বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপত্রিকা/শ্রাবণ ১৪৩২/সম্পাদকীয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""

File:উইকিপত্রিকা-সম্পাদক.png
কৃষক
সিসি-বাই-এসএ ৪.০
300
সম্পাদকীয়

উইকিপত্রিকা কি তবে এখানেই থেমে যাবে?

এই লেখাটা শুরু ও শেষদিকটা লিখেছিলাম মাসের শুরুর দিকে। আজকে আবার কলম ধরতে হলো, একে পূর্ণতা দিতে। কিন্তু আজ আমার একদমই লিখতে মন চাইছে না। কলম যেন চলতেই চাইছে না। মাইলস্টোনের বিভীষিকাময় ঘটনা এখনও চোখের সামনে ঘুরছে; বিমান, আগুন, নির্দোষ শিশুদের কান্না, ভাঙা দেয়াল, ছিন্নবিচ্ছিন্ন খাতা-কলম আর শোকবিহ্বল পরিবারগুলো যেন আমার শব্দদের স্তব্ধ করে রেখেছে। কিন্তু কীইবা করার আছে? তাদের জন্য একস্তুপ শোক প্রকাশ করা, দুঃখিত হওয়া, রাতের ঘুম হারাম করা; আর কীইবা করতে পারি? এই পরিস্থিতিতে উইকিপত্রিকার লেখা শেষ করাও আমার কাছে নেহাত কঠিন মনে হচ্ছিল। তবুও দায়িত্ববোধ থেকে কিছুটা দায়সারাভাবেই কাজটা শেষ করলাম। মাঝখানের কিছু লাইন বেমিল লাগলে আশা করছি পাঠক বিষয়টাকে মানিয়ে নিবেন।

উইকিপত্রিকা শুরু হয়েছিল উইকিপিডিয়ানদের কণ্ঠস্বর হিসেবে। উইকিপিডিয়ানরা উইকি প্রকল্পগুলিকে নিয়ে যা চিন্তা করেন, সেটা স্থায়িত্ব করাই ছিল মূল লক্ষ্য। আরও কিছু প্রাসঙ্গিক বিষয় ছিল, যেমন- নিয়মিত পরিসংখ্যানগুলির প্রতিবেদন রাখা, নীতিমালা বা উইকিপ্রকল্পের বিষয়গুলি বিশ্লেষণ, সমন্বয়, অনুপ্রেরণা প্রদান অথবা এই ধরনের বিষয়গুলি। উইকিপত্রিকা কেবলই যে উন্মুক্ত-উৎসের সাথে সংশ্লিষ্ট; কেবল তাই নয়। বরং, পত্রিকাটির লেখক-পাঠক-সম্পাদক সকলেই উইকিপিডিয়ার মতোই স্বেচ্ছাসেবক। উইকিপত্রিকা কেবলই নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট দলের কার্যক্রমের ফল হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়নি, বরং চেয়েছে সমন্বিত প্রচেষ্টা।

বিগত ইংরেজী মাসের শুরু থেকেই আষাঢ় সংখ্যা প্রকাশের চিন্তা করছিলাম। কিন্তু তখন আমার সাথী চরম ব্যক্তিগত ব্যস্ততা। চিন্তায় ছিল, দুয়েকজন লেখা দিলেই আর সহযোদ্ধা মেহেদী ভাইয়ের লেখা আর পরিসংখ্যানটা দিয়ে সংখ্যাটা প্রকাশ করে দিব। যেহেতু একটি সংখ্যা প্রকাশের জন্য সর্বনিম্ন পাঁচটি লেখা শর্ত ছিল। দেখা গেল, গতমাসে কেউই লেখা প্রদান করেননি। সেজন্য গতমাসের সংখ্যাটা আমরা প্রকাশ করিনি। একইভাবে এই মাসেও কেউ লেখা প্রদান করেননি, কিন্তু গতমাসের পরিসংখ্যান আর এই মাসের পরিসংখ্যান মিলে মোটামুটি গাঁট বাঁধা যাচ্ছে; এ-ই ভরসা।

