বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপত্রিকা/ভাদ্র ১৪৩২/সাক্ষাৎকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""

File:Wikipedian Khattab taking a portrait on his final day at Bangla WikiConference 2024 (3).jpg
নাহিদ হোসেন
সিসি-বাই-এসএ ৪.০
-100
500
সাক্ষাৎকার

যদি শুরু না করেন তাহলে কোনোদিনই হবেনা

পহেলা আগস্টের মিটআপে নেওয়া সিদ্ধান্তের ফলে অনিবার্য কারণে উইকিপত্রিকার প্রধান সম্পাদক খাত্তাব হাসান দায়িত্ব থেকে সরে গিয়েছেন, যার হাত ধরে এই উইকিপত্রিকা চালু হয়েছে এবং একাধিক সংখ্যা প্রকাশিত হয়েছে। পাঠকদের আগ্রহ ও বিদায়ী কথোপকথনের তাগিদে নতুন প্রধান সম্পাদক হিসেবে আমি তার একটি সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি বিধায় এবারের সংখ্যায় প্রকাশিত হলো খাত্তাব হাসানের সাক্ষাৎকার।

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এ খাত্তাব হাসান

প্রধান সম্পাদক: আমার মনে হয় সবাই আপনার ব্যাপারে কমবেশি জানে, তবুও যদি পাঠকদের জন্য সংক্ষেপে নিজের ব্যাপারে বলতেন।

খাত্তাব: আমার নাম আবরারুল হাসান। মুহাম্মাদ সাকিব আমার ডাকনাম। উভয়টির ভিত্তিতে আমার প্রথম ব্যবহারকারী নাম ছিল "আ হ ম সাকিব"। খাত্তাব হাসান আমার নামকাওয়াস্তের ছদ্মনাম। ২০২১-২২ সালের দিকে বিভিন্ন সোশ্যাল সাইটে সাহসী লেখা লিখতে গিয়ে তৎকালীন কিছু আইনি সমস্যার কারণে অনলাইন পরিচয় পরিবর্তন করে ছদ্মনামটা ধার নিই। আমার ব্যাপারে সবাই জানে, বিষয়টা অনেকটা বাড়াবাড়ি বোধ হচ্ছে। অতোটা প্রসিদ্ধ হলে উইকিপিডিয়ায় নিবন্ধই থাকতো।

প্রধান সম্পাদক: উইকিপিডিয়ার সাথে কীভাবে পরিচিত হলেন আর তারপর উইকিমিডিয়া জগতে প্রবেশ করার আগ্রহ কীভাবে হলো?

খাত্তাব: আমার আসলে অতীত ঠিকঠাক মনে থাকেনা। আমি আগে থেকেই বিভিন্ন ক্ষেত্রগুলিতে কন্ট্রিবিউশন করে থাকি। যতদূর আমার মনে পড়ে, ওয়াপকা সাইট তৈরির বাজার তখন তুঙ্গে। এর মধ্যে একটা ওয়াপকা ফোরাম সাইটে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম, নাম মনে পড়ছে না। তবে সেটা ফ্রিব্যাসিকসে উপলব্ধ ছিল। ট্রিকবিডি নামের বর্তমানে প্রায় অপ্রসিদ্ধ একটা সাইট আছে, এটার আগে আরেকটা একই ধরনের ওয়াপকা সাইট ছিল, সেখানেও আমি বেশ কিছু লেখালেখি করি। কিন্তু সেগুলো তেমন প্রোডাক্টিভ কাজ না হওয়ায় আমার সেই কার্যক্রম প্রায় স্থবির হয়ে যাচ্ছিল। উইকিপিডিয়া আমার সেই নুয়ে পড়া পালে হাওয়া দিয়েছে। উইকিপিডিয়ায় যান্ত্রিকভাবে ধরে রাখা ইতিহাসের কারণে জানতে পারি যে, আমার সর্বপ্রথম লগইন করা অবদান ছিল রনিত রায় নিবন্ধে। তবে ইসলাম বিষয়ক নিবন্ধ বাংলায় কম থাকার ফলে আমি খুব আগ্রহী হয়ে কাজ শুরু করি।

প্রধান সম্পাদক: উইকিপিডিয়ায় কি কি ধরনের স্বেচ্ছাসেবা আপনি দিয়ে থাকেন? কি কি ধরনের সম্পাদনা উইকিপিডিয়ায় করতে সবচেয়ে বেশি পছন্দ করেন?

খাত্তাব: আমি বিভিন্ন বিষয় নিয়ে উইকিপিডিয়ায় কাজ করেছি। আমার কাজকে বলা যায় "সার্বিক উন্নয়নের প্রচেষ্টা"। আমি শুধু একটা বিষয় নিয়ে কখনোই পড়ে থাকিনি। আমার সবচেয়ে বেশি সম্পাদিত কাজ মিশরের মামলুক সালতানাতের সুলতানদের জীবনী। এছাড়া আমি টেমপ্লেট, মডিউল ও স্ক্রিপ্ট স্থানীয়করনের কাজেও একটা দীর্ঘ সময় ব্যয় করেছি। আমার আসলে পছন্দ-অপছন্দের তেমন কিছু নেই।

প্রধান সম্পাদক: আগের মতো আপনাকে উইকিপিডিয়ায় আর খুব সক্রিয় দেখা যায় না, এর কারণ কি? সামনে কি আবার আপনাকে সক্রিয় হতে দেখা যেতে পারে? এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে?

