দায়িত্বশীল কর্মসংস্থান সংক্রান্ত শিশু আইন
দায়িত্বশীল কর্মসংস্থান সংক্রান্ত শিশু আইন (Children's Act for Responsible Employment, CARE Act) হলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় একটি প্রস্তাবিত বিল, যা শিশু শ্রমিকদের কাজের পরিবেশের উপর নজরদারি করার জন্য উত্থাপিত হয়েছিল। এই বিলে অন্যান্য পেশার ক্ষেত্রে প্রযোজ্য একই বয়সসীমা, কাজের সময় এবং কীটনাশকের সংস্পর্শের সীমা শিশু শ্রমিকদের উপরও আরোপ করা এবং শিশু শ্রমনীতি লঙ্ঘনের জন্য শাস্তির পরিমাণ বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়েছিল।
প্রতিনিধি লুসিল রয়বাল-অ্যালার্ড ২০০৯ সালের সেপ্টেম্বরে দায়িত্বশীল কর্মসংস্থান সংক্রান্ত শিশু আইন (কেয়ার অ্যাক্ট, এইচআর ৩৫৬৪) বিলটি উত্থাপন করেন এবং পরবর্তীতে এটি পুনরায় উপস্থাপন করেন।[১][২]
প্রেক্ষাপট
[সম্পাদনা]যুক্তরাষ্ট্রের কৃষিশিল্পের শ্রম আইন অন্যান্য সকল পেশার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি নমনীয়। এই কারণে, ১২ বছরের কম বয়সী শিশুরা দিনে ১২ ঘণ্টা এবং বছরে ছয় মাসেরও অধিক কাজ করতে পারে। এই শিশু শ্রমিকেরা প্রচণ্ড তাপ, কীটনাশক এবং বিপজ্জনক কাজের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হয়, যা তাদের স্বাস্থ্য ও জীবনকে হুমকির মুখে ফেলে। ধারাবাহিকভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকতে না পারার কারণে তাদের উচ্চ বিদ্যালয় বা তার পরের স্তরে সফল হওয়ার সুযোগগুলি মারাত্মকভাবে সীমিত হয়ে যায়।
যুক্তরাষ্ট্রে শিশু শ্রম সুরক্ষার মূল ভিত্তি হলো ন্যায্য শ্রমমান আইন (FLSA), যা ১৯৩৮ সালে শিল্পক্ষেত্রে কর্মরত শিশুদের উপর ব্যাপক নির্যাতন ও আঘাতের মোকাবিলা করার জন্য প্রণীত হয়েছিল।[৩] সেই সময়ে পারিবারিক খামারে কাজ করা প্রচলিত থাকায়, বিলটিতে কৃষি ক্ষেত্রে কর্মরত শিশুদের জন্য তুলনামূলকভাবে কম কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল।[৩] পরবর্তীকালে অটোমেশন এবং কৃষিশিল্পের কেন্দ্রীভূত হওয়ায় খামারের কাজ যান্ত্রিকীকরণ ও শিল্পায়িত হলেও, কৃষিশিল্পের জন্য বর্তমানেও FLSA এবং সংশ্লিষ্ট আইনগুলি সেই পুরোনো মানদণ্ডই ধরে রেখেছে।[৩]
অ্যাসোসিয়েশন অফ ফার্মওয়ার্কার অপরচুনিটি প্রোগ্রামসের অনুমান অনুযায়ী, কৃষিশিল্পে প্রায় চার থেকে পাঁচ লাখ শিশু কাজ করে। কৃষিকাজে কর্মরত শিশুদের ন্যূনতম বয়স ১২ বছর এবং স্কুল সময়ের বাইরে তাদের দৈনিক কাজের সর্বাধিক কোনো সময়সীমা নেই। এই শিশুরা তীব্র তাপ, ক্ষতিকর কীটনাশক এবং অন্যান্য বিপজ্জনক পরিস্থিতির শিকার হয়। বিশেষত, শিশুদের জৈবিক বিকাশের কারণে তারা প্রাপ্তবয়স্কদের তুলনায় তিন গুণ বেশি কীটনাশকের সাথে সংস্পর্শের ঝুঁকিতে থাকে। এছাড়া, প্রশিক্ষণ ছাড়া ভারী বৈদ্যুতিক মেশিন চালানোর ফলে আঘাত বা মৃত্যুর ঘটনা প্রায়শই ঘটে। কৃষিশিল্পে শিশু মৃত্যুর হার অন্যান্য যেকোনো শিল্পের তুলনায় ছয় গুণ বেশি, এবং কৃষিখাতে মোট মৃত্যুর ২০ শতাংশই হলো শিশু শ্রমিক। যদিও কৃষিক্ষেত্র শিশুদের জন্য অন্যতম বিপজ্জনক পেশাগুলির মধ্যে একটি, তবুও শিশুশ্রম থেকে উদ্ভূত মারাত্মক দুর্ঘটনা সরকারিভাবে পর্যবেক্ষণ ও পরিসংখ্যান করা হয় না।[৪]
