বিষয়বস্তুতে চলুন

কলাবতী দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলাবতী দেবী
২০২০ সালের মার্চ মাসে কলাবতী দেবী
জন্মআনুমানিক ১৯৬৫ (বয়স ৬০–৬১)
জাতীয়তাভারতীয়
পেশারাজমিস্ত্রি
পরিচিতির কারণ৪,০০০ শৌচাগার নির্মাণ
দাম্পত্য সঙ্গীজয়রাজ সিং
সন্তানদুই কন্যা

কলাবতী দেবী (জন্ম আনু. ১৯৬৫) একজন ভারতীয় রাজমিস্ত্রি যিনি কানপুরে একজন শৌচাগার নির্মাতা হিসেবে কাজ শুরু করেন। তিনি নিজের সম্প্রদায়ে ৫০ আসনের শৌচাগার স্থাপন করে নিজেদের অবস্থার রূপান্তর ঘটিয়েছিলেন এবং তারপর তিনি অন্যান্য সম্প্রদায়ে গিয়ে শৌচাগার নির্মাণ করেন। তিনি, বিশেষ করে নারী ও শিশুদের জন্য, ৪,০০০টি শৌচাগার নির্মাণে সাহায্য করেছেন। ২০১৯ সালে তিনি নারী শক্তি পুরস্কার (ভারতে মহিলাদের জন্য সর্বোচ্চ পুরস্কার) লাভ করেন।

কলাবতী দেবীর জন্ম ১৯৬০-এর দশকে এবং তাঁর জন্মস্থান সীতাপুর।[১] তিনি ১৪ বছর বয়সে কানপুরের জে কে মন্দিরের কাছে রাজা পূর্বায় এসেছিলেন, ১৮ বছর বয়সী জয়রাজ সিংকে বিয়ে করার জন্য। তাঁর স্বামী কাজ করতেন শ্রমিক ভারতী নামক একটি অলাভজনক গোষ্ঠীতে, তিনি মেঝে কাটার কাজ করতেন। [১]

তাঁরা রাজা পূর্বা কানপুরে থাকতেন এবং খোলা স্থানে লোকেদের মলত্যাগ দেখে তিনি বিরক্ত হতেন। তিনি বলেছিলেন যে এটি একটি "জীবন্ত নরক" এবং তিনি তাঁর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নত করতে চান।[২] তাঁর স্বামী তাঁকে সমর্থন করেছিলেন। যখন কলাবতী সিদ্ধান্ত নেন যে তিনি তাঁর এলাকায় শৌচাগার তৈরি করবেন, তখন জয়রাজ তাঁর সাথে শ্রমিক ভারতীতে দেখা করতে যান। তাঁরা ১০-২০ আসনের শৌচাগার তৈরির ধারণায় আগ্রহী ছিলেন। স্থানীয় কর্পোরেশনগুলির সাথে যোগাযোগ করা হয়েছিল এবং তারা প্রস্তাব করেছিল যে যদি তিনি ১০০,০০০ টাকা জোগাড় করতে পারেন তবে তারা ২০০,০০০ টাকা জোগাড় করে দেবে। কলাবতী দেবী চেষ্টা করে ভালো অঙ্কের টাকা জোগাড় করেছিলেন এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিষয়টির প্রতি তাঁর উৎসাহ ছিল। অবশেষে ৫০ আসনের শৌচাগার তৈরি হল।[১]

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ কলাবতী দেবীকে নারী শক্তি পুরস্কার প্রদান করছেন

কলাবতী দেবী তাঁর কাজের দিশা খুঁজে পেয়েছিলেন, কিন্তু তিনি তহবিল সংগ্রহ এবং সংগঠনের চেয়ে আরও বেশি কিছু করতে চেয়েছিলেন। তাই তিনি রাজমিস্ত্রি হওয়ার সিদ্ধান্ত নেন এবং শ্রমিক ভারতী তাঁর প্রশিক্ষণে সহায়তা করার জন্য তহবিল সংগ্রহ করে।[১]

