বিষয়বস্তুতে চলুন

টাস্ক ফোর্স অন চাইল্ডহুড ওবেসিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টাস্ক ফোর্স অন চাইল্ডহুড ওবেসিটি হলো একটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত টাস্ক ফোর্স, যার প্রধান কাজ হলো যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে স্থূলতা কমানো। এটি ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি ওবামা প্রশাসনের মাধ্যমে একটি রাষ্ট্রপতির স্মারকলিপি দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই টাস্ক ফোর্সের লক্ষ্য হলো এক প্রজন্মের মধ্যে দেশের শিশুদের মধ্যে স্থূলতার সমস্যা সমাধানের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা। প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুবয়সে স্থূলতার উদ্বেগজনক পরিসংখ্যানের প্রতি নজর দেন এবং এই পরিস্থিতির অবসান ঘটাতে নতুন টাস্কফোর্সের রূপরেখা প্রণয়ন করেন। স্মারকলিপির ১ নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে-

এই মর্মে টাস্ক ফোর্স অন চাইল্ডহুড ওবেসিটি প্রতিষ্ঠা করা হলো, যা এক প্রজন্মের মধ্যে আমাদের জাতির শিশুদের মধ্যে স্থূলতার সমস্যা সমাধানের জন্য একটি আন্তঃসংস্থা কর্মপরিকল্পনা তৈরি করবে। রাষ্ট্রপতির অভ্যন্তরীণ পলিসি বিষয়ক সহকারী এই টাস্ক ফোর্সের চেয়ার হিসেবে কাজ করবেন।[]

এই টাস্ক ফোর্সটি প্রশাসনের "লেটস মুভ!" উদ্যোগকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে, যা ২০১০ সালের ফেব্রুয়ারিতে মিশেল ওবামা প্রথম ঘোষণা করেন। লেটস মুভ! উদ্যোগটি টাস্ক ফোর্সের মতোই, তবে এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নয়, আরও বেশি সংখ্যক অংশীদারকে শিশুবয়সে স্থূলতা কমানোর এই উদ্যোগে যুক্ত করার ওপর জোর দেয়।[]

লক্ষ্যসমূহ

[সম্পাদনা]

ফার্স্ট লেডি মিশেল ওবামা কর্তৃক টাস্ক ফোর্স অ্যাকশন প্ল্যানে টাস্ক ফোর্স অন চাইল্ডহুড ওবেসিটির লক্ষ্যসমূহ তুলে ধরা হয়েছে। এই পরিকল্পনার মূল পাঁচটি লক্ষ্য রয়েছে, যার মধ্যে ৭০টি সুনির্দিষ্ট সুপারিশ অন্তর্ভুক্ত।[]

১. শিশুদের জন্য জীবনের একটি স্বাস্থ্যকর সূচনা নিশ্চিত করা

[সম্পাদনা]

এই প্রথম লক্ষ্যের অন্তর্ভুক্ত সুপারিশগুলোর মধ্যে রয়েছে: মায়েদের জন্য ভালো প্রসবপূর্ব যত্ন, স্তন্যপান করানোকে উৎসাহ প্রদান, স্ক্রিন টাইমের সীমা মেনে চলা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত শরীরচর্চায় সক্রিয় থাকার সুযোগসহ ডে-কেয়ার ব্যবস্থা নিশ্চিত করা। লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যে, শিশুরা যে পরিমাণ ফল খায় তার পরিমাণ ২০১৫ সালের মধ্যে প্রস্তাবিত মাত্রার ৭৫%, ২০২০ সালের মধ্যে ৮৫%, এবং ২০৩০ সালের মধ্যে ১০০% বৃদ্ধি করা। অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে: শিশুদের শাকসবজি খাওয়ার পরিমাণ একই হারে বৃদ্ধি করা এবং বহু পণ্য থেকে সংযোজিত চিনির পরিমাণ কমানো।[]

২. পিতামাতা ও কেয়ারগিভারদের ক্ষমতায়ন

[সম্পাদনা]

