জেভন্স প্যারাডক্স

অর্থনীতিতে জেভন্স প্যারাডক্স (/ˈdʒɛvənz/; কখনও কখনও জেভন্স প্রভাব বলা হয়) ঘটে যখন প্রযুক্তিগত উন্নতি কোনো সম্পদ ব্যবহারকে আরও সহজসাধ্য করে তোলে (ফলে একটি নির্দিষ্ট কাজে প্রয়োজনীয় পরিমাণ কমে যায়); কিন্তু যখন সম্পদ ব্যবহারের খরচ কমে যায়, এবং যদি চাহিদা অত্যন্ত স্থিতিস্থাপক হয়, তখন সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, যার ফলাফল হিসেবে মোট সম্পদ ব্যবহারের পরিমাণ বেড়ে যায়।[১][২][৩][৪] সরকার সাধারণত আশা করে যে দক্ষতা বৃদ্ধির ফলে সম্পদ ব্যবহারের পরিমাণ কমবে, কিন্তু জেভন্স প্যারাডক্সের ফল প্রায়শই অনুমান করতে পারে করে না।[৫]
১৮৬৫ সালে ইংরেজ অর্থনীতিবিদ উইলিয়াম স্ট্যানলি জেভন্স লক্ষ্য করেন যে প্রযুক্তিগত উন্নতি কয়লা ব্যবহারের দক্ষতা বাড়ায়, আর সেই উন্নতিই বিভিন্ন শিল্পক্ষেত্রে কয়লার ব্যবহারের পরিমাণ আরো বাড়ায়। তিনি যুক্তি দেন যে, জ্বালানি ব্যবহার কমানোর জন্য প্রযুক্তিগত অগ্রগতি নির্ভরযোগ্য নয়, যা সাধারণ বিদ্যমান ধারণার বিপরীত।[৬][৭]
এই বিষয়টি আধুনিক অর্থনীতিবিদগণ পুনরায় পর্যালোচনা করেন, যারা উন্নত জ্বালানি দক্ষতা থেকে সৃষ্ট ভোগের প্রতিঘাত প্রভাব (ইংরেজিতে রিবাউন্ড এফেক্ট) নিয়ে গবেষণা করেন। কোনো নির্দিষ্ট ব্যবহারের জন্য যে পরিমাণ প্রয়োজন, তা কমানোর পাশাপাশি উন্নত প্রযুক্তি সম্পদ ব্যবহারের আপেক্ষিক খরচও কমিয়ে দেয়। ফলশ্রুতিতে চাহিদা বৃদ্ধি পায়। এটি (কিছু মাত্রায়) দক্ষতা বৃদ্ধির কারণে ব্যবহার হ্রাসের প্রভাবকে প্রতিহত করতে পারে। দক্ষতা বৃদ্ধির ফলে প্রকৃত আয় বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়, যা সম্পদের চাহিদা আরও বাড়ায়। জেভন্স প্যারাডক্স ঘটে যখন চাহিদা বৃদ্ধির প্রভাব প্রাধান্য পায় এবং উন্নত দক্ষতা বরং সম্পদ ব্যবহারের হারকে ত্বরান্বিত করে।[৭]
জ্বালানি দক্ষতার প্রতিঘাতী প্রভাবের পরিমাণ এবং জ্বালানি সংরক্ষণে জেভন্স প্যারাডক্সের প্রাসঙ্গিকতা নিয়ে উল্লেখযোগ্য বিতর্ক রয়েছে। কেউ কেউ এই প্রভাবকে অগ্রাহ্য করেন, আবার অন্যরা উদ্বেগ প্রকাশ করেন যে জ্বালানি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন প্রত্যাশা আত্মঘাতী হতে পারে।[৫] কিছু পরিবেশ অর্থনীতিবিদ প্রস্তাব করেছেন যে দক্ষতা বৃদ্ধিকে এমন সংরক্ষণনীতির সঙ্গে যুক্ত করা উচিত যা ব্যবহারের খরচ একই (বা বেশি) রাখে, যেন জেভন্স প্যারাডক্স এড়ানো যায়।[৮] ব্যবহারের খরচ বৃদ্ধি করে এমন সংরক্ষণনীতি (যেমন ক্যাপ ও ট্রেড বা সবুজ কর) প্রতিঘাত প্রভাব নিয়ন্ত্রণে ব্যবহৃত হতে পারে।[৯]
ইতিহাস
[সম্পাদনা]
