ছন্দস
| শ্রেণী | অ-লাতিন |
|---|---|
| নকশাবিদ | মিহাইল বায়ারিন |
| লাইসেন্স | জিএনইউ সাধারণ জনস্বত্ব-অনুজ্ঞাপত্র |
ছন্দস (দেবনাগরী লিপি: छन्दस) দেবনাগরী লিপির জন্য নির্মিত একটি ইউনিকোড-সমর্থিত ওপেনটাইপ লিপিফলক। এই লিপিফলকটির বিশেষ বৈশিষ্ট্য হল, সংস্কৃত ভাষার জন্য বিপুল সংখ্যক যুক্তাক্ষর-লিগেচার এবং বৈদিক স্বরচিহ্নের সমর্থন, যা প্রকাশের সময় অন্যান্য দেবনাগরী লিপিফলকে অনুপস্থিত ছিল। যদিও এটি মূলত সংস্কৃত রচনার জন্য পরিকল্পিত, দেবনাগরী লিপিতে রচিত হিন্দি, কোঙ্কণী, মারাঠি, নেপালি প্রভৃতি ভাষার জন্যও এটি ব্যবহারযোগ্য।
এই লিপিফলকটি মিহাইল বায়ারিন কর্তৃক নির্মিত ও রক্ষণাবেক্ষিত, এবং এটি জিএনইউ সাধারণ জনস্বত্ব-অনুজ্ঞাপত্রের অধীনে প্রকাশিত।
বিবরণ
[সম্পাদনা]ছন্দস লিপিফলকে “মোট ৪৩৪৭টি গ্লিফ রয়েছে: ৩২৫টি অর্ধ-রূপ, ৯৬০টি অর্ধ-রূপের প্রাসঙ্গিক রূপভেদ, এবং ২৭৪৩টি যুক্তাক্ষর-চিহ্ন।”[১] অতএব, প্রাচীন সংস্কৃত পাঠ্যকে মূল রূপে দেখতে ইচ্ছুক পাঠকদের জন্য এটি বিশেষভাবে উপযোগী। “এটি বিশেষত বৈদিক ও শাস্ত্রীয় সংস্কৃতের জন্য পরিকল্পিত, তবে হিন্দি, নেপালি এবং অন্যান্য আধুনিক ভারতীয় ভাষার জন্যও ব্যবহার করা যায়। লিপিফলকটিতে বৈদিক স্বরচিহ্নসহ বহু অতিরিক্ত চিহ্ন অন্তর্ভুক্ত রয়েছে এবং দেবনাগরী লিপির জন্য সর্বোচ্চ সমর্থন প্রদান করে।”[২]
ছন্দস লিপিফলকে দেবনাগরী লিপির দক্ষিণী (মুম্বই) শৈলীর গ্লিফ ব্যবহৃত হয়েছে, যা বর্তমানে সর্বাধিক প্রচলিত। তবে এর একটি সহগামী লিপিফলক উত্তর রয়েছে, যেখানে দেবনাগরীর প্রাচীন উত্তরী বা কলকাতা-শৈলীর গ্লিফ অনুসৃত হয়েছে।
বিন্যাস ও অনুজ্ঞাপত্র
[সম্পাদনা]ছন্দস লিপিফলক ওপেনটাইপ বিন্যাসে, ট্রুটাইপ বহিরেখা-ভিত্তিক রূপে উপলব্ধ। এটি জিএনইউ সাধারণ জনস্বত্ব-অনুজ্ঞাপত্রের শর্তে বিতরণ করা হয়। লিপিফলকের ওপেনটাইপ-সংক্রান্ত উৎস-নির্দেশসমূহ সম্বলিত VOLT প্রকল্প-নথিও প্রাপ্তিযোগ্য।
এই লিপিফলকটি বিভিন্ন লিনাক্স বিতরণে অন্তর্ভুক্ত রয়েছে।