এই বিষয়ে ত্রুটি আমাদেরই বলে আমার মনে হয়। আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি যে, উইকিপত্রিকায় আপনি কী কী বিষয়ে লিখতে পারেন। কেউ কেউ একদমই ছোট লেখা সংবাদ বা প্রতিবেদন হিসেবে উপস্থাপন করছেন হেতু এই ধারণা সত্য বলে আরও পোক্ত হয়। সেজন্য এই সংখ্যায় আমি কীভাবে উইকিপত্রিকাকে চালু রাখতে পারেন এবং উইকিপত্রিকায় সহায়তা করতে পারেন; সেই বিষয়টা সংক্ষেপে লিখছি।

প্রতিবেদন বা সাধারণ কলামের বিষয়েই বলি। আপনি উইকিমিডিয়া সংশ্লিষ্ট কোনো একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে গভীর ও বহুমুখী বিশ্লেষণ তুলে ধরতে পারেন। প্রতিবেদনগুলো সাধারণত দীর্ঘ এবং পুঙ্খানুপুঙ্খ গবেষণার উপর ভিত্তি করে লেখা উচিত, কমপক্ষে গুরুত্ব বুঝানোর মত দীর্ঘ হওয়া উচিত। উদাহরণস্বরূপ, কৃত্তিম বুদ্ধিমত্তা, প্রশাসন বনাম উইকিপিডিয়া বা উইকিপিডিয়ার ভবিষ্যত-এর মতো বিষয়গুলো এই বিভাগের জন্য উপযুক্ত। এখানে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিষয়টির সম্পূর্ণ চিত্র তুলে ধরার চেষ্টা কাম্য হলেও সমালোচনামূলক ভাষ্যও ব্যবহার করতে পারেন। আপনার বিশ্লেষণ উপযুক্ত হলে সম্পাদক দল আপনার লেখাকে বিশেষ প্রতিবেদন হিসেবে প্রকাশ করতে পারেন। এছাড়া লেখাটি এককভাবে উইকিপিডিয়া কেন্দ্রিক হলে উইকিপিডিয়া বিভাগে, আর অন্য কোনো সহপ্রকল্প, যেমন- উইকিবই, উইকিভ্রমণ, উইকিসংকলন ইত্যাদি হলে সহপ্রকল্প বিভাগে স্থান পেতে পারে।

আপনি চাইলে উইকিমিডিয়া সংশ্লিষ্ট যে-কারুর সাক্ষাৎকারও নিতে পারেন এবং সেটাকে লিখিত আকারে প্রকাশ করতে পারেন। অথবা লিখিত আকারেও সাক্ষাৎকার নেয়া যেতে পারে। বাংলা উইকিপিডিয়া বা এর সহপ্রকল্পের উল্লেখযোগ্য অবদানকারীদের অভিজ্ঞতা, ভাবনা ও কাজের গল্প তুলে ধরাই সাক্ষাৎকারের উদ্দেশ্য। এটি নতুন-পুরাতন, উভয় প্রকার অবদানকারীর জন্যই অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।

এছাড়া উইকিমিডিয়া কমন্সে আপলোড হওয়া যেকোনো আকর্ষণীয়, তথ্যবহুল এবং নান্দনিক চিত্র বা মিডিয়া ফাইল নিয়ে গবেষণা বা কলাম লিখতে পারেন। যার জন্য সাধারণত আমরা ছবিঘর বিভাগে স্থান ছেড়ে দেই। উইকিপিডিয়া বা সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়ে লেখা উইকিপ্রযুক্তি বিভাগের জন্য উপযুক্ত স্থান। উইকিমিডিয়া প্রকল্পগুলোর প্রযুক্তিগত দিক, যেমন: মিডিয়াউইকি সফটওয়্যারের নতুন আপডেট, নতুন টুলস, গ্যাজেট, মডিউল বা স্ক্রিপ্টের পরিচিতি এবং প্রযুক্তিগত সমস্যা বা সমাধান নিয়ে বিস্তারিত বা মাঝারি আকারের লেখা লিখতে পারেন। এগুলি একটু কঠিন কিন্তু তেমন কঠিনও নয়। আগ্রহ থাকলে আরও সহজসাধ্য হতে পারে।