জেভন্স প্যারাডক্স ধারণা প্রথম তুলে ধরেন ইংরেজ অর্থনীতিবিদ উইলিয়াম স্ট্যানলি জেভন্স, তার ১৮৬৫ সালের দ্য কোল কোয়েশ্চেন বইয়ে। জেভন্স লক্ষ্য করেন যে জেমস ওয়াট যখন ওয়াট স্টিম ইঞ্জিন উদ্ভাবন করেন, তখন ইংল্যান্ডে কয়লার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এই ইঞ্জিনটি থমাস নিউকোমেন-এর আগের নকশার তুলনায় কয়লা-চালিত স্টিম ইঞ্জিনের দক্ষতা বহুলভাবে বাড়িয়ে দেয়। ওয়াটের উদ্ভাবন কয়লাকে আরও সাশ্রয়ী শক্তির উৎসে পরিণত করে, যার ফলে বিভিন্ন শিল্পে স্টিম ইঞ্জিনের ব্যবহার বৃদ্ধি পায়। এর ফলে মোট কয়লা ব্যবহার বেড়ে যায়, যদিও নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় কয়লার পরিমাণ কমে যায়। জেভন্স যুক্তি দেন যে, জ্বালানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধির ফলে জ্বালানি ব্যবহার কমে না, বরং বাড়ে। তিনি লেখেন: ‘জ্বালানি সাশ্রয় মানেই কম ব্যবহার—এই ধারণা ভুল; বরং এর বিপরীতটাই সত্য।’[৬]
সে সময় ব্রিটেনে অনেকেই উদ্বিগ্ন ছিলেন যে কয়লার মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কিন্তু কিছু বিশেষজ্ঞ মত দেন যে উন্নত প্রযুক্তি কয়লার ব্যবহার কমাবে। জেভন্স এই ধারণাকে ভুল প্রমাণ করেন। তিনি যুক্তি দিয়ে বলেন যে দক্ষতা বৃদ্ধি বরং কয়লার ব্যবহারের হার আরও বাড়িয়ে দেবে। ফলে প্রযুক্তিগত অগ্রগতি ইংল্যান্ডের কয়লার ভান্ডার আরও দ্রুত নিঃশেষ করবে, ফলশ্রুতিতে সমস্যার সমাধান হবে না।[৬][৭]
যদিও জেভন্স মূলত কয়লার ওপর আলোকপাত করেছিলেন, পরে এই ধারণাটি অন্যান্য ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে। উদাহরণস্বরূপ, পানির ব্যবহার।[১০] সমাজ-জলবিজ্ঞানে এই প্যারাডক্সকে “নিরাপদ উন্নয়ন প্যারাডক্স” বা “মজুদ প্রভাব” নামেও অভিহিত করে, যেখানে জলাধার নির্মাণের মাধ্যমে পানির ঘাটতি কমানোর চেষ্টা বরং ঘাটতির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, কারণ পানির প্রাপ্যতা বৃদ্ধি পেলে উন্নয়ন এবং ব্যবহার উভয়ই বৃদ্ধি পায়।[১১]
কারণ
[সম্পাদনা]

অর্থনীতিবিদেরা লক্ষ্য করেছেন যে যখন ভোক্তাদের গাড়ি বেশি জ্বালানি সাশ্রয়ী বা জ্বালানি দক্ষ হয়, তারা সাধারণত বেশি ভ্রমণ করে, যার ফলে জ্বালানির চাহিদাতে একটি ‘প্রতিঘাত’ বা ‘রিবাউন্ড’ ঘটে।[১২] কোনো সম্পদ (যেমন জ্বালানি) ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করলে, ঐ সম্পদ ব্যবহারের খরচ হ্রাস পায় এবং তা অর্জনের দিক থেকে মাপা হয় (যেমন—ভ্রমণ)। সাধারণভাবে বলতে গেলে, কোনো পণ্য বা পরিষেবার খরচ (বা মূল্য) হ্রাস পেলে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় (এটি চাহিদা নীতি নামে পরিচিত)। ভ্রমণের খরচ কমলে, ভোক্তারা বেশি ভ্রমণ করবে, যার ফলে জ্বালানির চাহিদা বাড়বে। এই চাহিদা বৃদ্ধিকেই প্রতিঘাত প্রভাব বলা হয়। দক্ষতা বৃদ্ধির ফলে সৃষ্ট মূল জ্বালানি ব্যবহার হ্রাসকে কতটা প্রভাবিত করবে তা নির্ভর করে এর মাত্রার ওপর। জেভন্স প্যারাডক্স তখনই ঘটে যখন প্রতিঘাত প্রভাব ১০০% ছাড়িয়ে যায়, অর্থাৎ দক্ষতা বৃদ্ধির মূল লাভকে অতিক্রম করে।[৭]
