ডিজিটাল টাকার থলি
ডিজিটাল টাকার থলি (ডিজিটাল ওয়ালেট), বৈদ্যুতিন টাকার থলি (ই-ওয়ালেট) বা মুঠোফোনের টাকার থলি (মোবাইল ওয়ালেট) বলতে এক ধরনের ইলেকট্রনীয় যন্ত্র, আন্তর্জালিক পরিষেবা বা সফটওয়্যার প্রোগ্রাম বোঝায়, যেটি পণ্য ও সেবার জন্য ডিজিটাল মুদ্রা এককে দুই পক্ষের মধ্যে বৈদ্যুতিন (ইলেকট্রনীয়) লেনদেন করার সুবিধা প্রদান করে। এর মধ্যে আন্তর্জালে (অনলাইন) অথবা বাস্তব জগতের কোনও দোকানের বিক্রয়স্থলে মোবাইল অর্থ পরিশোধ (স্মার্টফোন বা অন্য মোবাইল যন্ত্রে) সুবিধা অথবা (শুধুমাত্র আন্তর্জালে কেনাকাটার জন্য) ল্যাপটপ বা অন্য কোনও ধরনের ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে জিনিসপত্র কেনাকাটাও অন্তর্ভুক্ত থাকতে পারে । যেকোনও লেনদেনের আগে ডিজিটাল টাকার থলিতে টাকা জমা করা যেতে পারে অথবা অন্যান্য ক্ষেত্রে একজন ব্যক্তির ব্যাংকের হিসাব ডিজিটাল টাকার থলির সাথে সংযুক্ত করা যেতে পারে। ব্যবহারকারীদের ডিজিটাল টাকার থলিতে তাদের যানচালনার অনুমতিপত্র, স্বাস্থ্যসেবা পত্র, আনুগত্য পত্র (গুলি) এবং অন্যান্য পরিচয়পত্রও সংরক্ষণ করা থাকতে পারে। নিকট ক্ষেত্র যোগাযোগের (এনএফসি) মাধ্যমে তারহীনভাবে একজন ব্যবসায়ীর অন্ত্যযন্ত্রে (টার্মিনালে) প্রমাণপত্রগুলি প্রেরণ করা যেতে পারে।
ক্রমবর্ধমানভাবে ডিজিটাল টাকার থলিগুলি কেবল মৌলিক আর্থিক লেনদেনের জন্যই নয় বরং অধিকারী ব্যক্তির পরিচয়পত্র প্রমাণীকরণের জন্যও তৈরি করা হচ্ছে। উদাহরণস্বরূপ, একটি ডিজিটাল টাকার থলি মদ্যপানীয় কেনার সময় দোকানে ক্রেতার বয়স যাচাই করতে পারে। এই ব্যবস্থাটি ইতিমধ্যেই জাপানে জনপ্রিয়তা অর্জন করেছে, যেখানে ডিজিটাল ওয়ালেটগুলি "ওয়ালেট মোবাইল" নামে পরিচিত। [১] এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স এবং রাজ্য আইডিগুলিকে ডিজিটাল ওয়ালেটে ফিজিক্যাল কার্ডের পরিবর্তে যুক্ত করার জন্য রূপান্তর করেছে এবং এটি বিমানবন্দর, ব্যাংকিং বা এন্টারপ্রাইজের নির্বাচিত টিএসএ চেকপয়েন্টগুলিতে ব্যবহার করা যেতে পারে। [২]
একটি গুপ্তমুদ্রা টাকার থলি হল একটি ডিজিটাল টাকার থলি যেখানে বিটকয়েনের মতো গুপ্তমুদ্রার জন্য ব্যক্তিগত চাবিগুলি সংরক্ষণ করা হয়।
প্রযুক্তি
[সম্পাদনা]একটি ডিজিটাল টাকার থলি দুই ধরনের উপাদান নিয়ে গঠিত - সফটওয়্যার ও তথ্য। নিরাপদ এবং ন্যায্য বৈদ্যুতিন (ইলেকট্রনীয়) মূল্য পরিশোধ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়।[৩] তাই সফটওয়্যারটি ব্যক্তিগত তথ্য এবং প্রকৃত লেনদেনের জন্য নিরাপত্তা এবং গুপ্তায়ন (এনক্রিপশন) সুবিধাগুলি প্রদান করে। সাধারণত ডিজিটাল টাকার থলিগুলি গ্রাহক-পার্শ্বে (ক্লায়েন্ট সাইড) সংরক্ষণ করা হয় এবং সহজেই স্বয়ংক্রিয়ভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। ডিজিটাল টাকার থলিগুলি বেশিরভাগ ই-বাণিজ্য ওয়েবসাইটের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ থাকে। অন্যদিকে একটি সেবক-পার্শ্বস্থ (সার্ভার-সাইড) ডিজিটাল টাকার থলি হল এমন একটি টাকার থলি যা একটি সংস্থা তার সদস্যদের জন্য এবং তাদের সেবক যন্ত্রে তথা সার্ভারে রক্ষণাবেক্ষণ করে। এটি হালকা টাকার থলি (থিন ওয়ালেট) নামেও পরিচিত। সেবক-পার্শ্বস্থ ডিজিটাল টাকার থলিগুলি বড় বড় খুচরা বিক্রেতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করছে, কারণ এটি অন্তিম ব্যবহারকারীদের জন্য সুরক্ষা, দক্ষতা এবং অতিরিক্ত উপযোগিতা প্রদান করে, যার ফলে তাদের সামগ্রিক ক্রয়ের সন্তুষ্টি বৃদ্ধি পায়।