বিষয়বস্তুতে চলুন

গুয়াহাটি গৌরবযাত্রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুয়াহাটি গৌরবযাত্রা
২০২০ সালের গুয়াহাটি গৌরবযাত্রা
অবস্থাসক্রিয়
ধরনগৌরব পদযাত্রা
পুনরাবৃত্তিবার্ষিক
অবস্থান (সমূহ)দিঘালিপুখুরি, গুয়াহাটি
দেশভারত
প্রবর্তিত৯ ফেব্রুয়ারি ২০১৪

গুয়াহাটি গৌরবযাত্রা আসামের গুয়াহাটিতে স্থানীয় এলজিবিটি সম্প্রদায়ের সদস্য ও সমর্থকদের দ্বারা ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো আয়োজন করা হয়। গুয়াহাটি গৌরবযাত্রা ছিল সমগ্র উত্তর-পূর্ব ভারতের প্রথম এলজিবিটি গৌরবযাত্রা। এই গৌরবযাত্রাটি এখন বার্ষিকভাবে পালন করা হয়।[১][২]

ইতিহাস

[সম্পাদনা]

২০১৩ সালের ১১ ডিসেম্বর ভারতের সর্বোচ্চ আদালতের ঔপনিবেশিক যুগের আইপিসির ৩৭৭ ধারা পুনঃস্থাপনের রায়ের মাধ্যমে সমকামী কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর ফলে সারা বিশ্বে বিক্ষোভ সংগঠিত হয়। ২০১৩ সালের ১৫ ডিসেম্বর বিশ্বের বেশ কয়েকটি শহরে একযোগে একটি বিশ্ব ক্রোধ দিবসের আয়োজন করা হয়।[৩][৪] গুয়াহাটির একদল মানুষও শহরে বিশ্ব ক্রোধ দিবস পালনে যোগ দেয়, যা গুয়াহাটিতে এলজিবিটি ইস্যুতে প্রথমবারের মতো প্রকাশ্য প্রতিবাদে পরিণত হয়।[৫] বিক্ষোভের পরপরই গুয়াহাটির একদল স্বেচ্ছাসেবক শহরে একটি এলজিবিটি গৌরবযাত্রার আয়োজন করে।

প্রথম গুয়াহাটি গৌরবযাত্রা ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এটি দিঘালিপুখুরি থেকে সকাল ১০টায় শুরু হয়ে আরবিআই পয়েন্ট, পুরাতন এসপি দপ্তর, কমিশনার্স পয়েন্ট, লাতাসিল, ল্যাম্ব রোড হয়ে টিসি ফাউন্টেন পয়েন্টে শেষ হয়।[৬] গৌরবযাত্রার মিছিলটি গৌহাটি উচ্চ আদালতের সামনে দিয়েও অতিক্রম করে, যেখানে গৌরবযাত্রার সদস্যরা সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে স্লোগান দেয়। প্রায় ১৫০ জন লোক গৌরবযাত্রায় হাঁটেন। এতে বিভিন্ন স্কুল ও কলেজের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

গুয়াহাটি গৌরবযাত্রার খরচ স্থানীয় ব্যক্তি ও কুইয়ার আজাদি মুম্বই এবং দিল্লি গৌরবযাত্রা কমিটির ব্যক্তিদের অনুদানের মাধ্যমে সমর্থিত হয়। গুয়াহাটিতে অবস্থিত কয়েকটি অলাভজনক সংস্থা গৌরবযাত্রাটিকে সমর্থন করে।

গৌরবযাত্রার আয়োজকরা কিছু প্রতিক্রিয়ার সম্মুখীন হন। একটি সহায়ক অলাভজনক সংস্থার দপ্তরে ডানপন্থী রক্ষণশীলরা ভাঙচুর চালায়। অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন হুমকিজনক ফোন পান। গৌরবযাত্রার দিন ডানপন্থী ছাত্র সংগঠন হিন্দু যুব ছাত্র পরিষদের সদস্যরা গৌরবযাত্রাকে থামানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।[২]

গৌরবযাত্রার পরপরই কিছু সংগঠক জুকিয়া তৈরি করেন, যা এই অঞ্চলে এলজিবিটি সক্রিয়তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সমন্বিত সমষ্টি।[৭][৮]

২০১৪ সালের গুয়াহাটি গৌরবযাত্রার পর মণিপুর ইম্ফলে একটি গৌরবযাত্রার আয়োজন করে। ২০১৫ সালে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশের ব্যক্তি, গোষ্ঠী এবং সংগঠনগুলো সম্মিলিতভাবে "এলজিবিটি উত্তর পূর্ব গৌরবযাত্রা ২০১৫"-এর আয়োজন করে, যা ১৫ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়। গৌরবযাত্রাটি দিঘালিপুখুরি, আরবিআই পয়েন্ট, ফুড ভিলা পয়েন্ট, হাইকোর্ট, লাতাসিল পয়েন্ট, আমবাড়ি থেকে শুরু হয়ে গুয়াহাটি ক্লাব রোটারি পর্যন্ত বিস্তৃত হয়।[৯]

তৃতীয় গুয়াহাটি গৌরবযাত্রা ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি গুয়াহাটির দিঘালিপুখুরিতে অনুষ্ঠিত হয় এবং এতে প্রায় ২০০ জন লোক উপস্থিত ছিলেন।[১০]

