বিষয়বস্তুতে চলুন

গণতন্ত্রের সমালোচনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইতিহাস জুড়ে গণতন্ত্র, এর কার্যাবলী এবং এর বিকাশ সমালোচনার সম্মুখীন হয়েছে। কিছু সমালোচক সাংবিধানিক শাসনব্যবস্থাকে তার নিজস্ব সর্বোচ্চ নীতিগুলোর প্রতি বিশ্বস্ত থাকতে আহ্বান জানান; অন্যরা সাংবিধানিক গণতন্ত্রের দ্বারা প্রচারিত মূল্যবোধসমূহকে অস্বীকার করেন।[১]

প্লেটো সুপরিচিতভাবে গণতন্ত্রের বিরোধিতা করেন এবং 'সর্বোত্তম যোগ্যদের দ্বারা পরিচালিত সরকার'-এর পক্ষে যুক্তি দেন। জেমস ম্যাডিসন সাংবিধানিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে গণতন্ত্রের ঐতিহাসিক প্রচেষ্টা এবং এর পক্ষে-বিপক্ষে যুক্তিগুলো নিবিড়ভাবে অধ্যয়ন করেন। উইনস্টন চার্চিল মন্তব্য করেন:[২]

কেউই দাবি করে না যে গণতন্ত্র নিখুঁত বা সর্বজ্ঞ। প্রকৃতপক্ষে, এটি বলা হয়ে থাকে যে গণতন্ত্র হচ্ছে নিকৃষ্টতম শাসনব্যবস্থা, তবে সময়ে সময়ে চেষ্টা করা অন্যান্য সকল শাসনব্যবস্থা বাদ দিয়ে।

সমালোচকরা যুক্তি দেন যে, আধুনিক গণতন্ত্র পর্যাপ্ত পরিমাণে গণতান্ত্রিক হতে ব্যর্থ হচ্ছে এবং বাস্তবে তা গোষ্ঠীশাসনতন্ত্র হিসেবে কাজ করছে; কারণ সরকার সাধারণ নাগরিকদের তুলনায় অর্থনৈতিক অভিজাতদের পছন্দের প্রতিই বেশি সাড়া দেয়। যুক্তরাষ্ট্র, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, কানাডা, নরওয়ে এবং জার্মানি-সহ বিভিন্ন পশ্চিমা গণতান্ত্রিক দেশে পরিচালিত অসংখ্য গবেষণায় ধারাবাহিকভাবে দেখা গেছে যে, নির্বাচিত প্রতিনিধিরা নীতি নির্ধারণের ফলাফলের ক্ষেত্রে সাধারণ ভোটারদের চেয়ে অতি বিত্তবান নাগরিকদের পছন্দের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকেন।[৩][৪][৫][৬]

গণতন্ত্রের সমালোচকরা প্রায়শই এটিকে অন্যান্য শাসনব্যবস্থা, যেমন এপিস্টোক্রেসি (জ্ঞানী শাসন) বা লটোক্রেসি (লটারিভিত্তিক শাসন)-এর সাথে তুলনা করে এর অসামঞ্জস্যতা, কূটাভাস এবং সীমাবদ্ধতা তুলে ধরার চেষ্টা করেন।[৭] তারা আধুনিক গণতন্ত্রের বেশিরভাগকে গণতান্ত্রিক পলিআর্কি (বহুশাসন) এবং গণতান্ত্রিক অভিজাততন্ত্র হিসেবে চিহ্নিত করেন।[৮] তারা আধুনিক গণতন্ত্রের মধ্যে ফ্যাসিবাদী প্রবণতা শনাক্ত করেন। আধুনিক গণতন্ত্র দ্বারা সৃষ্ট সমাজকে তারা নব্য-সামন্ততন্ত্র হিসেবে আখ্যায়িত করেন[৯] এবং গণতন্ত্রের সাথে ফ্যাসিবাদ, নৈরাজ্য-পুঁজিবাদ, ধর্মরাষ্ট্র এবং নিরঙ্কুশ রাজতন্ত্রের তুলনা করেন।

ঐতিহাসিক সমালোচনা

[সম্পাদনা]

প্রাচীন দর্শন

[সম্পাদনা]
প্লেটোকে প্রাচীন গ্রিসের গণতান্ত্রিক শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী হিসেবে বিবেচনা করা হয়।

যেমনটি রবার্ট ডাহল লেখেন:[১০]

যদিও আধুনিক গণতন্ত্রের অনুশীলনগুলো ধ্রুপদী গ্রিসের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সাথে খুব কমই সাদৃশ্যপূর্ণ... গ্রিক গণতান্ত্রিক ধারণাগুলো অনেক বেশি প্রভাবশালী ছিল... [এবং] তাদের ধারণা সম্পর্কে আমরা যা জানি, তা গণতান্ত্রিক সমর্থকদের লেখা ও বক্তৃতা থেকে ততটা আসে না, যার কেবল অল্পই টিকে আছে, বরং তাদের সমালোচকদের কাছ থেকে বেশি আসে।

