বিষয়বস্তুতে চলুন

আদিবাসী ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আদিবাসী ভাষা বা আদিম অধিবাসী ভাষা বা স্বদেশীয় ভাষা হলো এমন একটি ভাষা যা কোনো অঞ্চলের নিজস্ব এবং সেই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর মুখের ভাষা। আদিবাসী ভাষা সবসময় জাতীয় ভাষা নয় তবে হতে পারে। উদাহরণস্বরূপ আইমারা একদিকে যেমন একটি আদিবাসী ভাষা তেমনি এটি বলিভিয়ার একটি সরকারি ভাষাও। আবার কোনো জাতীয় ভাষা দেশটির নিজস্ব আদিবাসী ভাষা নাও হতে পারে।

বিশ্বের অনেক আদিবাসী জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পূর্বপুরুষদের ভাষা চালিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে এবং পরিবর্তে সাংস্কৃতায়নের অংশ হিসেবে সংখ্যাগরিষ্ঠ ভাষা গ্রহণ করেছে যাতে তারা প্রধান সংস্কৃতির সাথে একীভূত হতে পারে। তদুপরি, অনেক আদিবাসী ভাষা ভাষাহত্যার শিকার হয়েছে।[১] তাদের ঝুঁকিপূর্ণ অবস্থান বিবেচনা করে জাতিসংঘ ২০১৯ সালকে আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ ঘোষণা করে যাতে আদিবাসী ভাষার সংকটজনক বিলুপ্তি এবং সেগুলো সংরক্ষণ পুনরুজ্জীবিতকরণ ও প্রচারের জরুরি প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করা যায়।[২]

ভাষা বিলুপ্তি

[সম্পাদনা]

বিভিন্ন কারণে আদিবাসী ভাষা বিলুপ্ত হচ্ছে যার মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ বা গণহত্যায় পুরো ভাষাভাষী সম্প্রদায়ের বিলুপ্তি, এমন বয়স্ক জনগোষ্ঠী যেখানে ভাষাটি নতুন প্রজন্মে পৌঁছায় না এবং দমনমূলক ভাষানীতি যা সচেতনভাবে ভাষা নির্মূলের চেষ্টা করে।[৩] উত্তর আমেরিকায় ১৬০০ সালের পর থেকে অন্তত ৫২টি মার্কিন যুক্তরাষ্ট্রের আদিবাসী ভাষা বিলুপ্ত হয়েছে।[৪] এছাড়াও লাতিন আমেরিকার ৫০০টিরও বেশি ভিন্ন আদিবাসী গোষ্ঠীর অন্তত ২০ শতাংশের মাতৃভাষা হারিয়ে গেছে বলে ধারণা করা হয়।[৪] বিশ্বে বর্তমানে ৭,০০০টিরও বেশি ভাষা থাকতে পারে তবে অনেক ভাষা কখনও লিপিবদ্ধ হয়নি কারণ সেগুলো প্রত্যন্ত অঞ্চলের উপজাতির অন্তর্গত বা সহজে পৌঁছানো যায় না। কিছু ভাষা বিলুপ্তির দ্বারপ্রান্তে রয়েছে:

৪৬টি ভাষার মাত্র একজন করে মাতৃভাষী বক্তা রয়েছে, আর ৩৫৭টি ভাষায় ৫০ জনেরও কম বক্তা আছে। বিরল ভাষাগুলো সাধারণ ভাষার তুলনায় বিলুপ্তির প্রমাণ দেখানোর সম্ভাবনা বেশি।[৫]

