ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়াং পিপল
ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়ং পিপল (IBBY) একটি আন্তর্জাতিক অলাভজনক সংগঠন যা বইয়ের সাথে শিশুদের সংযুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আইবিবিওয়াই-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের বাজেলে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৫২ সালে, জেলা লেপম্যান মিউনিখ, জার্মানিতে একটি সভা আয়োজন করেছিলেন, যার নাম ছিল 'শিশুদের বইয়ের মাধ্যমে আন্তর্জাতিক বোঝাপড়া'। সমকালীন অনেক লেখক, প্রকাশক, শিক্ষক এবং দার্শনিকরা এই সভায় অংশগ্রহণ করেছিলেন এবং এর ফলে ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়ং পিপল গঠনের জন্য একটি সমিতি নিযুক্ত হয়েছিল। এক বছর পর ১৯৫৩ সালে, আইবিবিওয়াই জুরিখ, সুইজারল্যান্ডে একটি অলাভজনক সংগঠন হিসেবে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন: এরিক কাস্টনার, লিসা টেটজনার, অস্ট্রিড লিনগ্রেন, জো টেনফজর্ড, ফ্রিটজ ব্রুনার, বেটিনা হুরলিম্যান, এবং রিচার্ড বামবার্গার। এটি ১৯৫৬ সালে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন পুরস্কার নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রতিষ্ঠা করে এবং তারপর থেকে প্রতি দুই বছর পরপর এটি প্রদান করে আসছে।
লক্ষ্য
[সম্পাদনা]এর এর ছয়টি মূল লক্ষ্য রয়েছে:
- শিশুদের বইয়ের মাধ্যমে আন্তর্জাতিক বোঝাপড়া প্রচার করা
- সর্বত্র শিশুদের উচ্চ সাহিত্য এবং শৈল্পিক মানসহ বই পড়ার করার সুযোগ করে দিতে
- বিশেষ করে উন্নয়নশীল দেশে মানসম্পন্ন শিশুদের বই প্রকাশ ও বিতরণকে উৎসাহিত করা
- শিশু ও শিশুসাহিত্যের সাথে জড়িতদের সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করা
- শিশু সাহিত্যের ক্ষেত্রে গবেষণা এবং অধ্যয়নমূলক কাজকে উদ্দীপিত করা
- জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের অধিকার রক্ষা করা
সংগঠন
[সম্পাদনা]আইবিবিওয়াই সারা বিশ্বে সত্তরটিরও বেশি জাতীয় বিভাগ নিয়ে গঠিত। এটি এমন দেশগুলির প্রতিনিধিত্ব করে যেখানে ভাল-উন্নত বই প্রকাশনা এবং সাক্ষরতা কর্মসূচী রয়েছে, এছাড়াও যেখানে শিশুদের বই প্রকাশনা এবং প্রচারে অগ্রণী কাজ করে মাত্র কয়েকজন পেশাদার।
এর নীতি ও কর্মসূচিগুলি এর কার্যনির্বাহী সমিতি দ্বারা নির্ধারিত হয়: দ্বিবার্ষিক আইবিবিওয়াই কংগ্রেসের সময় সাধারণ পরিষদে জাতীয় বিভাগ দ্বারা নির্বাচিত বিভিন্ন দেশ থেকে দশ জন ব্যক্তি এবং একজন সভাপতি। তারা স্বেচ্ছায় কাজ করে। সুইজারল্যান্ডের বাসেলের আইবিবিওয়াই সচিবালয় থেকে এর কার্যাবলীর দৈনিক ব্যবস্থাপনা পরিচালিত হয়।
জাতীয় শাখাগুলো বিভিন্নভাবে সংগঠিত হয় এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে। যেসব দেশে কোনো জাতীয় শাখা নেই, সেখানে আইবিবাই-এর ব্যক্তিগত সদস্যপদ গ্রহণ করা সম্ভব। লেখক, চিত্রশিল্পী, প্রকাশক, সম্পাদক, অনুবাদক, সাংবাদিক, সমালোচক, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রী, গ্রন্থাগারিক, বই বিক্রেতা, সমাজকর্মী এবং অভিভাবকরা জাতীয় শাখাগুলোর সদস্যপদ নিয়ে থাকেন। জাতীয় শাখাগুলোর বার্ষিক চাঁদাই হলো আইবিবাই-এর নিয়মিত আয়ের একমাত্র উৎস। এর কার্যক্রমকে সমর্থন করার জন্য স্বাধীন অর্থায়ন প্রয়োজন।
ইউনেস্কো এবং ইউনিসেফে সরকারি মর্যাদা প্রাপ্ত একটি বেসরকারি সংস্থা হিসেবে, আইবিবাই শিশুদের বইয়ের উৎসাহ প্রদানকারী হিসেবে নীতি নির্ধারণী ভূমিকা পালন করে। আইবিবাই ১৯৯০ সালে জাতিসংঘ কর্তৃক অনুমোদিত শিশু অধিকার সনদের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এর অন্যতম প্রধান ঘোষণা হল শিশুদের সাধারণ শিক্ষা এবং তথ্যে সরাসরি প্রবেশাধিকার। আইবিবাই এই প্রস্তাবনায় শিশুদের বইয়ের উৎপাদন ও বিতরণকে উৎসাহিত করার জন্য সব দেশগুলির প্রতি আবেদন জানাবার কাজ করেছে।
