জাফর বাঙ্গাশ
জাফর বাঙ্গাশ | |
|---|---|
ظفر بنگش | |
২০০৯ সালে বাঙ্গাশ | |
| জন্ম | ১৯৫০[১] |
| পেশা | ইমাম |
জাফর বাঙ্গাশ (উর্দু: ظفر بنگش; জন্ম ১৯৫০) হলেন কানাডার টরন্টোর একজন ইসলামি আন্দোলন সাংবাদিক এবং ধারাভাষ্যকার। বাঙ্গাশ ইনস্টিটিউট অব কনটেম্পোরারি ইসলামিক থটের (আইসিআইটি) পরিচালক[২] এবং টরন্টোর শহরতলি ইয়র্ক অঞ্চলের ইসলামিক সোসাইটির প্রাক্তন সভাপতি। তিনি অন্টারিওর রিচমন্ড হিলে ইসলামিক সোসাইটি অব ইয়র্ক অঞ্চলের মসজিদ এবং কমিউনিটি সেন্টারে ইমাম[৩] হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামের নবির সিরাত (জীবন ইতিহাস) নিয়ে গবেষণায় পুরো সময় দেওয়ার জন্য তিনি ২০১৯ সালে ইসলামিক সোসাইটি অব ইয়র্ক অঞ্চলের দায়িত্ব ছেড়ে দেন। তিনি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল সংবাদ সাময়িকীর প্রাক্তন সম্পাদক এবং লন্ডনের মুসলিম ইনস্টিটিউটের একজন ট্রাস্টি ও প্রাক্তন সহকারী পরিচালক। সেখানে তিনি মুসলিম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং গ্রেট ব্রিটেনের মুসলিম সংসদের নেতা ড. কলিম সিদ্দিকীর (১৯৩১-১৯৯৬) সাথে কাজ করেছেন। বাঙ্গাশ মুসলিম ইউনিটি গ্রুপের একজন সহ-প্রতিষ্ঠাতাও।[৪][৫]
ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল-এর সম্পাদক থাকাকালীন সমসাময়িক বিষয়গুলো নিয়ে ভাষ্যকার হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত। আইসিআইটিতে যোগ দেওয়ার পর তিনি সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেও কলামিস্ট এবং লেখক হিসেবে তিনি ক্রিসেন্ট-এ অবদান রেখে চলেছেন।
কার্যক্রম
[সম্পাদনা]২০০৭ সালে টরন্টোতে মুসলিম ইউনিটি গ্রুপের একজন মুখপাত্র হিসেবে বাঙ্গাশ অন্যান্য মুসলিম নেতাদের সাথে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তারা ৯/১১ হামলার পর থেকে মুসলিম ও জাতিগত সংখ্যালঘুদের ক্রমবর্ধমান হয়রানির বিষয়টি সমাধানে অন্টারিও সরকার এবং টরন্টো জেলা স্কুল বোর্ডের প্রতি আহ্বান জানান।[৫]
তিনি ২০০৭ সালে টরন্টোতে একটি মার্ক্সবাদী সম্মেলনে মূল বক্তা ছিলেন। এর প্রতিক্রিয়ায় বাঙ্গাশের সমালোচক, উদারপন্থি মুসলিম কানাডিয়ান কংগ্রেসের তারেক ফাতাহ মন্তব্য করেছিলেন, "ইসলামপন্থিদের দ্বারা মৃত্যুদণ্ডের যোগ্য বলে বিবেচিত নাস্তিকদের কানাডার নাগরিক সমাজকে আক্রমণ করতে তাদের চরম প্রতিপক্ষের সাথে দলবদ্ধ হওয়া এই দুটি রাজনৈতিক মতাদর্শের মৌলিক দেউলিয়াত্ব প্রদর্শন করে।"[২] ধর্মনিরপেক্ষ বামপন্থিদের সাথে তার সহযোগিতার ন্যায্যতা দিয়ে বাঙ্গাশ বলেছিলেন, "ন্যায়বিচার, বৈষম্য এবং দারিদ্র্যের মতো সাধারণ বিষয়গুলোতে আমরা একসাথে কাজ করতে পারি। এগুলো বিবেকের উদ্বেগের বিষয়।"[২]
