বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপত্রিকা/ভাদ্র ১৪৩২/সম্পাদকীয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "ত"।

File:Wikipatrika Meetup, August 2025 02.jpg
মোহাম্মদ জনি হোসেন
সিসি-বাই-এসএ ৪.০
-30
400
সম্পাদকীয়

উইকিপত্রিকা চলবে

এটি অনস্বীকার্য যে বাংলা উইকিপিডিয়ার জন্য উইকিপত্রিকাকে সম্প্রদায়ের সাময়িকী হিসেবে গড়ে তোলা যায়নি। অবশ্য উইকিপত্রিকা চালুর মাত্র কয়েকটি মাস হয়েছে, হয়তো আমাদের আরো সময়ের প্রয়োজন। হয়তো আমাদের ভিন্ন কর্মপন্থার প্রয়োজন, যার মাধ্যমে আমরা উইকিপত্রিকাকে আরো কার্যকরী করে তুলতে পারবো।

ভাদ্র মাস চলে আসছে। এই সময়টা আসলে অনেকের জন্য অসুবিধাজনক, কেননা হঠাৎ করে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। আবার এই সময়ে ঠান্ডাজনিত অসুস্থতার সম্ভাবনা থাকে অনেক। আর শ্রাবণের শেষ সপ্তাহেই আমার ঠান্ডা লেগে গেছে। তবে এখন অবস্থা আগের চেয়ে ভালো। তার পাশাপাশি এই সময়টাতে উইকিমিডিয়া জগতে অনেক ঘটনা ঘটে গেছে। এই ঘটনাগুলো নিয়ে এবারের সংখ্যা সাজানোর ইচ্ছা আছে আমার।

উইকিপত্রিকা যখন প্রথম শুরু হয়েছিল তখন আমি ছিলাম এর একজন সম্পাদক, আর খাত্তাব হাসান ছিলেন এর প্রধান সম্পাদক। আপনারা অনেকেই হয়তো কমবেশি জানেন যে উইকিপত্রিকা শুরু করার পেছনে প্রধান ভূমিকা ছিল খাত্তাবের। গত বছর যখন মাওনায় বাংলা উইকিসম্মেলন হয়েছিল তখন উইকিপত্রিকা জন্ম নেওয়ার সন্ধিক্ষণে ছিল। উইকিসম্মেলন থেকে যানবাহনে করে ঢাকায় ফেরার সময় শাকিল ভাই আমাকে উইকিপত্রিকার দায়িত্ব নিতে বলেছিলেন। যেহেতু তখন উইকিপত্রিকা শুরুর উদ্যোগ সম্পর্কে কিছুই জানতাম না সেহেতু আমি চমকে গিয়েছিলাম। পাশাপাশি এরকম একটি বড় ও নতুন প্রকল্প কীভাবে শুরু করা সম্ভব হবে সেটাও একটি বড় প্রশ্ন ছিল। কিন্তু খাত্তাব, আমি আর কৃষক পাহাড় সমান কাজগুলো শেষ করে কোনোমতে উইকিপত্রিকা চালু করতে সক্ষম হই যা ছিল বাংলা উইকিপিডিয়ার জন্য যুগান্তকারী ঘটনা। তবে উইকিপত্রিকার ধারণা নতুন ছিল না, ইংরেজি উইকিপিডিয়ায় সাইনপোস্ট রয়েছে। এমনকি উইকিমিডিয়া বাংলাদেশ ত্রৈমাসিক "উইকিবার্তা" প্রকাশ করে থাকে, যদিও উইকিপত্রিকা সেসব প্রকল্প থেকে অনেকটাই আলাদা। প্রথম কয়েকমাস আমরা ঠিকভাবে উইকিপত্রিকাকে সামলে নিতে পেরেছি। ভালো মানের প্রবন্ধ ও নতুন উদ্যোগের মাধ্যমে উইকিপত্রিকাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সাথে সহায়তাকারী হিসেবে ছিলেন বাংলা উইকিপিডিয়ার একাধিক সম্পাদক, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়।