গবেষণায় দেখা গেছে ১৯৫০ সালে প্রচলিত ভাষার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ৭৫ শতাংশেরও বেশি ভাষা বর্তমানে বিলুপ্ত বা বিলুপ্তির পথে।[৬] অপরদিকে সাহারা-দক্ষিণ আফ্রিকার কমপক্ষে ১০ শতাংশ ভাষা বিলুপ্ত বা বিলুপ্তির পথে রয়েছে।[৬] সার্বিকভাবে দেখা গেছে বিশ্বের ১৯ শতাংশ জীবিত ভাষা শিশুদের দ্বারা আর শেখা হচ্ছে না[৬] যা ভাষা বিলুপ্তির প্রধান কারণ। যদিও ছোট ভাষাগুলো বিলুপ্তির ঝুঁকিতে থাকে। গুরুতর ঝুঁকিতে থাকা ভাষার বক্তা সংখ্যা প্রায় ৩৩০ জন বা তার কম বলে অনুমান করা হয়েছে।[৭] ছোট ভাষা বলতে সাধারণত ৩৫,০০০ জনের কম বক্তার ভাষাকে বোঝানো হয় এবং ৩৫,০০০ বা তার বেশি বক্তার প্রায় সব ভাষা একই হারে বৃদ্ধি পাচ্ছে।[৮]

ওকলাহোমা উন্নত বিশ্বের ভাষা বিলুপ্তির একটি উদাহরণ। যুক্তরাষ্ট্রে এখানেই সবচেয়ে বেশি আদিবাসী ভাষার ঘনত্ব রয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে প্রচলিত ভাষা ছাড়াও, অন্যান্য অঞ্চল থেকে নেটিভ আমেরিকান উপজাতিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের জোরপূর্বক এখানকার সংরক্ষিত অঞ্চলে নিয়ে আসা হয়েছিল।[৯] উনবিংশ শতকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ইউচি উপজাতিকে টেনেসি থেকে ওকলাহোমায় সরিয়ে দেয়। বিংশ শতকের গোড়া পর্যন্ত ইউচি জনগোষ্ঠীর অধিকাংশই নিজস্ব ভাষায় সাবলীল ছিল। পরে, সরকারি আবাসিক বিদ্যালয়গুলোতে আমেরিকান আদিবাসী শিক্ষার্থীরা নিজ ভাষায় কথা বললে কঠোর শাস্তি দেওয়া হতো। মারধর ও অন্যান্য শাস্তি এড়াতে ইউচি ও অন্যান্য শিশুরা ইংরেজির পক্ষে নিজ ভাষা ত্যাগ করে।

২০০৫ সালে ইউচি উপজাতির মাত্র পাঁচজন প্রবীণ সদস্য ভাষাটি সাবলীলভাবে বলতে পারতেন। তারা বিদ্যালয়ে যাওয়ার আগে ইউচি ভাষায় সাবলীল হয়েছিলেন এবং ভাষাটি ত্যাগের প্রবল চাপ থাকা সত্ত্বেও তা বজায় রেখেছিলেন।[৯]

এই অবস্থা শুধুমাত্র ওকলাহোমার মধ্যে সীমাবদ্ধ ছিল না। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মালভূমি থেকে শুরু করে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত ওই অঞ্চলের কোনো উপজাতীয় ভাষাভাষী অবশিষ্ট নেই।

ওরেগনের সিলেটজ সংরক্ষণ এলাকা, যা ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত হয়, ছিল বিপন্ন সিলেটজ ডি-নি ভাষার আবাসস্থল। এখানে ২৭টি ভিন্ন আদিবাসী গোষ্ঠীর সদস্যরা বসবাস করত, যারা বহু ভাষায় কথা বলত। পারস্পরিক যোগাযোগের জন্য তারা চিনুক জারগন নামের একটি পিজিন বা মিশ্র ভাষা গ্রহণ করে। চিনুক জারগনের ব্যবহার এবং ইংরেজির বিস্তারের ফলে আদিবাসী ভাষাভাষীর সংখ্যা দ্রুত হ্রাস পায়।[৯]