পরিসংখ্যানের কাজগুলি আমিই করছি বর্তমানে। এগুলোও চাইলে আপনারা যেকেউ করতে পারেন। আমি এইবারের সংখ্যার জন্য পরিসংখ্যানের কাজ করার সময়ে মেহেদী ভাইকে সাথে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে ভিডিও করেছি। কাজও খুব বেশি নয়। আমার উইকিপিডিয়া ব্যবহারকারী পাতায় ও উইকিপত্রিকার নির্দেশনা পাতায় ভিডিও সংযোগ পাওয়া যাবে। এই তো গেল নিয়মিত কলামের কথা। অনিয়মিত কিছুও মনে চাইলে যোগ করতে পারেন। যেমন- উইকিমিডিয়া সংশ্লিষ্ট কোনো মানসম্মত কবিতা, গল্প, ইতিহাস, তথ্য ইত্যাদি। আপনার লেখা সম্পাদকরা যাচাই করে উপযুক্ত বিভাগে যুক্ত করে দিবেন।

এছাড়া কেউ যদি উইকিপত্রিকার প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে চান, সেটাও উন্মুক্ত। প্রশাসনিক কাজের মধ্যে দুইটি ভাগ আছে। একটা হচ্ছে সম্পাদনার ও প্রকাশনার ক্ষেত্র আরেকটা হচ্ছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্র। সম্পাদনার ক্ষেত্রেই মূলত কাজের চাপটা একটু বেশি। প্রত্যেকটা লেখা যাচাই করা ও এর সমস্যাগুলি চিহ্নিত করা এখানে উদ্দেশ্য। এছাড়া প্রুফরিডের কাজটি আমাদের আফতাবুজ্জামান ভাই করে থাকেন। তবে একক প্রুফরিড সবসময় কার্যকর হয়না। যদিও প্রকাশনার দায়িত্ব শাকিল হোসেন ভাইয়ের উপরে ছিল; কিন্তু তিনি একে তো স্টুয়ার্ড হয়ে গিয়েছেন- যার দরুণ উনার কাজ বৃদ্ধি পেয়েছে এর উপর উইকিপত্রিকার স্ক্রিপ্ট বাংলায় কাজ করছে না; যার কারণে কাজটি কঠিন ও সময়বহুল হয়ে গিয়েছে। কেউ যদি স্ক্রিপ্টটা নিয়ে সময় নিয়ে কাজ করতে পারতো, তাহলে উপকার হতো। রক্ষণাবেক্ষণের কাজ আপনি সম্পাদক দলে না থেকেও করতে পারেন। উইকিপত্রিকার পৃষ্ঠাগুলি নজরতালিকায় যুক্ত করে এর মধ্যে ধ্বংসপ্রবণতা বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন রোধ করতে পারেন। তবে কোনো মারাত্মক পরিবর্তন করার আগে সম্পাদকদের কারুর সাথে আলোচনা করে নেওয়া উত্তম হবে।

আমরা আরেকটা সিদ্ধান্ত নিচ্ছি, প্রতি ইংরেজি মাসের শেষ তারিখে আমরা সিদ্ধান্ত নিবো যে, পরবর্তী মাসের সংখ্যাটা প্রকাশ করা হবে কিনা। সেজন্য আপনি যদি মাসের ৩০ তারিখের আগে লেখা জমা দেন, তাহলে পরবর্তী মাসের সর্বোচ্চ ১৫ তারিখের মধ্যে আমরা ইনশাআল্লাহ সংখ্যাটা প্রকাশ করবো।

