বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপত্রিকা/ভাদ্র ১৪৩২/উইকিমিডিয়া সংবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
File:Wikimania 2025 Day 2 by Pedro J Pacheco - People-19.jpg
পেড্রো জে পাচিকো
সিসি-বাই-এসএ ৪.০
-80
500
উইকিমিডিয়া সংবাদ

হয়ে গেল উইকিম্যানিয়া

শেষ হয়ে গেল উইকিম্যানিয়া? পরবর্তী গন্তব্য প্যারিস!

সফলভাবে অনুষ্ঠিত হয়েছে উইকিম্যানিয়া ২০২৫, যেখানে বিশ্বের নানা প্রান্তের উইকিমিডিয়া স্বেচ্ছাসেবীরা জ্ঞান বিনিময় ও অভিজ্ঞতা শেয়ারের জন্য একত্রিত হয়েছিলেন। এটি ঐতিহ্যবাহী বার্ষিক সম্মেলনের ২০তম সম্মেলন এবং পূর্ব আফ্রিকার আয়োজিত প্রথম অনুষ্ঠান। ১৩৫টির বেশি দেশ থেকে মোট ২,৩০০+ উইকিমিডিয়ান এতে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৭৭৬ জন স্থানীয়ভাবে এবং বাকিরা অনলাইনে অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলা সম্প্রদায় থেকে উইকিম্যানিয়ায় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসাইন, দোলন প্রভা, মাসুম আল হাসান রকি, অনুপ সাদী, মুহাম্মদ ইয়াহিয়া এবং মোহাম্মদ জিল্লুর রহমান। এ বছরের ইভেন্টে অনলাইন ও অফলাইন সেশন, কর্মশালা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মুক্ত জ্ঞান আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়, সাথে এআই এর ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয়। বাংলা সম্প্রদায় থেকে ৭ জন উক্ত সম্মেলনে যোগ দিয়েছেন। পরবর্তী উইকিম্যানিয়ার সম্ভাব্য ভেন্যু হিসেবে প্যারিসকে নির্বাচন করা হয়েছে।

উইকি লাভস আর্থ: ফলাফল

বিশ্বব্যাপী সুরক্ষিত প্রাকৃতিক এলাকা ধারণের লক্ষ্য নিয়ে আয়োজিত প্রতিযোগিতা ৩১ জুলাই ২০২৫ সমাপ্ত হয়। এতে ৫৫টি দেশ ও অঞ্চলের ৫,০০০-এর বেশি অংশগ্রহণকারী যোগ দেন এবং ৭৭,০০০-এর বেশি নতুন ছবি সংগ্রহ করা হয়, যা মাইলফলক হিসেবে ১০ লাখ ছবির সংগ্রহে পৌঁছে দেয়। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের প্রাকৃতিক দৃশ্য ও প্রতিবেশব্যবস্থার বৈচিত্র্য উদ্‌যাপন করা হয়েছে। বাংলা সম্প্রদায় ছবি সংগ্রহে যথারীতি অবদান রেখে চলছে। মোট ৭৯৪ টি ছবি এবার কমন্সে এসেছে। এর মধ্যে ১৫ টি ছবি ইতোমধ্যে নির্বাচন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য পাঠানো হয়েছে।

সাঁওতালি উইকিপিডিয়ার সপ্তম বর্ষপূর্তি

২০২৫ সালের ৯ আগস্ট সাঁওতালি উইকিপিডিয়া তার সপ্তম বর্ষপূর্তি উদ্‌যাপন করেছে। বর্তমানে এতে প্রায় ১৩,৫০০ নিবন্ধ, ১০,০০০ ব্যবহারকারী ও ৩ প্রশাসক রয়েছেন। উইকিপিডিয়ার এই সংস্করণটি সাঁওতালি ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত অনলাইন বিশ্বকোষ, যেখানে অলচিকি লিপিতে লিখিত সাঁওতালি ভাষায় জ্ঞান সংরক্ষণ ও প্রচারের সুযোগ তৈরি হয়েছে। সাঁওতালি ভাষা ভারত, বাংলাদেশ, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রচলিত।

বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে অনলাইনে ও স্থানীয়ভাবে নানা কার্যক্রমের আয়োজন করা হয়। অনলাইন সম্পাদনাসভায় সম্পাদকরা নতুন নিবন্ধ তৈরির পাশাপাশি পুরোনো নিবন্ধ হালনাগাদ ও মানোন্নয়ন করেন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জ্ঞান, লোকসংস্কৃতি, ইতিহাস ও সমকালীন বিষয়াবলি সাঁওতালি ভাষায় নথিভুক্ত হচ্ছে।

সাঁওতালি উইকিপিডিয়ার সূচনা হয় ২০১৮ সালে, তখন থেকে সাত বছরে এটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে এতে হাজারো নিবন্ধ, ছবি ও তথ্য সংযোজিত হয়েছে, যা সাঁওতালি ভাষার ডিজিটাল উপস্থিতি বৃদ্ধি করেছে।