উদযাপনের অংশ হিসেবে একটি পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।[১১] এটি জুকিয়া দ্বারা আয়োজিত হয়। গৌরবযাত্রাটি দিঘালিপুখুরি উদ্যান থেকে শুরু হয়ে হ্যান্ডিক গার্লস কলেজ, ফুড ভিলা, নেহেরু উদ্যান এবং আরকেবি হোস্টেলের মতো আশেপাশের এলাকা অতিক্রম করে দিঘালিপুখুরি উদ্যানে ফিরে এসে শেষ হয়।[১১] মিছিলটি এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধরণের বৈষম্যের বিরুদ্ধে করা হলেও মিছিলকারীরা বিশেষভাবে ৩৭৭ ধারার মতো বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গুয়াহাটি গৌরবযাত্রার চতুর্থ সংস্করণ ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।[১২] মিছিলে প্রায় ৩০০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস -এর শিক্ষার্থীদের পাশাপাশি পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং তামিলনাড়ুর কর্মীরা এই গৌরবযাত্রাটিকে সমর্থন করেন।[১৩] এটি রংধনু ব্যানার, মুখোশ এবং বলিউড ও অসমীয়া রোমান্টিক গানের পরিবেশনা দ্বারা চিহ্নিত ছিল।[১৩]

এতে সৈন্য বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মতো আইনের বিরুদ্ধেও প্রতিবাদ হয় ও এটি বাতিলের দাবি উঠে এবং নালসার রায় বাস্তবায়নের আহ্বান জানানো হয়।[৯]

গুয়াহাটি গৌরবযাত্রার পঞ্চম সংস্করণটি ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। মূল গৌরবযাত্রা অনুষ্ঠানের আগে তহবিল সংগ্রহ, সঙ্গীতানুষ্ঠান এবং ফ্ল্যাশ মবের মতো বেশ কয়েকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।[১৪] এতে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।[১৫]

গুয়াহাটি গৌরবযাত্রার ষষ্ঠ সংস্করণ ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি গুয়াহাটির দিঘালিপুখুরিতে অনুষ্ঠিত হয়।[১৬]

গুয়াহাটি গৌরবযাত্রার দশম সংস্করণ ২০২৩ সালের ১৭ ডিসেম্বর আয়োজন করার পরিকল্পনা করা হয়। ৮৫০ জন সমকামীসহ প্রায় ১,০০০ জন অংশগ্রহণকারীর মিছিলে অংশগ্রহণের কথা ছিল।[১৭]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Konwar, Rajiv (১০ ফেব্রুয়ারি ২০১৪)। "First pride parade in Guwahati- LGBT community marches for life of dignity"। The Telegraph।
  2. 1 2 "LGBTs parade for pride in Guwahati"। The Times of India। ১০ ফেব্রুয়ারি ২০১৪।
  3. ↑ Reynolds, Daniel (১৩ ডিসেম্বর ২০১৩)। "India's Sodomy Ban Incites 'Day of Rage' Among Activists"। The Advocate।
  4. ↑ Bhatia, Ishita; Pillai, Soumya (১৫ ডিসেম্বর ২০১৩)। "Protestors mark 'global day of rage' against Section 377"। The Hindustan Times। ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  5. ↑ Das, Gaurav (১৬ ডিসেম্বর ২০১৩)। "First gay rights rally in city"। The Times of India।
  6. ↑ Goswami, Partha Prawal (১০ ফেব্রুয়ারি ২০১৪)। "Guwahati hosts NER's first Queer Pride March""। Times of Assam।
  7. ↑ Das, Gaurav (১৩ জুলাই ২০১৪)। "First gay support group comes up in state"। The Times of India।
  8. ↑ Davidson, Kumam (১ আগস্ট ২০১৪)। Gaylaxy https://www.gaylaxymag.com/latest-news/1st-lgbt-film-and-video-festival-of-guwahati-to-begin-on-aug-8/। ২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  9. 1 2 Gaylaxy। ১৫ ফেব্রুয়ারি ২০১৫ http://www.gaylaxymag.com/latest-news/eight-north-east-states-come-together-for-first-collective-pride/। {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  10. ↑ Hazarika, Joydeep (৭ ফেব্রুয়ারি ২০১৬)। "March for pride, respect & equality"। ৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  11. 1 2 "Queer Pride Guwahati"। Assam Times। ৭ ফেব্রুয়ারি ২০১৬।
  12. ↑ Gaylaxy। ৩ ফেব্রুয়ারি ২০১৭ http://www.gaylaxymag.com/latest-news/4th-guwahati-queer-pride-held-5th-feb। {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  13. 1 2 "Guwahati Comes Out for LGBT Rights » Northeast Today"। Northeast Today। ৬ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮।
  14. ↑ "Celebration of love with pride"। The Telegraph। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮।
  15. ↑ "Guwahati Queer Pride glitters with huge participation"। www.aninews.in। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮।
  16. ↑ "Queer Pride Guwahati 2019"। Outlook (India)। ৪ ফেব্রুয়ারি ২০১৯। ১৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
  17. ↑ "Queer community to hold 10th Pride March on Dec 17, seeks wider acceptance"। The Federal। ১৫ ডিসেম্বর ২০২৩।