বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপত্রিকা/শ্রাবণ ১৪৩২/সম্পাদকের মতামত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""

File:Wikibooks-wordmark-bn.svg
ঐশিক রেহমান
সিসি-বাই-এসএ ৪.০
100
300
সম্পাদকের মতামত

উইকিবইয়ে আমার অভিজ্ঞতা

প্রকল্পের নাম উইকিবই, কিন্তু সেটা কি প্রকৃত অর্থে বইয়ের উদ্দেশ্য পূরণ করতে পারছে? কারণ উইকিবইয়ের ওয়েবপেজে বইগুলোকে দেখতে ভিন্নরকম লাগে। এখানে বইগুলোর কোন প্রচ্ছদ নেই। বইয়ের মতো পৃষ্ঠা সংখ্যা ব্যবহার করা হয়না। তবে খেয়াল করে দেখেছি যে বইয়ের অনেক বৈশিষ্ট্য উইকিবইয়ে আছে।

এই তো কিছুদিন আগের কথা, মেসেঞ্জারে হটাৎ মেসেজ করলো এমএস ছাকিব। মে মাসে শুরু হয়েছিল বাংলা উইকিবইয়ে একটি প্রতিযোগিতা। আমি সেই প্রতিযোগিতায় তখন যোগ দেইনি। এর কারণ হচ্ছে প্রকল্পটি আমার কাছে সম্পূর্ণ অচেনা ছিল। আমার মনে পড়ে যে ২০২৪ সালে বাংলা উইকিসম্মেলনে কেউ একজন প্রশ্ন তুলেছিল যে উইকিবই কী বন্ধ হয়ে যাবে? তখনই প্রথমবারের মতো উইকিবইয়ের নাম শুনেছিলাম৷ এর আগে যে এই নামে উইকিমিডিয়ার কোনো প্রকল্প আছে জানতাম না। তখন আলোচনা থেকে যা বুঝতে পেরেছিলাম তা হচ্ছে বাংলা উইকিবইয়ে স্বেচ্ছাসেবকের সংখ্যা খুবই কম। যাই হোক, ছাকিবের প্রসঙ্গে আসি। ছাকিব বেশ কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হয়েছে। আমরা দুজন উইকিসংযোগে কাজও করেছি। তো মেসেজ করে ছাকিব আমাকে বললো উইকিবইয়ের প্রতিযোগিতার পর্যালোচক হতে। আমি তখন বলেছিলাম “উইকিবইয়ে কিভাবে পর্যালোচনা করতে হয় ধারণা নেই। এই প্রকল্প আমার কাছে নতুন।” তখন ছাকিবের উত্তর ছিল “সবচেয়ে সহজ প্রকল্প এটাই।” তখন ফাউন্টেনে দেখিয়েছিল যে ৯৯৬টি পাতা পর্যালোচনার জন্য বাকি আছে। কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলাম যে আমি উইকিবই লিখন প্রতিযোগিতার পর্যালোচক হবো। তারপর হয়ে গেলাম প্রতিযোগিতার পর্যালোচক৷ এই প্রবন্ধে আমি প্রতিযোগিতায় পর্যালোচনা করতে গিয়ে উইকিবই সম্পর্কে যা দেখেছি, যা জেনেছি আর যা বুঝেছি সেগুলো তুলে ধরবো।

তো আমি যখন পর্যালোচক হলাম (সম্ভবত ১৫ জুন) তখন প্রতিযোগিতার সময় শেষ হয়ে গেছে। ৯৯৬টি পাতা পর্যালোচনা করা বাকি। পর্যালোচনার স্বার্থে আমাকে উইকিবই সম্পর্কে জানতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে, বুঝতে হয়েছে। ৭ জুলাইয়ের আগে আমাদের ৮ পর্যালোচকের দায়িত্ব শেষ হয়েছে। মোট পাতার ১১.৩৮% পর্যালোচনা করেছি। কিন্তু এর পাশাপাশি উইকিবই সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছি তার মূল্য অনেক। প্রথমেই আমার মনে যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে এই প্রকল্পের কাজ আসলে কী? পর্যালোচনার সময় আমি এর একটি স্পষ্ট উত্তর পেয়ে গিয়েছিলাম। প্রতিযোগিতায় অনেকে জমা দিয়েছিল বিভিন্ন দেশের ইতিহাসের বই, আবার অনেকে জমা দিয়েছিল বিভিন্ন লোভনীয় খাবারের রেসিপি। কাউকে কাউকে ক্যারিয়ার সম্পর্কিত বই লিখতে দেখেছি। কেউ আবার বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর বই লিখে জমা দিয়েছিল। এসব দেখে আমি যা বুঝতে পারলাম তা হচ্ছে উইকিবইয়ে আমরা স্বেচ্ছাসেবকদের লেখা অনলাইন বই পেতে পারি, এসব অনলাইন বই পড়ে পাঠক অনেক কিছু শিখতে পারেন।