আদিবাসী ভাষা বিলুপ্তি উত্তর আমেরিকার বাইরেও ঘটেছে। অস্ট্রেলিয়ায় অন্তত ২৫০টি আদিবাসী ভাষার বেশিরভাগই এখন বিলুপ্ত এবং বাকি ভাষাগুলোর টিকে থাকার সম্ভাবনা খুবই কম।[১০] এর পেছনে কারণ হিসেবে উল্লেখযোগ্য হলো রোগের প্রাদুর্ভাব (যেমন হাম ও গুটিবসন্ত), বসতি স্থাপনকারীদের দ্বারা স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা ও বঞ্চনা।[১১] কিছু গবেষক এই বিলুপ্তির জন্য জীবভাষাগত বৈচিত্র্যের পতনকে দায়ী করেছেন[১২] যা কোনো অঞ্চলের জীববৈচিত্র্য ও ভাষাগত বৈচিত্র্যের মধ্যে একটি সমান্তরাল সম্পর্ক নির্দেশ করে। এই ঘটনা বিপজ্জনক শিকারি বা চরম আবাসস্থল পরিবর্তনের ফলে বন্যপ্রাণীর বিলুপ্তির সাথে সাংস্কৃতিক, সামাজিক ও পরিবেশগত পরিবর্তন এবং জোরপূর্বক একীকরণের ফলে আদিবাসী ভাষা বিলুপ্তির তুলনা করে।[১৩]

অন্যান্য নেটিভ আমেরিকান উপজাতিরাও সরকারি স্কুল ও সংরক্ষণ এলাকায় বাধ্যতামূলকভাবে স্থানান্তরিত হয়েছিল। তাদের খ্রিস্টান গির্জায় যেতে ও ইংরেজি বলতে বাধ্য করা হতো নইলে খারাপ ব্যবহার করা হতো। তাদের উপজাতীয় ধর্মীয় বিশ্বাস ও ভাষা ত্যাগ করতে হতো। বর্তমানে নেটিভ আমেরিকানরা তাদের হারানো ঐতিহ্যের কিছু অংশ পুনরুদ্ধারের চেষ্টা করছে। তারা পাউ-ওয়াও সমাবেশে সংস্কৃতি, গল্প, চিকিৎসা, নৃত্য, সঙ্গীত, ছন্দ, রন্ধনপ্রণালী ও ঐতিহ্য ভাগাভাগি করে।

২০০৮ সালের জানুয়ারিতে আলাস্কার অ্যাঙ্কোরেজে ৮৯ বছর বয়সী মেরি স্মিথ জোন্সকে বিদায় জানাতে আত্মীয় ও বন্ধুরা জড়ো হয়েছিলেন। তাকে বিদায় জানানোর সাথে সাথে তারা ইয়াক ভাষাকেও বিদায় জানায় কারণ মেরিই ছিলেন ভাষাটির শেষ সাবলীল বক্তা।"[১৪]

সার্বিকভাবে নানা কারণে ভাষা বিলুপ্ত হতে পারে। কোনো আদিবাসী ভাষার সব বক্তার মৃত্যু ভাষাটিকে সম্পূর্ণ বিলুপ্ত করে দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এসব মৃত্যু ঔপনিবেশিক যুগে ঘটেছে যার ফলে গণহত্যা, যুদ্ধ, দুর্ভিক্ষ ও রোগ ছড়িয়ে পড়েছে। জীবভাষাগত বৈচিত্র্য ধারণাটি ভাষা বিলুপ্তি নিয়ে একাডেমিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বলে যে বিপজ্জনক পরিবেশগত পরিবর্তনের ফলে বন্যপ্রাণী বিলুপ্তি এবং ঔপনিবেশিকতা ও জোরপূর্বক সাংস্কৃতিক মুছে ফেলার ফলে ভাষা বিলুপ্তির মধ্যে সুস্পষ্ট মিল রয়েছে। এছাড়াও দমনমূলক ভাষানীতি আদিবাসী ভাষা বিলুপ্তিতে বড় ভূমিকা রাখে যা বিশ্বজুড়ে বহু অঞ্চলে প্রচলিত ছিল। অনেক জায়গায় দ্বিভাষিক শিক্ষা এবং অপ্রধান ভাষার শিক্ষায় ব্যবহার নিষিদ্ধ ছিল। যেমন অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সার্বিয়া ও পূর্ব আফ্রিকায়।[১৫] যদিও সাম্প্রতিক বছরগুলোতে কিছু দমনমূলক নীতি প্রত্যাহার করা হলেও সেগুলোর প্রভাব ইতিমধ্যেই পড়ে গেছে।[১৫]