সেই সমালোচকদের মধ্যে এরিস্টটল, প্লেটো এবং থুসিডাইডিস উল্লেখযোগ্য।

এরিস্টটল ছিলেন একজন মৃদু সমালোচক; তিনি মনে করতেন, "গণতন্ত্রের প্রসারের ফলে দরিদ্রদের হাতে যে ক্ষমতা কেন্দ্রীভূত হয়, তা তিনি অপছন্দ করতেন"।[১০] প্লেটোর রাজনৈতিক দর্শন গণতন্ত্রের প্রতি সংশয়ী ছিল এবং তিনি "যোগ্যতমদের দ্বারা শাসন"-এর পক্ষপাতী ছিলেন।[১০] আধুনিক উদারনৈতিক গণতন্ত্র এই সমালোচনাগুলোর কিছু অংশকে অন্তর্ভুক্ত করে।[১১] উদাহরণস্বরূপ, জেমস ম্যাডিসন তরুণ বয়সে "প্রাচীন শিক্ষায়...কঠোরভাবে প্রশিক্ষণ নিয়েছিলেন", এবং প্রাচীন লেখকদের ধারণা "মানব প্রকৃতি সম্পর্কে ম্যাডিসনের লিপিবদ্ধ মনোভাবের একটি দিক" ব্যাখ্যা করে।[১২] গণতন্ত্রের প্রাচীন সমালোচনাগুলোর এই প্রভাব আরও স্পষ্টভাবে দেখা যায়, যখন তিনি সাংবিধানিক কনভেনশনের আগে "বহু শতাব্দীর রাজনৈতিক দর্শন এবং অতীতে প্রজাতান্ত্রিক সরকার গঠনের প্রচেষ্টাগুলোর ইতিহাস অধ্যয়ন করে" মাসগুলো অতিবাহিত করেন।[১৩]

ডাহলের মতে, এরিস্টটল ও প্লেটো আধুনিক গণতন্ত্রের অধিকাংশ সমর্থকের সঙ্গে এ বিষয়ে একমত যে সমাজের অন্যতম লক্ষ্য হলো “সৎ নাগরিক তৈরি করা” এবং “সদ্গুণ, ন্যায়বিচার ও সুখ; এই তিনটি একে অপরের সহচর”...এ গুণাবলিই এমন নাগরিক গঠনে সহায়তা করে যারা সমাজের “সামষ্টিক কল্যাণ” সাধনে সচেষ্ট থাকে।[১০]

পেলোপনেশীয় যুদ্ধের খ্যাতনামা গ্রিক ইতিহাসবিদ থুসিডাইডিস অ্যাথেন্সে গণতন্ত্রের পতন প্রত্যক্ষ করেছিলেন এবং গণতান্ত্রিক শাসব্যবস্থার সমালোচনায় বৈজ্ঞানিক ইতিহাস প্রয়োগ করেন।[১৪] তার সমালোচনার মূল বক্তব্য ছিল যে গণতন্ত্র “সত্যের অনুসন্ধানে ব্যর্থ হয়” এবং এর নেতৃবৃন্দ ও নাগরিকরা “বাস্তবতার ওপর নিজেদের বক্তব্য-নির্ভর ব্যাখ্যা আরোপ করার” চেষ্টা করেন।[১৪] থুসিডাইডিস "গণবক্তা" ও "জনতুষ্টিবাদী নেতাদের" জ্ঞানগত ব্যর্থতাকে দায়ী করেন, যা অধিকাংশ এথেনীয়কে "তাদের অতীত এবং প্রতিপক্ষের প্রতিষ্ঠান সম্পর্কে অসার [বা বোকামিপূর্ণ] ধারণা বিশ্বাস করতে" প্ররোচিত করেছিল।[১৪]

ধ্রুপদী পরবর্তী যুগের সমালোচনা

[সম্পাদনা]

ইতালীয় দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ টমাস আকুইনাস "গণতন্ত্র, অভিজাততন্ত্র এবং রাজতন্ত্রের উপাদানের সমন্বয়ে গঠিত এক মিশ্র সরকার ব্যবস্থার" পক্ষপাতী ছিলেন... [যা] গণতন্ত্র বা গোষ্ঠীশাসনতন্ত্রের চেয়ে মিশ্র সরকারের প্রতি এরিস্টটলের অগ্রাধিকারের কথাই স্মরণ করিয়ে দেয়।[১৫] পণ্ডিতরা আরও মনে করেন যে, "ইনকুইজিশনের সমর্থনে রচিত মধ্যযুগের বিপুল সাহিত্যকর্ম" গণতন্ত্রের আধুনিক ধারণার বিপরীত।[১৬]

