বিষয়বস্তুতে চলুন

আলিয়া বিনতে আল-মাহদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইলিয়া বিনতে আল-মাহদি
عُلَيّة بنت المهدي
জন্ম৭৭৭
বাগদাদ, আব্বাসীয় খিলাফত
মৃত্যু৮২৫ (বয়স ৪৭–৪৮)
বাগদাদ, আব্বাসীয় খিলাফত
দাম্পত্য সঙ্গীমুসা ইবনে ঈসা ইবনে মুসা আল-হাশিমি
বংশধরআব্বাস ইসহাক
পূর্ণ নাম
আলিয়া বিনতে মুহাম্মদ আল-মাহদি ইবন আবদুল্লাহ আল-মনসুর
পিতাআল-মাহদি
মাতামাকনুনা
ধর্মইসলাম
পেশাগায়িকা
সুরকার
সংগীতকার
আরব কবি

ইলিয়া বিনতে আল-মাহদি ( আরবি: عُلَيّة بنت المهدي , ৭৭৭–৮২৫) ছিলেন একজন আব্বাসীয় রাজকন্যা, যিনি একজন কবি ও সঙ্গীতজ্ঞ হিসেবে বিখ্যাত ছিলেন। তিনি আব্বাসীয় খলিফা আল-মাহদির কন্যা ছিলেন।

জীবনী

[সম্পাদনা]

আলিয়া তৃতীয় আব্বাসীয় খলিফা আল-মাহদির একজন কন্যা ছিলেন। আল-মাহদি ৭৭৫ খ্রিস্টাব্দে খলিফা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং ৭৮৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত শাসন করেন। আল-মাহদির শাসনামল সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য বিশেষভাবে পরিচিত ছিল; বিশেষ করে কবি ও সংগীতকারদের তিনি রাজদরবারে উৎসাহিত করতেন।[১] আলিয়ার মাতা আব্বাসীয় হারেমের একজন গায়িকা দাসী (কিয়ান) ছিলেন, যার নাম ছিল মাকনুনা।[২] তিনি একজন দক্ষ গায়িকা ছিলেন এবং সঙ্গীত পরিবেশন করার ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন। মাকনুনা মূলত মারওয়ানিয়্যা নামের এক নারীর মালিকানাধীন জারিয়া (দাসী) ছিলেন।[৩] আল-মাহদি যুবরাজ থাকাকালীন মাকনুনাকে ১,০০,০০০ রৌপ্য দিরহাম দিয়ে কিনে নেন। আল-মাহদির কাছে তিনি এতটাই প্রিয় হয়ে ওঠেন যে, আল-মাহদির প্রধান স্ত্রী আল-খায়যুরান একসময় মন্তব্য করেন: “তার অন্য কোনো নারী আমার অবস্থানকে এতটা কঠিন করে তোলেনি"।[২]

ধারণা করা হয়, আলিয়ার শৈশবে পিতা মারা যাওয়ায় তিনি সৎ ভাই হারুনুর রশিদের তত্ত্বাবধানে বড় হন। হারুন ৭৮৬ থেকে ৮০৯ সাল পর্যন্ত আব্বাসীয় খলিফা ছিলেন। ইসলামি ইতিহাসে তিনি একজন শক্তিশালী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শাসক হিসেবে পরিচিত। আলিয়া শুধু একজন রাজকুমারী হিসেবেই নয়; বরং শিল্প ও সাহিত্য জগতেও বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর সৎ ভাই ইব্রাহিম ইবনুল মাহদির (৭৭৯–৮৩৯) মতই তিনি একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও কবি ছিলেন। অনেক ঐতিহাসিকের মতে, সঙ্গীত ও কাব্য রচনার দক্ষতায় তিনি তাঁর ভাইকেও ছাড়িয়ে যান। যদিও ইতিহাসে আরও কয়েকজন আব্বাসীয় রাজকুমারীর কবিতা ও গান রচনার উল্লেখ পাওয়া যায়, তবে প্রতিভার দিক থেকে আলিয়াকে তাদের মধ্যে সবচেয়ে গুণী হিসেবে বিবেচনা করা হয়।[৪]

