বিষয়বস্তুতে চলুন

একপ্যাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একপ্যাট ইন্টারন্যাশানাল
প্রতিষ্ঠাকাল১৯৯০
ধরনএনজিও
উদ্দেশ্যশিশু সুরক্ষা
অবস্থান
এলাকাগত সেবা
বৈশ্বিক
মূল ব্যক্তিত্ব
গুইলিয়াম ল্যাণ্ড্রি (নির্বাহী পরিচালক)
ওয়েবসাইটecpat.org

একপ্যাট[] (ইংরেজি: End Child Prostitution in Asian Tourism) হল সুশীল সমাজের সংগঠনগুলির একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যারা শিশুদের যৌন শোষণ বন্ধ করার জন্য কাজ করে। এটি শিশুদের অনলাইন যৌন শোষণ, যৌন উদ্দেশ্যে শিশুদের পাচার, পতিতাবৃত্তিতে শিশুদের যৌন শোষণ, শিশুর বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ এবং ভ্রমণ ও পর্যটন শিল্পে শিশুদের যৌন শোষণ বন্ধ করার ওপর দৃষ্টি নিবদ্ধ ক'রে কাজ করে।

একপ্যাট আন্তর্জাতিক নেটওয়ার্কে ১০৪টি দেশের ১২২টি সদস্য সংস্থা রয়েছে।[] এর সচিবালয় থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত, যেটি সদস্য গোষ্ঠীগুলিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে, গবেষণা সমন্বয় করে এবং আন্তর্জাতিক প্রচার অভিযান পরিচালনা করে।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯০ সালে, গবেষক এবং কর্মীরা "যৌন পর্যটন" বন্ধ করার জন্য তিন বছরের প্রচারণা হিসেবে একপ্যাট (এশীয় পর্যটনে শিশু পতিতাবৃত্তির সমাপ্তির সংক্ষিপ্ত রূপ)[] প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন, যাঁদের কাজের প্রাথমিক লক্ষ্য ছিল এশিয়া।[] যেহেতু "শিশু পতিতাবৃত্তি" এবং "যৌন পর্যটন" শব্দগুলি আর এই খাতে ব্যবহৃত হয় না, তাই আজ এই সংস্থাটি তার নামের আদ্যক্ষরসমূহ একপ্যাট দ্বারা পরিচিত হয়।[] এদের মূল সমর্থকদের মধ্যে একটি ছিল দাসত্ববিরোধী আন্তর্জাতিক এবং তারা যুক্তরাজ্যে এর একটি শাখা স্থাপনে সহায়তা করেছিল।[]

১৯৯৬ সালে, ইউনিসেফ এবং এনজিও গ্রুপ ফর দ্য রাইটস অফ দ্য চাইল্ড (বর্তমানে চাইল্ড রাইটস কানেক্ট[] নামে পরিচিত) -এর সাথে অংশীদারিত্বে, একপ্যাট ইন্টারন্যাশনাল সুইডেনের স্টকহোমে শিশুদের যৌন শোষণের বিরুদ্ধে একটি বিশ্বব্যাপী বিশ্ব কংগ্রেসের যৌথ আয়োজন করে। এই কংগ্রেসের আয়োজনে ছিল সুইডেন সরকার, এই কারণে অন্যান্য সরকারের সমর্থন আকর্ষণে এবং অংশগ্রহণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফলস্বরূপ, একপ্যাট একটি আঞ্চলিক প্রচারণা থেকে একটি বিশ্বব্যাপী বেসরকারি সংস্থায় পরিণত হয়েছিল।[]

২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে, একপ্যাট, দ্য বডি শপ-এর সাথে অংশীদারিত্বে, শিশু ও কিশোরদের যৌন পাচার বন্ধ করুন[] প্রচারণা চালাতে সাহায্য করেছিল। এই প্রচারের মাধ্যমে তারা সরকারকে শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার রক্ষা করার জন্য এবং যৌন উদ্দেশ্যে পাচার থেকে তাদের রক্ষা করার আহ্বান জানিয়েছিল। বিশ্বব্যাপী ৭০ লক্ষেরও বেশি আর্জির স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল।সেটি বিশ্বজুড়ে সরকারি কর্মকর্তাদের কাছে এবং জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে উপস্থাপন করা হয়েছিল।

