শার্লক হোমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শার্লক হোম্‌স থেকে ঘুরে এসেছে)
শার্লক হোমস
শার্লক হোমস character
Sherlock Holmes Portrait Paget.jpg
শার্লক হোমস, সিডনি পেজেট অঙ্কিত, ১৯০৪
প্রথম উপস্থিতি ১৮৮৭-৮৮
স্রষ্টা আর্থার কোনান ডয়েল
পর্বসংখ্যা চারটি উপন্যাস
ছাপ্পান্নটি ছোটোগল্প
ক্যানন অফ শার্লক হোমস
তথ্যাদি
লিঙ্গ পুরুষ
পেশা পরামর্শদাতা গোয়েন্দা
পরিবার মাইক্রফট হোমস (বড় ভাই)
ঠিকানা ২২১বি বেকার স্ট্রিট লন্ডন যুক্তরাজ্য
জাতীয়তা ইংরেজ

শার্লক হোমস (ইংরেজি: Sherlock Holmes, (উচ্চারণ: /ˈʃɜrlɒk ˈhoʊmz/)) ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৮৮৭ সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনান ডয়েল। হোমস একজন উচ্চমেধাসম্পন্ন লন্ডন-ভিত্তিক "পরামর্শদাতা গোয়েন্দা"। তিনি তাঁর নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন, যে কোনো প্রকার ছদ্মবেশ ধারণ এবং ফরেনসিক বিজ্ঞানে দক্ষতাবলে জটিল আইনি মামলার নিষ্পত্তি করে দেওয়ার জন্য তাঁর খ্যাতি ভুবনজোড়া।

কোনান ডয়েল হোমসকে নিয়ে চারটি উপন্যাস ও ছাপ্পান্নটি ছোটোগল্প লিখেছেন। প্রথম কাহিনি আ স্টাডি ইন স্কারলেট ১৮৮৭ সালের বিটন’স ক্রিসমাস অ্যানাল পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাহিনী দ্য সাইন অফ দ্য ফোর ১৮৯০ সালে লিপিনকোট’স মান্থলি ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৯১ সালে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন পত্রিকায় প্রথম ছোটোগল্পের সিরিজটি প্রকাশিত হওয়ার পরই শার্লক হোমস চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯২৭ সাল পর্যন্ত হোমসকে নিয়ে একগুচ্ছ ছোটোগল্পের সিরিজ ও আরও দুটি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়। হোমস কাহিনির পটভূমির সময়কাল ১৮৮০ থেকে ১৯০৭ সাল; শেষ ঘটনাটির সময়কাল অবশ্য ১৯১৪।

চারটি বাদে সব কটি কাহিনীই হোমসের বন্ধু তথা জীবনীকার ডা. জন ওয়াটসনের জবানিতে লেখা। দুটি গল্প ("দ্য ব্লাঞ্চেড সোলজার্স" ও "দ্য লায়ন’স মেন" হোমসের নিজের জবানিতে এবং অন্য দুটি গল্প "দ্য ম্যাজারিন স্টোন" ও "হিজ লাস্ট বো") তৃতীয় পুরুষে লেখা। দুটি গল্প আবার ("দ্য মাসগ্রেভ রিচুয়াল" ও "দ্য "গ্লোরিয়া স্কট"") হোমস ওয়াটসনকে নিজের স্মৃতি থেকে শুনিয়েছেন, এবং ওয়াটসন সেখানে কাহিনির কাঠামোটিই মাত্র বর্ণনা করেছেন। প্রথম উপন্যাস আ স্টাডি ইন স্কারলেট-এর মধ্যবর্তী অংশে হোমস ও ওয়াটসনের অজ্ঞাত ঘটনার দীর্ঘ বর্ণনা করা হয়েছে এক সর্বজ্ঞ বর্ণনাকারীর জবানিতে।

কোনান ডয়েলে বলেছিলেন যে হোমসের চরিত্রটির অনুপ্রেরণা হলেন ডা. জোসেফ বেল, যাঁর অধীনে এডিনবরা রয়্যাল ইনফার্মারিতে করণিক হিসেবে ডয়েল কাজ করতেন। হোমসের মতো বেলও ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যবেক্ষণ থেকে বিরাট বিরাট সিদ্ধান্ত বের করতেন।[১]

সূচিপত্র

[সম্পাদনা] সৃষ্টি

আর্থার কোনান ডয়েল ডাক্তারি পাশ করে প্লাইমাউথের সাউথ সী'র ১ নম্বর বুশ ভিলাতে বাড়ি ভাড়া নিয়ে ডাক্তারি করার পাশাপাশি লেখায় হাত দেন শার্লক হোমসের। ১৮৮৭ খ্রিস্টাব্দে A Tangled Skin উপন্যাসের মাধ্যমে শার্লকের জন্ম দেন তিনি; যাতে শার্লকের বয়স লেখা হয় ৩৩ বছর। তখন অবশ্য নামকরণ করেছিলেন শেরিনফোর্ড হোমস। পরে সেটা পছন্দ না হওয়ায় রাখলেন শার্লক হোমস। একই সাথে উপন্যাসের নামও বদলে দিয়ে করলেন A Study in Skerlet। একসময় ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি মনোনিবেশ করলেন লেখালেখিতে। ডয়েলের শিক্ষক ডাক্তার জোসেফ বেল ছিলেন সত্যিকারের অপরাধবিজ্ঞানী; যাঁর কাজ ডয়েলের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলো।[২] ডাক্তার ওয়াটসনের জবানীতে কাহিনীগুলো বর্ণিত।[২]

