কিঙ্করি দেবী
কিঙ্করি দেবী (৩০শে জানুয়ারী ১৯২৫ - ৩০শে ডিসেম্বর ২০০৭) ছিলেন একজন ভারতীয় কর্মী এবং পরিবেশবাদী, যিনি তাঁর জন্মস্থান হিমাচল প্রদেশে অবৈধ খনন এবং খননের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য সর্বাধিক পরিচিত। তিনি কখনই পড়তে বা লিখতে জানতেন না এবং মৃত্যুর কয়েক বছর আগে নিজের নাম স্বাক্ষর করতে শিখেছিলেন।[১]
তিনি তাঁর দরিদ্রাবস্থার জন্য অধিক পরিচিত ছিলেন। পরবর্তীতে, পাঞ্জাবি সংবাদপত্রে তাঁর জীবনযাত্রার অবস্থার বিবরণ পড়ার পর, হিমাচল প্রদেশের একটি মার্কিন-ভিত্তিক দাতব্য সংস্থা তাঁর সহায়তা করেছিল।[২]
শৈশবকাল
[সম্পাদনা]কিঙ্করি দেবী ১৯২৫ সালে সিরমৌর জেলার ঘাটন গ্রামে জন্মগ্রহণ করেন।[১][২] তাঁর বাবা ছিলেন দলিত বা অস্পৃশ্য বর্ণের একজন কৃষক, যিনি জীবিকা নির্বাহের জন্য কৃষিকার্য করতেন।[১] কিঙ্করি শৈশবকালে একজন ভৃত্য হিসেবে কাজ শুরু করেন এবং ১৪ বছর বয়সে দাস শ্রমিক শামু রামকে বিয়ে করেন।[১] রাম ২২ বছর বয়সে টাইফয়েড জ্বরে মারা যান।[১]
ঝাড়ুদার হিসেবে নতুন চাকরিতে কাজ করার সময়, কিঙ্করি দেবী লক্ষ্য করেন হিমাচল প্রদেশের পাহাড়ের কিছু অংশে বিশাল পাথর উত্তোলন চলছে, যা জল সরবরাহের ক্ষতি করছে এবং ধানক্ষেত ধ্বংস করছে।[১] সেই মুহুর্তে তিনি নিজেই খনির কাজ প্রতিরোধ করার সিদ্ধান্ত নেন।[১]
সক্রিয়তা
[সম্পাদনা]যখন কিঙ্করি দেবী [শিমলা] হাইকোর্টে ৪৮ জন খনি মালিকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন, তখন স্থানীয় স্বেচ্ছাসেবক গোষ্ঠী, পিপলস অ্যাকশন ফর পিপল ইন নিড, তাঁকে সমর্থন করে।[১] তিনি অভিযোগ করেন যে চুনাপাথর খনির ক্ষেত্রে খনি শ্রমিকরা বেপরোয়া আচরণ করছে, যদিও দলটি তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করে যে তিনি কেবল তাদের ব্ল্যাকমেল করছেন।[১]
তাঁর মামলার কার্যত কোনও সাড়া পাওয়া যায়নি, তাই তিনি আদালতের বাইরে ১৯ দিনের অনশন ধর্মঘট করেন।[১] যখন আদালত এই মামলাটি গ্রহণের সিদ্ধান্ত নেয়, তখন কিঙ্করি দেবী একজন জাতীয় পরিচিতি হয়ে ওঠেন।[১] ১৯৮৭ সালে আদালত খনির উপর স্থগিতাদেশ দেয় এবং তাঁর প্রিয় পাহাড়ে বিস্ফোরণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে।[১] খনি মালিকরা ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন, কিন্তু ১৯৯৫ সালের জুলাই মাসে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়।[১] তৎকালীন আমেরিকান ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং একই বছর তাঁকে বেইজিংয়ে আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়।[১] অনুষ্ঠানের শুরুতে তাঁকে প্রদীপ জ্বালাতে বলা হয়েছিল, এবং তিনি যে কারণে লড়াই করছেন এবং সাধারণ মানুষ কিভাবে এর ওপর প্রভাব ফেলতে পারে তা নিয়ে কথা বলতে বলা হয়েছিল।[১]
সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও, পাহাড় এবং বনাঞ্চলে অবৈধ খনন এখনও অব্যাহত রয়েছে, যদিও তা হ্রাস পেয়েছে।[১] পরিবেশবাদের পাশাপাশি, কিঙ্করি দেবীর আরেকটি প্রচেষ্টা ছিল সাংগ্রাহে একটি ডিগ্রি প্রদানকারী কলেজ প্রতিষ্ঠার জন্য প্রচারণা চালানো।[১] তিনি দাবি করেছিলেন যে যদিও এখন তাঁর পড়াশোনা করা হবেনা, তবুও তিনি চাননি যে "শিক্ষার অভাবে আমার মতো অন্যরাও কষ্ট পাক।"[১][৩]
মৃত্যু
[সম্পাদনা]কিঙ্করি দেবী ২০০৭ সালের ৩০শে ডিসেম্বর ভারতের চণ্ডীগড়ে ৮২ বছর বয়সে মারা যান।[১]
পুরস্কার
[সম্পাদনা]- ১৯৯৯ সালে, ভারত সরকার কিঙ্করি দেবীকে নারী শক্তি পুরস্কারে ভূষিত করে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 Pandya, Haresh (৬ জানুয়ারি ২০০৮)। "Kinkri Devi, 82, battled illegal mining in India"। International Herald Tribune। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০০৮।
- 1 2 3 "Kinkri Devi: Impoverished Dalit woman who became an unlikely celebrity after campaigning against mining in her home region"। The Times। ৩ জানুয়ারি ২০০৮। ২৫ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০০৮।
- ↑ "She Was Not Literate. Yet the Brave Kinkri Devi Educated the World about the Environment."। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৬।