গবেষণা এবং মানবাধিকার প্রতিবেদন

[সম্পাদনা]
একপ্যাট নেটওয়ার্কের সাথে সংযুক্ত এক বা একাধিক প্রতিষ্ঠানের রাজ্য
  রাজ্যের একপ্যাট গোষ্ঠী(গুলি)
  নয়

একপ্যাট ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরণের গবেষণা এবং সংস্থান তৈরি করে। তার নেটওয়ার্ক সদস্যরা, অন্যান্য এনজিওগুলি, জাতিসংঘের সংস্থা এবং গবেষকেরা এগুলি ব্যবহার করে। সংস্থানগুলির মধ্যে রয়েছে নিয়মিত দেশীয় প্রতিবেদন, আঞ্চলিক প্রতিবেদন এবং শিশু যৌন শোষণের নির্দিষ্ট রূপ, যেমন ভ্রমণ ও পর্যটনে শিশুদের যৌন শোষণ,[] এবং শিশুদের অনলাইন যৌন শোষণ সম্পর্কিত গবেষণা।[১০]

একপ্যাট বিশ্বব্যাপী সরকারগুলির প্রতিশ্রুতি এবং শিশুদের যৌন শোষণ থেকে রক্ষা করার জন্য তাদের আইনি বাধ্যবাধকতাগুলি পর্যবেক্ষণ করার জন্য নিয়োগপ্রাপ্ত। একপ্যাট নিয়মিত দেশ পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি করে[১১] যা জেনেভায় জাতিসংঘের কাছে উপস্থাপন করা হয় এবং এরপর স্টকহোম এজেণ্ডা ফর অ্যাকশন (স্টকহোম, ১৯৯৬) সেগুলির বাস্তবায়ন অনুসরণ করে।

নেটওয়ার্ক সদস্যপদ

[সম্পাদনা]

একপ্যাট নেটওয়ার্কে বর্তমানে ৯৩টি দেশের ১০৪টি সদস্য সংস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাধীন নাগরিক সমাজ সংস্থা, তৃণমূল স্তরের এনজিও এবং শিশু অধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন এনজিওগুলির জোট।

ভ্রমণ ও পর্যটনে যৌন শোষণ থেকে শিশুদের সুরক্ষার জন্য আচরণবিধি

[সম্পাদনা]

দ্য কোড হল একগুচ্ছ ঐচ্ছিক মানদণ্ড। ভ্রমণ এবং পর্যটন ব্যবসায়ীরা ইচ্ছা করলে তাদের কার্যক্রমে শিশু-সুরক্ষা ব্যবস্থাগুলিকে একীভূত করতে এবং শিশুদের যৌন শোষণের উদ্দেশ্যে তাদের পরিষেবাগুলি ব্যবহার করা আটকাতে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে। শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের বিরুদ্ধে প্রথম বিশ্ব কংগ্রেসের পরে ১৯৯৬ সালে একপ্যাট সুইডেন এটি তৈরি করেছিল। এতে সহযোগিতা করেছিল জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) এবং বেশ কয়েকটি সুইডীয় ভ্রমণ সংস্থা। বর্তমানে এটি ব্যাংককে একপ্যাট ইন্টারন্যাশনাল দ্বারা আয়োজিত এবং বৃহত্তর একপ্যাট নেটওয়ার্কের মাধ্যমে প্রচারিত হয়।[১২][১৩]