আলিয়ার কবিতার একটি বড় অংশই ছিল ছোট ছোট গীতি কাব্য, যা শুধু গাওয়ার জন্যই রচিত হত। তাঁর কবিতাগুলো মূলত “মুহদাস” শৈলীর অন্তর্ভুক্ত, যা তখনকার নতুন ধাঁচের আরবি সাহিত্যিক শৈলী হিসেবে পরিচিত ছিল। তাঁর এসব কবিতায় প্রেম, বন্ধুত্ব ও জন্মভূমির প্রতি আকুলতার মতো আবেগপূর্ণ বিষয় উঠে আসে। এর পাশাপাশি তাঁর রচনায় কখনও কখনও হারুনুর রশিদের প্রশংসা, মদ্যপানের উৎসবমুখর বর্ণনা এবং শত্রুদের বিরুদ্ধে তীব্র সমালোচনাও দেখা যায়।[৪]

তাঁর জীবনের প্রধান ঐতিহাসিক উৎস হলো দশম শতাব্দীর বিখ্যাত গ্রন্থ কিতাবুল আগানি, যার রচয়িতা ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও ঐতিহাসিক আবুল ফারাজ ইসপাহানি।[৫] এই গ্রন্থসহ অন্যান্য ঐতিহাসিক সূত্রে আলিয়াকে এমন একজন প্রতিভাবান ও শিক্ষিত নারী হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি রাজদরবারের খুব দক্ষতার সঙ্গে নিজের অবস্থান বজায় রাখতে পারতেন। তবে তিনি সাধারণত জনজীবনে খুব বেশি প্রকাশ্য বা প্রভাবশালী ভূমিকা নিতে আগ্রহী ছিলেন না। তিনি অত্যন্ত ধনী ছিলেন এবং তার নিজস্ব দাসী-গায়িকাও ছিল। তাঁর ভাইদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা তাকে আব্বাসীয় রাজপরিবারের অভ্যন্তরে খুবই গুরুত্বপূর্ণ অবস্থান এনে দেয়। যদিও ধর্মীয় পণ্ডিতদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের স্পষ্ট প্রমাণ খুব বেশি পাওয়া যায় না, তবে তার জীবনীমূলক বিবরণসমূহে উল্লেখ রয়েছে যে তিনি ধর্মপরায়ণ ছিলেন এবং ইসলামের ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করতেন। বিভিন্ন বর্ণনায় তার তাকওয়া, নৈতিকতা ও ধর্মীয় দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।[৬]:৬৬–৬৮, ৭৪

সংগীত প্রতিভার জন্য খ্যাত অন্যান্য স্বাধীন আরব নারীদের মতো তিনি সাধারণত প্রকাশ্য মঞ্চে গান পরিবেশন করতেন না। তিনি শুধুমাত্র পারিবারিক অনুষ্ঠানে নিজের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ও অভিভাবকের তত্ত্বাবধানে গান গাইতেন। এর উদ্দেশ্য ছিল, যেন তিনি ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ থেকে সংগীত চর্চা করতে পারেন এবং তাকে দাসী-গায়িকা; যেমন কিয়ান, জাওয়ারি বা মুগান্নিয়ার সঙ্গে তুলনা করা না হয়। তবে তার অসাধারণ সংগীত প্রতিভার স্বীকৃতিস্বরূপ তাকে কখনো কখনো “কায়না” বলে অভিহিত করা হতো।[৭]

একবার আলিয়া তার ভাই ইবরাহিম ইবনুল মাহদির সঙ্গে যুগলভাবে গান পরিবেশন করেন। এছাড়া তিনি তার ভাবী জুবাইদা বিনতে জাফরের উদ্দেশ্যে প্রেমঘন কবিতাও রচনা করেন। কথিত আছে যে, পরবর্তীতে হারুনুর রশিদের একটি সংগীতানুষ্ঠানে এসব কবিতা প্রায় দুই হাজার দাসী-গায়িকা একসঙ্গে পরিবেশন করে।[৮]

