্যে অবহেলা-বিচ্যুতির জন্য উদ্ভূত দেওয়ানি দায়বদ্ধতা অস্বীকার করার উদ্দেশ্যে দায়দায়িত্ব অস্বীকার করা হয়। দায়িত্বে অবহেলার কারণে সৃষ্ট দেওয়ানি ক্ষতি বা অপকৃত্য (টর্ট) এবং দর্শনার্থীদের প্রতি দখলকারীর দায়বদ্ধতার নেতিবাচক প্রভাব এড়াতে প্রায়শই দায় অস্বীকার বিবৃতি প্রদান করা হয়। আদালত এই দায় অস্বীকার বিবৃতিকে বলবৎযোগ্য মনে করতে পারে বা না-ও করতে পারে। প্রদত্ত বিশেষ পরিস্থিতিতে আইন দায়বদ্ধতা এড়ানোর অনুমতি দেয় কিনা এবং অভিযুক্ত কাজ বা বিচ্যুতিগুলি দায় অস্বীকার বিবৃতিতে ব্যবহৃত ভাষার আওতায় পড়ে কি না, তার উপর দায় অস্বীকার বিবৃতির বলবৎযোগ্যতা নির্ভর করে।

একটি দায় অস্বীকার বিবৃতি দায় অস্বীকারকারী ব্যক্তি এবং এর ফলে মামলা করা থেকে প্রতিরুদ্ধ ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির একটি শর্ত হিসেবে বলবৎ হতে পারে। উদাহরণস্বরূপ, সফটওয়্যার ব্যবহারের প্রেক্ষাপটে যখন একজন সফটওয়্যার ব্যবহারকারী প্রথমবারের মতো সফটওয়্যারটিকে তার কম্পিউটারে ইনস্টল (সংস্থাপন) করতে যান, তখন তাকে প্রায় সর্বদাই সফটওয়্যার ব্যবহারের একটি 'শর্তাবলী' পড়তে হয়, যেখানে এই ধরনের দায় অস্বীকার বিবৃতি অন্তর্ভুক্ত থাকে। এমন সব শর্ত উপস্থিত থাকে, যেগুলিতে ঐ সফটওয়্যারটি ব্যবহারের কারণে ব্যবহারকারীর কম্পিউটারের অন্যান্য সফটওয়্যার এবং ভৌত যন্ত্রাংশগুলির (হার্ডওয়্যার) যে কোনও ক্ষতির জন্য যে কোনও দায়বদ্ধতা এড়ানোর কথা বলা হয়। ব্যবহারকারীরা কথোপকথন বক্সে (ডায়ালগ বক্স) "আমি রাজি" বোতামে চাপ দিয়ে তাদের এবং সফটওয়্যার নির্মাতা কোম্পানির মধ্যে চুক্তির বিষয় হিসাবে এই দাবি অস্বীকারের ব্যাপারে সম্মতি প্রদান করেন।

"পেশাদার অশ্বারোহীদের" জন্য দায় অস্বীকার বিবৃতি (মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য)

যুক্তরাজ্যভিত্তিক "কমন" আইন অনুসারে দায় অস্বীকার বিবৃতিগুলি কোনও জমিতে প্রবেশের অনুমতিপত্রের শর্ত হিসাবেও বলবৎ হতে পারে। একজন জমির দখলদার যেসব ব্যক্তিকে তার জমিতে প্রবেশের অনুমতি দেয়, সেই ব্যক্তিদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার নির্দিষ্ট দায়িত্ব-কর্তব্য থাকে। জমির দখলদার প্রাঙ্গণের প্রবেশপথে "দর্শনার্থীরা নিজ ঝুঁকিতে প্রবেশ করুন" - এই ধরনের একটি সংকেতফলক (সাইনবোর্ড) স্থাপন করতে পারে। এভাবে প্রবেশকারীরা প্রাঙ্গণের অনিরাপদ প্রকৃতির কারণে ক্ষতি বা আঘাতের শিকার হলে যাতে তারা সফলভাবে মামলা করা থেকে বিরত থাকে। সগুলিতে থাকা সতর্কীকরণ বা দাবিত্যাগ, সামান্য ভিন্ন আইনি বিশ্লেষণের মাধ্যমে একই ফলাফলের দিকে পরিচালিত করতে পারে, অন্যথায় দায়ী ব্যক্তিকে সম্মতির প্রতিরক্ষার উপর নির্ভর করার অনুমতি দিতে পারে।