অন্টারিওর নিউমার্কেটে পরিকল্পিত একটি মসজিদের সাথে বাঙ্গাশের সম্পৃক্ততাকে বিরোধীরা সমাবেশ করার ইস্যু হিসেবে ব্যবহার করলে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। বিরোধীরা ভবনটির জোনিং অনুমোদন বাতিল করার জন্য পৌরসভাকে বোঝানোর চেষ্টা করেছিল। কানাডিয়ান হিন্দু অ্যাডভোকেসির রন ব্যানার্জি এবং জিউয়িশ ডিফেন্স লিগের মেয়ার ওয়েইনস্টাইনের নেতৃত্বে "কনসার্নড সিটিজেনস অ্যাগেইনস্ট টেরর ফর সিটিজেনস অব নিউমার্কেট" নামের একটি গোষ্ঠী মসজিদের নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ ও একটি জনসভার আয়োজন করে। ব্যানার্জি দাবি করেছিলেন, বাঙ্গাশ নিজেই দেশের "নিরাপত্তা ও সুরক্ষার জন্য একটি সুস্পষ্ট ও বর্তমান বিপদ"। এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছিলেন যে প্রতিবাদকারী দলটির সদস্যরা ওই সম্প্রদায়ের নয়। তারা মূলত পরিস্থিতি ঘোলাটে করার জন্যই বাইরে থেকে এসেছে।[৬] মসজিদের নেতারা বলেছেন যে বাঙ্গাশ ইসলামিক সোসাইটি অব ইয়র্ক অঞ্চলের সভাপতি হলেও (যার অধীনে নতুন মসজিদটি রয়েছে), তিনি এই মসজিদের ইমাম নন এবং এর সাথে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।[৭]
২০০৭ সালের জুনে কানাডিয়ান আরব ফেডারেশন (সিএএফ) একটি গালা ডিনারে বাঙ্গাশকে ফিলিস্তিনের প্রতি তার "অটল" সমর্থনের জন্য সম্মাননা জানায়। সিএএফের সভাপতি খালেদ মুয়াম্মারও বাঙ্গাশকে সমর্থন করে বলেন, "তিনি একজন মর্যাদাশীল ব্যক্তি।" তিনি আরও বলেন, "এরিয়েল শ্যারনের মতো ইসরায়েলি যুদ্ধাপরাধীদের মতো তার হাতে কোনো রক্ত লেগে নেই। কানাডায় এলে আমাদের রাজনীতিবিদরা তাদের অভ্যর্থনা জানায়।" [৮]
২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি "ইসলামের বিরুদ্ধে মিডিয়ার যুদ্ধ" শীর্ষক একটি সম্মেলনে বাঙ্গাশ দাবি করেন, "ইসরায়েলি মালিকানাধীন" ইন্টারন্যাশনাল কনসালট্যান্টস অন টার্গেটেড সিকিউরিটি আমস্টারডাম বিমানবন্দরের নিরাপত্তা পরিচালনা করে। আর এ কারণে "ইসরায়েলিদের হাতেই সব নিরাপত্তা নিয়ন্ত্রণ রয়েছে।" ফলে তারা উমর ফারুক আব্দুলমুতাল্লাবকে লুকানো বিস্ফোরকসহ ডেট্রয়েটগামী ফ্লাইটে ওঠার সুযোগ করে দিয়েছিল।[৯]
দৃষ্টিভঙ্গি
[সম্পাদনা]ইরান সরকারের প্রতি সমর্থন
[সম্পাদনা]বাঙ্গাশ ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের একজন সমর্থক[১০] এবং অন্যান্য দেশেও ইসলামি বিপ্লবের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "মুসলিমদের অবশ্যই ইসলামি বিপ্লবের মাধ্যমে তাদের সমাজের নিপীড়নমূলক ব্যবস্থাগুলোকে উৎখাত করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক দলগুলোর মাধ্যমে পরিচালিত অভিজাতদের সাজানো নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নয়, যা প্রকৃতপক্ষে জনগণকে বিভক্ত করে।"[১১] তারেক ফাতাহ তাকে "কানাডায় ইরানি সরকারের অনানুষ্ঠানিক মুখপাত্র" হিসেবে বর্ণনা করেছেন।[১১] তবে বাঙ্গাশ ইসলামি ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ওকালতি করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি টরন্টো স্টার-কে বলেছেন, "আমি ঠিক ইরানের মতো ধর্মতন্ত্রের কথা বলছি না। তবে আমি চাই মুসলিম বিশ্বের জনগণ তাদের দুর্নীতিগ্রস্ত সরকারগুলোকে ঠিক সেভাবেই উৎখাত করুক, যেভাবে ইরানের জনগণ তাদের দুর্নীতিগ্রস্ত শাহ সরকারকে উৎখাত করেছিল।"[৬]
