জিন স্মার্ট
জিন স্মার্ট | |
|---|---|
Jean Smart | |
২০১৮ সালে স্যান ডিয়েগো কমিক কনে স্মার্ট | |
| জন্ম | জিন এলিজাবেথ স্মার্ট ১৩ সেপ্টেম্বর ১৯৫১ |
| মাতৃশিক্ষায়তন | ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় (বিএফএ) |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ১৯৭৫–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | রিচার্ড জিলিল্যান্ড (বি. ১৯৮৭; মৃ. ২০২১) |
| সন্তান | ২ |
জিন এলিজাবেথ স্মার্ট (ইংরেজি: Jean Elizabeth Smart; জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৫১)[১] একজন মার্কিন অভিনেত্রী। তিনি হাস্যরসাত্মক ও নাট্যধর্মী উভয় ধারার চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সাতটি প্রাইমটাইম এমি পুরস্কার, তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, তিনটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন এবং একটি টনি পুরস্কার ও একটি গ্রামি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।
স্মার্ট ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সিবিএসের সিটকম ডিজাইনিং উইমেন এ শার্লিন ফ্রেজিয়ার স্টিলফিল্ড চরিত্রে অভিনয় করে প্রথম খ্যাতি অর্জন করেন। তিনি এনবিসের ধারাবাহিক ফ্রেজিয়ার (২০০০-০১)-এ লানা গারনার, এবিসির সিটকম সামান্থা হু? (২০০৭-০৯)-এ রেজিনা নিউলি এবং এইচবিও ম্যাক্সের হাস্যরসাত্মক ধারাবাহিক হ্যাক্স (২০২১-বর্তমান)-এ ডেবরা ভ্যান্স চরিত্রে অভিনয় করে সাতটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি দ্য ডিসট্রিক্ট (২০০০-০৪), টুয়েন্টি ফোর (২০০৬-০৭), হ্যারি'স ল (২০১১), ফারগো (২০১৫), ওয়াচমেন (২০১৯) ও মেয়ার অব ইস্টটাউন (২০২১)-এ অভিনয় করে এমি পুরস্কারে মনোনীত হন। তিনি এফএক্সের লিজিয়ন (২০১৭-১৯)-এ অভিনয় করেন এবং ডিজনি চ্যানেলের অ্যানিমেটেড ধারাবাহিক কিম পসিবল (২০০২-০৭)-এ অ্যান পসিবল চরিত্রে কণ্ঠ দেন।
১৯৮১ সালে জীবনী মূলক নাটক পিয়াফ-এ মারলিন ডিট্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে। তিনি ২০০০ সালে দ্য ম্যান হু কেম টু ডিনার নাটকের পুনঃমঞ্চায়নের মাধ্যমে ব্রডওয়ে মঞ্চে ফিরে আসেন এবং এই কাজের জন্য মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে দ্য ব্রেডি বাঞ্চ মুভি (১৯৯৫), সুইট হোম অ্যালাবামা (২০০২), গার্ডেন স্টেট (২০০৪), আই হার্ট হাকাবিস (২০০৪), ইয়ুথ ইন রিভল্ট (২০০৯), দি অ্যাকাউন্টেন্ট (২০১৬), আ সিম্পল ফেভার ও ব্যাবিলন (২০২২)। তিনি গাইনিভেয়ার (১৯৯৯) চলচ্চিত্রে অভিনয় করে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]স্মার্ট ১৯৫১ সালের ১৩ই সেপ্টেম্বর ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে জন্মগ্রহণ করেন এবং সেখানে বেড়ে ওঠেন।[২] তার মাতা ক্যাথলিন ম্যারি "কে" (স্যান্ডার্স) এবং পিতা ডগলাস আলেকজান্ডার স্মার্ট একজন শিক্ষক ছিলেন।[৩][৪] তার পিতা প্রথম প্রজন্মের স্কটিশ-মার্কিন।[৫] হু ডু ইউ থিং ইউ আর? টেলিভিশন অনুষ্ঠানের ১০ম মৌসুমে স্মার্ট বলেন তিনি তার মায়ের দিক থেকে ডরকাস হোরের বংশধর, যিনি সালেম ডাইনি মামলার ডাকিনীবিদ্যা চর্চার দায়ে দোষী সাব্যস্ত সর্বশেষ নারীদের একজন।[৫] জিন স্মার্ট তার চার ভাইবোনের মধ্যে দ্বিতীয়। মাত্র ১৩ বছর বয়সে তার টাইপ ১ ডায়বেটিকস ধরা পড়ে।[৬]
স্মার্ট ১৯৬৯ সালে সিয়াটলের ব্যালার্ড হাই স্কুল থেকে পাশ করেন, সেখানে মঞ্চনাটকের অনুষ্ঠান থেকে তার অভিনয়ের আগ্রহ জন্মে। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পেশাদার অভিনয়শিল্পীদের ট্রেনিং প্রোগ্রামে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]