"মধ্যযুগে ইতালির অল্প কিছু নগররাষ্ট্রে গণতন্ত্রের অস্তিত্ব ছিল... [যা] শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদী বা গোষ্ঠীশাসনতন্ত্রের কবলে বিলীন হয়ে যায়।"[১০] "প্রতিনিধিত্বের ধারণাটি গণতন্ত্রকামীরা উদ্ভাবন করেননি, বরং এটি রাজতান্ত্রিক ও অভিজাততান্ত্রিক সরকারের একটি মধ্যযুগীয় প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হয়েছিল," এবং এর সূচনা হয়েছিল "রাজশাসক অথবা কখনো কখনো অভিজাতদের দ্বারা আহূত এমন সব সভার মাধ্যমে, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো।"[১০] মধ্যযুগীয় ইউরোপে "সামরিক প্রযুক্তি এবং সংগঠনের" যে অবস্থা ছিল, তা গণতন্ত্র বিকাশের জন্য "মোটেও অনুকূল ছিল না।"[১০]

প্লেটো, মুসলিম চিন্তাধারা এবং হালাখা ধারণার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মধ্যযুগীয় ইহুদি রাজনৈতিক দর্শন ছিল "রাজতন্ত্রবাদী এবং সহজাতভাবেই গণতন্ত্র বিরোধী।"[১৭]

ঐতিহ্যবাহী এশীয় সমাজগুলোকে গণতন্ত্রবিরোধী হিসেবে গণ্য করা হতো, কিন্তু এ প্রসঙ্গে অমর্ত্য সেন উল্লেখ করেন:[১৬]

এশীয় ঐতিহ্যের মধ্যে কর্তৃত্ববাদী রচনার সন্ধান পাওয়া অবশ্য কঠিন কিছু নয়। তবে পাশ্চাত্যের ধ্রুপদী সাহিত্যের মধ্যেও এমনটা খুঁজে পাওয়া মোটেই দুষ্কর নয়: প্লেটো কিংবা অ্যাকুইনাসের রচনাবলির দিকে তাকালেই বোঝা যায় যে, শৃঙ্খলার প্রতি অনুরাগ কেবল এশীয়দেরই বিশেষ কোনো প্রবৃত্তি নয়।

প্রারম্ভিক আধুনিক সমালোচনা

[সম্পাদনা]

আলোকিত যুগের অন্যতম দার্শনিক টমাস হব্‌স "নিরঙ্কুশ সার্বভৌমত্বের" পক্ষে এবং ইংরেজ গৃহযুদ্ধে রাজতন্ত্রীদের সমর্থনে ১৬৫১ সালে লেভিয়াথন গ্রন্থ প্রকাশ করেন।​[১৮] হব্‌স গণতন্ত্রের সমালোচক ছিলেন, কারণ তার মতে:[১৯]

গণতন্ত্রে সার্বভৌম শক্তি (অর্থাৎ জনগণ) কেবল তখনই তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে যখন তারা বাস্তবে একত্রিত হয়...কিন্তু রাজতন্ত্রে শাসনক্ষমতা সর্বদাই কার্যকর অবস্থায় থাকে।

হব্‌স আরও মনে করতেন যে:[১৯] 

গণতন্ত্র সামাজিক চুক্তিকে দুর্বল করে দেয়; কারণ এটি অস্থিরতা, সংঘাত, খ্যাতিলাভের আকাঙ্ক্ষা এবং পারস্পরিক অবিশ্বাসের জন্ম দেয়।

ম্যাডিসনের মতো পরবর্তী আলোকিত যুগের চিন্তাবিদগণও মানব প্রকৃতির "প্রবলতম আবেগ ও অত্যন্ত বিপজ্জনক দুর্বলতাগুলো" নিয়ে হব্‌সের মতোই উদ্বিগ্ন ছিলেন। তারা আধুনিক গণতন্ত্রকে উন্নত করার উদ্দেশ্যে এসব সমালোচনার কিছু অংশ ব্যবহার করেন।[২০][১২]

রোমান্টিক যুগের সমালোচনা

[সম্পাদনা]