শিক্ষা ও সংরক্ষণ

[সম্পাদনা]

আদিবাসী জনগণ ও সংস্কৃতি সংরক্ষণের জন্য তাদের ভাষা সংরক্ষণ অপরিহার্য। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের মতে গড়ে প্রতি দুই সপ্তাহে একটি করে আদিবাসী ভাষা বিলুপ্ত হয়ে যায়। একটি ভাষাকে সুস্থ বলা হয় তখনই যখন সেটি নতুন বক্তা পায় এবং বিপন্ন হয় তখনই যখন শিশুরা সেটি শেখা বা বলা বন্ধ করে।[১৫] সুতরাং প্রাথমিক শিক্ষায় আদিবাসী ভাষার অন্তর্ভুক্তি তাদের বিলুপ্তি রোধে সহায়ক হতে পারে।

বিশ্বজুড়ে শত শত আদিবাসী ভাষা প্রচলিত পদ্ধতিতে—যেমন শব্দভান্ডার, ব্যাকরণ, পাঠ্যাংশ ও রেকর্ডিং—এর মাধ্যমে শেখানো হয়।[১৬]

প্রায় ৬,০০০ ভাষা আংশিকভাবে শেখা যায় অন্য উদ্দেশ্যে তৈরি রেকর্ডিং শোনার মাধ্যমে। যেমন ধর্মীয় গ্রন্থের অনুবাদ, যা অপেক্ষাকৃত বেশি পরিচিত ভাষায় পাওয়া যায়।[১৭][১৮]

আদিবাসী ভাষা সংরক্ষণে জাতিসংঘের বিভিন্ন উদ্যোগ রয়েছে।[১৯] জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকার সম্পর্কিত ঘোষণার ১৩, ১৪ ও ১৬ নম্বর অনুচ্ছেদে আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও শিক্ষার স্বনির্ধারণ ও পুনর্জাগরণের অধিকার স্বীকৃত হয়েছে।

অনুচ্ছেদ ১৩

১. আদিবাসী জনগণের অধিকার রয়েছে তাদের ইতিহাস, ভাষা, মৌখিক ঐতিহ্য, দর্শন, লিপি ও সাহিত্যকে পুনর্জীবিত করা, ব্যবহার করা, বিকাশ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া; এবং সম্প্রদায়, স্থান ও ব্যক্তির জন্য নিজেদের নাম নির্ধারণ ও সংরক্ষণ করা।

২. রাষ্ট্রসমূহ কার্যকর ব্যবস্থা নেবে যেন এই অধিকার সুরক্ষিত থাকে এবং রাজনৈতিক, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় ক্ষেত্রে অনুবাদ বা অন্যান্য উপায়ে আদিবাসী জনগণ বুঝতে ও বোঝাতে সক্ষম হয়।

— জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকার সম্পর্কিত ঘোষণা, সাধারণ পরিষদ, ১৩ সেপ্টেম্বর ২০০৭

অনুচ্ছেদ ১৪

১. আদিবাসী জনগণের অধিকার রয়েছে তাদের নিজস্ব ভাষায়, নিজস্ব সাংস্কৃতিক শিক্ষণ পদ্ধতিতে উপযোগী শিক্ষাব্যবস্থা ও প্রতিষ্ঠান স্থাপন ও নিয়ন্ত্রণ করার। ২. আদিবাসী ব্যক্তি, বিশেষত শিশুদের, বৈষম্য ছাড়া রাষ্ট্রের সব স্তরের ও সব ধরনের শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

৩. রাষ্ট্রসমূহ, আদিবাসী জনগণের সঙ্গে সমন্বয় করে, কার্যকর ব্যবস্থা নেবে যাতে বিশেষত শিশুরা, এমনকি যারা নিজেদের সম্প্রদায়ের বাইরে থাকে, সম্ভাব্য ক্ষেত্রে নিজেদের সংস্কৃতি ও ভাষায় শিক্ষা পায়।

— জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকার সম্পর্কিত ঘোষণা, সাধারণ পরিষদ, ১৩ সেপ্টেম্বর ২০০৭

অনুচ্ছেদ ১৬

১. আদিবাসী জনগণের অধিকার রয়েছে তাদের নিজস্ব ভাষায় নিজস্ব গণমাধ্যম প্রতিষ্ঠা করার এবং বৈষম্য ছাড়া সব ধরনের অনাদিবাসী গণমাধ্যমে প্রবেশাধিকার পাওয়ার।

২. রাষ্ট্রসমূহ কার্যকর ব্যবস্থা নেবে যাতে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম যথাযথভাবে আদিবাসী সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতিফলিত করে। একইসাথে, সম্পূর্ণ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে, রাষ্ট্রসমূহ ব্যক্তিমালিকানাধীন গণমাধ্যমকে উৎসাহিত করবে যেন তারা যথাযথভাবে আদিবাসী সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতিফলিত করে।

— জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকার সম্পর্কিত ঘোষণা, সাধারণ পরিষদ, ১৩ সেপ্টেম্বর ২০০৭

আন্তর্জাতিক শ্রম সংস্থার আদিবাসী ও উপজাতীয় জনগণ কনভেনশনেও আদিবাসী ভাষাগত অধিকার স্বীকৃত ও সংরক্ষিত।

স্থানীয় পর্যায়ে অনেক আদিবাসী সম্প্রদায় আদিবাসী ভাষাভিত্তিক শিক্ষাক্রম তৈরি করেছে এবং বিদ্যালয়ে একভাষিক ইংরেজি ব্যবহারের বিরোধিতা করেছে। উদাহরণস্বরূপ ১৯৭০-এর দশকে হাওয়াইয়ান ভাষা প্রায় বিলুপ্তির মুখে পড়েছিল। তবে সম্প্রদায়ের প্রচেষ্টায় কেবল হাওয়াইয়ান ভাষায় সরকারি স্কুল পাঠক্রম চালুর দাবি তোলা হয় এবং শেষ পর্যন্ত ১৯৭৮ সালে হাওয়াই রাজ্যের সরকারি ভাষা হিসেবে হাওয়াইয়ান পুনঃস্থাপন করা হয়।

রাশিয়ার কামচাটকায়ও অনুরূপ প্রচেষ্টা চালানো হয় যেখানে স্থানীয় আদিবাসীরা ইটেলমেন ভাষা সংরক্ষণের জন্য কাজ করেছে। স্কুলে ভাষা অন্তর্ভুক্তি, গণমাধ্যমে প্রচার, এবং অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপসে গান ভাগাভাগির মাধ্যমে ইটেলমেন ভাষাকে আরও সহজলভ্য করার চেষ্টা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পিচ স্প্রিংসে অবস্থিত হুয়ালাপাই দ্বিভাষিক শিক্ষা কর্মসূচি দেশটির অন্যতম সফল ভাষা পুনর্জাগরণ কর্মসূচি হিসেবে স্বীকৃত।[২০] এটি ১৯৭৫ সালে ভাষাবিদ আকিরা ইয়ামামোতো দ্বারা শুরু হয়, যিনি হুয়ালাপাই ভাষা শেখা ও সংরক্ষণের জন্য অভিধান, অরথোগ্রাফি ও পাঠ্যসামগ্রী তৈরি করেন।[২১] স্থানীয় অভিভাবক ও প্রবীণদের মতামতের ভিত্তিতে পাঠক্রম ও শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়। এই প্রচেষ্টা স্থানীয় ও জাতীয় পর্যায়ে নেটিভ আমেরিকান ভাষা-কেন্দ্রিক কর্মসূচির বিকাশে সহায়তা করেছে এবং এর ফলে আমেরিকান ইন্ডিয়ান ভাষা উন্নয়ন ইনস্টিটিউট ও নেটিভ আমেরিকান ভাষা আইন প্রণয়ন সম্ভব হয়েছে।[২০]

