ডোকো (ঝুড়ি)

ডোকো (নেপালি: डोको) হল বাঁশ দিয়ে তৈরি এক ধরণের ঝুড়ি।[১][২] এগুলি শঙ্কু আকৃতি বা "ভি" আকৃতিতে হাতে বোনা হয়। নেপাল, ভুটান এবং উত্তর ভারতের পাহাড়ি সিকিম এবং উত্তরাখণ্ড রাজ্যে পণ্য পরিবহনের জন্য ফেরিওয়ালারা এই ঝুড়ি ব্যবহার করেন।
ঝুড়িগুলি শুকনো বাঁশের ফালি দিয়ে তৈরি করা হয়। বাঁশ ব্যবহার করায় ঝুড়িগুলো টেকসই হয় এবং প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে। এটি তৈরিতে কাপড়ের পিন এবং কাঁচিও ব্যবহার করা হয়।
ব্যবহারসমূহ
[সম্পাদনা]

ডোকোগুলি সাধারণত ০.১ থেকে ০.২ মিটার৩ আয়তনের হয়। একজন ব্যক্তি ২০-৫০ কেজি ওজন বহন করতে পারেন। ঝুড়ি ঝোলানোর জন্য কাঁধে ফিতা থাকে। এছাড়াও মাথায়ও ফিতা থাকে যাকে নামলো (নেপালি: नाम्लो) বলা হয়। যা বাহকের কাঁধ থেকে বোঝার কিছু অংশ কমিয়ে নিতে সাহায্য করে।
ঝুড়িগুলি জিনিসপত্র, শাকসবজি, শস্য, পানির পাত্র ইত্যাদি বহনের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও এগুলি ছোট প্রাণী এবং হাঁস-মুরগি বহনের জন্যও ব্যবহৃত হয়। পাশাপাশি পশুদের জন্য অস্থায়ী খাঁচা হিসেবেও ঝুড়িগুলি ব্যবহার করা যায়। যেখানে চলাচলের ভালো রাস্তা নেই, সেখানে হাঁটতে অক্ষম মানুষদের পরিবহনের জন্য বিশেষ আকারের ডোকো ব্যবহার করা হয়। ডোকো তৈরি করাও আয়ের একটি ভালো উৎস। নেপালে অন্ধদের জীবিকা নির্বাহের জন্য ডোকো উৎপাদনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। নেপালের প্রায় প্রতিটি গ্রামীণ এলাকায় ভারী বোঝা বহনের জন্য ডোকো ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "उनासी बर्षीय 'डोको बाजे'लाई उमेरले छेकेन"। gorkhapatraonline (নেপালি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৯।
- ↑ "डोको बुनेर आत्मनिर्भर"। karobardaily.com (নেপালি ভাষায়)। ২৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৯।
সম্পর্কিত নিবন্ধ
[সম্পাদনা]- অস্ট্রোএশীয় ঝুড়ি