সরাসরি প্রতিঘাত প্রভাবের আকার নির্ভর করে পণ্যের মূল্য স্থিতিস্থাপকতার ওপর।[১৩] যদি একটি সম্পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে জ্বালানি একমাত্র ইনপুট হয়, এবং জ্বালানির মূল্য অপরিবর্তিত থাকে কিন্তু দক্ষতা দ্বিগুণ হয়, তবে ভ্রমণের কার্যকর মূল্য অর্ধেক হয়ে যাবে (অর্থাৎ দ্বিগুণ ভ্রমণ সম্ভব হবে)। যদি এর ফলে ভ্রমণের পরিমাণ দ্বিগুণেরও বেশি হয় (অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপক হয়), তবে জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে এবং জেভন্স প্যারাডক্স ঘটবে। কিন্তু যদি চাহিদা মূল্য-অস্থিতিস্থাপক হয়, তবে ভ্রমণের পরিমাণ দ্বিগুণের কম হবে, ফলে জ্বালানির ব্যবহার কমবে। তবে বাস্তবে পণ্য ও পরিষেবাগুলো সাধারণত একাধিক ইনপুট (যেমন জ্বালানি, শ্রম, যন্ত্রপাতি) ব্যবহার করে এবং মূল্য নির্ধারণে অন্যান্য উপাদানও প্রভাব ফেলে। এই উপাদানগুলো প্রতিঘাত প্রভাবকে কমিয়ে দেয়, যার ফলে জেভন্স প্যারাডক্স ঘটার সম্ভাবনা কমে যায়।[৭]
একটি উদাহরণ যেখানে এই প্যারাডক্স ঘটেনি, তা হলো কৃষি উৎপাদনশীলতার বিশাল উন্নতি (যেমন তৃতীয় কৃষি বিপ্লব), যা খাদ্যের দাম কমিয়ে দেয়, কিন্তু খাদ্যের চাহিদা বাড়ায়নি (খাদ্যের চাহিদা অস্থিতিস্থাপক)। বরং এর ফলে কৃষিক্ষেত্রে কর্মসংস্থান কমে যায়—যেখানে ১৯০০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৪০% মানুষ কৃষিকাজে যুক্ত ছিল, ২০২৪ সালে তা কমে ২%-এর নিচে নেমে আসে।[১৪]
শর্তাবলি
[সম্পাদনা]জেভন্স প্যারাডক্স ঘটার জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ হতে হবে:[১৪]
- দক্ষতা বা উৎপাদনশীলতা বৃদ্ধি করে এমন প্রযুক্তিগত পরিবর্তন
- ঐ দক্ষতা বা উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট পণ্য বা পরিষেবার ভোক্তা মূল্য হ্রাস পাওয়া
- ঐ কম মূল্যের কারণে চাহিদার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া (অর্থাৎ চাহিদা বক্ররেখা অত্যন্ত স্থিতিস্থাপক হওয়া)
খাজ্জুম–ব্রুকস সূত্র
[সম্পাদনা]১৯৮০-এর দশকে অর্থনীতিবিদ ড্যানিয়েল খাজ্জুম এবং লেওনার্ড ব্রুকস সমাজের জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে জেভন্স প্যারাডক্স-কে নতুনভাবে বিশ্লেষণ করেন। ব্রুকস, যিনি তখন যুক্তরাজ্যের পারমাণবিক জ্বালানি কর্তৃপক্ষের প্রধান অর্থনীতিবিদ ছিলেন, যুক্তি দেন যে জ্বালানি দক্ষতা বাড়িয়ে জ্বালানি ব্যবহার কমানোর প্রচেষ্টা বরং অর্থনীতির সামগ্রিক জ্বালানি চাহিদা বৃদ্ধি করবে। অপরদিকে, খাজ্জুম জোর দেন যে, গৃহস্থালি যন্ত্রপাতির জন্য ক্যালিফোর্নিয়া শক্তি কমিশন কর্তৃক নির্ধারিত বাধ্যতামূলক কর্মক্ষমতা মানদণ্ডে প্রতিঘাত প্রভাবের সম্ভাবনাকে উপেক্ষা করা হয়েছে।[১৫][১৬]
১৯৯২ সালে অর্থনীতিবিদ হ্যারি স্যান্ডার্স এই ধারণাটিকে নাম দেন “খাজ্জুম–ব্রুকস সূত্র” (Khazzoom–Brookes postulate)। তিনি যুক্তি দেন যে, জ্বালানি দক্ষতা বৃদ্ধির ফলে জ্বালানি ব্যবহার কমে না, বরং বৃদ্ধি পায়—এবং এই ধারণাটি নব্য অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব দ্বারা সমর্থিত। এই তত্ত্ব মূলধন সঞ্চয়, প্রযুক্তিগত পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর ভিত্তি করে গঠিত। স্যান্ডার্স দেখান যে, বিভিন্ন শর্তের অধীনে নব্য প্রবৃদ্ধি মডেলে এই সূত্রটি কার্যকর হয়।[১৫][১৭]
