গৌড়ী প্রাকৃত
গৌড়ী প্রাকৃত[১] হল গৌড় তথা প্রাচীন বাংলায় (২০০-৬৫০ খ্রি) ব্যবহৃত মধ্য ইন্দো-আর্য প্রাকৃত ভাষা। এই ভাষাটি প্রাচীন প্রাচ্য থেকে উদ্ভূত হয়েছে এবং বাংলা ভাষার ঐতিহাসিক পূর্বপুরুষ (মতান্তরে মাগধী)। এটি মূলত ৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাকৃত হিসাবে গণ্য, পরবর্তী সময়ে এর অপভ্রংশের আবির্ভাব ঘটে যা গৌড়ী অপভ্রংশ নামে পরিচিত। যথেষ্ট প্রমাণিত না হলেও, বঙ্গ-কামরূপী ও বাংলা ভাষার অস্তিত্বের পূর্ববর্তী ভাষার অস্তিত্ব এটি থেকে এসেছে বলে মনে করা হয়।
গৌড়ী প্রাকৃতের উপস্থিতির প্রমাণ পাওয়া যায় দণ্ডীর কাব্যদর্শ নামক গ্রন্থে। আনুমানিক ষষ্ঠ শতাব্দীতে রচিত এই গ্রন্থে ভারতবর্ষের বিভিন্ন প্রাকৃত ভাষাগুলোর মধ্যে "গৌড়ী" প্রাকৃতের উল্লেখ বিদ্যমান রয়েছে।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]শব্দ দ্বয় ‘গৌড়ী প্রাকৃত’ স্থান ও ভাষার সঙ্গে সম্পর্কিত। গৌড়ী শব্দটি গৌড় অঞ্চলকে নির্দেশ করে, অপরদিকে প্রাকৃত শব্দটি মধ্য ভারতীয় আর্য ভাষার একটি কথ্য রূপকে নির্দেশ করে। এই প্রাকৃত ভাষাটি গৌড় অঞ্চলে কথ্য ছিল, যে কারণে এর নাম গৌড়ী প্রাকৃত।
বৈশিষ্ট্য
[সম্পাদনা]বেশিরভাগ ভাষাবিদগণ এই মতামতকে সমর্থন করেন, যে প্রাচীন কালে বাংলা অঞ্চলে মাগধী প্রাকৃত ভাষা ব্যবহৃত হত এবং এর অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি। তবে যে সকল ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে উক্ত যুক্তি দেওয়া হয়, অনেক ভাষাবিদদের তার বিপরীত বা বিরোধী মতামতও রয়েছে। বাংলা ভাষায় বহু বৈশিষ্ট্য রয়েছে যা মাগধী প্রাকৃতে নেই; যা মাগধী প্রাকৃতের পরিবর্তে ওইসময়ে বঙ্গভূমিতে কথ্য অন্য কোন প্রাকৃতের উপস্থিতির পরোক্ষভাবে ইঙ্গিত প্রদান করে।
- শব্দের আদিতে বর্গীয় ও অন্তঃস্থ ব এর বর্গীয় রূপ ছিল।
- শব্দের আদিতে 'য়' উচ্চারণ ব্যবহৃত হতো না, পরিবর্তে জ ধ্বনি ব্যবহৃত হতো। একই ভাবে দ্য, র্জ ও র্য্য এর পরিবর্তে জ্জ ব্যবহৃত হতো।
- ন এর পরিবর্তে ণ ব্যবহৃত হতো।
- ক্ষ যুক্তবর্ণের উচ্চারণ 'ক্খ' হতো, ksha নয়। যেমন: যক্ষ (উচ্চারণ: যক্-খো, য়ক্-শ নয়)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mondal, Dr Chandrasekhar (১৪ নভেম্বর ২০২৪)। "ভাষা বিবর্তনের ধারায় 'ধ্রুপদী ভাষা' বাংলা"। Dr. Syama Prasad Mookerjee Research Foundation (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Shahidullah, Dr. Muhammad (১৯৯৮)। Bangla Vasar Itibritto। Dhaka: Mowla Brothers। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪।
- শ, ডঃ রামেম্ব (২১ ফেব্রুয়ারি ১৯৮৪)। সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। কলকাতা: পুস্তক বিপণী। আইএসবিএন ৮১-৮৫৪৭১-১২-৬। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৪।
- ভট্টাচার্য, সুভাষ (২০১২)। ভাষার তত্ত্ব ও বাংলা ভাষা। কলকাতা: বঙ্গীয় সাহিত্য সংসদ। আইএসবিএন ৯৭৮-৯৩-৮২০১২-১২-২। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৪।