বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপত্রিকা/শ্রাবণ ১৪৩২/সাক্ষাৎকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""

File:Picture_of_nature_Faridpur_upozila,Pabna.jpg
রিফাত
সিসি-বাই-এসএ ৪.০
-105
410
সাক্ষাৎকার

কাজের গভীরতায় বিশ্বাস করি

প্রতি সংখ্যায় আমরা এমন একজনের সাক্ষাৎকার প্রকাশ করি যার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম নয়। এবার এমন একজন তরুণের সাক্ষাৎকার নিয়ে এসেছি যে কিনা সীমিত জ্ঞান সত্ত্বেও প্রযুক্তিগত বিষয়ে অবদান রাখার মাধ্যমে উইকিপিডিয়াকে উপকৃত করেছেন। এবার রিফাতের সাক্ষাৎকার টেলিগ্রামের মাধ্যমে গ্রহণ করেছেন আমাদের উইকিপত্রিকার সম্পাদক মেহেদী আবেদীন।

মেহেদী: আপনাকে সাক্ষাৎকারে স্বাগতম। কেমন আছেন এই মেঘাচ্ছন্ন দিনে? কেমন কাটছে দিনকাল?

রিফাত: আমি বৃষ্টি ভালোবাসি। তাই এই মেঘাচ্ছন্ন আকাশ আমার মনকে কিছুটা হলেও ভালো করে দিয়েছে। আর আমি ভালো আছি।

মেহেদী: বেশ। এবার আসল প্রশ্ন করা শুরু করি, আমার জানামতে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ে আপনি নিজের প্রচারবিমুখতার জন্য কম পরিচিত। তাই বিশদে নিজের পরিচয় পাঠকদের নিকট তুলে ধরুন।

রিফাত: আমি অনলাইনে "R1F4T" নামেই সক্রিয়। আমি বাংলা উইকিপিডিয়ায় মূলত টেমপ্লেট ও মডিউল স্থানীয়করণের কাজ করি। মূল নামস্থান বা অনুবাদের তুলনায় প্রযুক্তিগত দিক অর্থাৎ টেমপ্লেট ও মডিউল স্থানীয়করণে আমার আগ্রহ বেশি। পাশাপাশি আমি বাংলা উইকিপিডিয়ার প্রতিযোগিতাগুলোর পর্যালোচনায় অংশ নিই।

মেহেদী: আপনি উইকিপিডিয়ায় মোটামুটি সক্রিয় থাকলেও সম্প্রদায়ে বেশি পরিচিত নন। নিজের পরিচিতি বাড়ানোর জন্য চেষ্টা করেননি। এর কারণ কী?

রিফাত: আমি প্রচার বা সামনে আসার থেকে কাজের গভীরতায় বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে চাই না মানুষ আমাকে নাম দিয়ে চিনুক, বরং আমার কাজের ভেতর দিয়ে চিনুক এবং আমি চাই আমার কাজ দিয়েই আমাকে সবাই মনে রাখুক। এজন্য আমি নিজের প্রচার না করে বরং কাজের দিকেই মনোযোগ দিয়েছি। এবার আসল কথায় আসি, আসলে আমি একজন ইন্ট্রোভার্ট এবং সেই কারনেই আমি কিছুটা আড়ালে থাকতেই পছন্দ করি, এবং এ কারণেই আমার আসলে এখনো কোনো উইকি মিটআপ বা কোনো অফ উইকি ইভেন্টে অংশগ্রহণ করা হয়ে উঠেনি। যে কারণে অধিকাংশ ইউজার আমাকে চিনেন না বা আমিও তাদের সম্পর্কে জানিনা।

মেহেদী: আপনি মূলত উইকিপিডিয়ায় টেমপ্লেট ও মডিউলের কাজগুলো করে থাকেন। উইকিপিডিয়ায় অবদানের এত গুলো সুযোগ থাকার সত্ত্বেও এগুলো কেন করে থাকেন?

রিফাত: শুরুতে আমি নিবন্ধ সম্প্রসারণ ও অনুবাদ দিয়ে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু কিছুদিন পরই সেসব কাজে আগ্রহ হারাতে শুরু করি। পরে যখন টেমপ্লেট সম্পর্কে জানলাম, তখন আমি টেমপ্লেট জিনিসটি উইকিতে কিভাবে কাজ করে বোঝার চেষ্টা করলাম। একসময়ে আমি এতে আগ্রহ খুঁজে পাই, তারপর থেকেই আমি নিয়মিত বিভিন্ন টেমপ্লেট ও মডিউল হালনাগাদ এবং স্থানীয়করণের কাজ করে যাচ্ছি।

মেহেদী: লেখাপড়া ও বিভিন্ন কাজের চাপ মাথায় নিয়ে একইসাথে কিভাবে উইকিপিডিয়ায় স্বেচ্ছাসেবা চালিয়ে গেছেন?

রিফাত: আমি আসলে উইকিপিডিয়ায় মানসিক বিশ্রামের জন্যই অবদান রাখতাম। যখন পড়াশোনা শেষে একঘেয়েমি লাগত তখন আমি কিছু সময় উইকিতে কাটাতাম। এছাড়াও সারাদিনের ক্লাস শেষে যখন বাসায় বসে বিশ্রাম নিতাম সে সময়টাতেও আমি উইকিতে অবদান রাখতাম। আমি আমার পরীক্ষার সময়ে অবদান কিছুটা কমিয়ে দিই, কিন্তু একেবারে বন্ধ করে দেইনি।

মেহেদী: আপনি যে উইকিপিডিয়ায় এই দারুন কাজগুলো করে গেছেন আপনার মা-বাবাকে জানিয়েছিলেন? তাদের প্রতিক্রিয়া কেমন ছিল?