কোডের সদস্যরা ছয়টি মূল পদক্ষেপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, যেগুলি হলো: শিশু-সুরক্ষা নীতি এবং পদ্ধতি গ্রহণ, কর্মীদের প্রশিক্ষণ দেওয়া- যার মধ্যে চুক্তি অনুযায়ী শিশু-সুরক্ষা ধারাও থাকে, ভ্রমণকারীদের কাছে তথ্য প্রদান করা, স্থানীয় গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে কাজ করা এবং বাস্তবায়নের বিষয়ে বার্ষিক প্রতিবেদন দেওয়া।[১২] এই উদ্যোগটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কে প্রসারিত হয়েছে; কোডের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে বিশ্বব্যাপী ৩০০ টিরও বেশি ভ্রমণ ও পর্যটন সংস্থা এর সদস্য, যার মধ্যে প্রধান প্রধান হোটেলগুলির শৃঙ্খল, বিমান সংস্থা, ভ্রমণ সংস্থা এবং ভ্রমণ ব্যবস্থাপনা সংস্থা রয়েছে।[১৪][১৫] হোটেল এবং অন্যান্য ভ্রমণ পরিবেশে পর্যটন শিল্প কিভাবে পাচার এবং যৌন শোষণ প্রতিরোধে সহায়তা করতে পারে সে সম্পর্কে আলোচনায় কোডটি প্রায়শই উদ্ধৃত করা হয়।[১৬]

উল্লেখযোগ্য স্বাক্ষরকারীদের মধ্যে বেশ কয়েকটি বৃহৎ আতিথেয়তা গোষ্ঠীর বরিষ্ঠ ব্যক্তিত্বরাও রয়েছেন। ২০১৬ সালে দ্য কোডের বাস্তবায়ন মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রসারণ করে অ্যাকরহোটেলস; ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষর অনুষ্ঠানে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের তৎকালীন সিইও ক্রিস্টোফ আলাক্স উপস্থিত ছিলেন। তার সঙ্গে আরও ছিলেন একপ্যাট-ইউএসএ এবং মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিরা।[১৭][১৮] ২০১২ সালে, রিউ হোটেলস অ্যাণ্ড রিসর্টসের সিইও কারমেন রিউ গ্রান ক্যানারিয়ায় একটি অনুষ্ঠানে কোম্পানির পক্ষে দ্য কোডে স্বাক্ষর করেন, যা পর্যটনে অপ্রাপ্তবয়স্কদের বাণিজ্যিক যৌন শোষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই হোটেল শৃঙ্খলের প্রতিশ্রুতিকে আনুষ্ঠানিকভাবে রূপ দেয়।[১৯][২০] হার্ড রক ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং সেমিনোল গেমিংয়ের সিইও জিম অ্যালেন, ২০২২ সালে হার্ড রকের পক্ষে একপ্যাট ট্যুরিজম শিশু-সুরক্ষা আচরণবিধিতে স্বাক্ষর করেন, যা কোম্পানির হোটেল এবং ক্যাসিনোতে পাচার বিরোধী উদ্যোগের অংশ।[২১][২২]

অনলাইনে শিশুদের সুরক্ষা দেওয়া

[সম্পাদনা]

একপ্যাট ইন্টারন্যাশনাল শিশুদের অনলাইন যৌন শোষণ রোধে ইন্টারপোলের মতো আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ করে। ইন্টারনেট গভর্নেন্স ফোরামের মাধ্যমে এরা অন্যান্য শিশু অধিকার সংস্থার সাথে জড়িত। এরা ভার্চুয়াল গ্লোবাল টাস্কফোর্স[২৩] এবং অনলাইনে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের বিরুদ্ধে ইউরোপীয় আর্থিক জোটের সদস্য। একপ্যাট আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের শিশু অনলাইন সুরক্ষা উদ্যোগেরও অংশ।[২৪] একপ্যাট ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইন্টারনেট হটলাইনস,[২৫] ইন্টারনেট ওয়াচ ফাউণ্ডেশন এবং চাইল্ড হেল্পলাইন ইন্টারন্যাশনালের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।[২৬]

একপ্যাট আন্তর্জাতিক ও আঞ্চলিক আইনি দলিল যেমন শিশু বিক্রয়, শিশু যৌনবৃত্তি এবং শিশু পর্নোগ্রাফি বিষয়ক ঐচ্ছিক প্রটোকল এবং যৌন শোষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে শিশুদের সুরক্ষা সম্পর্কিত কাউন্সিল অফ ইউরোপ কনভেনশন (ল্যানজারোট কনভেনশন) অনুমোদনের পক্ষে মত দেয়।

সমালোচনা

[সম্পাদনা]