যুক্তরাজ্যের আইনের অধীনে ১৯৭৭ সালের আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট (অন্যায্য চুক্তির শর্ত আইন) অনুসারে দায় অস্বীকার বিবৃতিগুলির বৈধতা উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। এই আইনের অধীনে কোনও ব্যবসা চুক্তির শর্তাবলী বা বিজ্ঞপ্তি ব্যবহার করে মৃত্যু বা ব্যক্তিগত আঘাতের কারণে অবহেলার দায় এড়াতে বা সীমাবদ্ধ করতে পারে না। অন্যান্য ক্ষতি বা হানির ক্ষেত্রে একটি দায় অস্বীকার বিবৃতি কেবল ততক্ষণ কার্যকর হবে, যতক্ষণ এটি সমস্ত পারিপার্শ্বিকতা বা পরিস্থিতির জন্য যুক্তিসঙ্গত হয়। অন্যান্য দেশের "কমন" আইনও দায় অস্বীকার বিবৃতির বৈধতার উপর আইনি সীমাবদ্ধতা আরোপ করতে পারে; উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন বিজ্ঞাপনে অপাঠ্য বা অনভিগম্য দায় অস্বীকার বিবৃতি ব্যবহারের জন্য টার্গেট অস্ট্রেলিয়া কোম্পানির বিরুদ্ধে সফলভাবে মামলা করে। টেলিভিশনে প্রকাশিত এই বিজ্ঞাপনগুলিতে দায় অস্বীকার বিবৃতিগুলি কেবলমাত্র দেড় সেকেন্ডের জন্য পর্দায় দৃশ্যমান ছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রয়ের উপর দায় অস্বীকার বিবৃতিগুলি ইউনিফর্ম কমার্শিয়াল কোডের (অভিন্ন বাণিজ্যিক আইন) ২নং ধারার আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে অঙ্গরাজ্য অনুসারে খুঁটিনাটি ভিন্ন হতে পারে। বিবেকবর্জিত প্রতীয়মান না হলে দায় অস্বীকার বিবৃতিগুলি সাধারণত দর কষাকষির সমতুল্য ক্ষমতাসম্পন্ন ও ওয়াকিবহাল পক্ষগুলির মধ্যে একটি চুক্তির অংশ হিসাবে বলবৎযোগ্য, তবে বেশিরভাগ অঙ্গরাজ্যে কোনও পক্ষকে গুরুতর অবহেলার জন্য তাদের দায় সীমাবদ্ধ করার অনুমতি দেয়া হয় না।

কৃতিস্বত্ব আইন

[সম্পাদনা]

কৃতিস্বত্ব আইনে দায় অস্বীকার বিবৃতি কোনও দাবিতে এমন আলোচ্য বিষয়বস্তুকে চিহ্নিত করে, যার স্বত্ব দাবি করা হয় না।[১] সম্প্রসারিত অর্থে একটি দায় অস্বীকার বিবৃতিতে বলতে একটি দাবিতে একটি নেতিবাচক সীমাবদ্ধতা প্রবর্তনের কাজটিকেও বোঝাতে পারে, অর্থাৎ "একটি দাবির সংশোধন যার ফলে একটি "নেতিবাচক" প্রযুক্তিগত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়, সাধারণত একটি সাধারণ বৈশিষ্ট্য-নির্দিষ্ট রূপ বা ক্ষেত্রগুলি বাদ দেওয়া হয়"। দায় অস্বীকার বিবৃতিগুলির গ্রহণযোগ্যতা নির্দিষ্ট শর্তাবলীর উপর নির্ভরশীল থাকে, যেগুলি এক আইনি এখতিয়ার থেকে অন্য এখতিয়ারে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

