মাচু পিচু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| সংরক্ষিত মাচু পিচু শহর* | |
|---|---|
| ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
| স্টেট পার্টি | |
| ধরণ | মিশ্র |
| মাপকাঠি | i, ii, vii, ix |
| তথ্যসূত্র | 274 |
| অঞ্চল† | Latin America and the Caribbean |
| অভিলিখনের ইতিহাস | |
| অভিলিখন | ১৯৮৩ (সপ্তম সেশন) |
| * Name as inscribed on World Heritage List. † Region as classified by UNESCO. |
|
মাচু পিকচু (কেচুয়া: Machu Pikchu মাচু পিক্চু অর্থাৎ "পুরানো চূড়া") বা মাচু পিচু (স্পেনীয়: Machu Picchu মাচু পিচু) কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ২৪০০ মিটার (৭,৮৭৫ ফিট)[১]। এটি পেরুর উরুবাম্বা উপত্যকার (Valle de Urubamba) ওপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত। মাচু পিচুই সম্ভবতঃ ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শণ, যাকে প্রায়শঃ ইনকাদের হারানো শহর বলা হয়। এটি ১৪৫০ সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর এক শ বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যাক্ত হয়ে পড়ে। কয়েক শ বছর অজ্ঞাত থাকার পর ১৯১১ সালে হাইরাম বিঙাম (ইংরেজি: Hiram Bingham) নামে এক মার্কিন ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসেন। তারপর থেকে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণী দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটিকে ১৯৮১ সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো ১৯৮৩ সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। এটি বর্তমান বিশ্বের সাতটি নতুন বিস্ময়েরও একটি।
মাচু পিচু ঐতিহ্যবাহী ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শণ। পালিশ করা পাথর নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে ইন্তিউয়াতানা (কেচুয়া: Intiwatana সূর্য স্তুপ), সূর্য মন্দির ও তিন জানালা ঘর ইত্যাদি। পুরাকীর্তিবিদদের কাছে মাচু পিচুর পবিত্র অঞ্চল হিসেবে পরিচিত অংশে এ স্থাপনাগুলো অবস্থিত। বিংশ শতাব্দীর শুরুর দিকে হাইরাম বিঙাম মাচু পিচু থেকে যে সব পুরাকীর্তি নিয়ে গিয়েছিলেন সেসব ফেরত দেবার জন্য ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে পেরু সরকার ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে এই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন; উল্লেখ্য, ২০০৩ সালে এখানে আগত পর্যটকের সংখ্যা ৪০০,০০০ ছাড়িয়ে যায়।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
ইনকা সভ্যতার স্বর্ণযুগে ১৪৫০ সালের দিকে মাচু পিচু নির্মিত হয়। কিন্তু তার ১০০ বছরেরও কম সময়ের মধ্যে এটি পরিত্যাক্ত হয়ে পড়ে। সম্ভবতঃ স্পেনীয় অভিযাত্রীদের আগমনের আগেই এই শহরের অধিকাংশ অধিবাসী গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। মাচু পিচুর সন্ধানকারী হাইরাম বিঙাম এবং আরও অনেকেরই মতে এই সুরক্ষিত শহরটি ইনকাদের ঐতিহ্যগত জন্মস্থান অথবা সূর্য কুমারীদের পবিত্র কেন্দ্র ছিল।