২০০৪ সালে টরন্টো জেলা স্কুল বোর্ড টরন্টোর প্রাণকেন্দ্রে একটি স্কুলে "সমকামী ভীতি বিরোধী শিক্ষা" চালুর প্রস্তাব দিয়েছিল। সমকামী পিতা-মাতা থাকা পরিবারগুলো নিয়ে আলোচনা করা ক্লাসগুলো থেকে মুসলিম অভিভাবকদের তাদের সন্তানদের দূরে রাখার অধিকারকে বাঙ্গাশ সমর্থন করেছিলেন। বাঙ্গাশ বলেছিলেন, "আমরা চাই না আমাদের সন্তানরা এই ধরনের চিন্তাভাবনার শিকার হোক। আমাদের বিশ্বাস খুব স্পষ্ট যে বিবাহ একজন পুরুষ এবং একজন নারীর মধ্যেই হতে পারে। এটি মুসলিমদের মূল বিশ্বাসের পরিপন্থী; আমাদের এই বোঝাপড়া সরাসরি কুরআন থেকে আসে।"[১২]
মার্কিন যুক্তরাষ্ট্র
[সম্পাদনা]বাঙ্গাশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে একে "বিশ্বের সবচেয়ে লোভী, শোষণকারী, কারসাজিকারী, কপট এবং নির্মম শক্তি" হিসেবে অভিহিত করেছেন।[১১] তিনি আরও লিখেছেন, "যতক্ষণ না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অনুধাবন করে যে তাদের খুনে নীতিগুলো মুসলিমদের ভয় দেখানোর পরিবর্তে তাদের প্রতি ঘৃণাই বাড়িয়ে তুলবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম বিশ্বে বা যুক্তরাষ্ট্র ও তার জায়নবাদী সহযোগী ইসরায়েলের জন্য কোনো শান্তি আসবে না।"[১৩]
ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) সাথে এক সাক্ষাৎকারে বাঙ্গাশ বলেছিলেন:
"ইমামের [আয়াতুল্লাহ খামেনি] যুক্তরাষ্ট্রকে মহান শয়তান হিসেবে আখ্যায়িত করা অত্যন্ত নির্ভুল ছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও প্রজন্ম থেকে প্রজন্মে তাদের নীতির আচরণগুলো অত্যন্ত সতর্কতার সাথে অধ্যয়ন ও বোঝার পর উঠে এসেছে... গণতন্ত্র ও স্বাধীনতার মুখোশ পরে সেখানে [ইরাকে] তারা যা করেছে, যেখানে হাজার হাজার নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, ঠিক একই ধরনের অপরাধ ফিলিস্তিন দখলকারী জায়নবাদীদের প্রতি মার্কিন সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনেও চালানো হচ্ছে... এটি একটি অশুভ শক্তি, এর মোকাবিলা করা প্রয়োজন এবং এটি অব্যাহত রাখতে হবে ও একে তার সঠিক জায়গায় রাখতে হবে।"[১৪]
তিনি ন্যাশনাল পোস্ট-কে বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন মার্কিন সরকার ৯/১১ হামলা চালানোর বিষয়ে ওসামা বিন লাদেনের পরিকল্পনা আগে থেকেই জানত। তারা আফগানিস্তানে আক্রমণ করার অজুহাত হিসেবে এই হামলা হতে দিয়েছিল।[৭]
২০১০ সালের অক্টোবরে ইসলাম টাইমস-এর সাথে এক সাক্ষাৎকারে বাঙ্গাশ বলেছিলেন, "এতে কোনো সন্দেহ নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত পতনের দিকে যাচ্ছে। আর্থিকভাবে এটি দেউলিয়া এবং ধার করা অর্থে চলছে। এর সামরিক বাহিনী ইরাক ও আফগানিস্তানে পরাজিত হয়েছে এবং এর ক্ষমতা শেষ পর্যায়ে পৌঁছেছে... রাজনৈতিকভাবে, মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত গৃহযুদ্ধের মধ্যে