টাস্ক ফোর্সের দ্বিতীয় লক্ষ্য হলো পিতামাতা ও কেয়ারগিভারদের শিক্ষিত করে তোলা। এর জন্য পণ্যের পেছনে সহজে পাঠযোগ্য পুষ্টি লেবেল এবং খাদ্য মেনু তৈরি করা, যা আমেরিকানদের জন্য তৈরি সর্বশেষ খাদ্যাভ্যাস নির্দেশিকা (Dietary Guidelines for Americans) মেনে চলে। শিশুদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যপরীক্ষায় বডি মাস ইনডেক্স(BMI) পরিমাপ সংযুক্ত করাও এই লক্ষ্যের অংশ। এই লক্ষ্য শিশুদের কাছে অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন কমাতেও কাজ করে। মিশেল ওবামা বলেন যে, ২০১২ সালের মধ্যে সকল প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক শিশুদের জন্য বিএমআই পরিমাপ করবে।[]

৩. স্কুলগুলোতে স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ করা

[সম্পাদনা]

এই বিশেষ লক্ষ্য অর্জনের প্রচেষ্টা হিসেবে টিভি সিরিজ জেমি অলিভার’স ফুড রেভোলিউশনের কথা উল্লেখ করা হয়েছে। এই লক্ষ্যটির উদ্দেশ্য হলো: সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলগুলো যেন শিশুদের স্বাস্থ্যকর খাবার পরিবেশন শুরু করে এবং স্কুলগুলোতে বিক্রি হওয়া খাবারের পুষ্টিমান উন্নত করে। পুষ্টিবিষয়ক শিক্ষাও এই লক্ষ্যের একটি অংশ।[] টাস্ক ফোর্স স্কুলের পুষ্টি মানদণ্ডগুলো হালনাগাদ করা এবং স্কুলগুলোতে দেওয়া ইউএসডিএ (USDA) পণ্যের পুষ্টিগুণ উন্নত করার জন্য সুপারিশ করে।[] এটি খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলোকে এমন নতুন পণ্য তৈরি করতে এবং বিদ্যমান পণ্যগুলোর উপাদান নতুনভাবে সাজাতে (reformulate) উৎসাহিত করে, যাতে সেগুলো খাদ্যাভ্যাস নির্দেশিকার ওপর ভিত্তি করে পুষ্টির মানদণ্ড পূরণ করে এবং একইসাথে শিশুদের কাছে আকর্ষণীয় হয়।[]

৪. স্বাস্থ্যকর, সাশ্রয়ী খাদ্যের সহজলভ্যতা বৃদ্ধি

[সম্পাদনা]

এই লক্ষ্যের অংশ হিসেবে স্বাস্থ্যকর খাবারের দাম কমানো, খাদ্য পণ্যগুলোকে স্বাস্থ্যকর করার জন্য রিফর্মুলেট করা, এবং আমেরিকাতে "ফুড ডেজার্ট" (যেসব শহুরে ও গ্রামীণ এলাকায় মুদি দোকানের অভাব রয়েছে) দূর করা অন্তর্ভুক্ত।[] উপ-কৃষিসচিব ক্যাথলিন মেরিগান বলেন যে, স্বাস্থ্যকর খাদ্যের অপ্রাপ্যতা ক্ষুধার জন্ম দেয়, যা ফলস্বরূপ স্থূলতার দিকে নিয়ে যায়। তাই এই লক্ষ্যটি স্বাস্থ্যকর বিকল্পগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার মাধ্যমে সমস্যার মূল কারণ সমাধান করার চেষ্টা হয়েছে। টাস্ক ফোর্স রিপোর্টে বলা হয়েছে যে, গত ৩০ বছরে কার্বনেটেড পানীয়ের দামের চেয়ে ফল ও শাকসবজির দাম প্রায় দ্বিগুণ দ্রুত হারে বেড়েছে।[] ফল ও শাকসবজির উচ্চ মূল্য ভোক্তাদের এমন স্বাস্থ্যকর খাবার কেনার ক্ষমতা কমাতে পারে। তাই টাস্ক ফোর্স স্বাস্থ্যকর খাবারের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় এবং স্বাস্থ্যকর খাদ্যের সহজলভ্যতা বৃদ্ধির জন্য আর্থিক প্রণোদনা দেওয়ার সুপারিশ করে।[]

৫. শিশুদের আরও বেশি শারীরিকভাবে সক্রিয় করে তোলা

[সম্পাদনা]