সেস্টা/ফস্টা এবং মিথ্যা তথ্য ব্যবহার

[সম্পাদনা]

স্টপ এনেবেলিং সেক্স ট্রাফিকার্স অ্যাক্ট-এর জন্য তদবির ক'রে একপ্যাট-ইউএসএ সমালোচিত হয়েছে, ভক্সের মতানুযায়ী এটি "অনলাইন যৌনকর্ম রোধ" করার উদ্দেশ্যে তৈরি একটি আইন, একই সাথে তারা সম্মতিমূলক যৌনকর্মকে বিপদজনক করে তোলার অভিযোগ করেছে।[২৭] ১৯৯০ সালের তথ্য ব্যবহার করা প্রতিবেদনের ভিত্তিতে একপ্যাট-ইউএসএ দাবি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১,০০,০০০ শিশু বাণিজ্যিকভাবে যৌন শোষণের শিকার হচ্ছে। কিন্তু সমাজ বিজ্ঞানীরা এটিকে ভুল বলে সমালোচনা করেছেন। ওয়াশিংটন পোস্ট দাবি করেছে যে এই সংখ্যাটি "শূন্য থেকে উদ্ভূত এবং একটি বহুলাংশে অস্বীকৃত প্রতিবেদনের পুরনো তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।"[২৮] একপ্যাট-ইউএসএ নিস্মার্ট-এর একটি প্রতিবেদন উদ্ধৃত করে এই সংখ্যাটির ব্যবহারকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে, যেখানে দাবি করা হয়েছে যে প্রতি বছর ১৭ লক্ষ শিশুর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে এবং এটি তাদের সংখ্যার ন্যূনতম হিসেব। যদিও প্রতিবেদনে বলা হয়েছে যে ১৭ লক্ষ শিশুর মধ্যে মাত্র ১,৭০০ জন যৌন ব্যবসায় জড়িত ছিল এবং তিন-চতুর্থাংশেরও বেশি শিশু এক সপ্তাহেরও কম সময়ের মধ্যেই বাড়ি ফিরে এসেছিল, যার ফলে যৌন পাচারের সুযোগ খুব কমই ছিল।[২৯] একপ্যাট-ইউএসএ পরবর্তীতে "এই সংখ্যাটির ব্যবহার বন্ধ করতে" সম্মত হয়।[২৮]

সেস্টা-র বিরুদ্ধে সমালোচনার জবাবে একপ্যাট-ইউএসএ বলেছে আইনসম্মত যৌনকর্মীরা "সমাজের খুব ছোট একটি অংশ যারা সব কিছু জেনে বুঝে যৌনকর্মে প্রবেশ করে এবং সেখানে কোন জবরদস্তি থাকেনা"।[৩০] তবে, আইনটি কার্যকর হওয়ার পর থেকে, যৌনকর্মীরা সহিংসতা, হয়রানি এবং দালালির ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন হচ্ছে। যেসব অনলাইন সম্প্রদায় যৌনকর্মীদের সহায়তা প্রদান করে, যেমন আশ্রয় খুঁজে দেওয়া বা খাদ্যের ব্যবস্থা করা, সম্ভাব্য সহিংস ক্লায়েন্টদের সম্পর্কে সতর্কতা জারি করা এবং অধিকার প্রশিক্ষণ প্রদান করা, সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে যৌনকর্মীদের বিপদ বেড়েছে। অতীতে, কর্তৃপক্ষ পাচারকারীদের ট্র্যাক করার জন্য এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন এবং তারা আশঙ্কা করছেন যে সেগুলি বন্ধ করার ফলে পাচারকারীরা আত্মগোপন করতে পারছে।[৩১][৩২]