'ট্রেজার ভাষা'

[সম্পাদনা]

'ট্রেজার ভাষা' বা (বাংলা অর্থ: ভাষার ভান্ডার) শব্দগুচ্ছটি নিকারাগুয়ার রামা জনগোষ্ঠী প্রস্তাব করেছিলেন ঐতিহ্যবাহী ভাষা, আদিবাসী ভাষা ও জাতিগত ভাষার বিকল্প হিসেবে যেহেতু স্থানীয় প্রেক্ষাপটে এসব নামকে অবমাননাকর বলে বিবেচনা করা হয়।[২২] বর্তমানে এই শব্দগুচ্ছ জনসম্মুখে গল্প বলার অনুষ্ঠানেও ব্যবহৃত হয়।[২৩]

'ট্রেজার ভাষা' শব্দগুচ্ছটি বক্তাদের ভবিষ্যতেও তাদের মাতৃভাষার ব্যবহার বজায় রাখার ইচ্ছাকে নির্দেশ করে:

ট্রেজারের ধারণাটি এমন কিছু বোঝাতে মানানসই ছিল যা মাটির নিচে চাপা পড়ে প্রায় হারিয়ে গিয়েছিল কিন্তু পুনরায় আবিষ্কৃত হয়ে এখন প্রদর্শিত ও ভাগাভাগি করা হচ্ছে। আর 'ট্রেজার' শব্দটি এমন কিছু বোঝানোর ধারণা জাগিয়েছিল যা একান্তই রামা জনগণের যারা এখন এটিকে প্রকৃত মূল্যবান বলে মনে করে এবং অন্যদের দেখাতে আগ্রহী ও গর্বিত।[২২]