আলিয়ার স্বামী মুসা তাঁর আগেই মারা যান। মুসার মৃত্যুর সাল সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়; কিছু সূত্রে বলা হয় তিনি ৭৯৯ সালে ৫৫ বছর বয়সে মারা যান; অন্য সূত্রে ৮০৩ বা ৮০৫ সালের কথাও উল্লেখ করা হয়েছে।[৯] স্বামীর মৃত্যুর পর জীবনের বাকি সময় তিনি ভাই ও ভাতিজাদের সঙ্গে কাটান। তিনি ৮২৪ অথবা ৮২৫ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

আত্মীয়

[সম্পাদনা]

আলিয়া অন্যান্য আব্বাসীয় রাজকুমারীদের মতোই জন্ম ও বৈবাহিক উভয় সূত্রেই আব্বাসীয় শাসক পরিবারের সঙ্গে সম্পর্কিত ছিলেন। তিনি একাধিক আব্বাসীয় খলিফা, রাজপুত্র ও রাজকুমারীর সমসাময়িক ছিলেন এবং তাদের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক ছিল।

নং. সদস্য সম্পর্ক
১ মুসা আল-হাদি সৎ ভাই
২ হারুনুর রশিদ সৎ ভাই
৩ আবাসা বিনতে আল-মাহদি সৎ বোন
৪ আলি ইবনুল মাহদি ভাই
৫ মানসুর ইবনুল মাহদি সৎ ভাই
৬ ইবরাহিম ইবনুল মাহদি সৎ বোন
৭ উলাইয়া বিনতে আল-মাহদি সৎ বোন
৮ আবদুল্লাহ ইবনুল মাহদি সৎ ভাই
৯ উবায়দুল্লাহ ইবনুল মাহদি সৎ ভাই
১০ বানুকা বিনত আল-মাহদি সৎ বোন
১০ ঈসা ইবনুল মাহদি[১০] সৎ ভাই

বিবাহ

[সম্পাদনা]

আলিয়া আব্বাসীয় বংশের একটি শাখার সদস্য মুসা ইবনে ঈসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১১] মুসা প্রথম দুই আব্বাসীয় খলিফা আস-সাফ্ফাহ (শা. ৭৫০–৭৫৪) ও আবু জাফর আল-মনসুরের (শা. ৭৫৪–৭৭৫) প্রপৌত্রের বংশধর ছিলেন।[১২]

কবিতা

[সম্পাদনা]

তাঁর কিছু কবিতা হলো:

আমি নিজের প্রিয়জনের নাম গোপন রেখেছি এবং বারবার নিজের মনে তা উচ্চারণ করেছি।
হায়, কত আকুল হয়ে আছি এমন এক নির্জন স্থানের জন্য, যেখানে আমি আমার ভালোবাসার নাম ধরে ডাকতে পারি। [১৩]

তাঁর কবিতা সম্পর্কিত কিংবদন্তি

[সম্পাদনা]

তার কবিতাকে ঘিরে বেশ কিছু কিংবদন্তি প্রচলিত রয়েছে। তাঁর বিয়ে একজন আব্বাসীয় রাজপুত্রের সঙ্গে হলেও তাঁর লেখায় এমন কিছু প্রেমমূলক কবিতা সংরক্ষিত আছে, যা তিনি দুইজন দাসের উদ্দেশে লেখেন বলে জানা যায়।[৪] তাঁকে নিয়ে সবচেয়ে পরিচিত উপাখ্যানগুলোর একটি তাঁর ভাই হারুনুর রশিদের প্রাসাদের খাদিম তালের মধ্যকার সম্পর্ককে ঘিরে প্রচলিত। বলা হয়, আলিয়া ও খাদিম তাল পরস্পরের সঙ্গে কবিতার মাধ্যমে যোগাযোগ করতেন। এক সময় হারুনুর রশিদ তাঁকে তাল শব্দ উচ্চারণ করতে নিষেধ করেন। তিনি খলিফার এই আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন। এমনকি তিনি এতটাই সতর্ক ছিলেন যে, তাল শব্দটি উচ্চারণ না করার জন্য তিনি সূরা আল-বাকারার একটি আয়াতও পড়া থেকে বিরত থাকেন, যেখানে "তাল” শব্দটি রয়েছে। পরে যখন খলিফা বিষয়টি জানতে পারেন, তখন তিনি এতে প্রভাবিত হন এবং শেষ পর্যন্ত তালকে আলিয়ার কাছে উপহার হিসেবে প্রদান করেন।[১৪]:৭৭