অন্য একটি মতবাদ অনুসারে মাচু পিচু একটি ইনকা লিয়াক্তা (কেচুয়া: llacta ল্য়াক্তা) বা এমন একটি উপনিবেশ যা বিজিত অঞ্চল সমূহের অর্থনীতি নিয়ন্ত্রনে ব্যবহৃত হত। আবার কেউ কেউ মনে করেন এটি একটি জেলখানা হিসাবে ভয়ংকর অপরাধীদের রাখার জন্য নির্মিত হয়েছিল। অন্যদিকে জন রো (ইংরেজি: John Rowe) ও রিচার্ড বার্গার (ইংরেজি: Richard Burger) সহ আরও অনেকের গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাচু পিচু কোনও প্রতিরক্ষামূলক আশ্রয়স্থল নয়, বরং এটি ইনকা সম্রাট পাচাকুতিকের (কেচুয়া: Pachakutiq পাচাকুতিক্ব্) একটি অবকাশযাপন কেন্দ্র। বেশির ভাগ পুরাতত্ত্ববিদই এই মতবাদকে সমর্থন করেছে। এছাড়াও ইয়োহান রাইনহার্ড (জার্মান: Johan Reinhard য়োহান্ রায়্ন্হার্ট্) এর উপস্থাপিত তথ্য এটা প্রমান করেন যে, এই স্থানটিকে শহর নির্মানের জন্য বেছে নেয়া হয়েছিল এর পবিত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য। উদাহরণ স্বরূপ বলা যায়, অনেকেই ধারণা করেন এর পাহাড় চূড়াগুলোর অবস্থান প্রধান প্রধান জ্যোতির্মণ্ডলীয় ঘটনাবলীর সাথে সামঞ্জস্যতাপূর্ণ।
এই দূর্গনগরীটি ইনকাদের রাজধানী কোস্কো (কেচুয়া: Qusqu ক্বোস্ক্বো, স্পেনীয়: Cuzco কুস্কো) থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে অবস্থিত। কিন্তু এর অবস্থান অজ্ঞাত থাকার কারণে অন্যান্য ইনকা নগরীর মত এই শহরটি কখনও স্পেনীয়দের দ্বারা আক্রান্ত এবং লুট হয় নি। কয়েক শ বছর জনমানবহীন থাকার ফলে শহরটি এক সময় ঘন জঙ্গলে ঢেকে যায় এবং তখন খুব কম লোকই এর অস্তিত্ব সম্বেন্ধে জানত। পরবর্তীতে ১৯১১ সালের ২৪শে জুলাই মার্কিন ঐতিহাসিক ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রভাষক হাইরাম বিঙাম শহরটিকে বিশ্বের নজরে নিয়ে আসেন। আগেই মাচু পিচুতে গিয়েছিলেন এমন কিছু স্থানীয় মানুষ তাঁকে সেখানে নিয়ে যান। সেখানে বিঙাম শহরটির পুরাতাত্ত্বিক নিরীক্ষা ও জরিপ করেন। তিনিই মাচু পিচুর নাম দেন ইনকাদের হারানো শহর এবং তাঁর প্রথম বইটিও এই শিরোনামে প্রকাশিত হয়। তিনি কখনওই স্থানীয় সেসব লোকদের কোনও উল্লেখ করেন নি যারা তাঁকে মাচু পিচুতে নিয়ে গিয়েছিলেন; এমনকি মাচু পিচুর উদ্ঘাটনে তাঁদের কোনও কৃতিত্বও স্বীকার করেন নি। তিনি তাঁর গাইড হিসাবে শুধু স্থানীয় উপকথার উল্লেখ করেছেন।
