কাহতাবা ইবনে শাবিব আল-তাঈ
কাহতাবা ইবনে শাবিব আল-তাঈ ( আরবি: قحطبة بن شبيب الطائي; মৃত্য: ২৭ আগস্ট, ৭৪৯) ছিলেন খোরাসানের একজন আব্বাসীয় অনুসারী, যিনি উমাইয়া খিলাফতের বিরুদ্ধে আব্বাসীয় বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেন। ৭৪৯ সালে তিনি নিজের বাহিনী নিয়ে কুফা দখলের সময় উমাইয়াদের সাথে যুদ্ধে নিহত হন। পরবর্তীতে তাঁর পুত্র হাসান ও হুমাইদ আব্বাসীয় খিলাফতের প্রাথমিক সময়ে অত্যন্ত প্রভাবশালী সামরিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
জীবনী
[সম্পাদনা]কাহতাবা ইবনে শাবিব বৃহত্তর খুরাসানের একজন আরব নেতা ছিলেন। তিনি তাঈ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি একসময় খোরাসান ত্যাগ করে মক্কায় গমন করেন। সেখানে হাশিমিয়া আন্দোলনের ইমাম ইবরাহিম ইবনে মুহাম্মদ তাকে খোরাসানে উমাইয়া-বিরোধী বিদ্রোহের একজন সামরিক নেতা হিসেবে নিয়োগ দেন। তাঁর এই নিয়োগটি আব্বাসীয় আন্দোলনের প্রধান নেতা আবু মুসলিম কর্তৃক অনুমোদিত হয়। ৭৪৮ সালের ফেব্রুয়ারিতে মার্ভ শহর আব্বাসীয়দের দখলে আসার পর কাহতাবাকে খুরাসানের শেষ উমাইয়া গভর্নর নাসর ইবনে সাইয়ারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। তিনি তার বাহিনী নিয়ে নিশাপুর দখল করেন, যেখানে নাসর আশ্রয় নিয়েছিলেন। এরপর ৭৪৮ সালের আগস্ট মাসে গুরগান শহরে প্রায় ১০,০০০ সৈন্যের একটি উমাইয়া বাহিনীকে পরাজিত করেন এবং পরবর্তীতে রায় শহর দখল করেন। সেখানে তিনি শীতকাল অতিবাহিত করেন।[১]
৭৪৯ সালের মার্চে তিনি ইস্পাহানের নিকটে আমর ইবনে দুবারা নেতৃত্বাধীন প্রায় ৫০,০০০ সৈন্য সম্বলিত একটি বৃহৎ উমাইয়া বাহিনীকে পরাজিত করে বিধ্বস্ত করেন। এরপর তিনি নাহাওয়ান্দ অভিমুখে রওনা হন এবং স্বল্প সময়ের অবরোধের পর নাহাওয়ান্দ শহরও তাঁর হাতে পতিত হয়। এরপর আব্বাসীয় বাহিনী ইরাকের দিকে অগ্রসর হতে শুরু করে। কাহতাবার বাহিনী দ্রুত কুফা নগরী দখলের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। কিন্তু পথে উমাইয়া গভর্নর ইয়াজিদ ইবনে হুবায়রার বাহিনীর মুখোমুখি হয়। তখন কাহতাবা এক রাতে আকস্মিক আক্রমণ চালিয়ে উমাইয়া বাহিনীর শিবিরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যার ফলে ইয়াজিদ ও তার সৈন্যরা ওয়াসিতের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এই যুদ্ধে কাহতাবা নিজেও নিহত হন। তার মৃত্যুর পর তার পুত্র আল-হাসান ইবনে কাহতাবা সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং ২ সেপ্টেম্বর তিনি কুফা দখল করেন। আল-হাসান ও তার ভাই হুমাইদ ইবনে কাহতাবা উভয় আব্বাসীয় শাসনের প্রাথমিক সময়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।[১]
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Hawting, G. R. (২০০০), The First Dynasty of Islam: The Umayyad Caliphate AD 661–750 (2nd Edition), Routledge, পৃ. ১১৫–১১৭, আইএসবিএন ০-৪১৫-২৪০৭২-৭
- Shaban, M. A. (১৯৭৯), The Abbasid Revolution, Cambridge University Press, পৃ. ১৬০–১৬১, আইএসবিএন ০-৫২১-২৯৫৩৪-৩
- Sharon, Moshe (১৯৭৮)। "Ḳaḥṭaba b. Shabib b. Khālid b. Ma'dān"। van Donzel, E.; Lewis, B.; Pellat, Ch.; Bosworth, C. E. (সম্পাদকগণ)। The Encyclopaedia of Islam, New Edition, Volume IV: Iran–Kha। Leiden: E. J. Brill। পৃ. ৪৪৫–৪৪৭।
{{বিশ্বকোষ উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|lastauthoramp=উপেক্ষা করা হয়েছে (|name-list-style=প্রস্তাবিত) (সাহায্য); অবৈধ|ref=harv(সাহায্য)
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 عبده, محمد। "قحطبة بن شبيب الطائي"। الموسوعة العربية (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৬।