বাংলা উইকিপিডিয়ায় বিশ্ব আদিবাসী দিবস অনলাইন সম্পাদনাসভা

৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজন হয়েছে বিশেষ অনলাইন সম্পাদনাসভা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত এই সম্পাদনাসভা শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ইতিহাস, ভাষা ও জীবনযাত্রা সম্পর্কিত প্রামাণ্য তথ্য সংগ্রহ ও সংযোজনের মাধ্যমে মুক্ত জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করা।

এই অনলাইন সম্পাদনাসভায় বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিদেশে অবস্থানরত বাংলা উইকিপিডিয়া সম্পাদকরা অংশগ্রহণ করেন। তারা একসাথে নতুন নিবন্ধ তৈরি, বিদ্যমান নিবন্ধের তথ্য হালনাগাদ এবং আদিবাসী জনগোষ্ঠী সংক্রান্ত তথ্যসূত্র যুক্ত করার কাজ করেন।

সম্পাদকরা নতুন স্বেচ্ছাসেবকদের সম্পাদনা শেখানো এবং নির্ভরযোগ্য উৎস ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে তাগিদ দেন। এই সম্পাদনাসভার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কিত কন্টেন্টের পরিমাণ এবং মান দুটোই বৃদ্ধি পায়। আয়োজকরা জানিয়েছেন, বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে প্রতি বছর এমন উদ্যোগের মাধ্যমে মুক্ত জ্ঞানভান্ডারকে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনা রয়েছে।

উইকিপত্রিকার দায়িত্বে রদবদল

গত ১ আগস্ট ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় এবং উইকিপত্রিকা সম্পাদকদল ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সঙ্গে নিয়ে একটি বিশেষ যৌথ সভার আয়োজন করে। উক্ত সভায় উইকিপত্রিকার ভবিষ্যৎ কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু আলোচনা যেমন সম্পাদকের দায়িত্ব হস্তান্তরিত করা এবং আরো কিছু বিভাগীয় লেখকের দায়িত্ব ভাগাভাগি হয়। পরবর্তী সময়ে তাদের কাছ থেকে উইকিপত্রিকার সমৃদ্ধি কামনা এবং ফটোওয়াক করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আজাকি ব্যবস্থাপনায় নতুন মুখ

বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় প্রদর্শিত "আপনি জানেন কী" (আজাকি) বিভাগের ব্যবস্থাপনার দায়িত্বে ফয়সাল বিন দারুলের সাথে বর্তমানে যুক্ত হয়েছেন আবু সাঈদ। এর আগে আজাকির মনোনয়ন গ্রহণ ও সেগুলো সাজানোর দায়িত্ব ফয়সাল বিন দারুল একা সামলাতেন, যেটি এখন পাশাপাশি আবু সাঈদ ভাগ করে নিয়েছেন। ১২ আগস্টে আজাকি হালনাগাদের কাজ শুরু করার মাধ্যমে আবু সাঈদ তার দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা করেন।

উইকি এডিটাথন আপডেট

গত ১৫ আগস্ট পরবর্তী মাসের উইকিভ্রমণের প্রতিযোগিতার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। উক্ত আলোচনায় নিবন্ধ তালিকা সমস্যা, সম্পাদনা দ্বন্দ্বসহ আরও বিভিন্ন বিষয় নিষ্পত্তি কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলা উইকি বৈচিত্র্য ভালোবাসে প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। যদিও এখনো বিজয়ী নির্ধারিত হয়নি, তবে বিজয়ী নির্ধারণে শব্দসংখ্যার চেয়ে নিবন্ধ সংখ্যার উপর জোর দেয়ার কথা বলা হয়েছে।

জুলাই মাসজুড়ে অনুষ্ঠিত উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় উইকিঅভিধানে যুক্ত হয় ৬১৫২ ভুক্তি। এবারের প্রতিযোগিতার আকর্ষণ ছিল বিশেষ টুল ব্যবহার করে দ্রুত ভুক্তি তৈরি বা সম্প্রসারণ করার সুযোগ যা প্রতিযোগীদের উপকৃত করেছে। দ্রুততর সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।

ঢাকা সম্প্রদায়ের অফলাইন মিটআপ

২২ আগস্ট ২০২৫ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের অফলাইন মিটআপ। মিটআপে সদস্যদের মাঝে কুশল বিনিময়, উইকিউপাত্তের জন্মদিনের সম্ভাব্য আয়োজনের জন্য আলোচনা, পূর্ববর্তী ১ আগস্টের মিটআপে উত্থাপিত বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্তে আসা এবং প্রস্তাবিত গ্ল্যাম প্রকল্প নিয়ে আরো আলোচনার পাশাপাশি সম্প্রদায়ের ষাণ্মাসিকের কর্মকাণ্ড পর্যালোচনা করা হবে।