বিঙাম অনেকটা ঘটনা চক্রেই মাচু পিচুর উদ্ঘাটন করেন। প্রকৃতপক্ষে তিনি ইনকা শহর বিতকোসের (Vitcos) সন্ধান করছিলেন, এটি পেরুতে স্পেনীয়দের আক্রমনের বিরুদ্ধে সর্বশেষ ইনকা প্রতিরোধের স্থান এবং ইনকাদের শেষ আশ্রয়স্থল ছিল। বেশ কয়েক বছরের ভ্রমণ ও অনুসন্ধানের পর ১৯১১ সালে কেচুয়া সম্প্রদায়ের মানুষেরা বিঙামকে মাচু পিচু শহরে নিয়ে যায়। এই সম্প্রদায় মাচু পিচুতে ইনকাদের নির্মিত স্থাপনাগুলোয় থাকত। কিছু পরিবার ১৯১১ সালে শহরটি আবিষ্কারের সময় পর্যন্ত সেখানে বসবাস করত, যদিও নগরীর আদি বাসিন্দাদের অধিকাংশই শহর তৈরির এক শ বছরের ভেতর মারা যায়। সে সময় মাচু পিচুতে কিছু মমি (বিশেষতঃ মহিলাদের) পাওয়া যায়। বিঙাম সেখানে বেশ কয়েকবার ভ্রমণ করেন এবং ১৯১৫ সাল পর্যন্ত সেখানে খনন কাজ পরিচালনা করেন। তিনি তাঁর জীবদ্দশায় মাচু পিচুর আবিষ্কার নিয়ে বেশ কিছু বই লিখেছেন।
সিমোন ওয়েসবার (ফরাসি: Simone Waisbard) নামের একজন কোস্কো শহর গবেষিকা দাবী করেছেন যে এনরিকে পালমা (Enrique Palma), গাবিনো সাঞ্চেস (Gabino Sánchez), এবং আগুস্তিন লিসারাগা (Agustín Lizárraga) - এই ব্যক্তিত্রয় ১৯০১ সালে ১৪ই জুলাই মাচু পিচুর একটি পাথরে তাঁদের নাম খোদাই করেন। এর অর্থ এই তিন ব্যক্তি হাইরাম বিঙামের অনেক আগেই শহরটির খুঁজে পান। একই ভাবে কেউ কেউ দাবী করেন যে ফ্র্যাংকলিন (ইংরেজি: Franklin) নামের একজন প্রকৌশলী দূরবর্তী এক পাহাড় থেকে মাচু পিচুর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। তিনি ওই এলাকায় বসবাসরত টমাস পেন (ইংরেজি: Thomas Paine) নামক একজন ইংরেজ প্লিমথ ব্রেদ্রেন (Plymouth Brethen) খ্রিস্টান মিশনারিকে এই শহরটির কথা বলেন। পেন পরিবারের দাবী, তিনি ও স্টুয়ার্ট ই ম্যাকনের্ন (আইরিশ ইংরেজি: Stuart E McNairn, ১৮৬৭-১৯৫৬) নামক তাঁর একজন সঙ্গী মিশনারি ১৯০৬ সালেই মাচু পিচুতে যান।
১৯১৩ সালে জাতীয় ভৌগোলিক সংস্থা তথা ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি (ইংরেজি: National Geographic Society) তাদের এপ্রিল মাসের পুরো সংখ্যাটি মাচু পিচুর ওপর প্রকাশ করলে শহরটি ব্যাপক প্রচারণা পায়। মাচু পিচুর আশপাশের ৩২৫.৯২ বর্গ কিলোমিটার এলাকাকে ১৯৮১ সালে পেরুর "সংরক্ষিত ঐতিহাসিক এলাকা" হিসেবে ঘোষণা করা হয়। শহরের ধ্বংসাবশেষ ছাড়াও এই এলাকায় অন্তর্ভুক্ত অঞ্চল উদ্ভিদ ও জীব বৈচিত্র্যে সমৃদ্ধ।
মাচু পিচুকে ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়[২]। এ ঘোষণায় মাচু পিচুকে বর্ণনা করা হয়েছে ধ্রুপদী বাস্তুকলার নিদর্শন ও ইনকা সভ্যতার অনন্য স্বাক্ষর হিসেবে। ২০০৭ সালের ৭ই জুলাই New Open World Corporation কর্তৃক আয়োজিত প্রতিযোগীতায় মাচু পিচু বিশ্বের সাতটি নতুন বিস্ময়ের একটি নির্বাচিত হয়। অতিরিক্ত পর্যটক সমাগম, নিকটবর্তী আগুয়াস কালিয়েন্তেস (স্পেনীয়: Aguas Calientes আগ়ুয়াস্ কালিয়েন্তেস্ "উষ্ণ জল") শহরের অপরিকল্পীত নগরায়ন, এবং আদালতের নির্দেশনা অমান্য করে বিলকানোতা (স্পেনীয়: Vilcanota বিল্কানোতা) নদীর ওপর সেতু নির্মাণের ফলে (যা পক্ষান্তরে পর্যটক সমাগম আরও বৃদ্ধি করবে বলে আশঙ্কা করা হচ্ছে) সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারণে World Monuments Fund মাচু পিচুকে তাদের "বিশ্বের সবচাইতে বিপন্ন ১০০টি স্থানের" ২০০৮ সালের তালিকায় নিয়ে এসেছে।
