বিষয়বস্তুতে চলুন

ওড়িশা কারুশিল্প জাদুঘর

ওড়িশা কারুশিল্প জাদুঘর - কলাভূমি
ଓଡ଼ିଶା ହସ୍ତଶିଳ୍ପ ସଂଗ୍ରହାଳୟ
ওড়িশা কারুশিল্প জাদুঘরের প্রবেশদ্বার
মানচিত্র
স্থাপিত২০১৮
অবস্থানশিল্পী বিহার, পোখরিপুট, ভুবনেশ্বর, ভারত
স্থানাঙ্ক২০°১৫′০৬″ উত্তর ৮৫°৪৮′২৪″ পূর্ব / ২০.২৫১৬° উত্তর ৮৫.৮০৬৮° পূর্ব / 20.2516; 85.8068
মালিকওড়িশা সরকার
ওয়েবসাইটwww.odishacraftsmuseum.com

ওড়িশা কারুশিল্প জাদুঘর ভারতের ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত একটি জাদুঘর। এই জাদুঘরে ওড়িশার শিল্প ও কারুশিল্প প্রদর্শিত হয়। স্থপতি স্টুডিও এই জাদুঘরের ডিজাইন করেছে। এই জাদুঘরটি কলাভূমি নামেও পরিচিত।[] ২০১৮ সালের ২২ মার্চ এই জাদুঘরটির উদ্বোধন করেন তৎকালীন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক[] জাদুঘরটি মোট ১২.৬৮ একর এলাকা জুড়ে বিস্তৃত। জাদুঘরটিতে আটটি গ্যালারি, ওপেন এয়ার অ্যাম্ফিথিয়েটার, ওয়ার্কশপ এলাকা এবং স্যুভেনির শপ রয়েছে।

এই জাদুঘরটি ওড়িয়া কারিগরদের চিত্রাকর্ষক শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে তাদের বিভিন্ন কারুশিল্পের দিক তুলে ধরে। জাদুঘরটি ২টি ব্লকে বিভক্ত। একটি হলো প্রদর্শনী এলাকা এবং অন্যটি হলো লাইভ বিভাগ। প্রদর্শনী এলাকাটি ওড়িশা রাজ্যের বিভিন্ন হস্তশিল্প এবং তাঁত শিল্পের গ্যালারির দ্বারা সুন্দর রূপে প্রদর্শিত। অন্যদিকে লাইভ বিভাগটি একটি ওপেন এয়ার থিয়েটার এবং পৃথক কর্মশালা অঞ্চল নিয়ে সজ্জিত। কলাভূমি স্থানীয় কাঁচামাল যেমন ল্যাটেরাইট পাথর ব্যবহার করে নির্মিত। এই ল্যাটেরাইট পাথর এখনও রাজ্যের প্রাচীনতম কিছু স্মৃতিস্তম্ভে দেখা যায়।

বিভাগ

[সম্পাদনা]

জাদুঘরে দশটি গ্যালারি রয়েছে, যার মধ্যে আটটিতে স্থায়ীভাবে হস্তশিল্প এবং তাঁতের সংগ্রহ রয়েছে। হস্তশিল্প গ্যালারিগুলি টেরাকোটা, ঐতিহ্যবাহী চিত্রকর্ম, পাথর ও কাঠের খোদাই, ধাতু কারুশিল্প, প্রাকৃতিক কারুশিল্প এবং উপজাতীয় কারুশিল্প নিয়ে গঠিত। হস্তশিল্প গ্যালারিগুলিতে প্রাক-বয়ন কৌশল এবং রেশম ও তাঁতের কাঁচামাল প্রদর্শিত হয়। সরঞ্জামের পাশাপাশি সম্বলপুরী ইক্কত, কটকের তুসার সিল্ক, গঞ্জামের বোমকাই এবং কোটপাদের শাড়ির মতো বিভিন্ন জেলার ১১৪টি শাড়ির সম্ভার দেখা যায়। এই জাদুঘরের প্রদর্শনীতে থাকা বেশ কয়েকটি তাঁত এবং হস্তশিল্পের জিনিসপত্র ১০০ বছরেরও বেশি পুরনো। ওড়িশার নৃত্যশৈলীর জন্য নিবেদিত আরও একটি গ্যালারি বর্তমানে নির্মাণাধীন।[]

সময়সূচী

[সম্পাদনা]

ওড়িশা কারুশিল্প জাদুঘর প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত খোলা থাকে। স্বাধীনতা দিবস, দীপাবলি/কালী পূজা ইত্যাদির মতো নির্বাচিত জাতীয় ছুটির দিনে এটি বন্ধ থাকে। ওয়েবসাইটে অনুমোদিত ছুটির তালিকা রয়েছে। জাদুঘরে প্রবেশের জন্য প্রতি প্রাপ্তবয়স্ক দর্শনার্থীকে ৫০ টাকা, ছাত্রদের জন্য জনাপ্রতি ২০ টাকা প্রবেশ মূল্য দিতে হয়। ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ বিনামূল্যে।[]

অন্যান্য কার্যক্রম

[সম্পাদনা]

জাদুঘরটির পক্ষ থেকে নানা ধরনের পদযাত্রার আয়োজন করা হয়। এছাড়া রয়েছে মৃৎশিল্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনা। জাদুঘরটি প্রায়শই তালপাতার খোদাই, অ্যাপ্লিক, হস্তশিল্প বাজার, হস্তশিল্প কুইজ, হস্তশিল্প ব্যক্তিদের সাথে মিথস্ক্রিয়া, ওড়িয়া বস্ত্র ও শাড়ি প্রদর্শনের ফ্যাশন শো, লোক ও ধ্রুপদী নৃত্য পরিবেশনার পাশাপাশি আদিবাসী থিয়েটারের উপর হস্তশিল্প কর্মশালা আয়োজন করে থাকে।[]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mishra, Sweta। "Experience the essence of Odisha at Kala Bhoomi | OdishaSunTimes.com"odishasuntimes.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮
  2. "Museum to promote handicrafts"The Telegraph (ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮
  3. 1 2 "Kala Bhoomi Odisha Crafts Museum"www.museumsofindia.org। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫
  4. "Kala Bhoomi Odisha Crafts Museum, Pokhariput, Bhubaneswar, Odisha"orissatours.com। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