বিষয়বস্তুতে চলুন

ঘুষ.সাইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘুষ.সাইট
ঘুষ.সাইটের লোগো
সাইটের প্রকার
খতিয়ান
উপলব্ধবাংলা, ইংরেজী
সদরদপ্তরময়মনসিংহ, বাংলাদেশ
প্রতিষ্ঠাতা(গণ)
ওয়েবসাইটghush.site
চালুর তারিখ২১ আগস্ট ২০২৬; ২ মাস আগে (2026-08-21)

ঘুষ.সাইট বা ঘুষ ডট সাইট হচ্ছে বাংলাদেশের একটি অনলাইন-ভিত্তিক ঘুষ লেনদেনের খতিয়ান ওয়েবসাইট। এটি ২০২৬ সালের অগাষ্ট মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই ওয়েবসাইটে ব্যবহারকারীরা মূলত বাংলাদেশের সরকারী অফিসগুলোতে সেবা পেতে যে অবৈধ উৎকোচ বা ঘুষ দাবি করা হয় তা প্রকাশ করতে পারেন।[১]

ইতিহাস

[সম্পাদনা]

মূলত মায়ের মৃত্যুর পর সরকারি পেনশনের টাকা তুলতে গিয়ে বারবার ঘুষের দাবির মুখে পড়ে এই ওয়েবসাইট তৈরির অনুপ্রেরণা পান এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা শাহেদ শরীফ আহমেদ।[১] তাছাড়া নিজের ব্যক্তিগত পাসপোর্ট করতে গিয়েও একই অভিজ্ঞতা হয় প্রতিষ্ঠাতার। প্রশাসনিক ঘুষের সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেন শাহেদ শরীফ আহমেদ।[২]

ঘুষ সাইটের প্রথম পাতা।

কার্যক্রম

[সম্পাদনা]

ওয়েবসাইটে অভিযোগ জানাতে ব্যবহারকারীকে দফতরের নাম, সেবার ধরন, এলাকা, ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ এবং শেষ পর্যন্ত কী হয়েছিল - এ ধরনের তথ্য দিতে হয়। পাশাপাশি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রয়েছে। অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। তবে কোনও ব্যক্তির নাম, পদবি বা ফোন নম্বর উল্লেখ করার সুযোগ রাখা হয়নি। উদ্যোক্তাদের ভাষ্য, নির্দিষ্ট কোনও ব্যক্তিকে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়। বরং কোন সরকারি দফতর বা সেবা ঘিরে ঘুষ চাওয়ার অভিযোগ বেশি আসছে, তার একটি চিত্র তুলে ধরাই তাদের লক্ষ্য। অভিযোগ জমা দেওয়ার পর তা সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। মডারেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলা হয়। আক্রমণাত্মক, অস্পষ্ট কিংবা নীতিমালা লঙ্ঘন করে—এমন অভিযোগ বাদ দেওয়া হয়। এরপর অভিযোগ প্রকাশ করা হয়।[৩]

ঘুষ সাইটের স্বচ্ছতা লেজার।

অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য চার সদস্যের একটি মডারেশন টিম কাজ করে। ওয়েবসাইটে জমা পড়া অভিযোগগুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাইয়ের পর প্রকাশ করা হয়। শাহেদ জানান, উদ্যোগটির সঙ্গে নিরাপত্তা ও আইনি ঝুঁকির বিষয়ও রয়েছে। তবে এসব ঝুঁকি মোকাবিলা করেই প্ল্যাটফর্মটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।[৪]

ফলাফল

[সম্পাদনা]

শাহেদ শরীফের মায়ের মৃত্যুর পর সরকারি পাওনা পেতে ঘুষ চাওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। তিন সদস্যের এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।[৫]

ওয়েবসাইট প্রকাশ সম্পর্কিত বিভিন্ন গণমাধ্যমে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হওয়ার অতিরিক্ত ঘুষ দাবির অভিযোগে দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।[৬][৭][৮]

২১ থেকে ৩১ আগস্ট, এই ১০ দিনে অন্তত ১০ হাজার ১৬৭টি ঘুষের অভিযোগ প্রকাশিত হয় ঘুষ.সাইট-এ। ১০ দিনের প্রকাশিত এই অভিযোগুলোর ঘটনায় মোট ঘুষ চাওয়া হয়েছে ৩৩৪ দশমিক ৯৩ কোটি টাকা।[৯] এই ওয়েবসাইটের ব্যাপারে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন,