রয়েছে।" তিনি আরও বলেন, "ইরাক, আফগানিস্তান, লেবানন ও অন্যান্য স্থানে মুসলিমদের হাতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা পরাজিত হওয়ায় তারা তাদের মধ্যে বসবাসকারী মুসলিমদের প্রতি আরও বেশি নিপীড়নমূলক হয়ে উঠবে।" তিনি আরও উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন "মুসলিমদের জন্য বৈশ্বিক রাজনীতিতে উচ্চতর নৈতিক অবস্থান পুনরুদ্ধার করার এবং বিপথগামী মানবতাকে তার পরিত্রাণের দিকে পরিচালিত করার এক দুর্দান্ত সুযোগ প্রদান করে।"[১৫]
২০১২ সালের আগস্টে টরন্টোতে মার্কিন কনস্যুলেটের বাইরে আয়োজিত এক আল-কুদস দিবসের বিক্ষোভে বাঙ্গাশ বক্তব্য রাখেন। সেখানে ("আল্লাহু আকবর" ধ্বনির মধ্যে) তিনি বলেন:
"আমি এই শয়তানি শক্তির কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাই, যাদের প্রতিনিধিরা ওই ভবনের ভেতরে লুকিয়ে আছে: তোমাদের দিন ঘনিয়ে এসেছে; তোমরা দেখতে পাবে.... আমেরিকা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে... আর যখন আমেরিকার পতন হবে, তখন ইসরায়েলেরও পতন হবে, কারণ জায়নবাদী ইসরায়েল আমেরিকার ওপর নির্ভরশীল।"[১৬]
২০১২ সালের ২২ সেপ্টেম্বর টরন্টোতে মার্কিন কনস্যুলেটের বাইরে এক বিক্ষোভে বাঙ্গাশ উপস্থিত জনতার প্রশংসা করে বলেন, "আপনারা আজ আপনাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনারা আমাদের শত্রুদের মুখে চড় মেরেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রেই হোক বা জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলেই হোক।"[১৭]
ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত
[সম্পাদনা]২০০১ সালে প্রকাশিত একটি নিবন্ধে বাঙ্গাশ দ্বি-রাষ্ট্র সমাধান বা ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেন। তিনি ইসরায়েলিদের "ইউরোপ ও আমেরিকার চোর ও ডাকাত" বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, তাদের উচিত "যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাওয়া: যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, রাশিয়া বা যারা তাদের গ্রহণ করতে ইচ্ছুক।"[১০][১৮] বাঙ্গাশ আরও বলেছেন, "সেই নির্যাতিত ভূমিতে ন্যায়বিচার (এবং সেই কারণে শান্তি) প্রতিষ্ঠা করতে হলে জায়নবাদী দুর্বৃত্তদের ফিলিস্তিনের প্রতিটি ইঞ্চি জায়গা ছেড়ে দিতে হবে।"[১৯] ২০০৬ সালের মার্চ মাসে টরন্টো শান্তি ও ন্যায়বিচার সম্মেলনে বাঙ্গাশ তার ভাষণে বলেন, "ইসরায়েল রাষ্ট্রের জন্য শান্তির অর্থ হলো যখন সমস্ত ফিলিস্তিনিকে ছয় ফুট মাটির নিচে কবরস্থানে পাঠানো হবে।"[২০]