গণতন্ত্রের রোমান্টিক সমালোচকদের মধ্যে রয়েছেন থমাস কার্লাইল, জন রাস্কিন, ম্যাথু আর্নল্ড, জেমস ফিটজেমস স্টিফেন, হেনরি মেইন এবং উইলিয়াম লেকি। বেঞ্জামিন ইভান্স লিপিনকট তার গবেষণায় লেখেন: “তারা মূলত প্লেটোর মতোই একই কারণে গণতন্ত্রের বিরোধিতা করেছিলেন; তা হলো, গণতন্ত্র বিশৃঙ্খলা ডেকে আনে।” তবে আধুনিক শিল্পসমাজে পুঁজিবাদের অধীনে গণতন্ত্রের সমালোচনা করাই ছিল তাদের ঐতিহাসিক অবদান। তারা বিশ্বাস করতেন যে, প্লেটোর ভাবনার মতো গণতন্ত্র কেবল ব্যক্তির ভেতরেই নৈরাজ্য সৃষ্টি করে না, বরং তা গোটা সমাজেই নৈরাজ্য ডেকে আনে।[২১]

লিপিনকট যুক্তি দেন যে, এই গোষ্ঠী তিনটি মৌলিক মতবাদ ধারণ করত: “সাধারণ মানুষের হীনমন্যতা, অল্পসংখ্যক মানুষের শাসন করার অধিকার এবং কর্তৃত্ব।” তারা এই নীতিগুলোর উৎস খুঁজে পেয়েছিলেন পিউরিটানবাদ, মধ্যবিত্ত শ্রেণির ক্ষমতা-সংক্রান্ত ধারণা এবং যৌবনে অর্জিত তাদের ধ্রুপদি শিক্ষার মধ্যে। এই তিনটি মতবাদ “সবচেয়ে পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়েছে প্লেটোর রিপাবলিক গ্রন্থে”; আর ধ্রুপদি ইতিহাস যেন “সাধারণ মানুষের হীনমন্যতার” উদাহরণ তুলে ধরে, যেমন এথেন্স ও রোমের ক্ষেত্রে দেখা যায়, “যেখানে জনসাধারণ বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়েছিল।” সংস্কার আন্দোলন এবং আলোকিত যুগে জঁ কালভা, এডমান্ড বার্ক ও ডেভিড হিউমের মতো চিন্তাবিদদের মাধ্যমে এই তিনটি মতবাদ আরও বিকশিত হয়েছিল।[২২]

ব্যবহারিক সমালোচনা

[সম্পাদনা]

কম ভোটার উপস্থিতি

[সম্পাদনা]

কিছু গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটার উপস্থিতি কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম হওয়ার পেছনে বেশ কিছু কারণকে দায়ী করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মানুষের আস্থার অভাব, বাধ্যতামূলক ভোটাধিকারের অনুপস্থিতি, রাজনৈতিক কার্যকারিতার অভাব, ভোট নষ্ট হওয়ার ভয়,[২৩] রাজনৈতিক অচলাবস্থা এবং নতুন রাজনৈতিক দল বা আন্দোলনের জন্য উচ্চ বাধা।[২৪]

সাংস্কৃতিক ও ধর্মরাষ্ট্রভিত্তিক সমালোচনা

[সম্পাদনা]

ধর্মরাষ্ট্রভিত্তিক দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]

ধর্মরাষ্ট্রের অনুসারীরা মানুষকে নয়, বরং সৃষ্টিকর্তাকে সর্বোচ্চ শাসক হিসেবে বিবেচনা করেন।[২৫]

সালাফিবাদ রূপে প্রচলিত প্রথাগত ইসলামের চর্চা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ইসলামের মূল ধারণা "তাওহীদ" (একত্ববাদ) -কে মৌলবাদী সালাফিরা এভাবে ব্যাখ্যা করেন যে, গণতন্ত্র একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে অগ্রহণযোগ্য। কারণ তাদের মতে, আল্লাহ-প্রদত্ত নয় এমন কোনো আইনকে স্বীকৃতি দেওয়া উচিত নয়।[২৬]

কার্ল শ্মিটের মতে, উদার গণতন্ত্রে রাজনৈতিক প্রতিনিধিত্ব একটি ছকে বাঁধা প্রক্রিয়া। তার ধারণা ছিল, ক্যাথলিক সার্বভৌমদের রহস্যময় ও ব্যক্তিকেন্দ্রিক আদর্শই গণতন্ত্রের জন্য অপরিহার্য।[২৭](p৫১৬)

এশীয় দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]

সিঙ্গাপুর ও চীনের রাজনৈতিক নেতা, যেমন লি কুয়ান ইউ, বলেন যে পশ্চিমা ব্যক্তিস্বাধীনতার ধারণার চেয়ে কনফুসীয়বাদ একটি সুশৃঙ্খল এশীয় সমাজের জন্য আরও শক্তিশালী আদর্শিক ভিত্তি তৈরি করে।[২৮] অন্যদিকে, চীনা কনফুসীয় দার্শনিক জিয়াং কিং, যিনি জিয়াংইয়াং ধারার রাজনৈতিক কনফুসীয়বাদের সমর্থক, মনে করেন যে সংসদীয় গণতন্ত্র আইনি সীমাবদ্ধতা, জনপ্রিয়তার উপর অতি নির্ভরশীলতা এবং নৈতিক আপেক্ষিকতাবাদ দ্বারা সীমাবদ্ধ।[২৯](p২৫৮)