স্যান্ডার্সের মতে, জ্বালানি দক্ষতা বৃদ্ধির ফলে জ্বালানি ব্যবহার বৃদ্ধি পায় দুটি উপায়ে —
- . প্রত্যক্ষ প্রতিঘাত প্রভাব: দক্ষতা বৃদ্ধি জ্বালানির ব্যবহারকে তুলনামূলকভাবে সস্তা করে তোলে, ফলে ব্যবহার বাড়ে।
- . পরোক্ষ প্রভাব: দক্ষতা বৃদ্ধির ফলে প্রকৃত আয় বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়, যার ফলে পুরো অর্থনীতিতে জ্বালানি ব্যবহারের হার বেড়ে যায়।
ক্ষুদ্র অর্থনীতির দৃষ্টিকোণ থেকে (একটি নির্দিষ্ট বাজার বিশ্লেষণে), প্রতিঘাত প্রভাব সত্ত্বেও সাধারণত জ্বালানি দক্ষতা বৃদ্ধির ফলে মোট ব্যবহার কিছুটা কমে।[১৮] অর্থাৎ, অধিকাংশ ক্ষেত্রে প্রতিঘাত প্রভাব ১০০%-এর কম। কিন্তু সমষ্টি অর্থনীতির স্তরে, অধিক কার্যকর (এবং তাই তুলনামূলকভাবে সস্তা) জ্বালানি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায়, যার ফলে সার্বিক জ্বালানি ব্যবহার বৃদ্ধি পায়।
স্যান্ডার্সের উপসংহার ছিল ― ক্ষুদ্র ও সমষ্টি অর্থনৈতিক উভয় প্রভাব বিবেচনায় নিলে, জ্বালানি দক্ষতা বৃদ্ধির জন্য প্রযুক্তিগত অগ্রগতি শেষ পর্যন্ত মোট জ্বালানি ব্যবহারের হার বৃদ্ধি করে।[১৫]
শক্তি সংরক্ষণ নীতিমালা
[সম্পাদনা]জেভন্স সতর্ক করেন যে জ্বালানি দক্ষতা বৃদ্ধি প্রায়ই জ্বালানির ব্যবহারও বৃদ্ধি করে। তবে এর অর্থ এই নয় যে, জেভন্স প্যারাডক্স ঘটলে জ্বালানি দক্ষতা বৃদ্ধির গুরুত্ব কমে যায়; বরং উচ্চতর দক্ষতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং মানুষের জীবনের বস্তুগত মান উন্নত করে।[১৯] উদাহরণস্বরূপ, দক্ষ স্টিম ইঞ্জিন পণ্য ও মানুষের পরিবহনকে সস্তা করে তুলেছিল, যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। তবুও, যদি খাজ্জুম–ব্রুকস সূত্র যদি সঠিক হয়, তবে শুধুমাত্র জ্বালানি দক্ষতা বৃদ্ধি জীবাশ্ম জ্বালানি নিঃশেষের হার কমাতে পারবে না।[১৫]
খাজ্জুম–ব্রুকস সূত্র সঠিক কিনা এবং জ্বালানি সংরক্ষণ নীতিতে জেভন্স প্যারাডক্স কতটা প্রাসঙ্গিক, তা নিয়ে উল্লেখযোগ্য বিতর্ক রয়েছে। বেশিরভাগ সরকার, পরিবেশবাদী ও এনজিও দক্ষতা বৃদ্ধির নীতি অনুসরণ করে এই বিশ্বাসে যে এর ফলে সম্পদ ব্যবহার ও পরিবেশগত সমস্যা কমবে। অন্যদিকে, অনেক পরিবেশ অর্থনীতিবিদ এই ‘দক্ষতা কৌশল’-এর প্রতি সংশয়ী; তাদের মতে, দক্ষতা বৃদ্ধি বরং উৎপাদন ও ভোগ উভয়ই বাড়াতে পারে। তারা মনে করেন, সম্পদ ব্যবহারের হার কমাতে হলে দক্ষতার উন্নতির সঙ্গে সম্পদ ব্যবহারে সীমা আরোপকারী নীতিও প্রয়োগ করা উচিত।[৫][১৭][২০]
তবে কিছু গবেষক যুক্তি দেন যে, জেভন্স প্যারাডক্স কিছু ক্ষেত্রে দেখা গেলেও এর বিস্তৃত প্রয়োগের প্রমাণ সীমিত।[২১] কখনও কখনও জেভন্স প্যারাডক্সকে ব্যবহার করে যুক্তি দেওয়া হয় যে জ্বালানি সংরক্ষণের প্রচেষ্টা বৃথা। তেলের ব্যবহার আরও দক্ষ হলে চাহিদা বাড়বে এবং তেলের সর্বোচ্চ উৎপাদন দ্রুতই দেখা যাবে। এই যুক্তিটি প্রায়শই পরিবেশগত নীতিমালা বা জ্বালানি দক্ষতা বাড়ানোর উদ্যোগ (যেমন গাড়ির দক্ষতা বৃদ্ধি) বিরোধিতার জন্য ব্যবহৃত হয়।[২২][২৩]