খাত্তাব: আমি আসলে পড়াশোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। গতমাস পর্যন্ত চেষ্টা করেছিলাম, কমপক্ষে আলোচনাগুলিতে সক্রিয় থাকার। কিন্তু ধীরে ধীরে সেটাও সম্ভব হচ্ছে না। আমি আসলে খুব দূর ভবিষ্যতের পরিকল্পনা করি না। তবে নীতিমালাগুলি অনুবাদ করার কাজে আমি সক্রিয় হবো বলে ভাবছি।

প্রধান সম্পাদক: অনলাইনের স্বেচ্ছাসেবা সম্পর্কে আমরা জানলাম। অনলাইনের পাশাপাশি আপনার অতীতের ও বর্তমানের অফলাইনের স্বেচ্ছাসেবা সম্পর্কে কিছু বলুন।

খাত্তাব: আমি আসলে অফলাইনে খুবই অন্তর্মুখী। আমি সেজন্য অফলাইনে তেমন সক্রিয় নই। অনলাইনেই উইকিমিডিয়ার বাইরের কথা বলতে গেলে আমি মিরাহিজে ২০১৬ সাল থেকে মোটামুটি সক্রিয় ছিলাম, এছাড়া সেমান্টিক মিডিয়াউইকি, গিটহাব, অনুবাদ ইত্যাদির কাজে ছিলাম। অনেক আগে রিডইরা নামের একটা অ্যান্ড্রয়েড অ্যাপে বাংলা অনুবাদ সংযোজন করেছিলাম, ইদানীং আবার ইউটিউব ইনহ্যান্সার নামের একটা এক্সটেনশন অনুবাদ করেছি। এরকম প্রায়শই কাজ করি, কিন্তু সেগুলি খুব সক্রিয় বা ধারাবাহিকভাবে করা হয়না। আজকাল মিরাহিজে অইকিপিডিয়া নামের একটা উইকিপিডিয়ার ব্যঙ্গাত্মক নকল সাইটের কাজ শুরু করেছি, যেটার ইংরেজি সংস্করণ আনসাইক্লোপিডিয়া বেশ প্রসিদ্ধ। এছাড়া স্কুলকলেজের বইগুলোর উন্মুক্ত সংস্করণ তৈরি করা যায় কিনা, সেটা নিয়েও কাজ করছি।

প্রধান সম্পাদক: উইকিমিডিয়া জগতে অবদানের অভিজ্ঞতা কেমন লাগে? একজন স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে কীভাবে মূল্যায়ন করবেন? আপনি ছাড়াও কেউ কি আপনার এই অবদান সম্পর্কে জানেন? তাদের অনুভূতি এই ব্যাপারে কেমন?

খাত্তাব: উইকিমিডিয়ার সবাইকে সাথে নিয়ে কাজ করার ধারণাটা বেশ। আমি স্বেচ্ছাসেবক হিসেবে এই জায়গাটাতেই আগ্রহবোধ করি। আমি নিজে আসলে তেমন ভালো ও নিয়মিত স্বেচ্ছাসেবক না। তবে ভালো করার চেষ্টা করি। আমি রাখঢাক রেখে কাজ করি না, পরিবার বা পরিচিত প্রায় সবাইই জানেন যে আমি কী করছি। তবে তারা বিষয়টা বুঝার চেষ্টা করেছেন বলে কখনো মনে হয়নি।

প্রধান সম্পাদক: ভবিষ্যতে উইকিপিডিয়ায় আপনি কি কি বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী?

খাত্তাব: প্রধান পাতা নিয়ে কাজটা পেন্ডিং হয়ে আছে, সেটা শেষ করায় আগ্রহী। এছাড়া উইকিপ্রকল্পগুলিকে গোছানোর একটা চিন্তা মাথায় আছে। কিন্তু অনেক বড় কাজ, সেজন্য সাহস একটু কম। আর আগে যেটা বলেছি, নীতিমালার পাতাগুলিকে গুছিয়ে আনার কাজ করার চিন্তা আমার মাথায় বর্তমানে রয়েছে।

প্রধান সম্পাদক: আমরা জানি যে আপনি উইকিপত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। এটি তৈরির কথা মাথায় কীভাবে এলো? আপনি প্রধান সম্পাদক পদ থেকে কেন সরে গেলেন? ভবিষ্যতে আপনাকে আবারো প্রধান সম্পাদক হিসেবে দেখা যেতে পারে?