শিক্ষাবিদ ঝাং ওয়েইওয়েই পশ্চিমা উদার গণতন্ত্রের সমালোচনা করে বলেন যে উদার গণতন্ত্র যথেষ্ট মেধাভিত্তিক নয় এবং বিশ্বস্ত নেতা নির্বাচনে ব্যর্থ।[৩০](p২১১)

চীনা নীতিনির্ধারকরা যুক্তি দেন যে, গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিনির্ধারণ মূলত খণ্ডকালীন ও তাৎক্ষণিক হস্তক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যার ফলে সামাজিক উন্নয়ন বাজার ব্যবস্থার অনিরাপদ প্রভাবের মুখে পড়ে।[৩১](p১৪৪) এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী, গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিনির্ধারণ খণ্ডকালীন ও তাৎক্ষণিক হস্তক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকে।[৩১](pp144-145) চীনা পরিকল্পনাকারীরা যুক্তি দেন যে এ ধরনের হস্তক্ষেপ পরিবেশগত অবক্ষয়, পুঁজি বাজারে কার্যকারিতার অভাব এবং জনসংখ্যাগত পরিবর্তনের মতো মৌলিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় অক্ষম।[৩১](p145)

চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ধারণা সার্বিক প্রক্রিয়ার জনগণতন্ত্র উদার গণতন্ত্রের সমালোচনা করে, কারণ পার্টির দৃষ্টিতে এটি মাত্রাতিরিক্তভাবে প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা কিংবা আইনের শাসনের উপর নির্ভর করে, কিন্তু প্রকৃতপক্ষে জনগণের স্বার্থ প্রতিফলিত করে না।[৩২](pp৬০-৬৪) ফুদান বিশ্ববিদ্যালয়ের ওয়াং ঝোংইউয়ানের মতে, এই সমালোচনাটি ১৯৯০ এর দশকের পরবর্তী এক প্রবণতার অংশ হিসেবে উদ্ভূত হয়েছে, যেখানে বিভিন্ন দেশ পশ্চিমা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার থেকে ভিন্নভাবে "গণতন্ত্র"কে পুনঃসংজ্ঞায়িত করার চেষ্টা করেছে।[৩২](p61) সার্বিক প্রক্রিয়ার জনগণতন্ত্রের ব্যাখ্যার আলোকে, গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো—এটি জনগণের প্রকৃত সমস্যাগুলোর সমাধান করতে পারে কি না। আর এমন একটি ব্যবস্থা, যেখানে "জনগণকে কেবলমাত্র ভোট দেওয়ার সময় জাগ্রত করা হয়", তা প্রকৃত অর্থে গণতান্ত্রিক নয় বলে বিবেচিত হয়।[৩২](pp60-64) এই ধারণাটি তাই একদিকে যেমন উদার গণতন্ত্রের সমালোচনার একটি উপায়, অন্যদিকে চীনা ব্যবস্থার প্রতি উত্থাপিত সমালোচনাকে প্রতিহত করার কৌশলও বটে।[৩২](p64)

সমালোচনার প্রতি প্রতিক্রিয়াসমূহ

[সম্পাদনা]

গণতন্ত্রের পক্ষে যুক্তি

[সম্পাদনা]

অ্যাগেইনস্ট ইলেকশনস: দ্য কেস ফর ডেমোক্রেসি গ্রন্থের লেখক ডেভিড ভ্যান রেইব্রুক গণতন্ত্রের পক্ষে যুক্তি দেন যে, লটারির মাধ্যমে ক্ষমতা বণ্টন অর্থাৎ সর্টিশন পদ্ধতি, যেমন নাগরিক পরিষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অনেক সীমাবদ্ধতা দূর করতে পারে। তিনি বলেন, "গণতন্ত্র সমাজের সেরা মানুষদের দ্বারা পরিচালিত কোনো ব্যবস্থা নয়। কারণ এমন শাসনব্যবস্থাকে অভিজাততন্ত্র বলা হয়, তা নির্বাচিত হোক বা না হোক... এর বিপরীতে, গণতন্ত্রের মূল শক্তি হলো বিভিন্ন মানুষের মতামতকে সমানভাবে গুরুত্ব দেওয়া। এটি মূলত প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করে, যার মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।"[৩৩]