[সম্পাদনা] অবস্থান
মাচু পিচু ইনকাদের রাজধানী কোস্কো থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৩৫০ মিটার (৭৭১০ ফিট) উচ্চতায় মাচু পিচু পবর্তের চূড়ায় অবস্থিত। এটি দক্ষিণ আমেরিকার একটি অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক কেন্দ্র এবং পেরুর সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থান।
মাচু পিচুর এক পাশ চূড়া থেকে একেবারে খাড়া ভাবে ৬০০ মিটার নিচে উরুবাম্বা নদীর (স্পেনীয়: Río Urubamba) পাদদেশে গিয়ে মিশেছে। গিরিখাত ও পাহাড়পর্বতের দ্বারা প্রাপ্ত চমৎকার প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এই শহরের অবস্থান সামরিক কৌশলগত দিক থেকে গোপনীয় ও গুরুত্বপূর্ণ ছিল। উরুবাম্বা নদীর ওপর দড়ির তৈরি সেতু ইনকা সৈন্যদের গোপন প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হত। মাচু পিচুর পশ্চিম দিকে গাছের গুড়ি নির্মিত আরেকটি সেতু ছিল। এই সেতুর মাঝে ৬ মিটার (২০ ফুট) জায়গা ফাঁকা ছিল, প্রয়োজনমত গাছের তক্তা দিয়ে সেতুর দুই অংশকে সংযুক্ত করা যেত। সেতুটির নিচে ৫৭০ মিটার (১৯০০ ফুট) গভীর গিরিখাত, তাই গাছের তক্তা সরিয়ে দিলে কোনও শত্রুর পক্ষে তা অতিক্রম করা দুঃসাধ্য ব্যাপার হত। এই সেতুটি নির্মিত হয়েছিল উরুবাম্বা উপত্যকার ওপর।
শহরটি দুই পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত। এখান থেকে নিচের উপত্যকা পরিস্কারভাবে দৃশ্যমান, যা সামরিক দিক সুবিধাজনক অবস্থান। এছাড়া শহরের পেছনের খাড়া পর্বত প্রায় অনতিক্রম্য। মাচু পিচুর পানি সরবরাহ ব্যবস্থা পাহাড়ি ঝরনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যা সহজে বন্ধ করা যেত না। এছাড়াও যে পরিমান চাষযোগ্য জমি ছিল তাতে উৎপন্ন ফসলে শহরের মোট জনসংখ্যার চারগুণ মানুষের খাদ্যের সংস্থান সম্ভব ছিল। পর্বতের পাশগুলো ধাপকেটে সমান করা হয়েছিল। এতে একদিকে যেমন চাষযোগ্য জমির পরিমান বৃদ্ধি পেয়েছিল, অন্যদিকে খাড়া ঢাল বেয়ে শহরে আসার পথটি আক্রমনকারীদের জন্য দুর্গম করা হয়েছিল। মাচু পিচু থেকে পাহাড়ের ওপর দিয়ে কোস্কো যাবার দুটি পথ আছে, একটি "সূর্য দরজা" দিয়ে, এবং অন্যটি "ইনকা সেতু" দিয়ে। শত্রুর আক্রমনের মুখে দুটি পথই সহজে বন্ধ করে দেয়া যেত। এই শহরের মূল উদ্দেশ্য যাই হোক না কেন, এর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল খুবই মজবুত।
[সম্পাদনা] বাস্তুকলা
মাচু পিচুর বেশির ভাগ স্থাপনাই ইনকা বাস্তুকলার ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতিতে তৈরি। স্থাপনাগুলোর দেয়াল পাথর নির্মিত এবং জোড়া দেবার জন্য কোনওরকম সিমেন্ট জাতীয় পদার্থ বা চুন-সুরকির মিশ্রন এখানে ব্যবহার করা হয় নি। অ্যাশলার (ইংরেজি: ashlar অ্যাশ্লার্) নামক এই নিমার্ণ কৌশলে ইনকারা খুবই দক্ষ ছিল। এই পদ্ধতিতে পাথরের খণ্ড এমন নিখুঁত ভাবে কাটা হত যেন কোনওরকম সংযোগকারী মিশ্রণ ছাড়াই পাথরগুলো খাজে খাজে শক্তভাবে একটার ওপর আরেকটা বসে যায়। ইনকারা পাথরের এই নির্মাণ পদ্ধতিতে পৃথিবীর সেরাদের সেরা ছিল। তাদের নির্মিত পাথরের দেয়ালগুলোর জোড় এতই নিপুন যে একটা পাতলা ছুরির ফলাও সেগুলোর ভেতর দিয়ে প্রবেশ করানো যায় না।