তবে এই যুক্তির বিপরীতে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উত্থাপিত হয়েছে। পরিণত বাজারে (যেমন উন্নত দেশে তেলের বাজারে) সরাসরি প্রতিঘাত প্রভাব সাধারণত ক্ষুদ্র; ফলে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সাধারণত সম্পদ ব্যবহারে হ্রাস ঘটায়, যদি অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকে।[১২][১৮][২৪]
এমনকি যদি দক্ষতা বৃদ্ধি মোট জ্বালানি ব্যবহার নাও কমায়, তবুও এর অন্যান্য উপকারিতা রয়েছে। উদাহরণস্বরূপ, উন্নত জ্বালানি দক্ষতা তেলের সংকট বা দামের ঊর্ধ্বগতির ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়কে প্রশমিত করতে পারে।[২৫]
পরিবেশ অর্থনীতিবিদদের মতে, যদি জ্বালানি দক্ষতা বৃদ্ধির সঙ্গে ব্যবহার খরচ অপরিবর্তিত বা বেশি রাখার মতো ব্যবস্থা (যেমন জ্বালানি কর) যুক্ত করা যায়, তবে জ্বালানি ব্যবহার নিশ্চিতভাবে হ্রাস পাবে।[৮] সার্বিকভাবে, জেভন্স প্যারাডক্স দেখায় যে কেবল দক্ষতা বৃদ্ধি জ্বালানি ব্যবহারের হার কমাতে যথেষ্ট নয়, তাই টেকসই জ্বালানি নীতির জন্য অন্যান্য সরকারি হস্তক্ষেপ প্রয়োজন।[৯] যেসব নীতি বা সরকারি পদক্ষেপ ব্যবহারের খরচ বৃদ্ধি করে (যেমন সবুজ কর, ক্যাপ অ্যান্ড ট্রেড, বা উচ্চ নিঃসরণ মানদণ্ড), সেগুলো প্রতিঘাত প্রভাব নিয়ন্ত্রণে সহায়ক।
ইকোলজিক্যাল অর্থনীতিবিদ ম্যাথিস ওয়াকারন্যাগেল এবং উইলিয়াম ই. রিস প্রস্তাব করেন যে দক্ষতা বৃদ্ধির ফলে সৃষ্ট যে কোনো সঞ্চয় “কর আরোপ বা অন্যভাবে অর্থনৈতিক প্রবাহ থেকে সরিয়ে” ফেলা উচিত, এবং তা প্রাকৃতিক সম্পদের পুনর্বাসনে পুনঃবিনিয়োগ করা প্রয়োজন।[৮] এভাবে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি একদিকে অর্থনৈতিক দিক থেকে উপকারী হলেও, অন্যদিকে টেকসই কার্যক্রম নিশ্চিত করার জন্য সরকারি নীতির সঙ্গে সমন্বয় প্রয়োজন।[২৬][২৭][২৮]
উদাহরণ
[সম্পাদনা]কৃষি
[সম্পাদনা]কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে কোনো ফসলের (যেমন গম) উৎপাদন বৃদ্ধি করলে একই পরিমাণ মোট ফলনের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ কমে যায়। তবে, উৎপাদন বৃদ্ধির ফলে গম চাষ আরও লাভজনক হয়ে উঠতে পারে এবং কৃষকরা অন্য জমিও গম উৎপাদনের জন্য রূপান্তর করতে পারে, যার শেষমেশ ফলে মোট জমির ব্যবহার বরং বৃদ্ধি পেতে পারে।[২৯]
কৃত্রিম বুদ্ধিমত্তা
[সম্পাদনা]মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বক্তব্য দেওয়ার সময় জেভন্স প্যারাডক্সের উল্লেখ করেছেন।[৩০] এরিক ব্রিনইলফসন বলেছেন যে তিনি বিশ্বাস করেন কিছু পেশার ক্ষেত্রে জেভন্স প্যারাডক্সের তিনটি শর্ত পূরণ হবে, যার ফলে ঐ ক্ষেত্রগুলিতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে — যেমন রেডিওলজিস্ট, অনুবাদক, এবং কোডার।[১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sorrell, Steve (২০০৯)। "Exploring Jevons' Paradox"। Energy Efficiency and Sustainable Consumption: The Rebound Effect (ইংরেজি ভাষায়)। London, England: Palgrave Macmillan। পৃ. ১৩৬–১৬৪। আইএসবিএন ৯৭৮-০-২৩০-৫৮৩১০-৮।