কৃষিক্ষেতে বা খামারে কর্মরত শিশুরা স্কুল চলাকালীন সময়েও সপ্তাহে গড়ে ৩০ ঘণ্টা কাজ করে। কাজের এই সময়সূচি শিশুদের শিক্ষাগত সাফল্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে; ফলস্বরূপ, খামারে কর্মরত শিশুদের মধ্যে ৫০ শতাংশ উচ্চবিদ্যালয়েই ঝরে পড়ে।[৪] যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, এই শিশুরা বছরে মোট প্রায় ১,০০০ ডলার আয় করে।[৫]
আইন প্রণয়ন
[সম্পাদনা]যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার প্রতিনিধি লুসিল রয়বাল-অ্যালার্ড ২০০৯ সালের সেপ্টেম্বরে দায়িত্বশীল কর্মসংস্থান সংক্রান্ত শিশু আইন (কেয়ার অ্যাক্ট, এইচআর ৩৫৬৪) বিলটি উত্থাপন করেন। এই বিলটি দশ হাজারেরও বেশি ১২ বছর বয়সী শিশু শ্রমিকেরা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তা মোকাবিলা করার জন্য আনা হয়, যেমন-শিশুদের দৈনিক কাজের সময়সীমা বেঁধে দেওয়া। এই বিলটির উদ্দেশ্য হলো কৃষি ক্ষেত্রে কর্মরত শিশুদের জন্য এমন মানদণ্ড স্থাপন করা, যা যুক্তরাষ্ট্রের অন্যান্য যেকোনো পেশার জন্য নির্ধারিত। ২০১০ সালের ১লা সেপ্টেম্বর পর্যন্ত বিলটিতে ১০৩ জন সহ-পৃষ্ঠপোষক ছিল।
এই বিলের গুরুত্ব বোঝাতে, ক্যাপিটল হিলে অভিনেত্রী ইভা লংগোরিয়া এবং চলচ্চিত্র নির্মাতা রবিন রোমানো তাদের পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি দ্য হার্ভেস্ট (The Harvest) থেকে কিছু দৃশ্য দেখান, যা কৃষিক্ষেতে কর্মরত শিশুদের নিম্নমানের কাজের পরিবেশ এবং শোষণের চিত্র তুলে ধরে।[৬]
২০০৯ সালের সেপ্টেম্বরে শ্রম সচিব হিল্ডা সোলিস একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করেন। সেখানে ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্সের ডোলোরেস হুয়ের্টা, চলচ্চিত্র নির্মাতা রবিন রোমানো, শ্রম দপ্তরের মজুরি ও কর্মঘণ্টা বণ্টন বিভাগের মার্ক লারা এবং অন্যান্য বিশেষজ্ঞরা অংশ নেন। এই উপস্থাপনার সময় রয়বাল-অ্যালার্ডের বিলটির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়, যার মধ্যে ছিল:
- ক্ষেতে কাজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স ১৪ বছর হতে হবে
- ১৬ বছরের কম বয়সী শিশুরা এমন কাজ করতে পারবে না যা তাদের স্বাস্থ্য বা পড়াশোনায় প্রভাব ফেলে
- ১৮ বছরের কম বয়সী শিশুদের বিপজ্জনক কাজ করা থেকে বিরত রাকতে হবে[৭]
দ্য হারভেস্ট