২০১৫ সালে স্মার্ট এফএক্স টেলিভিশনের ধারাবাহিক ফারগো-এর দ্বিতীয় মৌসুমে ফ্লয়েড গেরহার্ট চরিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ফ্লয়েডের স্বামী ফারগোর সবচেয়ে কুখ্যাত সংগঠিত অপরাধের সিন্ডিকেটের দলপতি এবং তার স্ট্রোকের পর ফ্লয়েডের তার স্বামীর দায়িত্ব গ্রহণ করেন ও পরবর্তীকালে তিনি গেরহার্ট বংশের নেতৃত্ব দেন। এই কাজের জন্য স্মার্ট সীমিত বা চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ক্রিটিকস' চয়েস টেলিভিশন পুরস্কার অর্জন করেন এবং সীমিতদৈর্ঘ্য ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৭]
২০১৯ সালে স্মার্ট এইচবিওর সুপারহিরো নাট্যধর্মী সীমিতদৈর্ঘ্যের ধারাবাহিক ওয়াচমেন-এ লরি ইউসপেৎসিক চরিত্রে অভিনয় করেন।[৮] সমালোচকগণ স্মার্টের অভিনয়ের প্রশংসা করেন, তন্মধ্যে এনপিআরের এরিক ডিগ্যান্স তার অভিনয়কে "আকর্ষণীয়" বলে উল্লেখ করেন।[৯] ধারাবাহিকটি সমাদৃত হয় ও সেরা সীমিতদৈর্ঘ্য ধারাবাহিকসহ ১১টি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। স্মার্ট সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ক্রিটিকস' চয়েস টেলিভিশন পুরস্কার অর্জন করেন।
২০২১ সালে স্মার্ট এইচবিওর সাত পর্বের অপরাধমূলক নাট্যধর্মী সীমিতদৈর্ঘ্যের ধারাবাহিক মেয়ার অব ইস্টটাউন-এ অভিনয় করেন। এতে কেট উইন্সলেটের চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি সমাদৃত হন। ভ্যারাইটির জ্যাকসন ম্যাকহেনরি লিখেন, "স্মার্টের কঠোর মাতৃস্থানীয় চরিত্রে অভিনয়ের জন্য বলিষ্ঠ কণ্ঠ ও সময়জ্ঞান রয়েছে, এবং যখনই মেয়ার অব ইস্টটাউন-এ তিনি পর্দায় আসেন, তখনই জুসের বাক্স ধরার মত তিনি তার দিকে দৃষ্টি কেড়ে নেন।"[১০]
স্মার্ট এইচবিও ম্যাক্সের তিক্ত হাস্যরসাত্মক ধারাবাহিক হ্যাক্স (২০২১-বর্তমান)-এ একজন কিংবদন্তি লাস ভেগাস কৌতুকাভিনেত্রী চরিত্রে অভিনয় করেন। ওয়াচমেন, মেয়ার অব ইস্টটাউন ও এরপর হ্যাক্স-এ অভিনয়ের জন্য ইউএসএ টুডে ৬৯ বছর বয়সী স্মার্টকে "এইচবিওর রানী" বলে আখ্যায়িত করে। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ২০২১ ও ২০২২ সালে টানা দুইবার হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার এবং এরপর ২০২৫ ও ২০২৫ সালে আবারও টানা দুইবার এই পুরস্কার অর্জন করেন।[১১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]স্মার্ট ১৯৮৭ সালে অভিনেতা রিচার্ড গিলিল্যান্ডকে বিয়ে করেন। গিলিল্যান্ড ২০২১ সালের মার্চ মাসে সাময়িক অসুস্থতার পর মৃত্যুবরণ করেন।[১২][১৩] তারা ডিজাইনিং উইমেন (১৯৮৬-৯৩) ধারাবাহিকের সেটে পরিচিত হন, এই ধারাবাহিকে গিলিল্যান্ড অ্যানি পটসের চরিত্র ম্যারি জো শিভলির প্রেমিক জে.ডি. শ্যাকেলফোর্ড চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও স্মার্ট তার স্বামীর সাথে টুয়েন্টিফোর ধারাবাহিকের পঞ্চম মৌসুমে অভিনয় করেন। এতে স্মার্ট ফার্স্ট লেডি মার্থা লোগান চরিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন এবং তার স্বামী একটি পর্বে ক্যাপ্টেন স্ট্যান কটার চরিত্রে অভিনয় করেন।[১৪]
এই দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। তার প্রথম সন্তানের জন্ম হয় ১৯৮৯ সালে এবং ২০০৯ সালে তারা তাদের দ্বিতীয় সন্তানকে দত্তক নেন।[৩][১৫]
২০২৫ সালে এক সাক্ষাৎকারে স্মার্ট জানান তার একজন প্রেমিক রয়েছে, যার নাম উল্লেখ না করে বলেন তিনি একজন দারুণ অভিনেতা।[১৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ লেসজ্যাক, বব (৬ আগস্ট ২০১৪)। The Odd Couple on Stage and Screen: A History with Cast and Crew Profiles and an Episode Guide। ম্যাকফারল্যান্ড। পৃ. ১১৫। আইএসবিএন ৯৭৮-০৭৮৬৪৭৭৯০৬ – গুগল বুকস এর মাধ্যমে।