[৪] টাকার থলির তথ্য উপাদানটি মূলত ব্যবহারকারীর দ্বারা প্রবিষ্ট তথ্যের একটি উপাত্তভাণ্ডার (ডেটাবেজ)। এতে ব্যবহারকারীর প্রতি মালামাল প্রেরণের ঠিকানা, চাহিদাপত্র পাঠানোর ঠিকানা, মূল্য পরিশোধ পদ্ধতি (ক্রেডিট কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং নিরাপত্তা নম্বরসহ) ও অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত থাকে।
ডিজিটাল টাকার থলিগুলি ডিজিটাল টাকার থলিযন্ত্র ও ডিজিটাল টাকার থলি-ব্যবস্থা - এই দুই ধরনের হতে পারে। ডিজিটাল টাকার থলিযন্ত্রগুলি শুধুমাত্র ঐ কাজের জন্যই নিবেদিত থাকে, যেমন ডানহিল কোম্পানির জীবমিতিক টাকার থলে (বায়োমেট্রিক ওয়ালেট)।[৫] এগুলি এক ধরনের ভৌত যন্ত্র যাতে নগদ অর্থ ও কার্ড ধারণ করা থাকে এবং যাতে ব্লুটুথ সংযোগের সুবিধা থাকে। বর্তমানে এনএফসি ডিজিটাল টাকার থলির সামর্থ্যবিশিষ্ট স্মার্টফোনের আবির্ভাব ঘটেছে। এগুলি গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমগুলি ব্যবহার করে যথাক্রমে গুগল পে ও অ্যাপল পে নামক ডিজিটাল টাকার থলিগুলি চালনা করে।[তথ্যসূত্র প্রয়োজন][citation needed]
ডিজিটাল টাকার থলি ব্যবস্থাগুলি বিভিন্ন খুচরা বিক্রেতাদের মধ্যে ডিজিটাল টাকার থলিভিত্তিক লেনদেনের ব্যাপক ব্যবহার সম্ভব করেছে। এগুলি মূলত মুঠোফোনভিত্তিক মূল্য পরিশোধ ব্যবস্থা ও ডিজিটাল টাকার থলি অ্যাপ্লিকেশন দ্বারা রূপায়িত হয়েছে। যেমন কেনিয়া ও তানজানিয়াতে এম-পেসা নামক মুঠোফোনভিত্তিক মূল্য পরিশোধ ব্যবস্থা ও ক্ষুদ্র অর্থায়ন সেবা ব্যাপকভাবে প্রচলিত।[৬] আবার মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মাস্টারকার্ড পেপাস অ্যাপ্লিকেশনটি গৃহীত হয়েছে।[৭]
নিরাপত্তা
[সম্পাদনা]ডিজিটাল টাকার থলির ব্যবহারকারী গ্রাহকরা যখন কোনও পণ্য ক্রয় করেন, তখন প্রতিটি আন্তর্জালিক সাইটে ফরমায়েশের ফর্ম পূরণ করার প্রয়োজন হয় না, কারণ ঐ সব তথ্য ইতিমধ্যেই সংরক্ষণ করা থাকে এবং ডিজিটাল টাকার থলি ব্যবহার করার সময় স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদকৃত তথ্য বিভিন্ন বিক্রেতা সাইটের ফরমায়েশ ক্ষেত্রে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ডিজিটাল টাকার থলি ব্যবহার করার সময় ভোক্তারাও উপকৃত হন, কারণ তাদের তথ্য একটি ব্যক্তিগত সফটওয়্যার সংকেত দ্বারা গুপ্তায়িত বা সুরক্ষিত থাকে; ব্যবসায়ীরাও একাধারে জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা, দ্রুত পরিশোধিত অর্থ প্রাপ্তি, লেনদেনের খরচ হ্রাস এবং চুরির ক্ষতি হ্রাসের মতো উপকার লাভ করে।
ডিজিটাল টাকার থলিগুলি ভোক্তাদের কাছে বিনামূল্যে সুলভ থাকে। এগুলির অধিকারী হওয়াও বেশ সহজ। যেমন যখন কোনও ভোক্তা একটি বিক্রেতার ওয়েবসাইটে ক্রয় করতে যায়, যে সাইটটিকে সার্ভার-পার্শ্বীয় ডিজিটাল টাকার থলির জন্য তৈরি করা হয়েছে, তখন তারা বিক্রেতার নিজস্ব ফরমে তাদের নাম, মূল্য পরিশোধ ও মালামাল প্রেরণের তথ্যগুলি টাইপ করে লিখে দেয়। ক্রয়কার্য শেষে ভোক্তাকে একটি ব্যবহারকারী নাম ও একটি পাসওয়ার্ড (হিসাবে প্রবেশের শব্দ-চাবি) প্রবিষ্ট করে তাদের পছন্দসই একটি ডিজিটাল টাকার থলির হিসাব খুলতে বলা হয়। অধিকন্তু, ব্যবহারকারী একটি ডিজিটাল টাকার থলি বিক্রেতার ওয়েবসাইটে গিয়েও থলির অধিকারী হতে পারে।