[সম্পাদনা]২০০৯ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের একটি প্যানেল ডিসকাশনে 'দ্য হার্ভেস্ট (The Harvest)' ডকুমেন্টারিটি দেখানো হয়। এই ডকুমেন্টারিটি ৪০ বছর আগে নির্মিত এডওয়ার্ড আর. মুরমির হার্ভেস্ট অফ শেম ডকুমেন্টারি থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হয়েছিল। এখানে তুলে ধরা হয় যে, গত চার দশকে যুক্তরাষ্ট্রে অভিবাসী কৃষি শ্রমিকদের জীবনে সামান্যই পরিবর্তন এসেছে। এই ডকুমেন্টারিটির মূল উদ্দেশ্য ছিল প্রতি বছর যুক্তরাষ্ট্রের কৃষিক্ষেতে প্রায় দশ হাজার শিশু যে কঠিন কাজের পরিবেশের সম্মুখীন হয়, সে সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দায়িত্বশীল কর্মসংস্থান সংক্রান্ত শিশু আইন (কেয়ার অ্যাক্ট, এইচআর ৩৫৬৪) আইনটি প্রণয়নে সহায়তা করা। এই আইনটি কার্যকর হলে শিশু শ্রমিকরা অন্যান্য পেশার অপ্রাপ্তবয়স্ক কর্মীদের মতো একই শ্রম সুবিধা লাভ করবে।[৭]
২০০৯ সালের সেপ্টেম্বরে প্রতিনিধি লুসিল রয়বাল-অ্যালার্ড কর্তৃক কেয়ার অ্যাক্ট আইনটি উত্থাপনের এক বছর পূর্তিতে অভিনেত্রী ইভা লংগোরিয়া এবং চলচ্চিত্র পরিচালক ইউ. রবার্তো রোমানো বিলটি সম্পর্কে এবং ক্ষেতে কর্মরত অপ্রাপ্তবয়স্ক শিশুদের দুর্দশা সম্পর্কে সচেতনতা বাড়াতে ক্যাপিটল হিল পরিদর্শন করেন।[৬]
আরও দেখুন
[সম্পাদনা]References
[সম্পাদনা]- ↑ "Congresswoman Lucille Roybal-Allard, Press Release"। Offices of Congresswoman Lucille Roybal-Allard। ১২ জুন ২০১৭। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
- ↑ "Congresswoman Lucille Roybal-Allard, Press Release"। Offices of Congresswoman Lucille Roybal-Allard। ২০ জুন ২০১৯। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
- 1 2 3 "Fingers to the Bone: Child Farmworkers in the United States, YouTube Video"। Human Rights Watch। ৩ মে ২০১০। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০।
- 1 2 "Learn the Facts"। Children in the Fields। Association of Farmworker Opportunity Programs। ২০১১। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১১।
- ↑ "2011 Year of the Farmworker Child"। Children in the Fields। Association of Farmworker Opportunity Programs। ২০১১। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১১।
- 1 2 "Congresswoman Lucille Roybal-Allard, Press Release"। Offices of Congresswoman Lucille Roybal-Allard। ১৫ সেপ্টেম্বর ২০১০। ২ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১১।
- 1 2 "Department of Labor, Panel Discussion About Migrant Farm Worker Children"। Newsroom, Audio and Video, Better Work Program। U.S. Department of Labor। ১৬ সেপ্টেম্বর ২০০৯। ১৫ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১১' আরও তথ্য এবং ট্রেইলারের জন্য শ্রম দপ্তরের প্যানেল আলোচনার ভিডিওটি দেখুন
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পোস্টস্ক্রিপ্ট (লিঙ্ক)