বিষয়বস্তুতে চলুন

আব্দুল মালিক ইসামি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আব্দুল মালিক ইসামি (১৩১১ - ১৪ মে ১৩৫০ সালের পর) ছিলেন চতুর্দশ শতাব্দীর একজন ভারতীয় ইতিহাসবিদ এবং সভাসদ কবি। বাহমানি সালতানাতের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমান শাহের পৃষ্ঠপোষকতায় তিনি ফার্সি ভাষায় লেখালেখি করতেন। তিনি ফুতুহ-উস-সালাতিন ( আনু. ১৩৫০ ) নামে একটি কাব্যিক ইতিহাস লিখেছেন। বইটিতে ভারতবর্ষে মুসলিম বিজয়ের কথা তুলে ধরা হয়েছে।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ইসামির জন্ম ১৩১১ সালে, সম্ভবত দিল্লিতে। তাঁর পিতার নাম ছিল ইজ্জুদ্দিন ইসামী।[১] তাঁর পূর্বপুরুষ ফখর মালিক ইসামি ইলতুৎমিশ ( শা. ১২১১–১২৩৬) এর রাজত্বকালে বাগদাদ থেকে ভারতে চলে এসেছিলেন।[২] ইসামি নিজেকে নিয়ে বলেন, "হিন্দুস্তান তোমার জায়গা। এটি তোমার দাদা ও পূর্বপুরুষদের জন্মভূমি।" [৩] তিনি দিল্লি শহরকে "ইসলামের আবাসস্থল" হিসেবে উল্লেখ করেছিলেন।[৪]

১৩২৭ সালে, দিল্লি সুলতানি শাসক মুহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে দাক্ষিণাত্য অঞ্চলের দৌলতাবাদে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। দিল্লির অনেক বাসিন্দাকে দৌলতাবাদে যেতে হয়। ইসামির পরিবারও তাদের মধ্যে ছিল। এই যাত্রার সময় তার ৯০ বছর বয়সী দাদা মারা যান।[৫]

বাহমান শাহের সেবায়

[সম্পাদনা]

দৌলতাবাদে, ইসামি তুঘলকের অপকর্ম এবং অত্যাচার দেখে হতবাক হয়ে যান। এক পর্যায়ে তিনি মক্কায় হিজরত করার সিদ্ধান্ত নেন। কিন্তু দেশ ত্যাগ করার আগে তিনি ভারতে মুসলিম শাসনের ইতিহাস লেখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।[১] তিনি বিখ্যাত ফার্সি কবি ফেরদৌসির অনুকরণ করতে চেয়েছিলেন। ফেরদৌসী পারস্যের ইতিহাস বর্ণনা করে তিনি একটি মহাকাব্য "শাহনামা" লিখেছিলেন।[৫]

দৌলতাবাদের কাজী বাহাউদ্দিন তাকে আলাউদ্দিন বাহমান শাহের সাথে পরিচয় করিয়ে দেন। বাহমান তুঘলকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।[৬] দাক্ষিণাত্য অঞ্চলে স্বাধীন বাহমানি সালতানাত প্রতিষ্ঠাকারী বাহমান শাহ ইসামির পৃষ্ঠপোষক হন।[৫] এইভাবে ইসামী বাহমানের দরবারের প্রথম গুণগানকারী কবি হন।[৭]

বাহমান শাহের পৃষ্ঠপোষকতায় তিনি ১৩৪৯ সালে ফুতুহুস-সালাতিন লেখা শুরু করেন। ইসামি দাবি করেছেন যে তিনি ৫ মাসে এর ১২,০০০ ছন্দ রচনা করেছেন।[৮] তার মতে, তিনি ১৩৪৯ সালের ১০ ডিসেম্বর বইটি লেখা শুরু করেন। ১৩৫০ সালের ১৪ মে বইটি লেখা শেষ হয়।[২] এরপর তার জীবন সম্পর্কে কিছু জানা যায় না।[৬]

ফুতুহুস-সালাতিন

[সম্পাদনা]