তার (শাহেদ শরীফ আহমেদ) এই উদ্যোগ এক কথায় অভূতপূর্ব। অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। জনগণ যে ভেতরে ভেতরে কতটা ত্যক্ত-বিরক্ত হয়ে আছে এটি তার বহিঃপ্রকাশ। এসবের পরিপ্রেক্ষিতে কিছু হলেও সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। দুদকেরও জনবল সংকট আছে। তাদের সব মিলিয়ে লোকবল হয়তো ১ হাজার ২০০। তার মধ্যে ৬০০ই হয়তো কর্মচারী। তবু কিছু ব্যবস্থা নেওয়া যায়। সারা দেশে হয়তো একসঙ্গে সম্ভব না। কিন্তু কোনো একটি উপজেলায় হয়তো অভিযোগ নেওয়ার মতো অনলাইনভিত্তিক এমন ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাতে পাশের উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা এমনিতেই সতর্ক হয়ে যাবেন। তারা ভয় পাবেন এই ভেবে যে, তাদের এখানেও অভিযোগ নেওয়ার এমন ব্যবস্থা নেওয়া হয় কিনা আবার। অভিযোগ জমার এই চিত্র দেখে সরকার কোনো ব্যবস্থা না নিলে সেটা সরকারের জন্য স্বস্তিকর হবে না।

[৯] প্রথম ১০ দিনে ঢাকা বিভাগ থেকে আসা ৪ হাজার ২৮৬টি, চট্টগ্রাম বিভাগ থেকে ২ হাজার ২১৯, রাজশাহী থেকে ৮৪৫, খুলনা থেকে ৭৯০, রংপুর থেকে ৬৯২, বরিশাল থেকে ৪৮১, ময়মনসিংহ থেকে ৪৬৮ ও সিলেট বিভাগ থেকে ৩৮৬টি অভিযোগ প্রকাশিত হয় ওয়েবসাইটটিতে।[৪][৯]

ওয়েবসাইট তৈরির পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাহেদের সঙ্গে যোগাযোগ করা হয়। এছাড়া শাহেদ শরীফ আহমেদের সঙ্গে বৈঠক করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। বৈঠকে শাহেদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার উদ্যোগ পরিচালনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।[৫][১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "মায়ের মৃত্যুর পর পেনশনের টাকা পেতে ঘুষ দাবি, ক্ষোভে কিশোর শাহেদের 'ঘুষ.সাইট'"। প্রথম আলো। ৩১ আগস্ট ২০২৬।
  2. ↑ "মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুস, ক্ষোভে ছেলে তৈরি করল 'ঘুষ.সাইট'"। সময়ের আলো। ৩১ আগস্ট ২০২৬।
  3. ↑ "'ঘুষ.সাইটে' ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদ"। বাংলা ট্রিবিউন। ৩০ আগস্ট ২০২৬।
  4. 1 2 "মায়ের মৃত্যুর পর পেনশনের টাকা পেতে ঘুষ দাবি, ক্ষোভে 'ঘুষ সাইট' তৈরি শাহেদের"। সমকাল। ৩১ আগস্ট ২০২৬।
  5. 1 2 "কিশোর শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা শুনলেন ময়মনসিংহ সিটি প্রশাসক"। প্রথম আলো। ১ সেপ্টেম্বর ২০২৬।
  6. ↑ "১৭ বছরের শাহেদের 'ঘুষ.সাইট', ময়মনসিংহে দুই কর্মকর্তাকে শোকজ"। প্রতিদিনের কাগজ। ২ সেপ্টেম্বর ২০২৬।
  7. ↑ "'ঘুষ.সাইট' নিয়ে সংবাদ প্রকাশ: শিক্ষা কার্যালয়ের ২ কর্মীকে শোকজ"। কালবেলা। ১ সেপ্টেম্বর ২০২৬।
  8. ↑ "ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে নোটিশ"। প্রথম আলো। ৩১ আগস্ট ২০২৬। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬।
  9. 1 2 3 "ঘুষ ডট সাইট: অভিনব প্রতিবাদে ব্যাপক সাড়া"। খবরের কাগজ। ১ সেপ্টেম্বর ২০২৬।
  10. ↑ "'ঘুষ ডট সাইট' নিয়ে শাহেদকে সহযোগিতার আশ্বাস ময়মনসিংহ সিটি প্রশাসকের"। ঢাকা পোষ্ট। ১ সেপ্টেম্বর ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]