আইবিবাই বিশ্বের অনেক আন্তর্জাতিক সংস্থা এবং শিশু সাহিত্য প্রতিষ্ঠানের সাথেও সহযোগিতা করে এবং বোলোগনা শিশু বই মেলা ও অন্যান্য আন্তর্জাতিক বই মেলায় অংশগ্রহণ করে থাকে।
পুরস্কার এবং কার্যক্রম
[সম্পাদনা]হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন পুরস্কার প্রতি দুই বছর অন্তর একজন লেখক এবং একজন চিত্রশিল্পীকে দেওয়া হয়, যাদের কাজ শিশু সাহিত্যে একটি স্থায়ী অবদান রেখেছে। আইবিবাই-আসাহী পঠন প্রচার পুরস্কার প্রতি দুই বছর অন্তর এমন একটি গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যাদের কার্যক্রম পঠন প্রচার কর্মসূচিতে একটি স্থায়ী অবদান রাখছে, এবং আইবিবাই-আইরিড অসামান্য পঠন প্রচারক পুরস্কার প্রতি দুই বছর অন্তর এমন দুজন ব্যক্তিকে দেওয়া হয়, যারা শিশুদের পঠনের প্রসার ও উন্নয়নে কাজ করছেন। আইবিবাই তার জাতীয় শাখাগুলি দ্বারা নির্বাচিত শিশুদের জন্য প্রস্তাবিত কাজের জন্য অসামান্য লেখক, চিত্রশিল্পী এবং অনুবাদকদের একটি সম্মাননা তালিকাও সংকলন করে। এটি প্রতি দুই বছর অন্তর প্রকাশিত হয় এবং প্রথমবার আইবিবাই কংগ্রেস চলাকালীন একটি প্রদর্শনী হিসাবে দেখানো হয়েছিল।[১]
প্রতি বছর, আইবিবিওয়াই-এর একটি জাতীয় শাখা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশুদের বই দিবসের পৃষ্ঠপোষকতা করে থাকে।
আইবিবিওয়াই-ইয়ামাদা তহবিল পঠন প্রচার, গ্রন্থাগার স্থাপন, শিক্ষক, গ্রন্থাগারিক এবং অভিভাবকদের প্রশিক্ষণের পাশাপাশি শিশু সাহিত্যের লেখক, চিত্রকর এবং সম্পাদকদের জন্য কর্মশালা ইত্যাদির মতো প্রকল্পগুলিকে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগ, গৃহযুদ্ধ বা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সাহায্য করার জন্য ২০০৫ সালে আইবিবিওয়াই চিলড্রেন ইন ক্রাইসিস তহবিল প্রতিষ্ঠা করেছিল। এই তহবিল এমন প্রকল্পগুলির জন্য অনুদান সংগ্রহ করে যারা শিশুসাহিত্য বইয়ের গ্রন্থাগার/সংগ্রহ তৈরি বা প্রতিস্থাপন করে এবং গ্রন্থ চিকিৎসার ব্যবস্থা করে।
আইবিবিওয়াই শিশুসাহিত্য বইয়ের বেশ কয়েকটি সংগ্রহশালা স্থাপন করেছে, যেগুলির প্রত্যেকটির নিজস্ব লক্ষ্য রয়েছে। সবচেয়ে বড়টি হলো টরন্টো পাবলিক গ্রন্থাগারে অবস্থিত প্রতিবন্ধী তরুণদের জন্য আইবিবিওয়াই বই সংগ্রহ। প্রতি দুই বছর অন্তর, প্রতিবন্ধী তরুণদের জন্য সেরা বইগুলির একটি তালিকা সংকলন ও ক্যাটালগ তৈরী করা হয়। সাইলেন্ট বুকস সংগ্রহটি হলো শব্দহীন শিশুপাঠ্য বইয়ের একটি সংগ্রহ, যা উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে আসা অনেক শরণার্থীর গন্তব্য ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসায় বইয়ের প্রয়োজনীয়তার প্রতিক্রিয়ায় তৈরি করা হয়েছিল। আইবিবিওয়াই সম্মান তালিকার নির্বাচনগুলির সাথে সাথে এই সংগ্রহগুলিও প্রদর্শনী হিসাবে উপলব্ধ থাকে।
আইবিবিওয়াই দুটি ভার্চুয়াল শিশুতোষ বই সংগ্রহ তৈরিতেও সহায়তা করেছে: চিলড্রেনস বুকস ইন ইউরোপ, যা ইউরোপীয় ভাষার বইয়ের একটি সংগ্রহ; এবং বুকস ফর আফ্রিকা/বুকস ফ্রম আফ্রিকা, যা আফ্রিকার ভাষায় প্রকাশিত বইগুলিকে তুলে ধরে।
জেলা লেপম্যান পদক[২] প্রথম ১৯৯১ সালে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছিল যারা শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
ইউএসবিআইবিওয়াই প্রতি বছর একটি ইউএসবিআইবিওয়াই সেরা আন্তর্জাতিক বইয়ের তালিকা প্রকাশ করে থাকে।[৩]
বুকবার্ড
[সম্পাদনা]বুকবার্ড: এ জার্নাল অফ ইন্টারন্যাশনাল চিলড্রেনস লিটারেচার (আইএসএসএন 0006-7377) হলো আইবিবিওয়াই দ্বারা ত্রৈমাসিকভাবে প্রকাশিত একটি উচ্চশিক্ষায়তনিক গবেষণা সাময়িকী।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "IBBY Honour List"। IBBY। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৪।
- ↑ "Jella Lepman Medal"। IBBY। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০।
- ↑ "Outstanding International Books List"। USBBY (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪।