আব্দুল রহিম খান-ই-খানান
আব্দুল রহিম খান-ই-খানান | |
|---|---|
আব্দুল রহিমের প্রতিকৃতি, অঙ্কন: হাশিম, আনু. ১৬২৭ | |
| জন্ম | ১৭ ডিসেম্বর ১৫৫৬ |
| মৃত্যু | ১ অক্টোবর ১৬২৭ (বয়স ৭০) |
| সমাধি | আব্দুল রহিম খান-ই-খানানের সমাধি, দিল্লি |
| উপাধি | খান-ই-খানান |
| সন্তান | |
| পিতা-মাতা |
|
খানজাদা মির্জা খান আব্দুল রহিম (১৭ ডিসেম্বর ১৫৫৬ – ১ অক্টোবর ১৬২৭), মুঘ়ল বিখ্যাত কবি, যিনি কেবল রহিম নামেই অধিক পরিচিত এবং খান-ই-খানান উপাধিতে ভূষিত ছিলেন। তিনি মুঘ়ল সম্রাট আকবরের শাসনামলে ভারতের অধিবাসী ছিলেন এবং আকবরই ছিলেন রহিমের গুরু। আকবরের দরবারের নবরত্ন নামে পরিচিত নয়জন গুরুত্বপূর্ণ মন্ত্রীর (দেওয়ান) অন্যতম একজন ছিলেন । রহিম তাঁর হিন্দুস্তানি দোহা (দ্বিপদী)[২] এবং জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থসমূহের জন্য সুপরিচিত ছিলেন।[৩]

জীবনী
[সম্পাদনা]আব্দুল রহিম লাহোর-এ জন্মগ্রহণ করেন।[৪] তিনি ছিলেন আকবরের বিশ্বস্ত অভিভাবক ও পরামর্শদাতা বৈরাম খাঁর পুত্র, যিনি কারা কোয়ুনলু তুর্কি বংশোদ্ভূত ছিলেন। হুমায়ুন যখন নির্বাসন থেকে ভারতে ফিরে আসেন, তিনি তাঁর অভিজাতদের দেশের বিভিন্ন জমিদার ও সামন্ত প্রভুদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের নির্দেশ দেন। হুমায়ুন মেওয়াত (বর্তমান হরিয়ানা-র নুহ জেলা)-এর খানজাদা জামাল খানের জ্যেষ্ঠ কন্যাকে বিবাহ করেন এবং তিনি বৈরাম খানকে একই পরিবারের কনিষ্ঠ কন্যাকে বিবাহ করতে বলেন।
গেজেটিয়ার অফ উলওয়ার (আলওয়ার) উল্লেখ করে:
- বাবরের মৃত্যুর পর, ১৫৪০ সালে তাঁর উত্তরাধিকারী হুমায়ুন-কে পশতুন শের শাহ সুরি দ্বারা ক্ষমতাচ্যুত করা হয়, যিনি ১৫৪৫ সালে তাঁর স্থলাভিষিক্ত হন এবং তাঁর পরে ইসলাম শাহ আসেন। পরবর্তী শাসকের রাজত্বকালে, মেওয়াতের ফিরোজপুর ঝিরকা-তে সম্রাট ও তাঁর সৈন্যদের মধ্যে একটি যুদ্ধ হয় এবং তারা পরাজিত হয়। তবে, ইসলাম শাহ তাঁর ক্ষমতার দখল হারাননি। আদিল শাহ, তৃতীয় পাঠান দখলদার, যিনি ১৫৫২ সালে ইসলাম শাহের স্থলাভিষিক্ত হন, তাঁকে হুমায়ুনের সাথে সাম্রাজ্যের জন্য লড়াই করতে হয়েছিল।[৫]
- বাবরের বংশ পুনরুদ্ধারের এই সংগ্রামে খানজাদারা দৃশ্যত কোথাও ছিল না। হুমায়ুন বাবরের প্রতিপক্ষ খানজাদা হাসান খান মেওয়াতি-এর ভ্রাতুষ্পুত্র খানজাদা জামাল খানের জ্যেষ্ঠ কন্যাকে বিবাহ করে এবং তাঁর মন্ত্রী বৈরাম খানকে একই মেওয়াতির কনিষ্ঠ কন্যাকে বিবাহ করতে বলে তাদের শান্ত করেছিলেন।[৫]
খানজাদারা,[৬] মুসলিম জাডন (যাকে জাদৌন-ও বলা হয়) রাজপুত-দের রাজপরিবার, উত্তর ভারতে ইসলামি বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন।[৭] খানজাদা হলো নির্দেশক শব্দ ‘রাজপুত’-এর ফারসি রূপ। তারা ছিলেন ফারসি ইতিহাসবিদদের মেওয়াতি প্রধান, যারা মেওয়াত রাজ্য-এর প্রভুদের প্রতিনিধি ছিলেন।[৮]
খানজাদা, বা “খানের পুত্র” ঠিক হিন্দু রাজপুত বা “রাজার পুত্র”-এর মুসলিম সমতুল্য ...
বৈরাম খান পাটন, গুজরাট-এ নিহত হওয়ার পর, তাঁর প্রথম স্ত্রী এবং অল্পবয়সী রহিমকে নিরাপদে আহমেদাবাদ থেকে দিল্লিতে আনা হয় এবং আকবরের রাজদরবারে উপস্থাপন করা হয়। আকবর তাঁকে ‘মির্জা খান’ উপাধি প্রদান করেন এবং পরবর্তীতে তাঁর সাথে আতাগা খান-এর পুত্র ও বিশিষ্ট মুঘল অভিজাত মির্জা আজিজ কোকাহ-এর বোন মাহ বানুর বিবাহ দেন।[৪]
পরবর্তীতে, বৈরাম খানের দ্বিতীয় স্ত্রী সালিমা সুলতান বেগম (রহিমের সৎ মা) তাঁর চাচাতো ভাই আকবরকে বিবাহ করেন, যা আব্দুল রহিম খান-ই-খানানকেও তাঁর সৎ ছেলেতে পরিণত করে এবং পরবর্তীতে তিনি আকবরের নয়জন বিশিষ্ট মন্ত্রীর একজন, তথা নবরত্ন-এর অন্যতম সদস্য হন। একজন কবি হওয়ার পাশাপাশি, রহিম খান একজন সেনাপতিও ছিলেন এবং তাঁকে গুজরাট-এর বিদ্রোহ দমনের জন্য পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে তিনি মহারাষ্ট্রের অভিযানে প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি খান-ই-খানান (ফারসি خان خانان, অর্থাৎ “খানদের খান”) পদ ও উপাধি লাভ করেন।
আব্দুল রহিম দরিদ্রদের দান করার সময় তাঁর বিনীত আচরণের জন্য পরিচিত ছিলেন। তিনি কখনোই দান গ্রহণকারীর দিকে তাকাতেন না, সর্বদা বিনম্রভাবে নিচের দিকে তাকিয়ে থাকতেন। তুলসীদাস যখন রহিমের দানের সময় এই আচরণের কথা শুনলেন, তিনি তৎক্ষণাৎ একটি দোহা লিখে রহিমের কাছে পাঠালেন:—
“ऐसी देनी देंन ज्यूँ, कित सीखे हो सैन
ज्यों ज्यों कर ऊंच्यो करो, त्यों त्यों निचे नैन”
উচ্চারণ:
[সম্পাদনা]“এয়সী দেনী দেন জিউ, কিত শিখে হো সেইন,
জিওঁ জিওঁ কর উঁচ্যো করো, ত্যোঁ ত্যোঁ নিচে নেইন।”
ভাবার্থ: “কেন এমন দান করছেন? কোথায় শিখেছেন? আপনি যত আপনার হাত উঁচু করছেন, তত আপনার চোখ নিচু করছেন।"
তুলসীদাস যে তাঁর আচরণের পেছনের কারণ ভালোভাবেই জানতেন এবং তাঁকে উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছেন তা উপলব্ধি করে, রহিম তুলসীদাসকে লিখলেন:—
“देनहार कोई और है, भेजत जो दिन रैन
लोग भरम हम पर करे, तासो निचे नैन”
উচ্চারণ:
[সম্পাদনা]“দেনহার কোঈ ঔর হ্যায়, ভেজত জো দিন রেইন,
লোগ ভরম হাম পর করে, তাসো নিচে নেইন।”
ভাবার্থ: “প্রকৃত দাতা তো অন্য কেউ (ঈশ্বর), যিনি দিন-রাত দিয়ে চলেছেন (দান বা সম্পদ)। কিন্তু লোক ভ্রান্তিবশত সেই কৃতিত্ব আমাকে দেয়, তাই (নিজের লজ্জিত বা বিনম্র ভাব প্রকাশ করতে) আমি আমার চোখ নিচু করে থাকি।”
তিনি একজন ফারসিপ্রেমী হিসেবে বিবেচিত ছিলেন।[১০]
মেওয়ার অভিযান
[সম্পাদনা]১৫৮০ সালে, আকবর কর্তৃক রহিমকে আজমীর-এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। প্রায় একই সময়ে, আকবর তাঁকে মহারানা প্রতাপ-এর বিরুদ্ধে আরেকটি অভিযানের নেতৃত্ব দিতে নিযুক্ত করেন, যাতে তাঁকে বন্দী বা হত্যা করা যায়। রহিম তাঁর পরিবারকে শেরপুরায় রেখে মেওয়ারের দিকে অগ্রসর হন। প্রতাপ মুঘ়লদের অগ্রযাত্রা রোধ করতে ঢোলানের পার্বত্য পথে অবস্থান গ্রহণ করেন। ইতোমধ্যে, তাঁর পুত্র যুবরাজ অমর সিংহ শেরপুরায় আক্রমণ করেন এবং রহিমের পরিবারের নারীদের বন্দী করে মেওয়ারে নিয়ে আসেন। তবে, প্রতাপ তাঁর পুত্রকে নারীদের বন্দী করার জন্য তিরস্কার করেন এবং তাঁদের সম্মানসহ রহিমের কাছে ফেরত পাঠানোর নির্দেশ দেন।[১১]
প্রধান রচনাবলী
[সম্পাদনা]বিভিন্ন দোহা লেখার পাশাপাশি, রহিম বাবর-এর স্মৃতিকথা বাবরনামা-কে চাগাতাই ভাষা থেকে ফারসি ভাষা-য় অনুবাদ করেন, যা ১৫৮৯–৯০ সালে সম্পন্ন হয়। তাঁর সংস্কৃত ভাষা-র ওপর চমৎকার দখল ছিল।[১২]
সংস্কৃতে, তিনি জ্যোতিষশাস্ত্রের ওপর দুটি বই লিখেছিলেন, খেটকৌতুকম্ (দেবনাগরী: खेटकौतुकम्) এবং দ্বাত্রিংশদ্যোগাবলী (দেবনাগরী: द्वात्रिंशद्योगावली)।
সমাধি
[সম্পাদনা]
তাঁর সমাধিটি নতুন দিল্লির হুমায়ুন-এর সমাধি-র কাছে মথুরা রোডের নিজামুদ্দিন পূর্ব-এ অবস্থিত। তিনি ১৫৯৮ সালে তাঁর স্ত্রীর জন্য এটি নির্মাণ করেছিলেন এবং ১৬২৭ সালে তাঁর মরদেহ সেখানে সমাহিত করা হয়।[১৩] ১৭৫৩–৫৪ সালে, নতুন দিল্লিতেই অবস্থিত সফদরজং-এর সমাধি নির্মাণের সময় এই সমাধির মার্বেল ও বেলেপাথর ব্যবহার করা হয়েছিল।[১৩][১৪][১৫][১৬]
২০১৪ সালে, ইন্টারগ্লোব ফাউন্ডেশন এবং আগা খান ট্রাস্ট ফর কালচার আব্দুল রহিম খান-ই-খানানের সমাধি সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য একটি প্রকল্প ঘোষণা করে।[১৭]
সমাধিটি মথুরা রোডের (পূর্ববর্তী মুঘল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড) পাশে অবস্থিত এবং এটি নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ ও হুমায়ুন-এর সমাধির কাছাকাছি। আগা খান ট্রাস্ট ফর কালচার কর্তৃক ছয় বছরের পুনরুদ্ধার কাজের পর ২০২০ সালে রহিম খানের সমাধি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।[১৮] এটি ভারতের জাতীয় গুরুত্বসম্পন্ন কোনো স্মৃতিস্তম্ভে গৃহীত বৃহত্তম সংরক্ষণ প্রকল্পগুলোর মধ্যে একটি। এর স্থাপত্য ও উদ্দেশ্যের কারণে, এটিকে প্রায়শই তাজমহল-এর সাথে তুলনা করা হয়।[১৯]

তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ শাহনাওয়াজ খান আওরঙ্গবাদী; বেভারিজ, এইচ. ও বাইনি প্রসাদ (অনুবাদক) (১৯৪১/১৯৫২)। *মা'আসির আল-উমারা অফ শাহনাওয়াজ খান আওরঙ্গবাদী*, খণ্ড ১। এশিয়াটিক সোসাইটি, কলকাতা। পৃষ্ঠা ৬৪।
- ↑ Dictionary of Indian Literature, One, Beginnings 1850। Orient Longman Ltd; 1 edition। ১৯৯৯। আইএসবিএন ৯৭৮-৮১২৫০১৪৫৩৯।
- ↑ "Abdur Rahim KhanKhana at Old poetry"। Oldpoetry.com। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০।
- 1 2 ২৯. খান খানা মির্জা আব্দুর রহিম, বৈরাম খান-এর পুত্র – জীবনী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে আবুল ফজল-এর আইন-ই-আকবরী, খণ্ড ১, ইংরেজি অনুবাদ। ১৮৭৩।
- 1 2 "গেজেটিয়ার অফ উলওয়ার"। ১৮৭৮। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "পাঞ্জাব কাস্টস"। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "শাইখ মুহাম্মদ মাখদুম, আরজাং-ই তিজারাহ (উর্দু) (আগ্রা: আগ্রা আকবর ১২৯০ হিজরি)"
- ↑ মেজর পি.ডব্লিউ. পাউলেট (১৮৭৮)। গেজেটিয়ার অফ উলওয়ার।
- ↑ "পাঞ্জাব কাস্টস"। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০।
- ↑ কালচার অ্যান্ড সার্কুলেশন: লিটারেচার ইন মোশন ইন আর্লি মডার্ন ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ব্রিল। ২০১৪। পৃ. ১৩। আইএসবিএন ৯৭৮৯০০৪২৬৪৪৮৯।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য) - ↑ গোপীনাথ শর্মা (১৯৬২)। মেওয়ার অ্যান্ড দ্য মুঘল এম্পেররস: ১৫২৬–১৭০৭ এ. ডি. (ইংরেজি ভাষায়)। শিবা লাল আগরওয়াল। পৃ. ১১৫।
- ↑ "জীবনী অফ আব্দুর রহিম খানখানা"। ১৭ জানুয়ারি ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০০৬।
- 1 2 আব্দুর রহিম খান-ই-খানানের সমাধি ইন্ডিয়ান এক্সপ্রেস, ৪ ডিসেম্বর ২০০৮।
- ↑ "সফদরজং-এর সমাধি"। Indiaprofile.com। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "দিল্লির গুরুত্বপূর্ণ স্থানসমূহ"। Indiaandindians.com। ৮ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০।
- ↑ গুগল ম্যাপের অবস্থান
- ↑ "একটি নতুন বই আব্দুর রহিম খান-ই-খানানের সাহিত্যকর্ম অন্বেষণ করে"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "ছয় বছরের প্রকল্প: রহিমের সমাধি পুনরুদ্ধারের নেপথ্যে — ১,৭৫,০০০ শ্রম-দিবস এবং ৩,০০০ কারিগর"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০।
- ↑ "ছয় বছরের প্রকল্প: রহিমের সমাধি পুনরুদ্ধারের নেপথ্যে — ১,৭৫,০০০ শ্রম-দিবস এবং ৩,০০০ কারিগর"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২০।