গণতন্ত্রকে জরুরি অবস্থার সম্ভাব্য বিপদ থেকে সুরক্ষিত রাখতে, কখনো কখনো স্বতঃবিলুপ্তি বিধান প্রবর্তনের প্রস্তাব করা হয়। এই বিধান অনুযায়ী, কোনো আইন নির্দিষ্ট সময় পর নিজে থেকেই বাতিল হয়ে যাবে, তবে পর্যালোচনার পর তার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে।[৩৪] ধারণা করা হয়, এই পদ্ধতি আইনের দীর্ঘমেয়াদি নির্বাচনী জবাবদিহিতা নিশ্চিত করে।[৩৫]

যারা জনমতের প্রভাব নিয়ে উদ্বিগ্ন, তারা গণতন্ত্রে অর্থের ভূমিকা সীমিত করার পক্ষে যুক্তি দেন।[৩৬][৩৭]

অভিজ্ঞতালব্ধ সাক্ষ্যপ্রমাণ

[সম্পাদনা]

গণতন্ত্রের সাফল্যের সমসাময়িক অভিজ্ঞতালব্ধ সাক্ষ্যপ্রমাণ অস্পষ্ট। একদিকে, গণতন্ত্র কখনও কখনও শান্তি, ব্যক্তিগত স্বাধীনতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসার জন্য প্রশংসিত হয়।[৩৮] অন্যদিকে, দ্য ইকোনমিস্ট ডেমোক্রেসি ইনডেক্স-এর মতো কিছু গবেষণা থেকে জানা যায় যে বিশ্বজুড়ে গণতন্ত্রের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে।[৩৯]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ ওবার, জোসাইয়া (২০০৫)। "গণতান্ত্রিক এথেন্স একটি পরীক্ষামূলক ব্যবস্থা হিসেবে: ইতিহাস ও রাজনৈতিক তত্ত্ব প্রকল্প"। Princeton/Stanford Working Papers in Classics Paper No. 110512 (ইংরেজি ভাষায়)। রচেস্টার, নিউ ইয়র্ক। ডিওআই:10.2139/ssrn.1426841। এসএসআরএন 1426841।
  2. ↑ "Parliament Bill"। api.parliament.uk (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ১৯৪৭। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৮।
  3. ↑ Persson, Mikael (২ জুলাই ২০২৪)। "Who got what they wanted? Investigating the role of institutional agenda setting, costly policies, and status quo bias as explanations to income based unequal responsiveness"। Journal of European Public Policy। ৩১ (7): ১৮৭৯–১৯০১। ডিওআই:10.1080/13501763.2023.2177323। আইএসএসএন 1350-1763।
  4. ↑ Sevenans, Julie; Marié, Awenig; Breunig, Christian; Walgrave, Stefaan; Soontjens, Karolin; Vliegenthart, Rens (২০২৫)। "Are poor people poorly heard?"। European Journal of Political Research (ইংরেজি ভাষায়)। ৬৪ (3): ১৩২৬–১৩৫০। ডিওআই:10.1111/1475-6765.12750। আইএসএসএন 1475-6765।
  5. ↑ Lupu, Noam; Warner, Zach (২০২২)। "Why are the affluent better represented around the world?"। European Journal of Political Research (ইংরেজি ভাষায়)। ৬১ (1): ৬৭–৮৫। ডিওআই:10.1111/1475-6765.12440। আইএসএসএন 1475-6765।
  6. ↑ "Oligarchy in the open: What happens now as the U.S. is forced to confront its plutocracy problem?"। www.hks.harvard.edu (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২৫।
  7. ↑ ডাল, রবার্ট এ. (১৯৭২)। Polyarchy: Participation and Opposition। নিউ হেভেন: Yale University Press। পৃ. ১–১৬। আইএসবিএন ৯৭৮-০৩০০০১৫৬৫২।
  8. ↑ ম্যানিন, বার্নার্দ (১৯৯৭)। The Principles of Representative Government। কেমব্রিজ: Cambridge University Press। পৃ. ২, ৬৭–৯৩, ১৩২–১৬০। আইএসবিএন ৯৭৮-০৫২১৪৫৮৯১৭।
  9. ↑ থম হার্টম্যান, "কলা সরানোর সময় এসেছে... এবং আমাদের প্রজাতন্ত্রকে গণতন্ত্রে ফিরিয়ে নেওয়ার সময়," CommonDreams.org, ৬ নভেম্বর ২০০২
  10. 1 2 3 4 5 6 7 "Democracy and Its Critics | Yale University Press"। yalebooks.yale.edu। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২২।
  11. ↑ Arnhart, Larry (১ জুন ২০১৫)। "Leo Strauss and Anglo-American Democracy: A Conservative Critique, by Grant N. Havers"। American Political Thought। ৪ (৩): ৫১৩–৫১৬। ডিওআই:10.1086/682033।
  12. 1 2 Ketcham, Ralph L. (১৯৫৮)। "জেমস ম্যাডিসন ও মানবস্বভাব"। Journal of the History of Ideas। ১৯ (১): ৬২–৭৬। ডিওআই:10.2307/2707952। জেস্টোর 2707952।
  13. ↑ "জেমস ম্যাডিসনের জীবন"। www.montpelier.org। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২২।
  14. 1 2 3 Ober, Josiah (১ জানুয়ারি ১৯৯৩)। "থুসিডাইডিসের গণতান্ত্রিক জ্ঞানসম্বন্ধীয় সমালোচনা"। Nomodeiktes।
  15. ↑ Kilcullen, John; Robinson, Jonathan (২০১৯), "Medieval Political Philosophy", Zalta, Edward N. (সম্পাদক), The Stanford Encyclopedia of Philosophy (Winter 2019 সংস্করণ), Metaphysics Research Lab, Stanford University, সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২২
  16. 1 2 Sen, Amartya Kumar (১৯৯৯)। "Democracy as a Universal Value"। Journal of Democracy। ১০ (3): ৩–১৭। ডিওআই:10.1353/jod.1999.0055। আইএসএসএন 1086-3214। এস২সিআইডি 54556373।
  17. ↑ Melamed, Avraham (১৯৯৩)। "The Attitude Towards Democracy in Medieval Jewish Philosophy"। Jewish Political Studies Review। ৫ (1/2): ৩৩–৫৬। আইএসএসএন 0792-335X। জেস্টোর 25834254।
  18. ↑ ডানক্যান, স্টুয়ার্ট (২০২১), "টমাস হবস", জাল্টা, এডওয়ার্ড এন. (সম্পাদক), দ্য স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অব ফিলোসফি (শরৎ ২০২১ সংস্করণ), মেটাফিজিক্স রিসার্চ ল্যাব, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২
  19. 1 2 Apperley, Alan (১৯৯৯)। "গণতন্ত্র সম্পর্কে হব্‌সের দৃষ্টিভঙ্গি"। Politics (ইংরেজি ভাষায়)। ১৯ (৩): ১৬৫–১৭১। ডিওআই:10.1111/1467-9256.00101।
  20. ↑ কোলম্যান, ফ্র্যাঙ্ক (১২ জুন ২০১৭)। হব্‌স এবং আমেরিকা (ইংরেজি ভাষায়)। ইউনিভার্সিটি অব টরন্টো প্রেস। ডিওআই:10.3138/9781442652989। আইএসবিএন ৯৭৮-১-৪৪২৬-৫২৯৮-৯।
  21. ↑ লিপিনকট, বেঞ্জামিন ইভান্স (১৯৩৮)। Victorian Critics of Democracy [গণতন্ত্রের ভিক্টোরীয় সমালোচকবৃন্দ] (ইংরেজি ভাষায়)। দ্য ইউনিভার্সিটি অব মিনেসোটা প্রেস। পৃ. ৫।
  22. ↑ Lippincott, Benjamin Evans (1938). Victorian Critics of Democracy. The University of Minnesota Press. p. 257.
  23. ↑ পার্ক, চ্যাং সাপ (২০১৯)। "সংবাদ ব্যবহারের প্রভাবের উপর রাজনৈতিক আলোচনা এবং রাজনৈতিক কার্যক্ষমতার মধ্যস্থ ভূমিকা প্রকাশমূলক ও সম্মিলিত অংশগ্রহণে"। কমিউনিকেশন অ্যান্ড দ্য পাবলিক। ৪: ৩৫–৫২। ডিওআই:10.1177/2057047319829580।
  24. ↑ টুলক, গর্ডন (১৯৬৫)। "রাজনীতিতে প্রবেশের প্রতিবন্ধকতা"। দ্য আমেরিকান ইকনমিক রিভিউ। ৫৫ (১/২): ৪৫৮–৪৬৬। জেস্টোর 1816288।
  25. ↑ "Theocracy, n."। অক্সফোর্ড ইংরেজি অভিধান। ২০১৫। ২১ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫।
  26. ↑ নেদারল্যান্ডসে সালাফিবাদ: বৈচিত্র্য ও গতিশীলতা (পিডিএফ)। সাধারণ গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগ (এআইভিডি), জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সমন্বয়ক (এনসিটিভি)। ২০১৫। পৃ. ১২। ৫ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯।
