অনাক্রম্যতা
জীববিজ্ঞানে অনাক্রম্যতা বলতে কোনও ক্ষতিকর উপাদান বা প্রক্রিয়া, বিশেষত কোনও রোগজীবাণু বা সংক্রামক রোগের বিরুদ্ধে ঝুঁকিরোধী বা প্রতিরোধী অবস্থাকে বোঝায়। অনাক্রম্যতা সহজাতভাবে সৃষ্টি হতে পারে অথবা পূর্ববর্তী সংস্পর্শ বা অনাক্রম্যকরণের ফলে অর্জিত হতে পারে।
সহজাত ও অভিযোজী অনাক্রম্যতা
[সম্পাদনা]
প্রাণীদের অনাক্রম্যতন্ত্র দুইটি উপাদান নিয়ে গঠিত: সহজাত ও অভিযোজী। সহজাত অনাক্রম্যতা সব বহুকোষী প্রাণীর দেহে বিদ্যমান।[১] সহজাত অনাক্রম্য প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে প্রদাহী প্রতিক্রিয়া ও কোষভক্ষণ।[২] অন্যদিকে অভিযোজী অনাক্রম্যতার সাথে অধিকতর উন্নত লসিকাকোষগুলি জড়িত থাকে। এগুলি দেহের "নিজস্ব" পদার্থের উপস্থিতিতে নির্দিষ্ট "অ-নিজস্ব" পদার্থের মধ্যে পার্থক্য করতে পারে। বহিরাগত পদার্থের বিরুদ্ধে অনাক্রম্যতন্ত্রের প্রতিক্রিয়া সাধারণত প্রদাহসহ বিভিন্ন প্রতিরক্ষামূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায়, অন্যদিকে নিজস্ব পদার্থের বিরুদ্ধে অনাক্রম্য প্রতিক্রিয়া না ঘটাই অনাক্রম্যতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। অনাক্রম্যতন্ত্রের এই দুইটি উপাদান একটি গতিময় জৈবিক পরিবেশ সৃষ্টি করে, যেখানে "সুস্বাস্থ্য"-কে এমন একটি শারীরিক অবস্থা হিসেবে দেখা যেতে পারে, যেখানে নিজস্ব উপাদান অনাক্রম্যতন্ত্রের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে এবং বহিরাগত উপাদান প্রদাহী ও অন্যান্য অনাক্রম্য প্রক্রিয়ার দ্বারা নির্মূল হয়। যখন বহিরাগত উপাদান নির্মূল করা যায় না অথবা নিজস্ব উপাদান সুরক্ষিত থাকে না, তখনই "রোগের" উদ্ভব হয়।[৩]
সহজাত অনাক্রম্যতা অনাক্রম্যতার এমন একটি রূপ, যা আংশিকভাবে-নির্দিষ্ট ও ব্যাপকভাবে বিস্তৃত। এটিকে রোগজীবাণুর বিরুদ্ধে দেহের প্রতিরক্ষার প্রথম প্রতিরক্ষাব্যুহ হিসেবে বর্ণনা করা হয়। এটি রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ ও শারীরস্থানিক সুস্থিতি বজায় রাখার জন্য একটি সংকটকালীন পদ্ধতিগত প্রতিক্রিয়া হিসেবে কাজ করে এবং এর পাশাপাশি অভিযোজী অনাক্রম্য প্রতিক্রিয়ার সক্রিয়করণেও অবদান রাখে।[৪] এটি নির্দিষ্ট কোনও বাহ্যিক উদ্দীপনা বা পূর্ববর্তী কোনও সংক্রমণের সঙ্গে অভিযোজিত হয় না, বরং বহিরাগত পদার্থের নির্দিষ্ট বিন্যাসসমূহের বংশাণুগতভাবে সংকেতায়িত শনাক্তকরণের ওপর নির্ভর করে।[৫]
এর বিপরীতে অভিযোজী বা অর্জিত অনাক্রম্যতা হলো পোষকের অনাক্রম্য প্রতিক্রিয়ার সক্রিয় উপাদান, যা প্রতিরক্ষিকা-উৎপাদকের জন্য সুনির্দিষ্ট লসিকাকোষ দ্বারা বাস্তবায়িত হয়। সহজাত অনাক্রম্যতার বিপরীতে অর্জিত অনাক্রম্যতা নির্দিষ্ট কোনও রোগজীবাণুর সাথে অত্যন্ত সুনির্দিষ্টভাবে জড়িত থাকে। অনাক্রম্য স্মৃতির বিকাশ এর অন্তর্ভুক্ত।[৬] সহজাত অনাক্রম্যতন্ত্রের মতো অর্জিত অনাক্রম্যতন্ত্রও দেহরসীয় অনাক্রম্যতা ও কোষ-মধ্যস্থতাকৃত অনাক্রম্যতা - এই দুই ধরনের উপাদান নিয়ে গঠিত।[তথ্যসূত্র প্রয়োজন]