কিন্তু পাশাপাশি আমার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছিল। প্রতিযোগিতায় অনেকে ইংরেজি উইকিবইয়ের পাতা অনুবাদ করে জমা দিয়েছিল। আবার কেউ কেউ নিজের বই লিখে জমা দিয়েছিল। আবার অনেক নিজের লেখা বই জমা দেয়। কিছু বইয়ে উইকিপিডিয়া থেকে লেখা তুলে ধরা হয়েছিল। কিছু বইয়ে তথ্যসূত্রের ব্যবহার দেখতে পেয়েছি। এসব দেখে মনে প্রশ্ন এসেছিল যে অন্যান্য প্রকল্পগুলো ও উইকিবইয়ের মধ্যে পার্থক্য কী? অনেক পাতা পর্যালোচনার পর আমি যা বুঝতে পারলাম যে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পের মাঝে মিল থাকা স্বাভাবিক। তবে উইকিবই অন্যান্য সকল প্রকল্প থেকে আলাদা কারণ এটি আসলে পূর্ণাঙ্গ অর্থে বইয়ের ভাণ্ডার। উইকিপিডিয়া ইতিহাস তুলে ধরলেও নিজস্ব কোন পর্যালোচনা বা বিশ্লেষণ তুলে ধরতে পারেনা। উইকিপিডিয়া ইতিহাস তুলে ধরেনা বরং তা বিশ্বকোষীয় দৃষ্টিকোণ থেকে পরিবেশন করে। অন্যদিকে উইকিবইয়ে সূত্র উদ্ধৃত করে ইতিহাস বিশদে বর্ণনা করার সুযোগ আছে, পাশাপাশি লেখক এখানে ইতিহাস নিয়ে নিজের মতামত ও বিশ্লেষণ প্রকাশ করতে পারেন। উইকিসংকলনে ইতোমধ্যে প্রকাশিত পাবলিক ডোমেইন ভুক্ত বই রাখা হয়, অন্যদিকে উইকিবইয়ে স্বেচ্ছাসেবকরা মুক্ত লাইসেন্সে বই রচনা করে থাকে। এসব দিক দিয়ে বিশ্লেষণ করলে প্রমাণিত হয় যে উইকিবই আসলেই আলাদা।

কিন্তু তবুও কিছু প্রশ্ন থেকে যায়। প্রকল্পের নাম উইকিবই, কিন্তু সেটা কি প্রকৃত অর্থে বইয়ের উদ্দেশ্য পূরণ করতে পারছে? কারণ উইকিবইয়ের ওয়েবপেজে বইগুলোকে দেখতে ভিন্নরকম লাগে। এখানে বইগুলোর কোন প্রচ্ছদ নেই। বইয়ের মতো পৃষ্ঠা সংখ্যা ব্যবহার করা হয়না। তবে খেয়াল করে দেখেছি যে বইয়ের অনেক বৈশিষ্ট্য উইকিবইয়ে আছে। যেমন উইকিবইয়ের কিছু বইতে আপনি গ্লোসারি পাবেন, সূচিপত্র পাবেন। লেখাগুলো উইকিপিডিয়ার মতো বিশ্বকোষীয় ধাঁচে নয় বরং বইয়ের ভাষায় লেখা থাকে। বইয়ের উদ্দেশ্য আমার মতে পাঠকের পড়ার চাহিদা পূরণ করা। আমরা এই যুগের কিন্ডেলের অনলাইন বই সম্পর্কে জানি। এটা অনেকটা বইয়ের মতো হলেও পুরোপুরি কাগুজে বই নয়। যুগ বদলায়, আর যুগের সাথে সাথে আমাদের পরিচিত অনেক কিছু পরিবর্তন হয়। উইকিবই একবিংশ শতাব্দীর একটি উদ্যোগ, সেই হিসেবে পার্থক্য থাকতেই পারে। তার মানে এই নয় যে সেটা ভিন্ন কিছু হয়ে গেছে। মঞ্চনাটকের চাহিদা বর্তমান যুগে ওয়েব সিরিজ পূরণ করছে। কিন্তু দুটোর মাঝে যে মিল সেটা রয়ে গেছে। যেভাবে মঞ্চনাটকের প্রয়োজন ওয়েব সিরিজ পূরণ করছে সেভাবে কাগুজে বই ও অনলাইন বইয়ের প্রয়োজন উইকিবই পূরণ করতে পারে। পাশাপাশি যেহেতু উইকিবই বিনামূল্যে সেবা প্রদান করে, সেহেতু আমার মনে হয় এটি মানুষের চাহিদা পূরণে অনেক বড় ভূমিকা রাখতে পারে।