- ↑ ক্রাগ, কার্ট অ্যান্থনি (১৩ মার্চ ২০০৬)। "Seattle native Jean Smart happily back in the TV grind for a stint on "24""। দ্য সিয়াটল টাইমস। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 "Jean Smart – Biography"। ইয়াহু! মুভিজ। ৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ২০১৮ সালের ১৮ই জুন হু ডু ইউ থিং ইউ আর? টিভি অনুষ্ঠানে উল্লেখ করেন।
- 1 2 রুডলফ, ইলিয়েন (১৭ জুন ২০১৮)। "'Who Do You Think You Are?' Season Finale: Jean Smart Discovers Family From 1635"। টিভি ইনসাইডার। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ব্যান্ডলার, মাইকেল জে. (১০ মে ১৯৯২)। "Against The Odds"। শিকাগো ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ প্রুডম, লরা; লিটলটন, সিনথিয়া (২০ জুন ২০১৪)। "Critics' Choice Awards: 'Breaking Bad,' 'OITNB,' 'Fargo,' 'Normal Heart' Among Top Winners"। ভ্যারাইটি (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ সারাইয়া, সোনিয়া। "Jean Smart on Playing Watchmen's Hard-Boiled Laurie Blake"। ভ্যানিটি ফেয়ার। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ডিগ্যান্স, এরিক (১৮ অক্টোবর ২০১৯)। "Who Watches This 'Watchmen?' I Will, And You Should"। এনপিআর। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "A Celebration of Jean Smart's Sad-Funny Work on Mare of Easttown"। ভ্যারাইটি। ১১ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ পেরেজ, লেক্সি (১৫ সেপ্টেম্বর ২০২৫)। "Jean Smart Wins Comedy Actress at Emmys, Encourages Everyone to "Be Good to Each Other""। দ্য হলিউড রিপোর্টার (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ বার্নস, মাইক (২৫ মার্চ ২০২১)। "Richard Gilliland, 'Designing Women' Actor and Husband of Jean Smart, Dies at 71"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ভাসকেস, ইংরিদ (১৬ মে ২০২৪)। "Jean Smart Recalls Losing Her Husband of 35 Years: 'It Doesn't Make Any Sense' (Exclusive)"। পিপল। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ টেরি গ্রস (১২ মে ২০২১)। "From 'Designing Women' to 'Hacks', Jean Smart's Career Is Still Going Strong"। ফ্রেশ এয়ার (পডকাস্ট)। WHYY। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ আব্রাহামসন, রেচল পলা (৪ জুন ২০২৪)। "All about Jean Smart's kids: Meet Connor and Forrest"। টুডে। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ সিবিএস সানডে মর্নিং (৮ জুন ২০২৫)। Extended interview: Jean Smart। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬ – ইউটিউব এর মাধ্যমে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে জিন স্মার্ট (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জিন স্মার্ট (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জিন স্মার্ট (ইংরেজি)
- ১৯৫১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- স্কটিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন কণ্ঠাভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- সিয়াটলের অভিনেত্রী
- টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি
- শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক অভিনেত্রী (টেলিভিশন) বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেত্রী - হাস্যরসাত্মক ধারাবাহিক) বিজয়ী