আত্মঘাতী বোমা হামলার প্রশ্নে বাঙ্গাশ ভ্যাঙ্কুভার সান-কে বলেন যে তিনি নিরীহ নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন যে আত্মঘাতী বোমা হামলা হলো এমন একটি জনগোষ্ঠীর হতাশার বহিঃপ্রকাশ, যাদের কাছে কোনো ট্যাংক, বিমান এবং উন্নত অস্ত্র নেই। "ইসরায়েলিদের কাছে এগুলো আছে, তারা সেগুলো ব্যবহার করছে। অন্যদিকে দখলদারিত্বের অধীনে থাকা মানুষের আন্তর্জাতিক আইনের অধীনে তাদের দখলদারদের প্রতিরোধ করার অধিকার রয়েছে।" তিনি এ-ও দাবি করেন যে আত্মঘাতী বোমা হামলাকারীরা সাধারণত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।[২১][২২] একই ভাষণে বাঙ্গাশ তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বলেন, ইসরায়েলের অস্তিত্ব আর থাকবে না এবং এর জায়গায় একটি ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন:
"আল্লাহ চাইলে, আমি সেই দিনটি দেখতে পাচ্ছি যেদিন আমরা মুসলিমরা ফিলিস্তিনে পদযাত্রা করব এবং বিশ্বের সকল মানুষের জন্য ফিলিস্তিনকে মুক্ত করব। ইহুদি, খ্রিষ্টান এবং মুসলিমদের জন্য—তারা সবাই সমান নাগরিক হিসেবে বসবাস করবে।"[২৩]
২০১৩ সালের আগস্টে অনুষ্ঠিত আল-কুদস দিবসের এক সমাবেশে বাঙ্গাশ বলেন, কুইনস পার্ক একটি "জায়নবাদী দখলকৃত অঞ্চলে" পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন যে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এবং অন্টারিওর প্রিমিয়ার ক্যাথলিন উইন "কানাডাকে ভুল পথে পরিচালিত করছেন।" বাঙ্গাশ সমাবেশের অংশগ্রহণকারীদের আহ্বান জানিয়ে বলেন, "পুরো ফিলিস্তিন জায়নবাদী দখলদারিত্ব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত নিপীড়নের অধীনে থাকা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা চালিয়ে যেতে হবে।" তিনি ভবিষ্যদ্বাণী করেন, "জায়নবাদ চিরকালের জন্য লজ্জিত হবে।"[২৪]
২০০৬ সালের ইসরায়েল-লেবানন যুদ্ধ
[সম্পাদনা]বাঙ্গাশ ২০০৬ সালে ইসরায়েল-লেবানন যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে সক্রিয় ছিলেন। সংঘাত চলাকালীন হিজবুল্লাহ বাহিনীর হাতে নিহত ইসরায়েলি সৈন্যদের সংখ্যা ঘোষণা করলে তিনি উপস্থিত জনতার কাছ থেকে উল্লাস কুড়ান।[২৫]
তালিবান এবং ওসামা বিন লাদেনের সমালোচনা
[সম্পাদনা]বাঙ্গাশ তালিবান ও ওসামা বিন লাদেনের সমালোচনা করে বলেছেন, তাদের কৌশল ছিল "সবচেয়ে বোকামি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করে তাদের বোঝানো সম্ভব নয়। আপনি যুক্তরাষ্ট্রকে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করতে পারেন না; আপনাকে মুসলিম দেশগুলোতে নিজেদের অবস্থার পরিবর্তন আনতে হবে।"[১০] তিনি পশ্চিমাদের বিরুদ্ধে বিন লাদেনের জিহাদের আহ্বানেরও সমালোচনা করে বলেন, "কোনো ব্যক্তি একা জিহাদের ঘোষণা দিতে পারে না... মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সম্মানিত অত্যন্ত যোগ্য আলেমরাই কেবল তা করতে পারেন। কোনো পাহাড়ে বসে থাকা কোনো ব্যক্তির এই অধিকার নেই।"[২৬]
আফগানিস্তানে কানাডিয়ান হস্তক্ষেপ
[সম্পাদনা]বাঙ্গাশ এমন সমাবেশে বক্তব্য রেখেছেন, যেখানে আফগানিস্তান আক্রমণে কানাডার ভূমিকার বিরোধিতা করা হয়েছে এবং যুদ্ধে কানাডার অব্যাহত অংশগ্রহণের বিষয়ে জাতীয় গণভোটের আহ্বান জানানো হয়েছে।[৪]
অমুসলিমদের সাথে সম্পর্ক
