ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ
| ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ | |
|---|---|
| ধরন | ভাষা প্রতিযোগিতা |
| নির্মাতা | ইস্পাহানি টি লিমিটেড |
| পরিচালক | তাহের শিপন |
| উপস্থাপক | খাইরুল বাশার নীল হুরেজাহান |
| বিচারক |
|
| প্রারম্ভিক সঙ্গীত | বাংলায় জাগো ভরপুর (২০১৭–২০২৪) বাংলায় জাগি ভরপুর (২০২৫–বর্তমান) |
| দেশ | বাংলাদেশ |
| মূল ভাষা | বাংলা |
| মৌসুমের সংখ্যা | ৬ |
| নির্মাণ | |
| নির্মাণ প্রতিষ্ঠান | ইস্পাহানি টি লিমিটেড |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | চ্যানেল আই |
| মুক্তি | ৭ জুলাই ২০১৭ |
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ হচ্ছে বাংলাদেশের একটি মেধাভিত্তিক বাংলা ভাষা প্রতিযোগিতা। নতুন প্রজন্মকে শুদ্ধ বাংলা জানা, চর্চা ও ব্যবহারে অনুপ্রাণিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করে ইস্পাহানি টি লিমিটেড, যা সম্প্রচারিত হয় চ্যানেল আই-এ। এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ, শব্দগঠন, সাহিত্য, ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে বিভিন্ন পর্বে বিভিন্ন রাউন্ড শেষে মহোৎসবের জন্য ছয় জন প্রতিযোগী বাছাই করা হয়। অতঃপর মহোৎসবে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। দেশের আটটি বিভাগ ও কুমিল্লা অঞ্চলের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।

১ম বর্ষ
[সম্পাদনা]ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৭ হচ্ছে বাংলাবিদের প্রথম বর্ষ। বাংলাবিদের প্রথম বর্ষ শুরু হয় ৭ জুলাই ২০১৭ তারিখে।[১] প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী। প্রথম আসরে সেরা বাংলাবিদ নির্বাচিত হন ঢাকার নুসরাত সায়েম। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হন সিরাজুল আরেফিন (সাতক্ষীরা) এবং যৌথভাবে তৃতীয় হয় রাইসা সালসাবিল (সিলেট) ও সোয়েব সানিয়াত খান তুর্য (ঢাকা)। শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি পায়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেয়া হয়েছে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এক থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পেয়েছে ৫০ হাজার টাকার সমমূল্যের ১টি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বাংলা বই ও একটি করে বই রাখার আলমারি।
মহোৎসব
[সম্পাদনা]ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ১ম বর্ষের মহোৎসব অনুষ্ঠিত হয় ১৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ৩৫ হাজার প্রতিযোগী থেকে সর্বশেষ টিকে থাকা ৬ জন প্রতিযোগিকে নিয়ে অনুষ্ঠিত হয় এ মহোৎসব অনুষ্ঠান। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ মহোৎসবের অতিথি বিচারক এবং চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, এম এম ইস্পাহানি লি. এর উপদেষ্টা জাহিদা ইস্পাহানি ও ইস্পাহানি ফুড লি. এর পরিচালক আলী ইস্পাহানি, প্রতিযোগিতার বিচারক ড. সৌমিত্র শেখর দে, সুবর্ণা মুস্তাফা প্রমুখ।[২]
২য় বর্ষ
[সম্পাদনা]ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৮ হচ্ছে বাংলাবিদের দ্বিতীয় বর্ষ। বাংলাবিদের দ্বিতীয় বর্ষ শুরু হয় ৩ আগস্ট ২০১৮ তারিখে। দ্বিতীয় বর্ষের মহোৎসব অনুষ্ঠিত হয় ৫ই অক্টোবর ২০১৮ তারিখে এবং সেরা বাংলাবিদ হয় চট্টগ্রামের দেবস্মিতা সাহা, দ্বিতীয় সেরা বাংলাবিদ হয় কারিন আশরাফ ঈন ও তৃতীয় সেরা বাংলাবিদ হয় সাদিয়া আফরোজ অন্তু।[৩] সেরা দশের বাকি প্রতিযোগিরা হলো ধ্রুব মণ্ডল(৪র্থ), এহসানুল কাদির শান্ত(৫ম), আফিয়া ইবনাত শুচি(৬ষ্ঠ), আবরার বিন কবির(৭ম), তানভীর ইসলাম(৮ম), শ্রাবন্তি সরকার(৯ম) এবং জান্নাতুল বুশরা(১০ম)। এদের মধ্যে ধ্রুব মণ্ডল ৭ম শ্রেণিতে মহোৎসবে অংশগ্রহণ করে, যা এর ৩টি বর্ষের মধ্যে সর্বকনিষ্ঠ। প্রথমস্থান অধিকারী পান ১০ লক্ষ টাকা, দ্বিতীয়স্থান অধিকারি পান ৩ লক্ষ টাকা এবং তৃতীয়স্থান অধিকার পান ২ লক্ষ টাকা।
মহোৎসব
[সম্পাদনা]ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর দ্বিতীয় বর্ষের মহোৎসবটি অনুষ্ঠিত হয় ০৫ই অক্টোবর ২০১৮ সালে। অনুষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হয় রাত ০৯টা ৩৫মিনিটে।
৩য় বর্ষ
[সম্পাদনা]২০১৯ সালের মার্চ মাস থেকে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তৃতীয় বর্ষ শুরু হয়। সেরা বাংলাবিদ হন বগুড়ার শাজেদুর রহমান,দ্বিতীয় হন অন্তিকা জান্নাত এবং তৃতীয় অয়ন চক্রবর্তী । ১০ অক্টোবর ২০১৯ তারিখে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব তথা 'মহোৎসব' অনুষ্ঠিত হয়।[৪] প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন কথাসাহিত্যিক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর দে ও অভিনেত্রী ত্রপা মজুমদার। মহোৎসবে অতিথি বিচারক ছিলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।
৪র্থ বর্ষ
[সম্পাদনা]২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি চতুর্থ বর্ষ শুরু হয়।তবে করোনার কারণে স্টুডিও রাউন্ডের পূর্বেই বিভাগীয় পর্বের মাঝ পর্যায়ে চতুর্থ বর্ষ স্থগিত করা হয়।
৫ম বর্ষ
