বিষয়বস্তুতে চলুন

কোণ্ডাপল্লি কোটেশ্বরাম্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোণ্ডাপল্লি কোটেশ্বরাম্মা
কোণ্ডাপল্লী কোটেশ্বরম্মা বিশাখাপত্তনমে নিজের বাসভবনে (২০১৫)।
জন্ম(১৯১৮-০৮-০৫)৫ আগস্ট ১৯১৮
পামারু, ভারত
মৃত্যু১৯ সেপ্টেম্বর ২০১৮(2018-09-19) (বয়স ১০০)
জাতীয়তাভারতীয়
কর্মজীবন১৯৩০ – ২০১৮
পরিচিতির কারণবিশিষ্ট কমিউনিস্ট

কোণ্ডাপল্লি কোটেশ্বরাম্মা (৫ই আগস্ট ১৯১৮ - ১৯শে সেপ্টেম্বর ২০১৮)[১] ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট নেত্রী, নারীবাদী, বিপ্লবী এবং লেখিকা।[২] বাল্যবিধবা হওয়ার পর, তিনি কোণ্ডাপল্লি সীতারামাইয়াকে পুনরায় বিয়ে করেন এবং অনেক সামাজিক বাধার সম্মুখীন হন। পরবর্তীতে, তিনি স্বাধীনতা সংগ্রামে সক্রিয় হন এবং দলের সাথে গোপনে কাজ শুরু করেন, এই সময় তিনি পরিবার ও সন্তানদের থেকে দূরে ছিলেন। জীবনের শেষ বছরগুলিতে, তিনি বিশাখাপত্তনমে তাঁর নাতনির বাড়িতে থাকতেন।[২]

শৈশব এবং প্রাথমিক জীবন

[সম্পাদনা]

কোটেশ্বরাম্মা অন্ধ্র প্রদেশের কৃষ্ণা জেলার পামারুর এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন।[৩] ৭ বছর বয়সে নিজের মামার সাথে তাঁর বিয়ে হয়, কিন্তু দুই বছরের মধ্যেই তাঁর মামা মারা যান, এবং তিনি বাল্যবিধবা হন।[৪] তিনি সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তাঁর নিজের শহর থেকে স্কুলে পড়াশোনা করেছেন। ১০ বছর বয়সে, তিনি বিভিন্ন সভা ও মণ্ডলীতে দেশাত্মবোধক গান গেয়ে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯ বছর বয়সে কোণ্ডাপল্লি সীতারামাইয়াকে পুনরায় বিবাহ করেন। প্রাথমিকভাবে, বিধবার পুনর্বিবাহ সমাজ কর্তৃক গৃহীত না হওয়ায় তিনি অনেক সামাজিক বাধার সম্মুখীন হন। বিয়ের পর, তিনি কয়েক বছর ধরে তাঁর স্বামীর সাথে জোন্নাপাডুতে ছিলেন। এই সময়ে, তিনি গুডিভাদায় কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করেছিলেন। বিজয়ওয়াড়ায় চলে আসার পর, তিনি বিভিন্ন সম্মেলনে যোগদান করেন এবং মহিলা সমিতির হয়ে কাজ করেন।[৫]

কাজ এবং পরবর্তী জীবন

[সম্পাদনা]