মাচু পিচুর অন্যান্য স্থাপনাগুলো চুনসুরকির মিশ্রণ ব্যবহার করে তৈরি, তবে ইনকা নির্মাণশৈলীর মান বিচারে সেসব নিম্নমানসম্পন্ন এবং তড়িঘরি করে তৈরি করা। পেরু একটি অতি ভূমিকম্প প্রবণ এলাকা এবং সিমেন্টজাতীয় মিশ্রণের গাথুনি দিয়ে তৈরি স্থাপনার চাইতে গাথুনি ছাড়া শুধুমাত্র খাজে খাজে পাথর বসিয়ে তৈরি স্থাপনা অনেক বেশি ভূমিকম্পপ্রতিরোধী। ইনকাদের তৈরি দেয়ালগুলোতে বিস্তারিত ভাবে প্রচুর সুক্ষ্ম নকশা দেখা যায় যেগুলো ভূমিকম্পের সময় দেয়াল ধ্বসেপড়া রোধ করে। দরজা এবং জানালাগুলো অসমচুতুর্ভুজ আকৃতির এবং নিচ থেকে ওপরে ক্রমে ভেতরের দিকে হেলানো। কোণাগুলো সাধারণতঃ গোলাকৃতির, ভেতরের দিকের কোণাগুলি মাঝে মাঝে কক্ষের ভেতরে অল্প হেলানো, এবং অনেক জায়গায় ইংরেজি "L" আকৃতির পাথর খণ্ড ব্যবহার করে বাইরের কোণাগুলিকে পরস্পর জোড়া দেয়া হয়েছে। মাচু পিচুর দেয়ালগুলো ওপর থেকে নিচে একদম সোজা নয়; বরং এক সারি থেকে অন্য সারি কিছুটা হেলানো এবং এভাবে দেয়ালগুলোর ভারসাম্য রক্ষা করা হয়েছে। ফলে মাচু পিচু শহরটি অনেকগুলো ভূমিকম্প সহ্য করে এখনও ভালোভাবে টিকে আছে।
ইনকারা কখনওই ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করে নি। তাই তারা কীভাবে এত সংখ্যক বিশাল আকৃতির পাথর খণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে সেটা এক রহস্য; যদিও সাধারণভাবে মনে করা হয় যে, এই বিশার আকৃতির পাথর খণ্ডগুলো পাহাড়ের সমতল ঢাল দিয়ে ঠেলে ওপরে তুলতে তারা শত শত শ্রমিক ব্যবহার করেছিল। এখনও কিছু কিছু পাথরের গায়ে হাতলের মতো গাঁট রয়েছে যা পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসানোর জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। পাথর খণ্ডগুলো জায়গামতো স্থাপনের পর ইনকারা হয়ত হাতলগুলোকে গুড়িয়ে সমান করে দিয়েছে।
শহরটিতে ১৪০ টি স্থাপনার মধ্যে রয়েছে কিছু মন্দির, পবিত্র স্থান, উদ্যান এবং আবাসিক ভবনসমূহ (আবাসিক ভবনগুলো খড়ের ছাউনি দেয়া ছিল)। মাচু পিচুতে রয়েছে ১০০টিরও বেশি সিড়ি যার মধ্যে কিছু কিছু একটি মাত্র গ্রানাইট পাথরের খণ্ড কুদে তৈরি করা হয়েছে। এখানে আরও রয়েছে প্রচুর সংখ্যক ঝরনা, যেগুলো পাথর কেটে তৈরি করা ছোট ছোট খালের মাধ্যমে পরস্পর সংযুক্ত এবং এসব মূলতঃ সেচ কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। প্রমাণ পাওয়া গেছে যে, এই সেচ ব্যবস্থা ব্যবহার করে একটি পবিত্র ঝরনা থেকে পানি প্রতিটি বাড়িতে সঞ্চালনের ব্যবস্থা করা হয়েছিল।
প্রত্নতাত্ত্বিকদের মতে, মাচু পিচুর শহর ব্যবস্থা তিনটি বড় বিভাগে বিভক্ত ছিল, এগুলো হল:
- পবিত্র এলাকা