রিফাত: হ্যাঁ, জানিয়েছিলাম। তবে হয় উইকিপিডিয়ার বিষয়টি তারা বোঝেননি, নয় আমি বোঝাতে পারিনি। তবে প্রত্যক্ষ কোনো প্রতিক্রিয়া না পেলেও তারা এটুকু বুঝেছে যে আমি সময়টা কিছু একটা গঠনমূলক কাজেই ব্যয় করি।

মেহেদী: উইকিপিডিয়ায় আপনার সেরা কাজগুলো সম্পর্কে আমাদেরকে বলুন।

রিফাত: আমার ভালো কাজ তো আপনারাই বিচার করবেন। তবুও যদি বলতে হয় আমি বলব বিষয়শ্রেণী পরিভ্রমণ মডিউলের কথা। সেটা ছিল আমার ঠিক করা সবচেয়ে বড় মডিউলের একটি। এছাড়া কিছু মৌলিক টেমপ্লেট ও মডিউল তৈরি করেছি যেগুলো অবশ্য তেমন কাজে আসে না। এই কাজগুলোই আমি আমার সেরা অবদান বলে মনে করি।

মেহেদী: উইকিপিডিয়ায় কাজ করতে গিয়ে এমন কোনো সমস্যা দেখেছেন বা এমন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যেগুলোর সমাধান করা আসলেই জরুরি বলে আপনার কাছে মনে হয়েছে?

রিফাত: হ্যাঁ, কিছু সমস্যা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি। যেমন অনেক টেমপ্লেট বা মডিউল অন্যান্য ভাষার উইকিগুলোতে হালনাগাদ করা হলেও বাংলা সংস্করণে পুরোনো অবস্থায় পড়ে থাকে। এতে নতুন ফিচার বা ফরম্যাট বাংলা উইকিতে আসে না। এছাড়াও অনেক মডিউল আছে যেগুলো বাংলা উইকিতে আংশিক কাজ করে। পাশাপাশি প্রযুক্তিগত কাজে সহযোগিতা খুব কম। অনেক সময় একা একা কাজ করতে হয়, কোনো আলোচনা বা মতামত পাওয়া যায় না। এই বিষয়গুলোতে নিয়মিত সমন্বয় ও দলগতভাবে কাজ করার সুযোগ দরকার।

মেহেদী: বাংলা উইকিপিডিয়ায় প্রযুক্তিগত কাজের মানুষ কম, এই বিভাগে স্বেচ্ছাসেবকদের আকৃষ্ট করা যেতে পারে কিভাবে?

রিফাত: আমার মনে হয় প্রযুক্তিগত দিকটা অনেকের কাছেই জটিল মনে হয়, তাই অনেকেই আগ্রহী হলেও শুরু করতে সাহস পান না। এর একটা বড় কারণ বাংলা ভাষায় পর্যাপ্ত গাইড বা টিউটোরিয়াল না থাকা। যদি বাংলা ভাষায় সহজবোধ্য নির্দেশিকা তৈরি করা যায় আর নতুনদের জন্য নিয়মিত ওয়ার্কশপ বা মেন্টরিং চালু করা হয়, তাহলে আরও অনেকেই এই দিকটায় এগিয়ে আসবেন। এছাড়া ছোট ছোট কাজ ভাগ করে দিলে আগ্রহ তৈরি হয়। সব কাজ যে একা করতে হবে, তা নয়।

মেহেদী: আপনার চলমান বা সাম্প্রতিক কাজ সম্পর্কে আমাদের জানান। সেগুলো সম্পন্ন হলে কি লাভ হবে?

রিফাত: বর্তমানে আমি উদ্ধৃতি মডিউল হালনাগাদ এবং স্থানীয়করণের কাজ করছি। এর ফলে বাংলা উইকিপিডিয়ায় যেকোনো উদ্ধৃতি আরও শুদ্ধভাবে, নির্দিষ্ট শৈলীতে এবং ব্যবহারকারী বান্ধব উপায়ে প্রদর্শিত হবে। অনেক ভুল ফরম্যাটিং বা ত্রুটিপূর্ণ রেফারেন্সের সমস্যাও কমে যাবে। এক কথায়, তথ্যসূত্র প্রদর্শনের মান বাড়বে।

মেহেদী: সামনে স্বেচ্ছাসেবার এই কাজ আরও এগিয়ে নিয়ে যেতে চান নাকি সমাপ্ত করার পরিকল্পনা আছে?

রিফাত: এখনই থেমে যাওয়ার কোনো পরিকল্পনা করিনি। আমি যতটুকু সময় দিতে পারি, তা দিয়ে চালিয়ে যেতে চাই। এবং উইকির মান উন্নয়নে অবদান চালিয়ে যেতে চাই।

মেহেদী: পাঠকদের উদ্দেশ্যে কিছু বলে যান।

রিফাত: আমি বলব, যারা সময়কে অর্থবহ করতে চান তাদের জন্য উইকিপিডিয়া দারুণ এক জায়গা। আপনি চাইলে শুধু লেখক না হয়ে প্রযুক্তি, নীতিমালা, পর্যালোচনা, ছবি, এমনকি ছোটখাটো টুল নিয়েও অবদান রাখতে পারেন। শুরুটা কঠিন মনে হলেও একবার ঢুকে গেলে এই মুক্ত জ্ঞানের ভাণ্ডারে অবদান রাখাটা নিজের কাছেই গর্বের মনে হবে।