কৃতিস্বত্ব আইনে মামলার দায় অস্বীকার বিবৃতি হল আরেক ধরনের দায় অস্বীকার বিবৃতি। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃতিস্বত্ব আইনের অধীনে একটি মামলার দায় অস্বীকার বিবৃতি হল কৃতিস্বত্ব আবেদনের পরীক্ষার সময় একজন কৃতিস্বত্ব আবেদনকারীর দ্বারা প্রদত্ত একটি বিবৃতি যা উদ্ভূত কৃতিস্বত্ব দ্বারা প্রদত্ত সুরক্ষার আওতাকে সীমাবদ্ধ করতে পারে। এটি এক ধরনের নথিপত্র-চূড়ান্তকারক প্রতিবন্ধক, অন্য আরেকটি কাছাকাছি প্রতিবন্ধক হল মামলার ইতিহাস প্রতিবন্ধক।

সম্পত্তি আইন

[সম্পাদনা]

সম্পত্তি বা উত্তরাধিকার আইনে একটি দাবিত্যাগ বিবৃতি (যাকে স্বার্থের দাবিত্যাগ বিবৃতিও বলা হয়) হল একটি লিখিত দলিল যা একজন উত্তরাধিকারী স্বেচ্ছায় স্বাক্ষর করেন, যেখানে উক্ত উত্তরাধিকারী মৃত ব্যক্তির সম্পত্তির এমন কোনও অংশ গ্রহণে অসম্মত হন (অস্বীকৃতি জানান), যে অংশটি ঐ উত্তরাধিকারীর পাওয়ার অধিকার রয়েছে। সম্পত্তির এই অস্বীকৃত অংশটি দাবিত্যাগকারী উত্তরাধিকারীর পছন্দের কোনও ব্যক্তির দ্বারা উত্তরাধিকারসূত্রে প্রাপ্তির কোনও বাধ্যবাধকতা থাকে না, বরং সম্পত্তির সেই অংশটি উত্তরাধিকারের ক্রমে থাকা পরবর্তী উত্তরাধিকারী লাভ করেন, এবং ধরে নেয়া হয় যে দাবিত্যাগকারী উত্তরাধিকারী যেন মৃত। ওসিয়ত (উইল), সুবিধাভোগী পদবী, অথবা ওসিয়তহীনতা বিষয়ক আইন অনুসারে এ ব্যাপারটি ঘটে থাকে। এই ধরনের দাবিত্যাগের বিষয়ে সরকারি কর সংস্থাগুলির আরও নিয়ম থাকে। এই ধরনের দাবিত্যাগের একাধিক কারণ থাকতে পারে, যেমন দাবিত্যাগকারীর মৃত্যু আসন্ন হওয়া অথবা দাবিত্যাগকারীর ইতিমধ্যেই পর্যাপ্ত সম্পদ থাকা।

সাহিত্য

[সম্পাদনা]

কাল্পনিক চরিত্র বিষয়ক দায় অস্বীকার বিবৃতি হল একটি প্রমিত দায় অস্বীকার বিবৃতি যা মানহানির দায় এড়াতে কল্পকাহিনীমূলক সৃষ্টিকর্মে ব্যবহৃত হয়।

ভক্তের লেখা গল্পের (ফ্যান ফিকশন) ক্ষেত্রে লেখক সাধারণত একটি দায় অস্বীকার বিবৃতি দেন যাতে বলা থাকে যে ভক্তের কাহিনীর লেখক কোনওভাবেই গল্পটি থেকে লাভবান নন এবং গল্পের চরিত্রগুলির সমস্ত সৃজনাধিকারের মালিক তাদের মূল স্রষ্টা(গণ)।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Decision G 2/10 of the Enlarged Board of Appeal of the European Patent Office ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-১০-১১ তারিখে, August 30, 2011, Reasons for the decision, point 2.1.