কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর
![]() | |
| অবস্থান | কান্তনগর, কাহারোল, দিনাজপুর |
|---|---|
| স্থানাঙ্ক | ২৫°৪৭′২০″ উত্তর ৮৮°৩৯′৫৯″ পূর্ব / ২৫.৭৮৮৯৪৩১° উত্তর ৮৮.৬৬৬৩২৩৮° পূর্ব |
| ধরন | প্রত্নতাত্ত্বিক জাদুঘর |
| সংগ্রহ | কষ্টিপাথরের মূর্তি |
| সংগ্রহের আকার | ৩০০+ |
| প্রতিষ্ঠাতা | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
| মালিক | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। এটি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তনগরে অবস্থিত। এটি ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের সন্নিকটে স্থাপিত, যা অঞ্চলটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রদর্শনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও বিবেচিত। স্থানীয় এবং বহিরাগত দর্শনার্থীদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক জানার আগ্রহ পূরণ ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘরটি প্রতিষ্ঠা করে। এই জাদুঘরে স্থান পেয়েছে উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত কষ্টিপাথরের মূর্তিসহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন।[১]
অবস্থান
[সম্পাদনা]
জাদুঘরটির অবস্থান দিনাজপুর সদর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তরে এবং কাহারোল উপজেলা থেকে প্রায় ৭ কিলোমিটার (৪.৩ মাইল) দক্ষিণ-পূর্বে, ঢেপা নদীর তীরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পাশে।[২] মন্দির ও জাদুঘর অভিমুখে রয়েছে কান্তনগর সেতু এবং তেভাগা আন্দোলনের স্মরণে নির্মিত সিধু-কানু চত্বর।[৩]
ইতিহাস
[সম্পাদনা]কান্তজিউ মন্দিরের নান্দনিক টেরাকোটা অলংকরণ, জটিল নকশা এবং বৈচিত্র্যময় স্থাপত্যশৈলী দেশের অন্যতম শৈল্পিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এই অনন্য স্থাপত্যকীর্তি প্রত্যক্ষ করতে প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক কান্তনগরে আগমন করেন। মন্দিরের প্রাচীরজুড়ে খ্রিস্টপূর্ব ও মধ্যযুগীয় কাহিনি, পৌরাণিক দৃশ্য এবং সামাজিক জীবনের চিত্র তুলে ধরা হয়েছে যা দর্শনার্থীদের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের গভীর অনুধাবনে সহায়তা করে। এই অঞ্চল ঘিরে পর্যটকদের ক্রমবর্ধমান আগ্রহ এবং স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। এ জাদুঘরে স্থানীয় প্রত্নবস্তু, মূর্তি, প্রাচীন শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য এক সমৃদ্ধ জ্ঞানভান্ডার গড়ে তোলা হয়েছে। এই জাদুঘর কান্তজিউ মন্দিরের ঐতিহ্যগত গুরুত্বকে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[৩]
সংগ্রহ
[সম্পাদনা]জাদুঘরে মুঘল ও রাজা যুগের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে, যার মধ্যে অন্যতম হল কষ্টিপাথরে নির্মিত প্রায় ৩০০টির বেশি দেব-দেবীর মূর্তি। এগুলোর গড় উচ্চতা ১ ফুট থেকে শুরু করে ১০ ফুট পর্যন্ত এবং ওজন ৫ কেজি থেকে ৮৫০ কেজি পর্যন্ত হতে পারে।[২] এই মূর্তিগুলোর অধিকাংশই ভারতের রাজমহল পর্বতমালার পাথর দিয়ে তৈরি, যা ১২শ শতকের পর থেকে বিরল হয়ে উঠেছে।[৩] এসব মূর্তিতে হিন্দু দেব-দেবীদের চিত্রায়ন দেখা যায়।
এছাড়াও এখানে প্রাচীন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, বিভিন্ন যুগের ব্যবহার্য সামগ্রী, ভাস্কর্য এবং প্রত্ননিদর্শন সংরক্ষিত আছে,[৩] যা উত্তরবঙ্গের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাযুঘর"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 ইসলাম, রিয়াজুল (২৪ আগস্ট ২০২২)। "কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর"। দিনাজপুর: বাংলাদেশ প্রতিদিন। ২ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৫।
- 1 2 3 4 5 ইসলাম, রিয়াজুল (৫ নভেম্বর ২০২২)। "দৃষ্টিনন্দন কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর"। দিনাজপুর: বাংলাদেশ প্রতিদিন। ২ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৫।