তাঁর স্বামী এবং জামাই উভয়ই মারা যাওয়ার ফলে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যিনি তাঁর মেয়ে এবং দুই নাতি-নাতনির ভরণপোষণ করেছিলেন।[২] ২০১৫ সালে তিনি রাখি মাণ্ডির ঝুপড়িঘরে কাজ করছিলেন যেখানে ৭০০ পরিবারের জন্য একটিও শৌচাগার ছিলনা। কলাবতী দেবী সাহায্যের প্রস্তাব দেন এবং ওয়াটারএইডকে কিছু শৌচাগার তৈরির তহবিল সংগ্রহের জন্য রাজি করান। স্থানীয় সম্প্রদায় জমি বা অর্থ দিতে রাজি ছিল না কারণ তারা নিজেদের অবস্থায় খুশি ছিল এবং তারা আশঙ্কা করেছিল যে সাহায্যের প্রস্তাবের পিছনে অবশ্যই কোনও গোপন বিষয় আছে।[৩] খোলা নর্দমা, সেইসঙ্গে শিশু ও প্রাপ্তবয়স্কদের রাস্তায় মলত্যাগ করতে বাধ্য হওয়া এবং তার ওপর হামলা ও ধর্ষণের ঘটনা সত্ত্বেও তাদের ধারণা বদলায়নি।[১] তিনি শৌচাগার তৈরি করতে বেরিয়েছিলেন, তাঁকে কোন কোন দিন টানা বৃষ্টিতে ৫ কিমি হেঁটে যেতে হয়েছিল, দুটি করে বাস পালটে যেতে হয়েছিল।[১]

২০২০ সালে আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তি পুরস্কারপ্রাপ্তদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কলাবতী দেবী সামনে, অনেক বামে

২০২০ সালে আন্তর্জাতিক নারী দিবসে তিনি ভারতের প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টের দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী সাতজনকে "মহৎ সাত" নাম দিয়েছিলেন, যাঁরা সেদিন প্রধানমন্ত্রীর নামে টুইট করেছিলেন।[২] সাতজনকে টুইট করার জন্য বেছে নেওয়া হয়েছিল এবং পুরস্কারপ্রাপ্তরা হলেন পাদালা ভুদেবী, বীণা দেবী, আরিফা জান, চামি মুর্মু, নিলজা ওয়াংমো, রশ্মি উর্ধওয়ারেশে, মান কৌর, কৌশিকী চক্রবর্তী, অবনী চতুর্বেদী, ভাবনা কণ্ঠ, মোহনা সিং জিতারওয়াল, ভাগীরথী আম্মা, কার্ত্যায়নী আম্মা এবং কলাবতী দেবী।[৪] রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যখন তাঁকে বারোটি নারী শক্তি পুরস্কারের মধ্যে একটিতে ভূষিত করেন তখন তাঁর কাজ স্বীকৃতি পায়। আন্তর্জাতিক নারী দিবসে নতুন দিল্লিতে এই পুরস্কার প্রদান করা হয়েছিল।[২]

ইতিহাস

[সম্পাদনা]

কলাবতী দেবী একজন মহিলা রাজমিস্ত্রি হিসেবে শৌচাগার তৈরির জন্য এই পুরস্কার পেয়েছেন। আরেকজন মহিলা সুনীতা দেবী আগের বছর ঝাড়খণ্ডে তাঁর কাজের জন্য একই পুরস্কার পেয়েছিলেন।[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 "Meet Kalavati, The Mason With A Mission To Build Toilets In Her Village"। The Better India (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৭ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০।
  2. 1 2 3 4 "Meet the 7 women achievers who took over PM Modi's social media accounts on Women's Day: PM Modi's 'magnificent seven'"। The Economic Times। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০।
  3. ↑ Indian, The Logical (২৬ অক্টোবর ২০১৮)। "True Hero: Meet The Lady Mason Who Built 4000+ Toilets In Unsanitary Slums & Villages Of UP"। thelogicalindian.com (ইংরেজি ভাষায়)। ১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২০।
  4. ↑ ANI (৮ মার্চ ২০২০)। "President to present 'Nari Shakti Puraskar' to inspirational women"। Business Standard India। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০।
  5. ↑ "Award for woman who took up a trowel to turn mason"। www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০।