টাস্ক ফোর্স সুপারিশ করে শারীরিক শিক্ষা এবং ছুটির সময়ের পাশাপাশি স্কুল-পরবর্তী শরীরচর্চাতে যেন সকল শিশুর অংশগ্রহণের সুযোগ থাকে। এই লক্ষ্য শিশুদের জন্য পার্ক, খেলার মাঠ এবং অভ্যন্তরীণ ও বাইরের বিনোদনমূলক কার্যক্রমে প্রবেশাধিকার বাড়ানোর ওপরও মনোযোগ দেয়।[] টাস্ক ফোর্সের রিপোর্ট সুপারিশ করে যে শিশু এবং কিশোর-কিশোরীদের প্রতিদিন কমপক্ষে ৬০ মিনিট ব্যায়াম করা উচিত।

সদস্যগণ

[সম্পাদনা]

রাষ্ট্রপতির স্বাক্ষরিত স্মারকলিপিতে টাস্ক ফোর্সের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট ওবামা কর্তৃক ঘোষিত টাস্ক ফোর্সের সদস্যগণ নিম্নরূপ:[]

  1. ইন্টেরিয়র সচিব: সচিব কেন সালাজার
  2. কৃষি সচিব: সচিব টম ভিলস্যাক
  3. স্বাস্থ্য ও মানবসেবা সচিব: ক্যাথলিন সিবিলিয়াস
  4. শিক্ষা সচিব: আর্নে ডানকান
  5. ব্যবস্থাপনা ও বাজেট অফিসের পরিচালক: জ্যাকব লিউ
  6. রাষ্ট্রপতির সহকারী ও ফার্স্ট লেডির চিফ অফ স্টাফ: মেলিসা উইন্টার
  7. রাষ্ট্রপতির অর্থনৈতিক নীতি বিষয়ক সহকারী; এবং
  8. অন্যান্য নির্বাহী বিভাগ, সংস্থা বা অফিসের প্রধানগণ, যাঁদেরকে চেয়ার মনোনয়ন করে

তাছাড়াও, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং প্রশাসনের বিভিন্ন সদস্য, যার মধ্যে বারাক ওবামার অভ্যন্তরীণ পরিষদের সদস্য মেলোডি বার্নস রয়েছেন, তারাও টাস্ক ফোর্সে অংশগ্রহণ করেন।[]

সমাদর

[সম্পাদনা]

২০১০ সালের মে মাসে ইউএসএ টুডেতে প্রকাশিত একটি প্রবন্ধে শিশুদের স্থূলতাবিষয়ক বিশেষজ্ঞগণ টাস্ক ফোর্স কর্তৃক প্রকাশিত সুপারিশগুলির প্রশংসা করেছিলেন।

সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্টের পুষ্টিবিষয়ক নীতিমালার একজন পরিচালক মন্তব্য করেন:

এটি খুবই বিস্তীর্ণ এবং এতে প্রচুর বিস্তারিত সুপারিশ রয়েছে যা শিশুবয়সে স্থূলতায় একটি বাস্তব প্রভাব ফেলতে পারে। এটি সেই পদক্ষেপগুলি উল্লেখ করে যা ফেডারেল সরকার, স্কুল, পিতামাতা এবং খাদ্য কোম্পানিগুলো নিতে পারে। এগুলি 'অবাস্তব' সুপারিশ নয়; এগুলি করা সম্ভব।

[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Presidential Memorandum -- Establishing a Task Force on Childhood Obesity"whitehouse.gov। ৯ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১১ National Archives এর মাধ্যমে।
  2. 1 2 "Childhood Obesity Task Force unveils action plan"Milwaukee Courier। ১৫ মে ২০১০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১১
  3. 1 2 3 4 5 Greenhalgh, Michelle (১২ মে ২০১০)। "Childhood Obesity Task Force Plan Released"Food Safety News। Seattle। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১১
  4. 1 2 3 4 "Solving the Problem of Childhood Obesity Within a Generation" (পিডিএফ)। The White House। ২১ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১১
  5. Zakaria, Tabassum (১১ মে ২০১০)। "Obesity Force Urges Action"। Reuters। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১১
  6. Hellmich, Nanci (১১ মে ২০১০)। "Michelle Obama reveals goals of childhood obesity task force"USA Today। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১১