গমির উদ্দিন প্রধান
গমির উদ্দিন প্রধান | |
|---|---|
| পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার | |
| কাজের মেয়াদ ১৯৬৮ – ১৯৬৯ | |
| পূর্বসূরী | আবদুল হামিদ চৌধুরী |
| উত্তরসূরী | আইনসভা বিলুপ্ত |
| পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার | |
| কাজের মেয়াদ ১৯৬২ – ১৯৬৮ সাথে ছিলেন মোঃ মশিহুল আজম খান | |
| পূর্বসূরী | সৈয়দ জিয়াউল আহসান |
| উত্তরসূরী | মোঃ মশিহুল আজম খান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯১৮ জলপাইগুড়ি জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ১৫ জুন ১৯৮১ (বয়স ৬২–৬৩) পিজি হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ |
| সমাধিস্থল | বনানী কবরস্থান |
| রাজনৈতিক দল | বাংলাদেশ মুসলিম লীগ (সিদ্দিকী) |
| অন্যান্য রাজনৈতিক দল | বাংলাদেশ মুসলিম লীগ (১৯৭৬–১৯৭৮) কনভেনশন মুসলিম লীগ (১৯৬২–১৯৭১) পাকিস্তান মুসলিম লীগ (১৯৪৭–১৯৫৮) নিখিল ভারত মুসলিম লীগ (প্রাক-১৯৭১) |
| দাম্পত্য সঙ্গী | শামসুন নাহার প্রধান |
| সন্তান | শফিউল আলম প্রধান |
| আত্মীয়স্বজন | তাসমিয়া প্রধান (নাতনী) |
গমির উদ্দিন প্রধান একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]গমির উদ্দিন ১৯১৮ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির জলপাইগুড়ি জেলার তোকরাভাষায় (বর্তমানে বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত) জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে আইনে সম্মান অর্জন করে ১৯৪৪ সালে জলপাইগুড়ি আদালতে আইনজীবী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। ভারত বিভাজনের পূর্বে তিনি জলপাইগুড়ি জেলা বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।[২]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর তিনি পাকিস্তান মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন।[৩] ১৯৫৮ সাল পর্যন্ত দিনাজপুর জেলা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের প্রধান ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন।[২] ১৯৬৮ সালে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার হয়েছিলেন এবং ১৯৬৯ সাল পর্যন্ত উক্ত পদে দায়িত্ব পালন করেন।[৪][৫] ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পরে তাকে কনভেনশন মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার সভাপতি করা হয়।[৬] ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে তিনি কনভেনশন মুসলিম লীগের প্রার্থী হিসেবে এনই১৩ দিনাজপুর-১ আসনে ৪৩৯৯ ভোট পেয়ে হেরে যান।[৭] ১৯৭১ সালের জানুয়ারিতে তিনি পূর্ব পাকিস্তান কনভেনশন মুসলিম লীগের সভাপতির পদ ত্যাগ করেন।[৮] বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পর তিনি বাংলাদেশ মুসলিম লীগে যোগ দেন, কিন্তু ১৯৭৮ সালে দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে দলটির সভাপতি খান-এ-সবুর ক্ষমতাসীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ফ্রন্টকে সমর্থনের জন্য শাহ আজিজুর রহমানকে দল হতে বহিষ্কার করার পর গমির উদ্দিন প্রধানও দল থেকে বেরিয়ে যান।[৯] পরবর্তীতে তিনি বদরুদ্দীন আহমদ সিদ্দিকীর নেতৃত্বাধীন বিভক্ত বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।[৪]
ব্যক্তিগত জীবন ও মৃত্যু
[সম্পাদনা]১৫ জুন ১৯৮১ সালে গমির উদ্দিন প্রধান ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) জন্ডিসে ভুগে মৃত্যুবরণ করেন। তাকে পরবর্তীতে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।[৪] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী রাজনীতিবিদ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান তার সন্তান যিনি ২০১৭ সালে মৃত্যুবরণ করেন।[৩] তার নাতনি তাসমিয়া প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির বর্তমান তথা তৃতীয় সভাপতি ও একজন ব্যারিস্টার এবং তার নাতি আল রাশেদ প্রধান দলটির বর্তমান সহ-সভাপতি ও পেশায় প্রকৌশলী।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আহমেদ, শামছুদ্দীন (৭ এপ্রিল ২০২৩)। "৫০ বছর পূর্ণ ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় সংসদ"। দৈনিক ইত্তেফাক।
- 1 2 "স্পীকার পরিচিতি"। দৈনিক সংবাদ। ১২ জুন ১৯৬২। পৃ. ১।
- 1 2 "শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী আজ"। দৈনিক ইনকিলাব। ২১ মে ২০২৫।
- 1 2 3 "গমিরউদ্দিন প্রধানের ইন্তেকাল"। দৈনিক ইত্তেফাক। ১৬ জুন ১৯৮১। পৃ. ১, ৮।
- ↑ "Gamiruddin elected PA Speaker"। দ্য পাকিস্তান অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ১৯৬৮। পৃ. ১।
- ↑ আব্বাস, মাজহার (২০১৫)। "Landed Aristocracy and the General Elections 1970"। পাকিস্তান জার্নাল অফ হিস্টোরি অ্যান্ড কালচার (ইংরেজি ভাষায়)। ৩৬ (২)। ইসলামাবাদ: কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়: ৯০–৯১।
- ↑ "East Pakistan Results"। দ্য পাকিস্তান অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ৯ ডিসেম্বর ১৯৭০। পৃ. ৯।
- ↑ "Gamiruddin quits presidency of Conventionists"। দ্য পাকিস্তান অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ২৬ জানুয়ারি ১৯৭১। পৃ. ১২।
- ↑ মিশ্র, জিতেন্দ্র (১৯৮১)। "MILITARY REGIMES IN BANGLADESH AND PAKISTAN : STRATEGIES OF SUSTENANCE AND SURVIVAL"। ইন্ডিয়া কোয়ার্টারলি (ইংরেজি ভাষায়)। ৩৭ (৪)। সেইজ পাবলিশিং: ৫৩৩।
- ↑ ইসলাম, শহীদুল (২৪ ডিসেম্বর ২০১৮)। "পঞ্চগড়ে আলোচনায় হুক্কা"। দেশ রূপান্তর।