[সম্পাদনা]বাঙ্গাশ টরন্টো স্টার-কে বলেছিলেন যে তার রিচমন্ড হিলের মসজিদটি যখন খোলা হয়, তখন তিনি এবং তার মুসল্লিরা "প্রতিবেশী, চার্চ, ইহুদি গোষ্ঠীসহ সকল শ্রেণির মানুষের সাথে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আমরা ইউনাইটেড চার্চের যাজকদের এবং মেনোনাইট যাজকদের এই কেন্দ্রে এসে বক্তব্য রাখার আমন্ত্রণ জানিয়েছিলাম।"[১১] ২০০৫ সালে মসজিদটি একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে মুসল্লিদের প্রত্যেক সদস্যকে একজন অমুসলিম ব্যক্তিকে সাথে নিয়ে আসার অনুরোধ করা হয়েছিল। সাংবাদিক মাইকেল ভালপির সাথে কথা বলার সময় বাঙ্গাশ জানিয়েছিলেন যে মসজিদে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং "মুসল্লিরা এই ফলাফল দেখে রোমাঞ্চিত হয়েছিল।" ৯/১১ হামলার পর গর্ডন আলটন নামের একজন মেনোনাইট যাজক মসজিদের সাথে যোগাযোগ করেন। বাঙ্গাশের ভাষায়, তিনি "ইসলামের নিয়মগুলোকে সর্বোচ্চ শিথিল করে" আলটনকে মসজিদে ধর্মোপদেশ দেওয়ার অনুরোধ করেছিলেন। বাঙ্গাশ বলেন, "আমার মনে হয় ইতিহাসে এমনটি আগে কখনো করা হয়নি, তবে আমার মনে হয়েছিল আমাদেরও তার শুভেচ্ছার প্রতিদান দেওয়া উচিত।"[২৭]
পিটার লিবোভিচ, যিনি একজন ইহুদি এবং বাঙ্গাশের দীর্ঘদিনের বন্ধু, তিনি সমালোচকদের বিরুদ্ধে তাকে সমর্থন করে বলেন, "আমরা একটি স্বাধীন সমাজে বাস করি এবং আমাদের ভিন্ন অবস্থান নেওয়ার অধিকার রয়েছে।" তিনি আরও বলেন যে ইহুদি সম্প্রদায়ের অনেকেই ইসরায়েলি সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোকে সমর্থন করেন না। "এছাড়া অনেক ইহুদিই (মার্কিন প্রেসিডেন্ট) জর্জ বুশের নতুন সামরিক নীতি নিয়ে সন্তুষ্ট নন... জাফর বাঙ্গাশ আমেরিকার বৈদেশিক নীতির সাথে একমত নন এবং লক্ষ লক্ষ কানাডিয়ানও একমত নন। জর্জ বুশের সাথে একমত না হওয়া কোনো অপরাধ, তা আমার জানা ছিল না।"[২৮]
বই এবং পুস্তিকা
[সম্পাদনা]- দ্য মাক্কাহ ম্যাসাকার অ্যান্ড ফিউচার অব দ্য হারামাইন (১৯৮৮)
- ইন পারসুট অব দ্য পাওয়ার অব ইসলাম : মেজর রাইটিংস অব কলিম সিদ্দিকী (১৯৯৬)
- দ্য সিরাহ, আ পাওয়ার পার্সপেক্টিভ : পেপারস (২০০০)
- দ্য কনসেপ্টস অব লিডার অ্যান্ড লিডারশিপ ইন ইসলাম (২০০১)
- পাওয়ার ম্যানিফেস্টেশন্স অব দ্য সিরাহ : এক্সামিনিং দ্য লেটারস অ্যান্ড ট্রিটিস অব দ্য মেসেঞ্জার অব আল্লাহ (২০১১)
- দ্য কভেন্যান্ট অব মদিনা অ্যান্ড দ্য ইনক্লুসিভিস্ট ইসলামিক স্টেট (২০১১)
- ইমাম খোমেনি অ্যান্ড সেন্ট্রালিটি অব লিডারশিপ ইন দ্য ইসলামিক মুভমেন্ট (২০১১)
- দ্য ডুমড কিংডম অব দ্য হাউজ অব সাউদ (২০১৫)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ জানুয়ারি ২০০৩-এ অ্যান্ড্রু চুংয়ের "Angry Muslims turning to NDP --- Many disappointed with Liberals' failure to protect them Anti-terror policies eroded allegiance, community warns" নিবন্ধে তার বয়স ৫২ হিসেবে বর্ণনা করা হয়েছে, টরন্টো স্টার, ৬ জানুয়ারি ২০০৩
- 1 2 3 অফম্যান, ক্রেইগ, "Karl's New Comrades; Rebranding Socialism for the 21st century", ন্যাশনাল পোস্ট, ১২ মে ২০০৭