উইকিবইয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে যা বুঝেছি তা হচ্ছে এখানে অবদান রাখা সহজ। একই কথা আমাকে ছাকিবও বলেছিল। উইকিপিডিয়ায় আপনাকে অনেক ভেবেচিন্তে সূত্র যোগাড় করে লাইন বাই লাইন উদ্ধৃত করে একাধিক অনুচ্ছেদ বানিয়ে বিশ্বকোষীয় ধাঁচে লিখে একটি পাতা প্রকাশ করতে হয়। পাশাপাশি ছবি আর তথ্যছকও মাঝেমধ্যে রাখতে হয়। একটি সামান্য পাতা উইকিপিডিয়ায় লিখতে অনেক সময় লাগে। সেই তুলনায় উইকিবইয়ে কষ্ট কম, এখানে আপনাকে বইয়ের মতো করে একেকটি পাতা বানিয়ে শেষে তথ্যসূত্রের জন্য একটি পৃথক পাতা বানিয়ে সেখানে সূত্রগুলো সরাসরি লিখে দিলেই চলবে। ঘষামাজা অবশ্য করতে হবে, তবে সেটা উইকিপিডিয়ার তুলনায় কিছুই না। বই লিখতে কষ্টসাধ্য মনে হলে যেসব বই আছে সেগুলো উন্নয়ন ও সংশোধনের কাজও করা যায়। একটি বড় সুবিধা হচ্ছে আপনি উইকিবইয়ে নিজের শিক্ষা বা অভিজ্ঞতাকে বইয়ে প্রকাশ করতে পারবেন। যেমন ধরুন আপনি একজন ফটোগ্রাফার। আপনি নিজের ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোড করে অবদান রাখেন। তার পাশাপাশি উইকিপিডিয়ায় ছবিগুলো ব্যবহার করে থাকেন। ধরুন আপনি নিজের ফটোগ্রাফির অভিজ্ঞতা শেখাতে চাইছেন। কিন্তু উইকিপিডিয়ার মাধ্যমে তা সম্ভব না, সেখানে আপনি সর্বোচ্চ হলে ফটোগ্রাফি সংক্রান্ত যেকোনো তথ্য প্রাসঙ্গিক নিবন্ধে উদ্ধৃত সূত্র সহ দিতে পারবেন। কিন্তু উইকিবইয়ে আপনার জন্য খুলে যাবে অপার সম্ভাবনার দুয়ার। এখানে আপনি ফটোগ্রাফির উপর নিজেই একটা বই লিখে ফেলতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সূত্র ব্যবহার করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে উইকিবইয়ে শুধুই সূত্রের উপর নির্ভরশীল হতে হবেনা।