পুরস্কার

[সম্পাদনা]
  • ১৯৯৮ সালের মানবাধিকারের জন্য থোরল্ফ রাফটো স্মারক পুরস্কার
  • ২০১২ সালের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড
  • শিশুদের যৌন পাচার বন্ধ অভিযানের উদ্দেশ্যে এনজিওর অংশগ্রহণের জন্য ২০১২ সালের গোল্ড স্ট্যান্ডার্ড পুরস্কার
  • ২০১৩ সালের কনরাড এন. হিল্টন মানবিক পুরস্কার[৩৩]
  • ২০১৭ সালের ইন্টারপোল ক্রাইমস এগেইনস্ট চিলড্রেন অ্যাওয়ার্ড[৩৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Our history"ECPAT। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৪
  2. "ECPAT - End Child Prostitution in Asian Tourism"Knowledge for policy। European Commission। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১
  3. "Regional Overview of the Sexual Exploitation of Children in Southeast Asia" (পিডিএফ)
  4. "Home - Terminology Guidelines"Terminology Guidelines (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮
  5. "Our history"Anti-Slavery International। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০
  6. "members & partners | Child Rights Connect"www.childrightsconnect.org (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮
  7. "World Congress III"। Resources.ecpat.net। ২৮ নভেম্বর ২০০৮। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫
  8. "Stop Sex Trafficking | The Body Shop Australia"The Body Shop (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮
  9. "Global Report 2016 - globalstudysectt.org"globalstudysectt.org (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০১৫। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮
  10. "Towards a Global Indicator on Unidentified Victims in Online Sexual Exploitation - summary report" (পিডিএফ)। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮
  11. "Resources Archive - ECPAT International"ECPAT International (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮
  12. 1 2 "About – The Code"The Code। ECPAT International। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  13. Noten, Theo (৬ মার্চ ২০১৩)। "Combating the sexual exploitation of children in travel and tourism: Achievements and challenges" (PDF)Office of the United Nations High Commissioner for Human Rights। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  14. "Take Action – The Code"The Code। ECPAT International। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  15. "Announcing nominations of The Code Top Members 2025!"The Code। ECPAT International। ১০ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  16. Hetter, Katia (২৯ ফেব্রুয়ারি ২০১২)। "Fighting sex trafficking in hotels, one room at a time"CNN Travel। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  17. "2016 Annual Report" (PDF)ECPAT-USA। ECPAT-USA। ২০১৬। পৃ. ৫–। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  18. "AccorHotels Signs The Code in the U.S. to Combat Child Abuse and Trafficking"Accor Press Room। AccorHotels। ১ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  19. "Riu Hotels and Resorts signs The Code"The Code। ECPAT International। ১ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  20. "If you suspect any sexual exploitation of children in tourism, please report it immediately"RIU Blog। RIU Hotels & Resorts। ২৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  21. "Hard Rock pledges support for child-protection code"The Seminole Tribune। ১ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  22. "Hard Rock International Signs ECPAT Child-Protection Code To Help Prevent Human Trafficking"PACT। PACT / ECPAT-USA। ৩১ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  23. "Private Sector Partners"virtualglobaltaskforce.com। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫
  24. "Working Together"ITU। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫
  25. "ECPAT International and the INHOPE Foundation cooperate in the fight against child sexual abuse material"inhopefoundation.org। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫
  26. "CHI - Child Helpline International"। ২৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৪
  27. Romano, Aja (২ জুলাই ২০১৮)। "A new law intended to curb sex trafficking threatens the future of the internet as we know it" www.vox.com এর মাধ্যমে।
  28. 1 2 Kessler, Glenn (২ সেপ্টেম্বর ২০১৫)। "The fishy claim that '100,000 children' in the United States are in the sex trade"The Washington Post। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১
  29. "Sex Workers Are Protesting FOSTA/SESTA Across the Country"Vice। ৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১
  30. "Facts and Myths About SESTA"ECPAT-USA (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯
  31. Cohn, Scott (২৭ জুলাই ২০১৮)। "Online sex ads are disappearing due to anti-trafficking law, but is that a good thing?"CNBC (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯
  32. Lunau, Kate; Cole, Samantha (৩০ এপ্রিল ২০১৮)। "Pimps Are Preying on Sex Workers Pushed Off the Web Because of FOSTA-SESTA"Motherboard (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯
  33. Marc Moorghen। "ECPAT International Receives $1.5 Million Hilton Humanitarian Prize - Press release"hiltonfoundation.org। ২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫
  34. "Anti-trafficking group wins Interpol award for child sexual..."Reuters। ১৭ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]