- ↑ "Search result - ShiaTV.net" [অনুসন্ধানের ফলাফল - ShiaTV.net]। ২৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১০।
- 1 2 উইনগ্রোভ, জোশ, "Canada's Afghan role protested; Thousands take part in anti-war rallies across the country", টরন্টো স্টার, ২৯ অক্টোবর ২০০৬
- 1 2 মারলো, ইয়ান, "Address harassment, coalition urges", টরন্টো স্টার, ৬ জুলাই ২০০৭
- 1 2 ফ্রিড, ডেল অ্যান, "Newmarket mosque meeting 'one-sided'; Executive member says leadership not invited to meeting, adding they don't share controversial imam's views", ২৬ ফেব্রুয়ারি ২০০৭
- 1 2 ব্ল্যাকওয়েল, টম, "'Town hall' targets Newmarket mosque: Jewish group leading protest has checkered past of its own", ন্যাশনাল পোস্ট, ২৬ ফেব্রুয়ারি ২০০৭
- ↑ টরন্টো সান (১৫ জুন ২০০৭)। "Gotta hate this idea – By Licia Corbella" [এই ধারণা ঘৃণা করতে হবে – লিসিয়া করবেলা দ্বারা]।[অকার্যকর সংযোগ]
- ↑ Conspiracies, propaganda top agenda at Islam summit[অকার্যকর সংযোগ] জোসেফ ব্রিন দ্বারা, ন্যাশনাল পোস্ট, ১৬ ফেব্রুয়ারি ২০১০।
- 1 2 3 বেল, স্টুয়ার্ট, "Call to Jihad from a Markham Strip Mall: Newsmagazine propagates Islamic revolution", ন্যাশনাল পোস্ট, ৬ এপ্রিল ২০০২ (এখানে নিবন্ধটি উপলব্ধ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মার্চ ২০১৩ তারিখে
- 1 2 3 4 টরন্টো স্টার (৬ ফেব্রুয়ারি ২০০৭)। "Islamic leader under fire – by Michelle Shephard" [ইসলামিক নেতা সমালোচনার মুখে – মিশেল শেফার্ড দ্বারা]। দ্য স্টার।
- ↑ বেনজি, রবার্ট; কালিনভস্কি, টেস & স্ক্রিভনার, লেসলি (১৮ নভেম্বর ২০০৪)। "Premier calls for 'gay-ed' tolerance (retrieved from Gai Écoute)" [প্রিমিয়ার 'গে-এড' সহনশীলতার আহ্বান জানিয়েছেন (গে ইকোট থেকে সংগৃহীত)]। টরন্টো স্টার। ২৯ সেপ্তেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০০৮।
{{সংবাদ উদ্ধৃতি}}:|archive-date=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ জাফর বাঙ্গাশ (৩ আগষ্ট ২০০৬)। "Hundreds dying in Lebanon as Israel seeks to destroy the country and Hizbullah" [ইসরায়েল লেবানন ও হিজবুল্লাহকে ধ্বংস করতে চাওয়ায় লেবাননে শত শত মানুষের মৃত্যু হচ্ছে]। মিডিয়া মনিটরস নেটওয়ার্ক।
{{ওয়েব উদ্ধৃতি}}:|date=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ মেহেদি গেরামিফার্ড (n.d.)। "Interview with Zafar Bangash" [জাফর বাঙ্গাশের সাথে সাক্ষাৎকার]। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)। ২৩ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০০৮।
- ↑ Canadian Muslims and the Global Islamic Movement – An interview with Zafar Bangash, ইসলাম টাইমস (ইংরেজি), ২০ অক্টোবর ২০১০।