কিন্তু সম্ভাবনাময় এই প্রকল্পের অনেক সীমাবদ্ধতা ও সমস্যা আছে। প্রথমত এই প্রকল্প সম্পর্কে অনেকের কোনো ধারণা নেই। একটি প্রকল্পের জীবন হচ্ছে তার স্বেচ্ছাসেবক। উইকিপিডিয়া ঠিক এর জন্যই সফল হয়েছে৷ কিন্তু উইকিবইয়ে তেমন কোনো স্বেচ্ছাসেবক নেই। এর কারণ হচ্ছে আমরা অনেকেই উইকিবইয়ের সাথে উইকিপিডিয়া বা উইকিসংকলনের পার্থক্য করতে পারছিনা। পাশাপাশি উইকিবইয়ে স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের এমন লোকবল দরকার যারা একটি নিবন্ধ নয় বরং একটি বই লেখার মানসিকতা রাখে। এমন মানুষ পাওয়া দুষ্কর। বর্তমানে বাংলা ভাষাভাষীদের মাঝে বই লেখার মানসিকতা বা ইচ্ছাশক্তি আছে এমন লোকজন খুব একটা নেই। বই লেখা দীর্ঘমেয়াদী কাজ, অন্যদিকে নিবন্ধ লেখা স্বল্পমেয়াদী কাজ। তাই অনেকে হয়তো নিবন্ধ লেখাকেই আকর্ষণীয় ভাববেন। তাছাড়া বই লেখার একটি সুনির্দিষ্ট ধরন আছে। যেখানে একটি বিরাট জনগোষ্ঠী এখনো উইকিপিডিয়ার নীতিমালা বুঝে নিবন্ধে সম্পাদনা করার দক্ষতা অর্জন করতে পারেনি সেখানে সেই একই জনগোষ্ঠী বই লেখার মতো দীর্ঘমেয়াদী কাজে দক্ষতা অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করিনা। এসব ছাড়াও একটি প্রকল্পকে সচল ও সফল করার জন্য এমন স্বেচ্ছাসেবক দরকার যাদের প্রকল্পে কাজ করার দক্ষতা রয়েছে। যেমন উইকিপিডিয়ায় যেসব নিয়মিত স্বেচ্ছাসেবক ও প্রশাসক আছেন তাদের নীতিমালার মেনে একটি উন্নতমানের নিবন্ধ লেখার দক্ষতা রয়েছে। কিন্তু উইকিবইয়ে প্রশাসক সহ যারা নিয়মিত আছেন তারা কয়টি কাগুজে বই প্রকাশ করেছেন কিংবা তাদের বই লেখার দক্ষতা কতটুকু আছে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। অবশ্য কেউ কেউ বলতে পারেন যে একটি প্রকল্প শূন্য থেকে শুরু করতে গেলে প্রথমে আনাড়ি লোকজন থাকা অস্বাভাবিক নয়। হ্যাঁ, এটা আমিও মানি। বাংলা উইকিপিডিয়ায় প্রথমদিকে যারা ছিলেন তারা বর্তমান প্রজন্মের উইকিপিডিয়ানদের মতো এতটা দক্ষ ছিলেন না। কিন্তু তারা অনেক পরিশ্রমী ছিলেন। এখন সেই প্রথম প্রজন্মের উইকিপিডিয়ানদের সাথে তুলনা করতে গেলে প্রশ্ন চলে আসবে যে বাংলা উইকিবইয়ে যারা মোটামুটি সময় ধরে আছেন তারা সক্রিয়ভাবে কতটুকু অবদান রেখেছেন বা বই লেখার মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন? এখানে আমার উদ্দেশ্য উইকিবইয়ের সম্প্রদায়কে দায়ী করা নয়, আমি আসলে বুঝাতে চাইছি যে একটি ছোট ও নিষ্ক্রিয় প্রকল্পও সক্রিয় হতে পারে যদি তার সম্প্রদায় নিয়মিত অবদানের মাধ্যমে প্রকল্পকে সমৃদ্ধ ও নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। এর জন্য প্রয়োজন লক্ষ্যের সাথে ত্যাগ ও পরিশ্রম। বাংলা উইকিপিডিয়া এভাবেই আজ সফল হয়েছে।

আমার অভিজ্ঞতা বলে যে বাংলা উইকিবইয়ের একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে। আমার মতে একদল পরিশ্রমী সম্প্রদায় যদি উইকিবইয়ের জন্য তৈরি করা যায় তাহলে এটি নিঃসন্দেহে একটি সফল প্রকল্প হয়ে উঠবে।