- ↑ Bauer, Diana; Papp, Kathryn (১৮ মার্চ ২০০৯)। "Book Review Perspectives: The Jevons Paradox and the Myth of Resource Efficiency Improvements"। Sustainability: Science, Practice, & Policy। ৫ (1)। ডিওআই:10.1080/15487733.2009.11908028।
- ↑ York, Richard; McGee, Julius Alexander (২ জানুয়ারি ২০১৬)। "Understanding the Jevons paradox"। Environmental Sociology। ২ (1): ৭৭–৮৭। বিবকোড:2016EnvSo...2...77Y। ডিওআই:10.1080/23251042.2015.1106060। এস২সিআইডি 156762601।
- ↑ York, Richard (২০০৬)। "Ecological paradoxes: William Stanley Jevons and the paperless office" (পিডিএফ)। Human Ecology Review। ১৩ (2): ১৪৩–১৪৭। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৫।
- 1 2 3 Alcott, Blake (জুলাই ২০০৫)। "Jevons' paradox"। Ecological Economics। ৫৪ (1): ৯–২১। বিবকোড:2005EcoEc..54....9A। ডিওআই:10.1016/j.ecolecon.2005.03.020। এইচডিএল:1942/22574।
- 1 2 3 Jevons, William Stanley। "VII"। The Coal Question (2nd সংস্করণ)। London, England: Macmillan and Company। আইএসবিএন ৯৭৮-১-৭৮৯৮৭-৬৪৬-৮। ওসিএলসি 464772008। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০০৮।
- 1 2 3 4 5 Alcott, Blake (২০০৮)। "Historical Overview of the Jevons paradox in the Literature"। JM Polimeni; K Mayumi; M Giampietro (সম্পাদকগণ)। The Jevons Paradox and the Myth of Resource Efficiency Improvements। Earthscan। পৃ. ৭–৭৮। আইএসবিএন ৯৭৮-১-৮৪৪০৭-৪৬২-৪।
- 1 2 3 Wackernagel, Mathis; Rees, William (১৯৯৭)। "Perceptual and structural barriers to investing in natural capital: Economics from an ecological footprint perspective"। Ecological Economics। ২০ (3): ৩–২৪। বিবকোড:1997EcoEc..20....3W। ডিওআই:10.1016/S0921-8009(96)00077-8।
- 1 2 Freire-González, Jaume; Puig-Ventosa, Ignasi (২০১৫)। "Energy Efficiency Policies and the Jevons Paradox"। International Journal of Energy Economics and Policy। ৫ (1): ৬৯–৭৯। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৫।
- ↑ Dumont, A.; Mayor, B.; López-Gunn, E. (২০১৩)। "Is the Rebound Effect or Jevons Paradox a Useful Concept for Better Management of Water Resources? Insights from the Irrigation Modernisation Process in Spain"। Aquatic Procedia। ১: ৬৪–৭৬। বিবকোড:2013AqPro...1...64D। ডিওআই:10.1016/j.aqpro.2013.07.006।
- ↑ Di Baldassarre, Giuliano; Wanders, Niko; AghaKouchak, Amir; Kuil, Linda; Rangecroft, Sally; Veldkamp, Ted I. E.; Garcia, Margaret; van Oel, Pieter R.; Breinl, Korbinian; Van Loon, Anne F. (নভেম্বর ২০১৮)। "Water shortages worsened by reservoir effects"। Nature Sustainability (ইংরেজি ভাষায়)। ১ (11): ৬১৭–৬২২। বিবকোড:2018NatSu...1..617D। ডিওআই:10.1038/s41893-018-0159-0। আইএসএসএন 2398-9629। এস২সিআইডি 134508048।