- ↑ Al-Qudy Day Protesters rail against Jewish Canadian and Right-wing Media ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-০৮-২৫ তারিখে জোয়ান হিল দ্বারা, জিউয়িশ ট্রিবিউন, ২১ আগষ্ট ২০১২।
- ↑ Protests won't stop till Islam Rules the World, speaker claims ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-০৯-২৮ তারিখে জোয়ান হিল দ্বারা, জিউয়িশ ট্রিবিউন, ২৫ সেপ্তেম্বর ২০১২।
- ↑ Wiesenthal Center objects to McMaster speaker শেরি শেফা দ্বারা, কানাডিয়ান জিউয়িশ নিউজ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ মাইকেল কোরেন (১০ ফেব্রুয়ারি ২০০৭)। "Problem? Judge for yourself" [সমস্যা? নিজের জন্য বিচার করুন]। টরন্টো সান।
- ↑ সুমাইরা শেখ (২৪ মার্চ ২০০৬)। "Toronto Peace & Justice Conference Draws Inspiring Speakers" [টরন্টো শান্তি ও ন্যায়বিচার সম্মেলন অনুপ্রেরণাদায়ক বক্তাদের আকর্ষণ করে]। কানাডিয়ান ইসলামিক কংগ্রেস। ২৯ সেপ্তেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০০৮।
{{সংবাদ উদ্ধৃতি}}:|archive-date=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ ও'নিল, পিটার, "Explosive Mideast conflict splitting NDP: Two leadership candidates jeopardize political party's link to Canadian Jews", ভ্যাঙ্কুভার সান, ২০ জানুয়ারি ২০০৩
- ↑ CANADA: Ontario’s hate mongering misfits ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুন ২০১৪ তারিখে অ্যালান সাইমন্স দ্বারা, দ্য জিউয়িশ ক্রনিকল, ৪ সেপ্তেম্বর ২০১১।
- ↑ Hizbullah Flag Flies in Toronto ইলাদ বেনারি দ্বারা, ইসরায়েল ন্যাশনাল নিউজ (আরুৎজ ৭), ৯ সেপ্তেম্বর ২০১১।
- ↑ Canadian Muslim Leader: Zionism Will be Eternally Shamed ইলাদ বেনারি দ্বারা, আরুৎজ শেভা, ৫ আগষ্ট ২০১৩।
- ↑ নরিস, লিন্ডসে (কানাডিয়ান প্রেস) "Thousands decry Israeli, U.S. involvement in Lebanon: Peaceful Edmonton protest; tensions in Toronto", এডমন্টন জার্নাল, ১৩ আগষ্ট ২০০৬
- ↑ স্ক্রিভনার, লেসলি, "Seeking to understand and to be understood --- Life after terrorism is more complex for the GTA's Muslim community", টরন্টো স্টার, ১৩ অক্টোবর ২০০১
- ↑ ভালপি, মাইকেল, "From rickety barn to celebrated mosque; Big dreamers have done wonders at the Islamic Centre of York Region", গ্লোব অ্যান্ড মেইল, ৫ নভেম্বর ২০০৪
- ↑ ফেরেঙ্ক, লেসলি, "York mosque wins approval; Residents angered about imam's political views", টরন্টো স্টার, ৬ ফেব্রুয়ারি ২০০৭
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আইআরআইবি রেডিও
- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ফেব্রুয়ারি ২০১০ তারিখে
- ১৯৮৯ নরম্যান ফিঙ্কেলস্টেইন, উলফ ব্লিটজার এবং লরেন্স মার্টিন জেঙ্কোর সাথে ফোর-ওয়ে সাক্ষাৎকার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুলাই ২০০৬ তারিখে