কোটেশ্বরাম্মা তাঁর স্বামী এবং পুচাপল্লি সুন্দরাইয়া প্রমুখের সাথে ভারতের কমিউনিস্ট পার্টির জন্য সক্রিয়ভাবে কাজ করেছিলেন। তিনি তেলেঙ্গানা বিদ্রোহে সক্রিয়ভাবে অবদান রেখেছিলেন। তিনি কয়েক বছর ধরে, পরিবার এবং সন্তানদের থেকে দূরে আত্মগোপনে থেকে (বন্দর, এলুরু, পুরী, রায়চুরে), দলের জন্য কাজ করেছিলেন। বিদ্রোহের পরপরই, কমিউনিস্ট পার্টি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে যান এবং সন্তান সহ নিজের ভরণপোষণের দায়িত্ব তাঁকেই নিতে হয়। ৩৫ বছর বয়সে, তিনি ম্যাট্রিকুলেশন পড়ার জন্য হায়দ্রাবাদে আসেন। গল্প লেখা এবং রেডিওতে অভিনয় করে অর্জিত সামান্য অর্থের মাধ্যমে তিনি সেই সময়ে সংসার চালিয়েছিলেন। এত সামান্য আয়ের পরও, তিনি প্রতি মাসে দলের (সিপিআই এবং সিপিআই(এম)) তহবিলে দশ টাকা করে পাঠাতেন। ম্যাট্রিকুলেশন শেষ করার পর, তিনি কাকিনাড়ার পলিটেকনিক কলেজে মেট্রন হিসেবে যোগদান করেন। তিনি কাকিনাড়ার সাহিত্য অনুষ্ঠানে অংশগ্রহণ শুরু করেন। পরে, তিনি রাজ্যের বিভিন্ন কলেজে কাজ করেন। তাঁর এক কন্যা করুণা, যিনি ডাক্তার, এবং এক পুত্র চন্দ্রশেখর ছিলেন। চন্দ্রশেখর ওয়ারাঙ্গলের রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছিলেন। তাঁদের দুজনেরই মৃত্যু হয়েছে অপ্রত্যাশিত পরিস্থিতিতে। এই বছরগুলিতে, তাঁর স্বামী ভারতে গণযুদ্ধ দল প্রতিষ্ঠা করেন এবং এর জন্য সক্রিয়ভাবে কাজ করেন। কিন্তু পরে তাঁকে তাঁর নিজের দল থেকে বহিষ্কার করা হয় এবং জেলে পাঠানো হয়। তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং ৮৭ বছর বয়সে তাঁর নাতনি সুধার (করুণার কন্যা) বাড়িতে মারা যান। কোটেশ্বরাম্মা কয়েক বছর বিজয়ওয়াড়ায় বসবাস করেন এবং পরে হায়দ্রাবাদের চন্দ্র রাজেশ্বরা রাও বৃদ্ধাশ্রমে চলে আসেন। জীবনের শেষ বছরগুলিতে, তিনি বিশাখাপত্তনমে তাঁর নাতনি সুধার বাড়িতে ফিরে এসেছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকদিন পর তাঁর অন্য নাতনি অনুরাধার বাড়িতে ফিরে আসেন, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[১][২][৬]

সাহিত্যকর্ম

[সম্পাদনা]

কোটেশ্বরাম্মা এখন পর্যন্ত বিভিন্ন বই, প্রবন্ধ এবং গান লিখেছেন। উল্লেখযোগ্যগুলির মধ্যে রয়েছে আম্মা চেপ্পিনা আইদু গেয়ালু (১৯৭২) (তেলুগু: అమ్మ చెప్పిన ఐదు గేయాలు), অশ্রু সমীক্ষানম (১৯৯১) তেলুগু: అశ్రు సమీక్షణం এবং সংঘমিত্রা কথালু (১৯৯১) (তেলুগু: సంఘమిత్ర కథలు)। তাঁর আত্মজীবনী নির্জন বারথি (২০১২) (তেলুগু: నిర్జన వారధి) হায়দ্রাবাদ বুক ট্রাস্ট দ্বারা প্রকাশিত হয়েছিল। এটি বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করা হয়েছিল, ইংরেজিতে এর নাম ছিল দ্য শার্প নাইফ অফ মেমোরি।[৭] কথানিলয়ম [te] -এ সম্পূর্ণ গ্রন্থপঞ্জি পাওয়া যাবে।[৮]

অন্যান্য

[সম্পাদনা]

কোটেশ্বরাম্মা সারা জীবন কমিউনিস্ট, নকশালবাড়ি, নারীবাদী, স্বাধীনতা এবং সংস্কারবাদী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে, তিনি তাঁর নাতনির সাথে বিশাখাপত্তনমে থাকতেন।[৯]

মৃত্যু

[সম্পাদনা]

২০১৮ সালের ১৯শে সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কোটেশ্বরাম্মা মারা যান, সম্ভবত ১০০ বছর বয়সে।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Revolutionary Communist leader Kondapalli Koteswaramma passes away"। The Times of India। ১৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮।
  2. 1 2 3 "తొలితరం కమ్యూనిస్ట్ నేత, కొండపల్లి సీతారామయ్య సతీమణి కన్నుమూత"। telugu.samayam.com (তেলুগু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৮।
  3. ↑ "Revolutionary leader, writer and feminist Kondapalli Koteswaramma passes away"। The Financial Express। ১৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৪।
  4. ↑ "కొండపల్లి కోటేశ్వరమ్మ: 'వందేళ్ల విలువల వంతెన'"। BBC News (তেলুগু ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৪।
  5. ↑ "Woman extraordinaire"। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  6. ↑ "Writer, activist, communist leader Kondapalli Koteswaramma dead"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৪।
  7. ↑ Sowmya, V.B.। "The sharp knife of memory, a memoir"। UCP। ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  8. ↑ "రచయిత: కొండపల్లి కోటేశ్వరమ్మ"।
  9. ↑ Nyayapati, Neeshita। "Koteswaramma's life was like her writings, honest and balanced"।
  10. ↑ "Writer, activist, communist leader Kondapalli Koteswaramma dead"। The New Indian Express। ২০ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৪।

সূত্র

[সম্পাদনা]
  • নির্জনা ভারাধি (আল. নির্জন সেতু) , কোণ্ডাপল্লী কোটেশ্বরাম্মার আত্মজীবনীমূলক স্মৃতিকথা।