তবে সব প্রকল্পের কিছু সীমাবদ্ধতা থাকে। তাছাড়া নতুন কিছু শুরু করার সময় বাধা পেরোতে হয়, নইলে সেই প্রকল্প টিকে থাকতে পারেনা। আমরা চেষ্টা করেছি সমস্যাগুলো সমাধান করে উইকিপত্রিকাকে সচল রাখার। কিন্তু তবুও আমাদের সময় ও শ্রমের সীমাবদ্ধতা উইকিপত্রিকার পথে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আরো একটা সমস্যা হচ্ছে উইকিপত্রিকার সম্পাদকদল ব্যতীত অন্যান্য উইকিপিডিয়ানদের উইকিপত্রিকায় অবদান রাখতে পারার অনিচ্ছাকৃত অক্ষমতা এবং পাঠকদের উইকিপত্রিকার প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা। এটি অনস্বীকার্য যে বাংলা উইকিপিডিয়ার জন্য উইকিপত্রিকাকে সম্প্রদায়ের সাময়িকী হিসেবে গড়ে তোলা যায়নি। অবশ্য উইকিপত্রিকা চালুর মাত্র কয়েকটি মাস হয়েছে, হয়তো আমাদের আরো সময়ের প্রয়োজন। হয়তো আমাদের ভিন্ন কর্মপন্থার প্রয়োজন, যার মাধ্যমে আমরা উইকিপত্রিকাকে আরো কার্যকরী করে তুলতে পারবো। তবে বড় ধাক্কা এলো যখন পর্যাপ্ত সময়ের অভাবে কৃষক উইকিপত্রিকায় অবদান রাখতে অক্ষমতা প্রকাশ করে নেয়। তবুও আমরা চালিয়ে নিতে পারছিলাম। তবে আমার কাছে মনে হয়েছিল যে উইকিপত্রিকা ধীরে ধীরে গৎবাঁধা পত্রিকায় পরিণত হচ্ছিল। কেননা আমাদের নিয়ম অনুযায়ী ৫ টি প্রবন্ধ লিখতে পারলেই আমরা পরবর্তী সংখ্যা প্রকাশ করি। সম্পাদকীয়, সাক্ষাৎকার, সহপ্রকল্প, সংবাদ ও পরিসংখ্যান মিলে ৫টি প্রবন্ধ হয়ে যায়। সুতরাং পাঠকদের আকৃষ্ট করার জন্য ও তাদের চাহিদা মেটাতে আমাদের যে ভিন্নধর্মী প্রবন্ধের প্রয়োজন তা লেখার সময় আর সুযোগ সেভাবে পাওয়া যাচ্ছেনা। সম্পাদকদলের বাইরের যেকোনো উইকিপিডিয়ান প্রতি মাসে লিখতে আগ্রহী হলে হয়তো লাভ হতো। কিন্তু তাদেরও তো সময়ের সীমাবদ্ধতা রয়েছে৷ এসবের পাশাপাশি আরো বড় ধাক্কা খেলাম যখন জানতে পারলাম যে খাত্তাবও খুব শীঘ্রই লেখাপড়ার চাপের কারণে সম্ভবত আগের মতো সময় দিতে পারবেন না। পরিসংখ্যান, সহপ্রকল্প, সম্পাদকীয় ও সংবাদ অধিকাংশ ক্ষেত্রে খাত্তাব লিখে থাকে। আগেও বিভিন্ন ব্যস্ততার কারণে তাকে এগুলো লিখতে বেগ পেতে হত।

বাস্তবতা মেনে নিয়ে তাই আমরা ঢাকা সম্প্রদায়ের সাথে যৌথভাবে ১ আগস্টে একটি অফলাইন মিটআপ আয়োজন করার সিদ্ধান্ত নিই। অন্যতম উদ্দেশ্য ছিল আলোচনার মাধ্যমে উইকিপত্রিকার ভবিষ্যৎ চূড়ান্ত করা এবং সমস্যাগুলোর সমাধান বের করা। মজার ব্যাপার হলো যা আশা করিনি তা মিটআপে ঘটেছে। অর্থাৎ সমাধানের পাশাপাশি মিটআপে উপস্থিত লোকজনের মধ্যে একাধিক উইকিপিডিয়ান উইকিপত্রিকার জন্য এগিয়ে এসেছেন এবং এটি প্রকাশের দায়িত্ব ভাগ করে নিতে রাজি হয়েছেন। যেহেতু খাত্তাব ভবিষ্যতে আগের মতো সময় দিতে পারবেন না, সেহেতু তিনি ইমেরিটাস সম্পাদক এবং আমাকে প্রধান সম্পাদক করা হয়েছে। ইশতিয়াক আব্দুল্লাহ সাক্ষাৎকার প্রবন্ধের দায়িত্ব নিলেও পরবর্তী সংখ্যা থেকে দায়িত্ব নিবেন। প্রথমে মোহাম্মদ জনি হোসেন আগ্রহের সাথে পরিসংখ্যানের কাজ নিতে রাজি হয়েছিলেন, তবে সময় দিতে না পারায় পরে নাহিয়ান এগিয়ে আসেন। আর সংবাদ ও সহপ্রকল্পের দায়িত্ব নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, যদিও এবারের সহপ্রকল্প লেখার দায়িত্ব খাত্তাব নিয়েছেন। অন্যদিকে প্রুফরিডিংয়ের দায়িত্বে আফতাবুজ্জামানের সাথে যুক্ত হয়েছেন দেলোয়ার আকরাম। আশা করা যাচ্ছে যে নতুন দলের নেতৃত্বে উইকিপত্রিকায় ভিন্নতা আসবে, উইকিপত্রিকা এগিয়ে যাবে অনেক দূরে।

আগের সংখ্যার সম্পাদকীয়তে শিরোনাম ছিল: "উইকিপত্রিকা কি তবে এখানেই থেমে যাবে?" সেখানে সবাইকে উইকিপত্রিকায় অবদান রাখার জন্য অনুরোধ জানানো হয়েছিল। নতুন প্রধান সম্পাদক হিসেবে আমিও খাত্তাবের মতো একই অনুরোধ করবো। তবে নতুন সম্পাদকদের পেয়ে আমি এখন দৃঢ়তার সাথে বলতে পারি যে "উইকিপত্রিকা চলবে" এবং এই সংখ্যা থেকে সম্পাদকদল উইকিপত্রিকায় নতুনত্ব আনার জন্য নিয়মিত কাজ করে যাবে। এবারের সংখ্যায় এই সম্পাদকীয়ের সাথে উপভোগ করুন বিদায়ী প্রধান সম্পাদক খাত্তাব হাসানের সাক্ষাৎকার। এছাড়া রয়েছে গণমাধ্যমে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিইও মারিয়ানা ইস্কান্দার ও উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের সাক্ষাৎকারের ধারাভাষ্য। এছাড়া আছে উইকিফাংশন্স নিয়ে আস্কড৩২-এর পরিচিতিমূলক প্রবন্ধ। পাশাপাশি পরিসংখ্যান, সহপ্রকল্প ও সংবাদ তো আছেই।