উইকিস্কলার ২০২৬
উইকিস্কলার
"কৌতূহল থাকুক জীবন্ত, জ্ঞান হোক অফুরন্ত"
আয়োজক
উইকিমিডিয়া বাংলাদেশ
| স্বাগতম | নিয়মাবলী | পাঠ্যতালিকা | পুরষ্কার | আয়োজক | প্রাজিপ্র | সাহায্য |

উইকিস্কলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত একটি বার্ষিক কুইজ প্রতিযোগিতা। জ্ঞান মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ, আর মুক্ত জ্ঞানের চর্চা ও বিস্তার একটি প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে পরিচালিত করতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিশ্বাসকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে মুক্ত জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি, অনুসন্ধিৎসু মানসিকতার বিকাশ এবং জ্ঞানভিত্তিক সম্প্রদায় গঠনের লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ ২০২৬ সালে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে এই বিশেষ কুইজ প্রতিযোগিতা। তরুণ প্রজন্মকে মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে পরিচিত করা এবং ভবিষ্যতের জ্ঞান-নেতৃত্ব গঠনে উৎসাহিত করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
উদ্দেশ্য ও লক্ষ্য
উইকিস্কলার শুধুমাত্র একটি কুইজ প্রতিযোগিতা নয়; এটি তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানের প্রতি কৌতূহল জাগ্রত করার, মুক্ত জ্ঞানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাধীনভাবে জ্ঞান অনুসন্ধানের দক্ষতা বৃদ্ধির একটি উদ্যোগ। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রশ্নের উত্তর খুঁজবে না, বরং জানবে কিভাবে নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে জ্ঞান আহরণ করতে হয়, কিভাবে সেই জ্ঞান যাচাই করতে হয় এবং কিভাবে তা অন্যদের সাথে ভাগ করে নিতে হয়।
ডিজিটাল যুগে তথ্যের প্রাচুর্যের মধ্যে সঠিক, যাচাইযোগ্য ও নিরপেক্ষ জ্ঞান শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইকিস্কলার শিক্ষার্থীদের এই সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি সৃজনশীল চিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ এবং দলগত সমন্বয়ের দক্ষতা উন্নত করতেও সহায়তা করবে।
এই প্রতিযোগিতা কেবল পুরস্কার জেতার মাধ্যম নয়; বরং শেখার আনন্দ উপভোগ করা, নতুন জ্ঞান অর্জন এবং মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে পরিচিত হওয়ার একটি সুযোগ। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি অংশগ্রহণকারী বিজয়ী, কারণ তারা প্রত্যেকেই নতুন কিছু জানার ও শেখার সুযোগ পাবে।
উইকিমিডিয়া বাংলাদেশ বিশ্বাস করে যে আজকের এই তরুণ শিক্ষার্থীরাই ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উইকিস্কলার তাদের সেই যাত্রার একটি অর্থবহ সূচনা।
প্রতিযোগিতা
প্রতিযোগিতায় শুধুমাত্র মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
[প্রথম ধাপের অনলাইন পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য নিবন্ধনকারীদের ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।]
- বিস্তারিত জানতে দেখুন → উইকিস্কলার/নিয়মাবলী
পুরস্কার
বিজয়ীদের জন্য পুরস্কার, সনদপত্র ও উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে।
- বিস্তারিত জানতে দেখুন → উইকিস্কলার/পুরষ্কার
অংশগ্রহণ
ফর্ম পূরণের শেষ সময় ৩১ জানুয়ারি ৩ ফেব্রুয়ারি, ২০২৬
প্রথম সংস্করণে শুধুমাত্র নির্বাচিত বিদ্যালয়য়ের শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে ফর্ম পূরণের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। ভবিষ্যতে অংশগ্রহণের পরিধি সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
পাঠ্যতালিকা
বাংলা উইকিপিডিয়ার নির্দিষ্ট ১২ টি নিবন্ধ থেকে মূল্যায়ন পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) থাকবে।
- নিবন্ধ তালিকা দেখুন → উইকিস্কলার/পাঠ্যতালিকা
- প্রতিযোগিতার নিয়মাবলী দেখুন → উইকিস্কলার/নিয়মাবলী
সময়রেখা
| বিষয় | তারিখ | মন্তব্য |
|---|---|---|
| মক টেস্ট | রাত ৮ টা, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | পরীক্ষামূলক পরীক্ষা (ঐচ্ছিক) |
| প্রাথমিক রাউন্ডের পরীক্ষা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ 'ক' গ্রুপ: বিকেল ৪টা 'খ' গ্রুপ: রাত ৮টা | অনলাইনে অনুষ্ঠিত হবে |
| দ্বিতীয় রাউন্ডের পরীক্ষা | ফেব্রুয়ারির শেষ সপ্তাহ | নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে |
| আঞ্চলিক রাউন্ড | এপ্রিলের প্রথমার্ধ | ঢাকা ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে |