হিব্রু ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিব্রু
עברית ইভ্রিত 
উচ্চারণ: আ-ধ্ব-ব: [ʔivˈʁit] (standard Israeli (Ashkenazi)), [ʕivˈɾit] (standard Israeli (Sephardi)), [ʕivˈriθ] (Oriental), [ivˈʀis] (Ashkenazi)
যেসব রাষ্ট্রে প্রচলিত: ইসরায়েল ও অন্যান্য কিছু দেশ, যেমন ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং পশ্চিম তীর
মোট ভাষাভাষী সংখ্যা: প্রায় ৭০ লাখ, (মার্কিন যুক্তরাষ্ট্রে: ১৯৫,৩৭৫) [১]
ভাষা পরিবার: আফ্রো-এশীয়
 সেমিটীয়
  পশ্চিম সেমিটীয়
   মধ্য সেমিটীয়
    উত্তর-পশ্চিম সেমিটীয়
     কানানীয়
      হিব্রু 
লিপি: হিব্রু আবজাদ 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: ইসরায়েল
নিয়ন্ত্রক সংস্থা: হিব্রু ভাষা অ্যাকাডেমি
(האקדמיה ללשון העברית হাআকাদেমিয়া লালাশোন হাইভ্রিত)
ভাষা কোডসমূহ
ISO 639-1: he
ISO 639-2: heb
ISO/FDIS 639-3: heb 

হিব্রু ভাষা (হিব্রু ভাষায়: 'Ivrit ইভ্রিত) আফ্রো-এশীয় ভাষা-পরিবারের সেমিটীয় শাখার একটি সদস্য ভাষা। এটি হিব্রু বাইবেল, বা ওল্ড টেস্টামেন্ট তথা তোরাহ-র ভাষা।

হিব্রু ভাষার ইতিহাস বৈচিত্র্যময়। ২০০ খ্রিস্টাব্দের দিকে মুখের ভাষা হিসেবে এটি বিলুপ্ত হয়ে যায়। কিন্তু লিখিত ভাষা হিসেবে এটি আরও বহু শতক টিকে থাকে। এটি ধর্ম, আইন, ব্যবসা, দর্শন ও চিকিৎসা বিষয়ক বহু বই লিখতে ব্যবহৃত হত। ১৯শ শতকের শেষে ও বিংশ শতাব্দীর শুরুতে কথ্য ভাষা হিসেবে এটির পুনর্জন্ম হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে (প্রধানত রাশিয়া থেকে) বর্তমান ইসরায়েলে (তৎকালীন ব্রিটিশ প্যালেস্টাইনে) ইহুদীরা এসে বসতি স্থাপন করেন এবং তাদের নিজস্ব বিভিন্ন মাতৃভাষা যেমন আরবি, ইডিশ, রুশ, ইত্যাদির পরিবর্তে আধুনিক হিব্রু ভাষায় কথা বলা শুরু করেন। ১৯২২ সালে হিব্রু ব্রিটিশ প্যালেস্টাইনের সরকারী ভাষার মর্যাদা পায়।

ইসরায়েলে প্রায় ৫০ লক্ষ লোক হিব্রু ভাষায় কথা বলেন। এছাড়া ফিলিস্তিনী এলাকায় ও বিশ্বের বিভিন্ন ইহুদী সম্প্রদায়ের প্রায় কয়েক লক্ষ লোক হিব্রুতে কথা বলেন। বর্তমানে আরবি ও ইংরেজির পাশাপাশি হিব্রু ইসরায়েলের সরকারী ভাষা। আরব সেক্টরগুলি বাদে ইসরায়েলের সমস্ত সরকারী ও বেসরকারী কাজে হিব্রু ব্যবহার করা হয়। সরকারী স্কুলগুলিতে হয় হিব্রু বা আরবি ভাষায় শিক্ষাদান করা হয়, তবে হিব্রু দশম শ্রেণী পর্যন্ত পড়া বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয় পর্যায়েও হিব্রু ভাষাই শিক্ষাদানের মাধ্যম। ইসরায়েলের সংবাদপত্র, বই, রেডিও ও টেলিভিশনের প্রধান ভাষা হিব্রু।

[সম্পাদনা] পুনর্জন্ম

আধুনিক কথ্য ভাষা হিসেবে হিব্রুর পুনঃপ্রতিষ্ঠার নেপথ্যে ছিলেন এলিয়েজের বেন ইয়েহুদা নামের এক রুশ-বংশোদ্ভূত ইহুদী। তিনি ১৮৮১ সালে হিব্রু ভাষা পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের অধীন ফিলিস্তিনে আসেন। বেন ইয়েহুদা চাইতেন ফিলিস্তিনে বসবাসরত ইহুদীরা কেবলই হিব্রু ভাষায় কথা বলুক। তিনি হিব্রুকে ঘরে ও বাইরে সমাজের সব ধরনের কাজের চাহিদা মেটাতে সক্ষম একটি ভাষা হিসেবে প্রচলন করার পরিকল্পনা নেন। এজন্য তিনি ইহুদী শিশুরা যাতে ছোটবেলা থেকেই হিব্রুতে শিক্ষা পায়, তার ব্যবস্থা করেন। এভাবে ধীরে ধীরে হিব্রু আবার একটি জীবিত ভাষায় পরিণত হয়।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০০ সালের আদমশুমারী PHC-T-37। Ability to Speak English by Language Spoken at Home: 2000. ছক 1a.
ব্যক্তিগত হাতিয়ারসমূহ
অন্যান্য ভাষাসমূহ