আমরা কেউ নিখুঁত নই, কেউই একা যথেষ্ট নই; এ কথাটা যেমন সত্য, তেমনই সত্য যে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে গড়ে তুলতে পারি এক অসাধারণ কিছু। হয়তো আপনি খুব ভালো লিখতে পারেন না, হয়তো আপনি ভাবেন আপনার লেখার মূল্য কেউ বোঝে না, হয়তো আপনার প্রযুক্তিগত দক্ষতা সীমিত; একইভাবে এই উইকিপত্রিকা ঠিক এমন স্বেচ্ছাসেবকদেরই সম্মিলিত মঞ্চ, যারা কোনো পারিশ্রমিক ছাড়াই নিজের সময়, শ্রম, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলতে চান একটি প্রাণবন্ত, চিন্তাশীল এবং প্রাসঙ্গিক বার্তা-মাধ্যম। এটি কেবল একটি পত্রিকা নয়, বরং এটি হচ্ছে সেই স্থান, যেখানে আপনি আপনার অভিজ্ঞতা, চিন্তা, সমালোচনা, উদ্বেগ, অনুপ্রেরণা;সব কিছু শব্দে রূপ দিতে পারেন, যা হয়তো আপনাকে অনেকদিন ধরে না বলা অবস্থায় রেখেছিল।

উইকিপিডিয়ায় প্রতিদিন আপনি হয়তো অসংখ্য সম্পাদনা করেন, টেমপ্লেট তৈরি করেন, চিত্র ঠিক করেন বা পাতা পরিশোধন করেন। কিন্তু কখনও কি আপনার মনে হয়নি যে, আপনার কাজ, ভাবনা, যন্ত্রণা, আনন্দ, প্রশ্ন বা পরামর্শগুলো কোথাও লেখা উচিত? উইকিপত্রিকা বন্ধ হলে সেই জায়গাটাও বন্ধ হয়ে যাবে; যেখানে কেবল তথ্য নয়, অনুভবেরও স্থান আছে। যেখানে আপনার মতামতকে কেউ অবহেলা করবে না, বরং পর্যালোচনা করবে, সম্মান জানাবে এবং প্রয়োজনে আলোচনার সূত্র হিসেবে নেবে।

আরেকটি বিষয় মনে রাখা দরকার, উইকিপত্রিকা চালু থাকলে কেবল কিছু ভালো লেখা বা প্রতিবেদন ছাপা হয় না, বরং একটি সম্প্রদায়ের মধ্যে জীবন্ত চেতনার সঞ্চার ঘটে। আমরা জানি কে কী ভাবছে, কী করছে, কোন দিকে যাচ্ছি, কোথায় পিছিয়ে আছি, কোথায় এগিয়ে গেছি; এই স্বচ্ছতা আমাদের সমন্বয়কে আরও মজবুত করে। এটি নতুনদের অনুপ্রেরণা দেয়, পুরনোদের দায়িত্বের অনুভব বাড়ায়, আবার মাঝেমাঝে আমাদের আত্মসমালোচনার সুযোগও এনে দেয়। আর সবচেয়ে বড় কথা, এই সবকিছুর পেছনে আমরা, আপনি, আমরা সবাই একসাথে আছি।

তাই আমি আবারও বলছি, আপনি যেভাবেই পারেন, যেটুকু পারেন, যে জায়গা থেকে পারেন; উইকিপত্রিকাকে সক্রিয় রাখতে সচেষ্ট হোন। হয়তো আপনার লেখা ত্রুটিপূর্ণ হবে, হয়তো একটি ছবি নিয়ে আপনার ব্যাখ্যা বড় বা ছোট হবে, হয়তো কারো সাক্ষাৎকার লিখছেন, সবই গুরুত্ব রাখে। অথবা কমপক্ষে উইকিপত্রিকার জন্য আপনি পরামর্শ দিতে পারেন যে, কী বিষয়ে আগামী মাসে লেখা দরকার হতে পারে, সেটাও মূল্যবান। একেকটি ছোট ছোট অবদান মিলেই গড়ে ওঠে এক বড় ভিত্তি। আসুন, আমরা সবাই সেই ভিত্তির অংশ হই। উইকিপত্রিকার দরকার আপনার চোখ, আপনার চিন্তা, আপনার হাত। কারণ উইকিপত্রিকা প্রতিটি সময়ে আপনার অবদানের অপেক্ষায়ই থাকবে।