- 1 2 Small, Kenneth A.; Kurt Van Dender (২১ সেপ্টেম্বর ২০০৫)। "The Effect of Improved Fuel Economy on Vehicle Miles Traveled: Estimating the Rebound Effect Using U.S. State Data, 1966–2001"। Policy and Economics। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১০।
- ↑ Chan, Nathan W.; Gillingham, Kenneth (১ মার্চ ২০১৫)। "The Microeconomic Theory of the Rebound Effect and Its Welfare Implications"। Journal of the Association of Environmental and Resource Economists। ২ (1): ১৩৩–১৫৯। ডিওআই:10.1086/680256। আইএসএসএন 2333-5955। এস২সিআইডি 3681642।
- 1 2 3 Rosalsky, Greg (৪ ফেব্রুয়ারি ২০২৫)। "Why the AI world is suddenly obsessed with a 160-year-old economics paradox"। NPR।
- 1 2 3 4 Saunders, Harry D. (অক্টোবর ১৯৯২)। "The Khazzoom-Brookes Postulate and Neoclassical Growth"। The Energy Journal। ১৩ (4): ১৩১–১৪৮। ডিওআই:10.5547/ISSN0195-6574-EJ-Vol13-No4-7। জেস্টোর 41322471। এস২সিআইডি 154484026।
- ↑ Herring, Horace (১৯ জুলাই ১৯৯৯)। "Does energy efficiency save energy? The debate and its consequences"। Applied Energy। ৬৩ (3): ২০৯–২২৬। বিবকোড:1999ApEn...63..209H। ডিওআই:10.1016/S0306-2619(99)00030-6। আইএসএসএন 0306-2619।
- 1 2 Sorrell, Steve (এপ্রিল ২০০৯)। "Jevons' Paradox revisited: The evidence for backfire from improved energy efficiency"। Energy Policy। ৩৭ (4): ১৪৫৬–১৪৬৯। বিবকোড:2009EnPol..37.1456S। ডিওআই:10.1016/j.enpol.2008.12.003।
- 1 2 Greening, Lorna; David L. Greene; Carmen Difiglio (২০০০)। "Energy efficiency and consumption—the rebound effect—a survey"। Energy Policy। ২৮ (6–7): ৩৮৯–৪০১। বিবকোড:2000EnPol..28..389A। ডিওআই:10.1016/S0301-4215(00)00021-5।
- ↑ Ryan, Lisa; Campbell, Nina (২০১২)। "Spreading the net: the multiple benefits of energy efficiency improvements"। IEA Energy Papers। ডিওআই:10.1787/20792581। ২০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৫।
- ↑ Owen, David (২০ ডিসেম্বর ২০১০)। "Annals of Environmentalism: The Efficiency Dilemma"। The New Yorker। পৃ. ৭৮–।
- ↑ Gillingham, Kenneth; Kotchen, Matthew J.; Rapson, David S.; Wagner, Gernot (২৩ জানুয়ারি ২০১৩)। "Energy policy: The rebound effect is overplayed"। Nature (ইংরেজি ভাষায়)। ৪৯৩ (7433): ৪৭৫–৪৭৬। বিবকোড:2013Natur.493..475G। ডিওআই:10.1038/493475a। আইএসএসএন 0028-0836। পিএমআইডি 23344343। এস২সিআইডি 3220092।
- ↑ Potter, Andrew (১৩ ফেব্রুয়ারি ২০০৭)। "Planet-friendly design? Bah, humbug"। Maclean's। ১২০ (5): ১৪। ১৪ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১০।