ফলে শব্দগুচ্ছটি বিপন্ন ভাষা থেকে পৃথক হিসেবে বিবেচিত হতে পারে যার জন্য বস্তুগত মানদণ্ড পাওয়া যায় অথবা ঐতিহ্যবাহী ভাষা যা এমন একটি ভাষার চূড়ান্ত অবস্থা নির্দেশ করে যেখানে ব্যক্তিরা একটি প্রভাবশালী ভাষায় বেশি দক্ষ।[২৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Zuckermann, Ad; Shakuto-Neoh, Shiori; Quer, Giovanni Matteo (২০১৪)। "Native Tongue Title: Compensation for the loss of Aboriginal languages"। Australian Aboriginal Studies (1): ৫৫–৭২। এইচডিএল:1885/69434। Gale A376682803। {{সাময়িকী উদ্ধৃতি}}: |আইডি= এর 1 নং অবস্থানে templatestyles stripmarker রয়েছে (সাহায্য)
  2. ↑ United Nations General Assembly, 71st session, Third Committee, 16 November 2016
  3. ↑ Crystal, David (২০০২)। Language Death। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-০-৫২১-০১২৭১-৩।[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  4. 1 2 "UN DESA Policy Brief No. 151: Why Indigenous languages matter: The International Decade on Indigenous Languages 2022–2032"। UN Department of Economic and Social Affairs Economic Analysis। ১০ ফেব্রুয়ারি ২০২৩।
  5. ↑ Connor, Steve (১৪ মে ২০০৩)। "Alarm raised on world's disappearing languages"। The Independent।
  6. 1 2 3 Simons, Gary F.; Lewis, M. Paul (২০১৩)। "The world's languages in crisis"। Responses to Language Endangerment। Studies in Language Companion Series। খণ্ড ১৪২। পৃ. ৩–২০। ডিওআই:10.1075/slcs.142.01sim। আইএসবিএন ৯৭৮-৯০-২৭২-০৬০৯-১।
  7. ↑ Amano, Tatsuya; Sandel, Brody; Eager, Heidi; Bulteau, Edouard; Svenning, Jens-Christian; Dalsgaard, Bo; Rahbek, Carsten; Davies, Richard G.; Sutherland, William J. (২২ অক্টোবর ২০১৪)। "Global distribution and drivers of language extinction risk"। Proceedings of the Royal Society B: Biological Sciences। ২৮১ (1793): ২০১৪১৫৭৪। ডিওআই:10.1098/rspb.2014.1574। পিএমসি 4173687। পিএমআইডি 25186001।
  8. ↑ Clingingsmith, David (ফেব্রুয়ারি ২০১৭)। "Are the World's Languages Consolidating? The Dynamics and Distribution of Language Populations"। The Economic Journal। ১২৭ (599): ১৪৩–১৭৬। ডিওআই:10.1111/ecoj.12257। এস২সিআইডি 3720929।
  9. 1 2 3 "Enduring Voices Project, Endangered Languages"। National Geographic Society। ৮ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১০।
  10. ↑ Nettle, Daniel; Romaine, Suzanne (২০০০)। Vanishing Voices: The Extinction of the World's Languages। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫১৩৬২৪-১।[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  11. ↑ Wurm, Stephen A, সম্পাদক (২০০১)। Atlas of the world's languages in danger of disappearing। UNESCO। আইএসবিএন ৯৭৮-৯২-৩-১০৩৭৯৮-৬।[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  12. ↑ Nettle, Daniel; Romaine, Suzanne (২০০০)। Vanishing Voices: The Extinction of the World's Languages। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫১৩৬২৪-১।[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  13. ↑ Wurm, Stephen A. (মার্চ ১৯৯১)। "Language Death and Disappearance: Causes and Circumstances"। Diogenes। ৩৯ (153): ১–১৮। ডিওআই:10.1177/039219219103915302। এস২সিআইডি 143838613।
  14. ↑ Glavin, Maywa; Montenegro, Terry (৭ অক্টোবর ২০০৮)। "In Defense of Difference"। Seed Magazine। ১১ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  15. 1 2 3 Ostler, Rosemarie (১৯৯৯)। "Disappearing languages"। The Futurist। ৩৩ (7): ১৬–২০। প্রোকুয়েস্ট 218563454। {{সাময়িকী উদ্ধৃতি}}: |আইডি= এর 1 নং অবস্থানে templatestyles stripmarker রয়েছে (সাহায্য)
  16. ↑ "Reviews of Language Courses"। Lang1234। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১২।
  17. ↑ "Countries of the World"। Global Recordings Network। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১২।
  18. ↑ "Geographic Language Museum"। ForeignLanguageExpertise.com। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১২।
  19. ↑ McCarty, Teresa L.; Zepeda, Ofelia (জানুয়ারি ১৯৯৫)। "Indigenous Language Education and Literacy: Introduction to the Theme Issue"। Bilingual Research Journal। ১৯ (1): ১–৪। ডিওআই:10.1080/15235882.1995.10668587।
  20. 1 2 Hale, Ken (১৯৯২)। "Endangered languages: On endangered languages and the safeguarding of diversity"। Language। ৬৮ (1): ১–৪২। জেস্টোর 416368। প্রজেক্ট মিউজ 452858। {{সাময়িকী উদ্ধৃতি}}: |আইডি= এর 1 নং অবস্থানে templatestyles stripmarker রয়েছে (সাহায্য)
  21. ↑ "The Hualapai Bilingual/Bicultural Education Program (HBBEP)"। UW College of Education। ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৫।
  22. 1 2 Grinevald, Colette; Pivot, Bénédicte (২০১৩)। "On the revitalization of a 'treasure language': The Rama Language Project of Nicaragua"। Keeping Languages Alive। পৃ. ১৮১–১৯৭। ডিওআই:10.1017/CBO9781139245890.018। আইএসবিএন ৯৭৮-১-১৩৯-২৪৫৮৯-০।
  23. ↑ "Languages Treasured but Not Lost"। East Bay Express। Oakland। ১৭ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
  24. ↑ Hinton, Leanne; Hale, Kenneth, সম্পাদকগণ (২০০১)। The Green Book of Language Revitalization in Practice। ডিওআই:10.1163/9789004261723। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-২৬১৭২-৩।[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]