সবগুলি না হলেও অধিকাংশ ডিজিটাল টাকার থলিতেই উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকে। যেমন জীবমিতিক (বায়োমেট্রিক) প্রমাণীকরণ ও গুপ্তায়ন। এর ফলে ব্যবহারকারীদের আর্থিক তথ্য সুরক্ষিত থাকে ও জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হয়।[৮]
ইউরোপীয় পেমেন্টস ইনিশিয়েটিভ
[সম্পাদনা]আইডিয়াল (iDEAL) অধিগ্রহণের মাধ্যমে ইউরোপীয় পেমেন্টস ইনিশিয়েটিভ (EPI) নামক ব্যবসা প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে তারা একটি সম্পূর্ণ ইউরোপীয় ডিজিটাল টাকার থলে তৈরি করবে।[৯][১০][১১][১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Clark, Sarah (১১ অক্টোবর ২০১২)। "NTT Docomo to take Japanese mobile wallet global"। NFC World। ২০ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩।
- ↑ Barrett, Randy (৮ ফেব্রুয়ারি ২০২৩)। "Digital Driver's Licenses Are Finding Their Way to State and Federal Agencies"। FedTech। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৩।
- ↑ Kang, Baoyuan; Shao, Dongyang (২০১৮)। "A fair electronic payment system for digital content using elliptic curve cryptography": ১৩–১৯। ডিওআই:10.1177/1748301817727123। আইএসএসএন 1748-3018।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Miklesh Prasad Yadav, Madhu Arora (২০১৯)। Study on impact on customer satisfaction for E-wallet using path analysis model.। International Journal of Information Systems & Management Science। এসএসআরএন 3369651। ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Murphy, David। PC Magazine https://www.pcmag.com/article2/0,2817,2378775,00.asp। ২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "Dial M for money"। The Economist। ৩০ জুন ২০০৭। ১৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩।
- ↑ "PayPass Adoption Study"। MasterCard Advisors। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩।
- ↑ "Top Five Emerging Trends in Procurement - SIPMM Publications"। publication.sipmm.edu.sg (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০১৮। ৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩।
- ↑ "Dutch payment processor iDeal to become European standard | NL Times"। nltimes.nl (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩।
- ↑ "EPI Company announces iDEAL and Payconiq acquisition"। thepaypers.com (ইংরেজি ভাষায়)। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩।
- ↑ Dumitrescu, Irina (২৫ এপ্রিল ২০২৩)। "[GLOBAL] EPI Company announces acquisitions, additional shareholders and the coming launch of its new instant payment solution"। European Payments Initiative (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩।
- ↑ agency, Acato Digital (২৫ এপ্রিল ২০২৩)। "iDEAL Becomes More Ideal"। iDEAL (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- RFC 4112: ইসিএমএল বিনির্দেশ