  27. ↑ Tu, Hang (২৪ ফেব্রুয়ারি ২০২২)। "চেয়ারম্যান মাও দীর্ঘজীবী হোন! মৃত্যু, পুনরুত্থান এবং একটি বিপ্লবী নিদর্শনের গঠনে ও বিঘটনে"। The Journal of Asian Studies। ৮১ (৩): ৫০৭–৫২২। ডিওআই:10.1017/s0021911821002321।
  28. ↑ ফুকুয়ামা, ফ্রান্সিস (১৯৯৫)। "কনফুসীয়বাদ এবং গণতন্ত্র"। জার্নাল অব ডেমোক্রেসি। ৬ (২): ২০–৩৩। ডিওআই:10.1353/jod.1995.0029।
  29. ↑ টু, হ্যাং (২০২৫)। সেন্টিমেন্টাল রিপাবলিক: চীনা বুদ্ধিজীবী ও মাওবাদী অতীত। হার্ভার্ড ইউনিভার্সিটি এশিয়া সেন্টার। আইএসবিএন ৯৭৮০৬৭৪২৯৭৫৭৯।
  30. ↑ বাচুলস্কা, আলিসজা; লিওনার্ড, মার্ক; ওয়ার্টেল, ইয়াঙ্কা (২ জুলাই ২০২৪)। দ্য আইডিয়া অব চায়না: শক্তি, অগ্রগতি ও জনগণ নিয়ে চীনা চিন্তাবিদদের ভাবনা। বার্লিন, জার্মানি: ইউরোপীয় পররাষ্ট্র সম্পর্ক পরিষদ। আইএসবিএন ৯৭৮-১-৯১৬৬৮২-৪২-৯। ১৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৪।
  31. 1 2 3 হেইলমান, সেবাস্টিয়ান (২০১৮)। রেড সোয়ান: কীভাবে অপ্রচলিত নীতি প্রণয়ন চীনের উত্থানকে সহজতর করেছে। দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং প্রেস। ডিওআই:10.2307/j.ctv2n7q6b। আইএসবিএন ৯৭৮-৯৬২-৯৯৬-৮২৭-৪। জেস্টোর j.ctv2n7q6b।
  32. 1 2 3 4 ওয়াং, ঝংইউয়ান; পিকে, ফ্র্যাঙ্ক এন; হফম্যান, বার্ট (২০২২)। "চীনা বিশেষণযুক্ত গণতন্ত্র: সমগ্র-প্রক্রিয়াগত গণতন্ত্র এবং চীনের রাজনৈতিক বিকাশ"। সিপিসি ফিউচারস: চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের নতুন যুগ। সিঙ্গাপুর: ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর প্রেস। ডিওআই:10.56159/eai.52060। আইএসবিএন ৯৭৮-৯৮১-১৮-৫২০৬-০। ওসিএলসি 1354535847।
  33. ↑ Reybrouck 2016, পৃ. 133।
  34. ↑ Molloy, Sean (২০২১)। "সতর্কতার সঙ্গে এগোনো: গণতন্ত্রের নিরাপত্তা হিসেবে সানসেট ক্লজ?"। ২৩ ইউরোপীয় আইন সংস্কার। খণ্ড ২৩। পৃ. ১৪৭। ডিওআই:10.5553/EJLR/138723702021023002001।
  35. ↑ Davis, Lewis Anthony (১৯৮১)। "সানসেট আইন প্রণয়নে পর্যালোচনা পদ্ধতি ও জন জবাবদিহিতা: একটি বিশ্লেষণ ও সংস্কারের প্রস্তাব"। অ্যাডমিনিস্ট্রেটিভ ল রিভিউ। ৩৩ (৪)। আমেরিকান বার অ্যাসোসিয়েশন: ৩৯৩–৪১৩।
  36. ↑ Jacobs, Lawrence R. (১ ডিসেম্বর ২০০১)। "মন্তব্য: প্রবঞ্চক ও প্রবঞ্চনা: প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে জনমত"। Journal of Health Politics, Policy and Law। ২৬ (৬): ১৩৬১–১৩৭৪। ডিওআই:10.1215/03616878-26-6-1361। পিএমআইডি 11831584। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭।
  37. ↑ Gorton, William A. (২ জানুয়ারি ২০১৬)। "নাগরিকদের প্রভাবিতকরণ: রাজনৈতিক প্রচারণায় আচরণগত সমাজবিজ্ঞান ব্যবহারের মাধ্যমে গণতন্ত্রের ক্ষতি"। New Political Science। ৩৮: ৬১–৮০। ডিওআই:10.1080/07393148.2015.1125119।
  38. ↑ Pelke, Lars (২০২৩)। "গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কের পুনঃবিশ্লেষণ"। International Area Studies Review। ২৬ (৪): ৩৬১–৩৮৩। ডিওআই:10.1177/22338659231194945।
  39. ↑ "ইআইইউ-এর ২০২৪ সালের গণতন্ত্র সূচক: বৈশ্বিক গণতান্ত্রিক অবক্ষয়ের ধারা এবং কর্তৃত্ববাদী প্রবণতার প্রবলতা ২০২৪ সালেও অব্যাহত" (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৫।

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]