গ্রন্থ

[সম্পাদনা]
  • al-Ṣūlī, Abū Bakr, Ash‘ār awlād al-khulafā’ wa-akhbāruhum, ed. by James Heyworth-Dunne, 3rd ed. (Beirut: Dār al-Masīra, 1401/1982), pp. 64–76.

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Kilpatrick, Hilary (২০০৫)। "Mawālī and Music"। Monique Bernards; John Nawas (সম্পাদকগণ)। Patronate and Patronage in Early and Classical Islam। Leiden: Brill। পৃ. ৩২৬–৩৪৮।
  2. 1 2 Abbott 1946, পৃ. 36।
  3. ↑ Al-Heitty, A.K. (২০০৫)। ‏دور المرأة الشاعرة في القصر العباسي، ١٣٢-٢٤٧، ٧٥٠-٨٦١। Al Rayan। পৃ. ১৮৫।
  4. 1 2 3 Kilpatrick, Hilary (১৯৯৮)। "'Ulayya bint al-Mahdī (160–210/777–825)"। Julie Scott Meisami; Paul Starkey (সম্পাদকগণ)। Encyclopedia of Arabic Literature। খণ্ড II। London: Routledge। পৃ. ৭৯১।
  5. ↑ al-Iṣfahīnī, Abu l-Faraj, Kitāb al-aghānī, Dār al-Fikr, 21 parts and Index in 9 vols., equivalent to the edition Kairo 1322/1905–5.
  6. ↑ Gordon, Matthew S. (২০০৪)। Montgomery, James E. (সম্পাদক)। "The Place of Competition: The Careers of 'Arīb al-Ma'mūnīya and 'Ulayya bint al-Mahdī, Sisters in Song"। 'Abbasid Studies: Occasional Papers of the School of 'Abbasid Studies, Cambridge, 6–10 July 2002। Leuven: Peeters: ৬১–৮১।
  7. ↑ Matthew Gordon, Kathryn A. Hain: Concubines and Courtesans: Women and Slavery in Islamic History
  8. ↑ Albrecht Classen:Pleasure and Leisure in the Middle Ages and Early Modern Age
  9. ↑ Ibn 'Asakir 1998, পৃ. 193; Ibn Taghribirdi 1930, পৃ. 98.
  10. ↑ Abbott 1946, পৃ. 31।
  11. ↑ Ibn Hazm 1982, পৃ. 22; Al-Isbahani 1938, পৃ. 185.
  12. ↑ Yarshater 1985–2007, v. 30: p. xxv।
  13. ↑ আব্দুল্লাহ আল উজাইরি, ক্লাসিকাল পয়েম বাই আরব উমেন্স' (লন্ডন: সাকি, ১৯৯৯), পৃ. ১১০।
  14. ↑ Gordon, Matthew S. (২০০৪)। Montgomery, James E. (সম্পাদক)। "The Place of Competition: The Careers of 'Arīb al-Ma'mūnīya and 'Ulayya bint al-Mahdī, Sisters in Song"। 'Abbasid Studies: Occasional Papers of the School of 'Abbasid Studies, Cambridge, 6–10 July 2002। Leuven: Peeters: ৬১–৮১।

সূত্র

[সম্পাদনা]