খাত্তাব: আমি বিষয়টা নিয়ে উইকিপত্রিকার প্রথম সম্পাদকীয়তে লিখেছি। শুরুটা হয়েছিল সাইনপোস্ট দেখে। ২০২২-এ আমি প্রথম প্রস্তাবনাটা দেই ও কয়েকদিন পরে উইকিজগত থেকেই নিষ্ক্রিয় হয়ে যাই বাস্তব জীবনের ব্যস্ততার কারণে। পরে উইকিতে ফিরলেও বিষয়টা নিয়ে তেমন ভাবা হয়নি। ২০২৪ সালের বাংলা উইকিসম্মেলনে বিষয়টা নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়। শাকিল ভাই আর ইয়াহিয়া ভাই বললেন, আপনি যদি শুরু না করেন তাহলে কাজটা কোনোদিনই হবেনা। প্রয়োজনে কাউকে সাথে নিয়ে শুরু করুন। প্রথমে চিন্তা করেছিলাম জনি ভাই, নাহিদ ভাই ও আমি শুরু করব; কিন্তু সে সময়ে সম্মেলনের ব্যস্ততার কারণে তাদের সাথে তেমন সমন্বয় করতে পারিনি। উইকিসম্মেলন শেষ হওয়ার রাতে আপনার সাথে আলোচনাটা করলাম। আপনার সাথে সমন্বয় করার পর কৃষক ভাইয়ের সাথে আলোচনা হলো। উইকিসম্মেলন পরবর্তী সময়ে অনলাইনে খুব বেশি সময় দেয়া লেগেছে নভেম্বর আর ডিসেম্বরে: অনলাইন মিটিং, আলোচনা ইত্যাদি। প্রধান সম্পাদক থেকে সরে যাওয়ার কারণ আর উইকিপিডিয়ায় নিষ্ক্রিয়তার কারণ একই, পড়াশোনা। আসলে প্রধান সম্পাদক হওয়া না হওয়ার ব্যাপারে ভাবছি না। তবে কখনো উইকিপত্রিকার প্রয়োজন হলে আর তখন আমি অবসর থাকলে আমাকে উইকিপত্রিকার সাথে পাবেন ইনশাআল্লাহ।

প্রধান সম্পাদক: বাংলা উইকিপিডিয়ার প্রবৃদ্ধির পথে প্রধান সমস্যাগুলো আপনার মতে কী কী? আর সেগুলো সমাধানে কি করা যেতে পারে?

খাত্তাব: বাংলা উইকিপিডিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধারাবাহিকতা ও সক্রিয়তা। অনেকেই কিছুদিন উৎসাহ নিয়ে কাজ করেন, তারপর ধীরে ধীরে হারিয়ে যান। এর ফলে দীর্ঘমেয়াদে নিবন্ধের মানোন্নয়ন বাধাগ্রস্ত হয়। দ্বিতীয়ত, আমার ব্যক্তিগত অবজার্ভেশন হচ্ছে আলোচনায় সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা। নীতিমালা, স্থানান্তর বা অন্যান্য আলোচনায় সক্রিয় থাকলে কাজে সক্রিয় থাকা হয়। আসলে সমাধান বলতে নতুন সম্পাদক তৈরি করা একটা সমাধান। এজন্য মেন্টরশিপ ও অন্যান্য সামাজিক সরঞ্জামগুলি ব্যবহার করতে হবে। আর প্রশাসক ও পুরাতন ব্যবহারকারীরা আলোচনায় সক্রিয় থাকার মাধ্যমে সম্প্রদায়কে সক্রিয় রাখতে পারেন।

প্রধান সম্পাদক: উইকিপিডিয়ার নতুন ও পুরোনো সম্পাদক এবং উইকিপত্রিকার পাঠকদের জন্য কিছু বলুন।

খাত্তাব: নতুন সম্পাদকদের বলবো, উইকিপিডিয়া শুধু একটি ওয়েবসাইট নয়, এটি একটি জ্ঞানভাণ্ডার গড়ার আন্দোলন। তাই প্রথমদিকে ভুল হলেও হতাশ না হয়ে ধীরে ধীরে শিখতে থাকুন। সবকিছু আমাকে ঠিক করে ফেলতে হবে এমনটা ভাববেন না, বরং নিয়মিত থাকাটাই আসল কথা। পুরোনো সম্পাদকদের জন্য আমার অনুরোধ, আপনারা নতুনদের প্রতি কিছুটা ধৈর্যশীল হোন। হয়তো তাদের লেখা অপরিপূর্ণ হবে, কিন্তু একটু সহযোগিতা ও পরামর্শ দিলে তারা দীর্ঘমেয়াদে ভালো সম্পাদক হয়ে উঠতে পারেন। আর উইকিপত্রিকার পাঠকদের বলব, আপনারা শুধু পাঠক হয়ে থাকবেন না; উইকিপত্রিকার বিভাগগুলোতে অংশ নেওয়ার চেষ্টা করুন। উইকিপত্রিকায় আপনার লেখা সম্প্রদায়ের কণ্ঠস্বর। যদি উইকিপত্রিকা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে প্রয়োজনের সময়ে আপনার আওয়াজ উঠানোর ক্ষেত্র থাকবেনা।