ফুতুহুস-সালাতিন ("সুলতানদের উপহার") বইয়ে ১৩৪৯-৫০ সাল পর্যন্ত ভারতে মুসলিম শাসনের ইতিহাস লেখা হয়েছে। ইসামি এটিকে শাহনামা-ই হিন্দ ("ভারতের শাহনামা ") নামেও অভিহিত করেছেন।[১] তার তথ্যের উৎস ছিল গল্প, কিংবদন্তি ও বন্ধুদের কাছ থেকে শোনা বিবরণ।[৫] পূর্ববর্তী বেশ কয়েকটি ইতিহাসগ্রন্থের বিপরীতে এটির ভাষা সহজ। এতে অতিরঞ্জন বা জটিলতা নেই।[৮]

বইটি গজনভি শাসক মাহমুদ (রা. ৯৯৮-১০০২) এবং ঘুরি শাসক মুহাম্মদ (রা. ১১৭৩-১২০২) এর বিজয়ের বিবরণের লেখা দিয়ে শুরু হয়। এরপর এটি ১৩৪৯-৫০ সাল পর্যন্ত দিল্লি সালতানাতের ইতিহাস বর্ণনা করে।[৫] এটি বাহমানি সুলতানাতের প্রথম দিনগুলোর কথা বর্ণনা করা হয়েছে।

ঐতিহাসিক নির্ভরযোগ্যতা

[সম্পাদনা]

ফুতুহুস-সালাতিন মসনবী (ছন্দময় কবিতা) রীতিতে রচিত এবং ইতিহাসের জন্য এটি সম্পূর্ণরূপে নির্ভরযোগ্য নয়। এতে কিছু ভুল আছে। কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বাদ পড়েছে। ইসামির মতে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলি ঐশ্বরিক ইচ্ছা এবং নিয়তি দ্বারা পূর্বনির্ধারিত ছিল।[৯] তিনি বিশ্বাস করতেন যে আধ্যাত্মিকভাবে শক্তিশালী সুফি নেতাদের উপস্থিতি একটি রাজ্যের ভাগ্যকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, তিনি দিল্লি সালতানাতের পতনের জন্য সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর কারণকে দায়ী করেন। একইভাবে, তিনি দাবি করেন যে বুরহানউদ্দিন গরীব এবং তার উত্তরসূরী জয়নুদ্দিন শিরাজী দৌলতাবাদে বসবাস করতেন বলেই দাক্ষিণাত্য অঞ্চল সমৃদ্ধ হয়েছিল।

ইসামি মুহাম্মদ বিন তুঘলকের তীব্র সমালোচক। অন্যদিকে, তিনি তার পৃষ্ঠপোষক বাহমান শাহকে বৈধ খলিফা বলে অভিহিত করেন।[১০] তিনি দাবি করেন যে তুঘলক দিল্লির সমগ্র জনগণকে দৌলতাবাদে চলে যেতে বাধ্য করেছিলেন। মাত্র ১০% অভিবাসী এই যাত্রায় বেঁচে গিয়েছিল। এই দুটি দাবিই অতিরঞ্জিত মনে করা হয়।[১১] ইসামির মতে, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির কারণ ছিল দুর্নীতিগ্রস্ত মুসলমানদের প্রতি ঈশ্বরের শাস্তির ফল।[১২]

ইসামির বইয়ে চতুর্দশ শতাব্দীর ভারতের রাজনৈতিক ইতিহাস ও সামাজিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Iqtidar Alam Khan 2008, পৃ. 79।
  2. 1 2 Bhanwarlal Nathuram Luniya 1969, পৃ. 87।
  3. ↑ Khaliq Ahmad Nizami (১৯৮৩)। On History and Historians of Medieval India। Munshiram Manoharlal। আইএসবিএন ৯৭৮৮১২১৫০১৫২১।
  4. ↑ Iqtidar Husain Siddiqi (২০১০)। Indo-Persian Historiography Up to the Thirteenth Century। Primus Books। পৃ. ১৬১। আইএসবিএন ৯৭৮৮১৯০৮৯১৮০৬।
  5. 1 2 3 4 5 E. Sreedharan 2004, পৃ. 346।
  6. 1 2 Agha Mahdi Husain 1963, পৃ. vi।
  7. ↑ Meenakshi Khanna 2007, পৃ. 133।
  8. 1 2 Saiyid Abdul Qadir Husaini 1960, পৃ. 164।
  9. ↑ Tej Ram Sharma 2005, পৃ. 73।
  10. ↑ Carl W. Ernst 2003, পৃ. 59।
  11. ↑ Carl W. Ernst 2003, পৃ. 112।
  12. ↑ Carl W. Ernst 2003, পৃ. 113।