অভিযোজী অনাক্রম্যতা 'প্রাকৃতিকভাবে' (সংক্রমণের মাধ্যমে) অথবা 'কৃত্রিমভাবে' (উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের মাধ্যমে, যেমন টিকাদানের মাধ্যমে) অর্জিত হতে পারে। অভিযোজী অনাক্রম্যতাকে আবার 'সক্রিয়' বা 'নিষ্ক্রিয়' হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়। সক্রিয় অনাক্রম্যতা কোনও রোগজীবাণুর সংস্পর্শে আসার মাধ্যমে অর্জিত হয়, যা অনাক্রম্যতন্ত্রকে প্রতিরক্ষিকা (অ্যান্টিবডি) উৎপাদনে উদ্দীপিত করে।[৭] নিষ্ক্রিয় অনাক্রম্যতা কোনো অনাক্রম্য পোষক থেকে প্রাপ্ত প্রতিরক্ষিকা অথবা সক্রিয় টি কোষের স্থানান্তরের মাধ্যমে, কৃত্রিমভাবে অথবা অমরার মাধ্যমে অর্জিত হয়; এটি স্বল্পস্থায়ী; তাই দীর্ঘস্থায়ী অব্যাহত অনাক্রম্যতার জন্য টিকার গুণবর্ধক মাত্রার প্রয়োজন হয়।
নিচের চিত্রটিতে অনাক্রম্যতার এই বিভাজনগুলির সারসংক্ষেপ প্রদর্শিত হয়েছে। অভিযোজী অনাক্রম্যতা সহজাত অনাক্রম্যতার তুলনায় আরও বৈচিত্র্যময় বিন্যাস শনাক্ত করে। সহজাত অনাক্রম্যতার বিপরীতে এর সঙ্গে রোগজীবাণুর স্মৃতি যুক্ত থাকে।[৫]

আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Molecules, cells, and tissues of immunity"। Immunology Guidebook: ১–১৫। ১ জানুয়ারি ২০০৪। ডিওআই:10.1016/B978-012198382-6/50025-X। আইএসবিএন ৯৭৮-০-১২-১৯৮৩৮২-৬।
- ↑ Alberts B, Johnson A, Lewis J, et al. Molecular Biology of the Cell. 4th edition. New York: Garland Science; 2002. Innate Immunity. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK26846/
- ↑ Turvey SE, Broide DH (ফেব্রুয়ারি ২০১০)। "Innate immunity"। The Journal of Allergy and Clinical Immunology। ১২৫ (2 Suppl 2): S২৪-৩২। ডিওআই:10.1016/j.jaci.2009.07.016। পিএমসি 2832725। পিএমআইডি 19932920।
- ↑ Riera Romo, M.; Pérez-Martínez, D.; Castillo Ferrer, C. (২০১৬)। "Innate immunity in vertebrates: an overview"। Immunology। ১৪৬ (2): ১২৫–১৩৯। ডিওআই:10.1111/imm.12597। পিএমসি 4863567। পিএমআইডি 26878338।
- 1 2 Akira S, Uematsu S, Takeuchi O (ফেব্রুয়ারি ২০০৬)। "Pathogen recognition and innate immunity"। Cell (ইংরেজি ভাষায়)। ১২৪ (4): ৭৮৩–৮০১। ডিওআই:10.1016/j.cell.2006.02.015। পিএমআইডি 16497588। এস২সিআইডি 14357403।
- ↑ Janeway CA Jr, Travers P, Walport M, et al. Immunobiology: The Immune System in Health and Disease. 5th edition. New York: Garland Science; 2001. Glossary. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK10759/
- ↑ "Immunity types"। cdc.gov। Centers for Disease Control and Prevention (CDC)। ২ নভেম্বর ২০২১।