[সম্পাদনা]ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০২৩ হচ্ছে বাংলাবিদের পঞ্চম বর্ষ। বাংলাবিদের পঞ্চম বর্ষের আনুষ্ঠানিক বাছাইপর্ব শুরু হয় ২০ জানুয়ারি ২০২৩ তারিখে। সারাদেশে মোট ৯টি আঞ্চলিক বাছাইপর্বে অংশগ্রহণ করে প্রায় দেড় লাখ শিক্ষার্থী। আঞ্চলিক পর্ব থেকে ৮০ জন নির্বাচিত শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় স্টুডিও রাউন্ড, যার সম্প্রচার শুরু হয় ১০ জুন ২০২৪ তারিখ থেকে। স্টুডিও রাউন্ডে কয়েক ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় 'মহোৎসব'। এই আসরে সেরা বাংলাবিদ নির্বাচিত হন সিলেটের সামিরা মুকিত চৌধুরী। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হন অণুশ্রী বণিক (ময়মনসিংহ) এবং তৃতীয় হন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এর নবম শ্রেণির ছাত্রী মনামী জামান (ঢাকা)। শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি পায়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেয়া হয়েছে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। প্রথম থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পেয়েছে ৫০ হাজার টাকার সমমূল্যের ১টি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বাংলা বই ও একটি করে বই রাখার আলমারি।[৫]
- মহোৎসব
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এর ৫ম বর্ষের মহোৎসব অনুষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বিচারক হিসেবে ছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, অধ্যাপক, মিডিয়া ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। এছাড়াও অতিথি বিচারক হিসেবে আফজাল হোসেন মহোৎসবে উপস্থিত ছিলেন। মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান সালমান ইস্পাহানি, পরিচালক জাহিদা ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি। এছাড়াও উপস্থিত ছিলেন- ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নান, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আই ও ইস্পাহানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
৬ষ্ঠ বর্ষ
[সম্পাদনা]ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ২০২৪-২৫ হচ্ছে বাংলাবিদের ষষ্ঠ বর্ষ। ষষ্ঠ বর্ষের আনুষ্ঠানিক বাছাইপর্ব শুরু হয় ২০ জুলাই ২০২৪ তারিখে। সারাদেশে মোট ৯টি আঞ্চলিক বাছাইপর্বে অংশগ্রহণ করে প্রায় দুই লাখ শিক্ষার্থী। আঞ্চলিক পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে স্টুডিও রাউন্ডের সম্প্রচার শুরু হয় ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে। স্টুডিও রাউন্ডে ১৯টি পর্বের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় 'মহোৎসব'। এই আসরে সেরা বাংলাবিদ নির্বাচিত হন চট্টগ্রামের প্রতিযোগী অভিষেক দাশ। দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদ হন যথাক্রমে রিফা তাসনিয়া (ঢাকা) ও রশ্মি তুলতুল চৌধুরী (চট্টগ্রাম)। শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি পায়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য ছিল যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। প্রথম থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পেয়েছে ৫০ হাজার টাকার সমমূল্যের ১টি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বাংলা বই ও একটি করে বই রাখার আলমারি।[৬]
- মহোৎসব
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এর ৬ষ্ঠ বর্ষের মহোৎসব অনুষ্ঠিত হয় ১৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধান তিন বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, কথাসাহিত্যিক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক এবং অভিনেত্রী, নাট্য-নির্দেশক ও মিডিয়া ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। এছাড়াও অতিথি বিচারক হিসেবে ছিলেন বাংলা একাডেমির সভাপতি ড. আবুল কাশেম ফজলুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান সালমান ইস্পাহানি, পরিচালক জাহিদা ইস্পাহানি, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নান, চ্যানেল আই-এর বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ এবং চ্যানেল আই ও ইস্পাহানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে দেশের ৫টি অঞ্চলের প্রতিনিধিত্বকারী ৬জন প্রতিযোগীর নিজ কণ্ঠে গাওয়া গানের সুরে নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও মহোৎসবের একটি বিশেষ অংশে উপস্থাপনা করেন অনুষ্ঠানের অতিথি ও জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ শুরু আজ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "বাংলাবিদ-১৭'র চ্যাম্পিয়ন ঢাকার মেয়ে নুসরাত সায়েম"। দৈনিক ইত্তেফাক। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-দ্বিতীয় বর্ষ সবার সেরা দেবস্মিতা সাহা"। আনন্দ আলো। ২৩ অক্টোবর ২০১৮।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১১ অক্টোবর ২০১৯)। "সেরা বাংলাবিদ বগুড়ার শাজেদুর"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২১।
- ↑ "শেষ হলো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ২০২৩, সেরা সিলেটের সামিরা"। বাংলা নিউজ ২৪। ২ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "সেরা বাংলাবিদ হলেন চট্টগ্রামের অভিষেক"। প্রথম আলো। ১৮ এপ্রিল ২০২৫।
- ↑ "এবারের সেরা 'ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ' চট্টগ্রামের অভিষেক দাশ"। সমকাল। ১৯ এপ্রিল ২০২৫।