উইকিপিডিয়া:উইকিপত্রিকা/শ্রাবণ ১৪৩২/গণমাধ্যমে
এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "ত"।
যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইনের বিরুদ্ধে উইকিমিডিয়ার চ্যালেঞ্জ
যুক্তরাজ্যের নতুন অনলাইন নিরাপত্তা আইনের বিরুদ্ধে উইকিমিডিয়া ফাউন্ডেশনের আইনি চ্যালেঞ্জ
উইকিমিডিয়া ফাউন্ডেশন যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৩-এর কিছু নতুন বিধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। এই আইন অনুযায়ী, উইকিপিডিয়ার মতো প্ল্যাটফর্মগুলোকে ‘ক্যাটাগরি ১’ হিসেবে চিহ্নিত করা হতে পারে, যা এমন একটি শ্রেণি; যেখানে প্ল্যাটফর্মটিকে জনসাধারণের জন্য সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
ফাউন্ডেশনের উদ্বেগের কেন্দ্রবিন্দু হলো, নতুন এই শ্রেণিবিন্যাস নীতিমালার কারণে তাদের ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে হতে পারে, যদিও প্রত্যেক ব্যবহারকারীর জন্য তা বাধ্যতামূলক নয়। তবে একবার কোনো ব্যবহারকারী যাচাই না হলে, অন্য ব্যবহারকারীরা তাদের সম্পাদনা বা সংশোধন সীমিত করতে পারবে। এটি উইকিপিডিয়ার খোলামেলা, স্বেচ্ছাসেবী সম্পাদনার পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষত, গোপনীয়তার কারণে অনেক স্বেচ্ছাসেবী পরিচয় প্রকাশ করতে চায় না।
আইনটির উদ্দেশ্য মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাতনামা অপব্যবহার নিয়ন্ত্রণ করা হলেও, উইকিপিডিয়া যেভাবে চলে, তা এর থেকে একেবারেই আলাদা। উইকিপিডিয়া চালিত হয় স্বেচ্ছাসেবীদের নীতিমালা ও পর্যালোচনার মাধ্যমে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ম একে প্রয়োগ করা যুক্তিযুক্ত নয় বলে ফাউন্ডেশন মনে করছে।
আইনি চ্যালেঞ্জের একটি অংশ হচ্ছে এই শ্রেণিবিন্যাস কীভাবে নির্ধারিত হয়, সেটি নিয়ে। এ নিয়ে হাইকোর্টে একটি জুডিশিয়াল রিভিউ চাওয়া হয়েছে, যেখানে আদালত সিদ্ধান্তটির আইনি বৈধতা পর্যালোচনা করবে।
ভারতের সুপ্রিম কোর্ট উইকিপিডিয়ার বিরুদ্ধে 'মুছে ফেলার' আদেশ বাতিল করেছে
ভারতে একটি আদালত উইকিপিডিয়াকে একটি নিবন্ধ সরিয়ে ফেলতে বলেছিল, যা একটি মানহানি মামলার সঙ্গে জড়িত ছিল। এই আদেশের বিরুদ্ধে আপিলের পর ভারতের সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আদালতের কাজ নয় সংবাদমাধ্যমকে কোন তথ্য প্রকাশ করতে হবে বা কোনটা সরাতে হবে তা নির্দেশ দেয়া।
তারা এটাও উল্লেখ করে, বিচারব্যবস্থা ও গণমাধ্যম; উভয়ই গণতন্ত্রের মূল ভিত্তি। একে অপরের স্বাধীনতা রক্ষা করা উচিত। যদিও মূল মামলাটি এখনো বিচারাধীন, এই রায় মুক্ত মতপ্রকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
যুক্তরাষ্ট্রে উইকিপিডিয়া নিয়ে বিতর্ক এবং রাজনৈতিক চাপ
একদিকে, যুক্তরাষ্ট্রে কিছু আইনজীবী উইকিপিডিয়ার তথ্য প্রকাশ নিয়ে মতপ্রকাশের অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী উইকিপিডিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে; বিশেষ করে ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক সামগ্রী নিয়ে। কিছু কংগ্রেস সদস্য উইকিপিডিয়া কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন, যেন তারা সম্পাদনা ব্যবস্থাপনায় আরও কড়া নজরদারি চালায়।
এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে, উইকিপিডিয়া কেবল তথ্যভিত্তিক একটি প্ল্যাটফর্ম নয়, বরং একটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে।
$১০০ মিলিয়ন অনুদান প্রতিযোগিতায় উইকিমিডিয়ার প্রকল্প চূড়ান্ত তালিকায়
ম্যাকআর্থার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ১০০&চেঞ্জ প্রতিযোগিতায় $১০০ মিলিয়ন ডলারের একক অনুদানের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। এই প্রকল্পটি মূলত উইকিফাংশন্স এবং বিমূর্ত উইকিপিডিয়া নামের উদ্যোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা বিভিন্ন ভাষায় জ্ঞানের সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।


আলোচনা করুন