ইবনে আবি লায়লা
ইবনে আবি লায়লা | |
|---|---|
بن أبي ليلى | |
| কুফার কাজি | |
| অফিসে আনু. ৭৩৩ – ৭৬৫ | |
| উত্তরসূরী | আব্দুল্লাহ ইবনে ঈসা ইবনে আব্দুর রহমান |
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ৬৯৩ |
| মৃত্যু | ৭৬৫ (বয়স ৭২) |
| ধর্ম | ইসলাম |
| শিক্ষক | আতা ইবনে আবি রাবা, আমির আল-শা'বি |
মুহাম্মদ ইবনে আবদুর রহমান ইবনে আবি লায়লা ( আরবি: محمد بن عبد الرحمن بن أبي ليلى ; ৬৯৩ - ৭৬৫ খ্রি.) ছিলেন একজন প্রাথমিক মুসলিম আইনজ্ঞ, যিনি আনুমানিক ৭৩৩ সাল থেকে তাঁর মৃত্যু পর্যন্ত কুফার কাজী (বিচারক) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি আহলে রায়ের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন এবং তিনি কুফায় ইমাম আবু হানিফার সমসাময়িক ছিলেন। ৭৩৩ সালে তিনি কুফায় মৃত্যুবরণ করেন। [১]
জীবনী
[সম্পাদনা]ইবনু আবি লায়লা ৬৯৩ সালে (৭৪ হিজরী) এক জ্ঞানী ও প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুর রহমান ছিলেন কুফার একজন বিশিষ্ট তাবেয়ী এবং তিনি নবি মুহাম্মদের একাধিক সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন এবং তাদের থেকে হাদিস শুনেছিলেন। তার পিতা তার শিশুকালেই ইন্তেকাল করেন। তাঁর পিতা আবদুর রহমান ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু ঘটনার অংশ ছিলেন; তিনি খলিফা আলী ইবনে আবি তালিবের পক্ষে উটের যুদ্ধে (জামাল যুদ্ধ) অংশ গ্রহণ করেন এবং পরবর্তীকালে ইবনুল আশআসের বিদ্রোহেও অংশগ্রহণ করেন। [১] ইবনে আবি লায়লার দাদা আবু লায়লা ছিলেন নবী মুহাম্মদের একজন সাহাবি, যা ইবনে আবি লায়লার পারিবারিক মর্যাদা ও ধর্মীয় ঐতিহ্যের গভীরতা প্রতিফলিত করে। [২]
ইবনে আবি লায়লা ইসলামী আইনশাস্ত্রের (ফিকহ) বিদ্যায় উচ্চ প্রশিক্ষণ লাভ করেন। তার প্রধান শিক্ষক ছিলেন বিখ্যাত তাবেয়ী আল-শা'বি ও হাকাম ইবনে উতাইবা। [৩] এছাড়াও তিনি কিছু সময়ের জন্য বিখ্যাত মক্কাবাসী ইমাম আতা ইবনে আবি রাবাহের বক্তৃতা ও হাদিস শ্রবণ করেন। [৪] এই সকল আলেমদের থেকে তিনি ইসলামি জ্ঞানে দীক্ষিত হন ও নিজেকে ধর্মীয় শিক্ষায় পরিপূর্ণ করে তোলেন। [১]
পরবর্তীকালে তিনি উমাইয়া শাসনামলে কুফার কাজি হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। যদিও এ নিয়োগের সুনির্দিষ্ট সাল নিয়ে মতভেদ আছে; তবে কিছু সূত্র মতে এটি ৭৩৩ খ্রিষ্টাব্দে,[৫] আবার কিছু মতে ৭৪১ খ্রিষ্টাব্দে ঘটেছে। [১] তার ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: কেরাত-বিশারদ আল-কিসাঈ, বিখ্যাত মুহাদ্দিস ও বিচারপতি ওয়াকী ইবনুল-জাররাহ ও সুফিয়ান ইবনে উয়াইনা। [৫]
ইবনে আবি লায়লা ৭৬৫ খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর তার ভাতিজা আবদুল্লাহ ইবন ঈসা ইবনে আব্দুর রহমান কুফার কাজির পদে অধিষ্ঠিত হন। তার অনুসারীরা ইমাম শাফেয়ীর সময় পর্যন্ত টিকে ছিল, যা তার চিন্তাধারার দীর্ঘস্থায়ী প্রভাব নির্দেশ করে। [১]
হানাফি উৎসগুলোতে বলা হয়েছে যে, আবু হানিফা ও ইবনে আবি লায়লার মধ্যে প্রকাশ্যভাবে অনেকবার বিতর্ক হয়েছে। ইমাম আবু হানিফা প্রায়ই তার পাঠে ইবনু আবি লায়লার মতের সমালোচনা করতেন। [১] বিখ্যাত হানাফি ফকিহ আবু ইউসুফ প্রথম ইবনে আবি লায়লার হালকায় উপস্থিত থাকতেন এবং পরে তিনি ইমাম আবু হানিফার হালকায় যোগ দেন। [৬] ইমাম আবু ইউসুফের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ইখতিলাফ আবি হানিফা ওয়া ইবনু আবি লায়লায় ইমাম আবু হানিফা ও ইবনে আবি লায়লার মধ্যে ২৬৩টি মাসআলায় মতভেদ বর্ণিত হয়েছে। [৭] এই গ্রন্থে দেখা যায়, ইবনে আবি লায়লা হাদীস বা সাহাবাদের বক্তব্যের উপর খুব কম নির্ভর করতেন; বরং তিনি নিজের মতামত ও বিচারবোধের (রায়) উপর ভিত্তি করেই অধিকাংশ মাসআলার ফতোয়া দিতেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
- 1 2 3 4 5 6 Pellat, Ch; Schacht, J., "Ibn Abī Laylā", Encyclopaedia of Islam New Edition Online (EI-2 English) (ইংরেজি ভাষায়), Brill, সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪
- ↑ Hanif 2018, p. 180
- 1 2 Yanagihashi, Hiroyuki, "Abū Ḥanīfa", Encyclopaedia of Islam Three Online (ইংরেজি ভাষায়), Brill, সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪
- ↑ Motzki 2002, p. 254
- 1 2 "İBN EBÛ LEYLÂ, Muhammed b. Abdurrahman"। İslâm Ansiklopedisi (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪।
- ↑ Hanif 2021, p. 31
- ↑ Hanif 2021, p. 5
সূত্র
[সম্পাদনা]- Hanif, S. (2018). A Tale of Two Kufans: Abū Yūsuf’s Ikhtilāf Abī Ḥanīfa wa-Ibn Abī Laylā and Schacht’s Ancient Schools. Islamic Law and Society, 25(3), 173–211.
- Hanif, S. (2021). Abū Yūsuf’s Ikhtilāf Abī Ḥanīfa wa-Ibn Abī Laylā and the Transmission of Knowledge in the Formative Period of the Ḥanafī School. Islamic Law and Society, 29(1-2), 1-33.
- Motzki, Harald (2002). The Origins of Islamic Jurisprudence: Meccan Fiqh Before the Classical Schools. Translated by Katz, Marion H. Brill. Chapter 3. আইএসবিএন ৯৭৮-৯০-০৪-১২১৩১-৭.মমম