- ↑ Strassel, Kimberley A. (১৭ মে ২০০১)। "Conservation Wastes Energy"। The Wall Street Journal। ১৩ নভেম্বর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০০৯।
- ↑ Gottron, Frank (৩০ জুলাই ২০০১)। "Energy Efficiency and the Rebound Effect: Does Increasing Efficiency Decrease Demand?" (পিডিএফ)। National Council for Science and the Environment। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ Hirsch, R. L.; Bezdek, R.; and Wendling, R. (২০০৬)। "Peaking of World Oil Production and Its Mitigation"। AIChE Journal। ৫২ (1): ২–৮। বিবকোড:2006AIChE..52....2H। ডিওআই:10.1002/aic.10747।
- ↑ Laitner, John A.; De Canio, Stephen J.; Peters, Irene (২০০৩)। "Incorporating Behavioural, Social, and Organizational Phenomena in the Assessment of Climate Change Mitigation Options"। Society, Behaviour, and Climate Change Mitigation। Advances in Global Change Research। ৮: ১–৬৪। ডিওআই:10.1007/0-306-48160-X_1। আইএসবিএন ৯৭৮-০-৭৯২৩-৬৮০২-১।
- ↑ Freire-González, Jaume (১ ফেব্রুয়ারি ২০২১)। "Governing Jevons' Paradox: Policies and systemic alternatives to avoid the rebound effect"। Energy Research & Social Science। ৭২ 101893। বিবকোড:2021ERSS...7201893F। ডিওআই:10.1016/j.erss.2020.101893। এস২সিআইডি 234020339।
- ↑ Siami, Navid; Winter, Ralph A. (১ সেপ্টেম্বর ২০২১)। "Jevons' paradox revisited: Implications for climate change"। Economics Letters। ২০৬ 109955। ডিওআই:10.1016/j.econlet.2021.109955।
- ↑ "Drones, crops and Jevons' Paradox"। Centre for Society, Technology and Values (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ Hamilton, Anita (২৮ জানুয়ারি ২০২৫)। "Jevons Paradox: Why Microsoft CEO Satya Nadella Says It Applies to AI Too"। Barron's (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫।
গ্রন্থপঞ্জী
[সম্পাদনা]- Jenkins, Jesse; Nordhaus, Ted; Shellenberger, Michael (১৭ ফেব্রুয়ারি ২০১১)। Energy Emergence: Rebound and Backfire as Emergent Phenomena (প্রতিবেদন)। Oakland, California: The Breakthrough Institute। ২৫ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৫।
- Lords Select Committee on Science and Technology (৫ জুলাই ২০০৫)। "3: The economics of energy efficiency"। Select Committee on Science and Technology Second Report (প্রতিবেদন)। Session 2005–06। London, UK: House of Lords।
- Michaels, Robert J. (৬ জুলাই ২০১২)। Energy Efficiency and Climate Policy: The Rebound Dilemma (পিডিএফ) (প্রতিবেদন)। Washington, D.C.: Institute for Energy Research। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৫।