[সম্পাদনা] প্রকাশনা

শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে ৪টি উপন্যাস, আর ৫৬টি ছোট গল্প লিখেন ডয়েল।[২]

[সম্পাদনা] জীবন বৃত্তান্ত

[সম্পাদনা] প্রথম জীবন

শার্লক হোমসের প্রথম আবির্ভাব, ১৮৮৭

পুরো নাম উইলিয়াম শার্লক স্কট হোমস। শার্লক হোমসের জন্ম ১৮৫৪ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি শুক্রবার বিকেল বেলায়। বাবা সাইগার হোমস আর মা ভায়োলেট শেরিন ফোর্ড। বাবার যদিও ইচ্ছে ছিলো শার্লক বড় হয়ে হবেন ইঞ্জিনিয়ার, কিন্তু শার্লক হয়ে গেলেন বিশ্বের একমাত্র কনসাল্টিং গোয়েন্দা। তাঁর সঙ্গী, যোগ্য সহকারী বন্ধুবর লেখক ডাক্তার ওয়াটসন রহস্যোদঘাটনের চেষ্টা করেছেন কেন তিনি এই পেশায় এলেন। কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন তিনি। পরে অবশ্য একদিন শার্লক নিজের মুখেই বলেছেন সেকথা।[২]

ছেলেবেলা থেকেই শার্লক শিখে গিয়েছিলেন কী করে দুই চোখে ক্ষমতা দিয়ে চোখে দেখা জিনিসের খুঁটিনাটি বের করে ফেলা যায়। ১৮ বছর বয়সে যখন তিনি অক্সফোর্ড কলেজে আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র, তখন তিনি বন্ধুবান্ধবহীন। চেহারা তেমন সুন্দর না হলেও তাঁর দিকে চোখ না ফিরিয়ে থাকা যায় না; একটা অসাধারণ আকর্ষণীয় ক্ষমতা ছিলো তাঁর। তবে দ্বিতীয় বছরে ভিক্টর ট্রেভর নামে এক বন্ধু জুটে গেলো তাঁর। ভিক্টরও শার্লকের মতো নিঃসঙ্গ।[২]

১৮৭৪ খ্রিষ্টাব্দের ১২ জুলাই বন্ধু ভিক্টর তাঁর বাবার সাথে শার্লককে পরিচয় করিয়ে দিয়ে শার্লকের বিশ্লেষণী ক্ষমতার কথা বললেন। এতে বৃদ্ধ ভিক্টর শার্লককে পরীক্ষা করতে চেয়ে তাঁর সম্বন্ধে বলতে বললে, শার্লক যা বললেন, তাতে বৃদ্ধের হাসি হাসি চেহারা মলিন হয়ে গেলো। সেই থেকেই শখের কাজটি শার্লক পেশা হিসেবেই নিয়ে নিলেন।[২]

শার্লক হোমস অবিবাহিত। লন্ডনের যে ভাড়া বাড়িটিতে তিনি থাকেন তার ঠিকানা: ২২১/বি বেকার স্ট্রীট, লন্ডন।[২] বাড়ির গৃহকর্ত্রী মিসেস হাডসন। হোমস কদাচিৎ যোগাযোগ করেন বড়ভাই মাইক্রফট হোমসকে।

[সম্পাদনা] আরো দেখুন

[সম্পাদনা] অতিরিক্ত পাঠ

Accardo, Pasquale J. (1987)। Diagnosis and Detection: Medical Iconography of Sherlock Holmes। প্রকাশক: Fairleigh Dickinson University Press। (Madison, NJ)। আইএসবিএন 0-517-50291-7 

Baring-Gould, William (1967)। The Annotated Sherlock Holmes। প্রকাশক: Clarkson N. Potter। (New York)। আইএসবিএন 0-517-50291-7 

Baring-Gould, William (1962)। Sherlock Holmes of Baker Street: The Life of the World's First Consulting Detective। প্রকাশক: Clarkson N. Potter। (New York)। OCLC 63103488 

Blakeney, T.S. (1994)। Sherlock Holmes: Fact or Fiction?। প্রকাশক: Prentice Hall & IBD। (London)। আইএসবিএন 1-883402-10-7 

Bradley, Alan (2004)। Ms Holmes of Baker Street: The Truth About Sherlock। প্রকাশক: University of Alberta Press। (Alberta)। আইএসবিএন 0-88864-415-9 

Campbell, Mark (2007)। Sherlock Holmes। প্রকাশক: Pocket Essentials। (London)। আইএসবিএন 978-0-470-12823-7 

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Lycett, Andrew (2007)। The Man Who Created Sherlock Holmes: The Life and Times of Sir Arthur Conan Doyle। প্রকাশক: Free Press। পৃ. 53–54, 190। আইএসবিএন 978-0-7432-7523-1 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ ২.৬ আনওয়ারুল কবীর বুলু (বাংলা ভাষায়) (প্রিন্ট)। শার্লক হোমস রচনাসমগ্র। শার্লক হোমস (ফেব্রুয়ারি ২০০২ সম্পাদিত)। প্রকাশক: মনন প্রকাশ। (ঢাকা)। পৃ. 656। আইএসবিএন 984-8332-00-6 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