- জনসাধারণের এলাকা; এ দুটি শহরের দক্ষিণে অবস্থিত। এবং
- পুরোহিত ও অভিজাত শ্রেনীর এলাকা।
পবিত্র এলাকায় মাচু পিচুর প্রত্নতাত্ত্বিক সম্পদগুলো অবস্থিত, যেমন: ইন্তিউয়াতানা পাথর, সূর্য মন্দির এবং তিন জানালা ঘর। এসব স্থাপনা উৎসর্গ করা হয়েছিল ইন্তি, তাদের সূর্য দেবতা এবং মহান দেবতার প্রতি। জনসাধারণের এলাকার সাধারণ নিম্ন শ্রেনীর লোকজন বাসবাস করত। এই এলাকার স্থাপনা গুলোর মধ্যে রয়েছে গুদামঘর এবং বসত বাড়ি।
অভিজাত এলাকায় সম্ভ্রান্ত শ্রেনীর থাকার জন্য একটি অংশ ছিল। এ অংশের বাড়িগুলো একটি ঢালের ওপর কয়েক সারিতে অবস্থিত। হামাউতা বা বিচক্ষণ ব্যক্তিদের (কেচুয়া: Hamawt'a) বাড়িগুলোর দেয়াল কিছুটা লালচে রঙের। অন্যদিকে নিউস্তা বা রাজকুমারীদের (কেচুয়া: Ñusta ন্যুস্তা) অংশের ঘরগুলো অসম আয়তাকার। স্মৃতিসৌধ একটি খোদাইকৃত ভাস্কর্য যার ভেতর একটি নকশাকৃত কক্ষ রয়েছে। এটি যজ্ঞ এবং উৎসর্গের কাজে ব্যবহার করা হত।
সড়ক ব্যবস্থার অংশ হিসাবে ইনকারা মাচু পিচু পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিল। বর্তমানে হাজার হাজার পর্যটক ইনকাদের পথে পায়ে হেঁটে মাচু পিচু ভ্রমণ করে। তবে এর জন্য আগে কোস্কোতে যাত্রাবিরতি করে স্থানীয় আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে তারপর উরুবাম্বা উপত্যকা হয়ে আন্দেস পর্বতমালার ওপর দিয়ে দুই থেকে চার দিনের এই পদযাত্রায় বের হতে হয়।
[সম্পাদনা] ইন্তিউয়াতানা পাথর
স্থানীয় উপাখ্যান অনুসারে কোনও অনুভূতি সম্পন্ন মানুষ যদি এই পাথরে তার কপাল ঘসে তাহলে আধ্যাত্মিক জগৎ দেখতে পাবে। ইন্তিউয়াতানা (কেচুয়া: Intiwatana) পাথর দক্ষিণ আমেরিকার পূজিত পবিত্র পাথরগুলোর একটি। স্পেনীয়রা ২০ শতকের আগে এই পাথরটি খুঁজে পায় নি; ফলে এটি ইনকাদের অন্যান্য পবিত্র পাথরের মতো ধ্বংস হবার হাত থেকে বেঁচে যায়। এই পাথরগুলো এমন ভাবে স্থাপন করা হয় যাতে শীতকালে এগুলো সরাসরি সূর্যের দিকে নির্দেশ করে। একে "সূর্যের আকঁড়া বিন্দুও" বলা হয়, কেননা উপকথা অনুসারে এটি সূর্যকে তার জায়গায় আটকে রাখার উদ্দেশ্যে নির্মিত। ২১শে মার্চ ও ২১শে সেপ্টেম্বর, বছরে এই দুবার দিনের মাঝামাঝি সময়ে সূর্য ইন্তিউয়াতানা পাথরের একেবারে ওপরে থাকে; ফলে এর কোনও ছায়া তৈরি হয় না[৩]। প্রকৃতপক্ষে ইন্তিউয়াতানা একটি "মহাকাশ ঘড়ি"[৪]। এটি ২০০০ সাল পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল। সেই বছর একটি মদ কোম্পানির বিজ্ঞাপন নির্মাণের সময় ৯৯০ পাউন্ড ওজনের একটি ক্রেন এই পাথরের ওপর পড়ে গেলে কলমের আকারের একটুকরা ভেঙে যায়। কোম্পানিটির দাবী তারা এই ঘটনার জন্য দায়ী নয়। অনেক মানুষ মনে করে এই ঘটনার পর আত্মারা ইন্তিউয়াতানা ছেড়ে চলে গেছে।
[সম্পাদনা] পর্যটক আধিক্যের ফলে সৃষ্ট উদ্বেগ
মাচু পিচু একটি ইউনোস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পেরুর সবচাইতে জনপ্রিয় পর্যটন স্থান ও অন্যতম আয়ের উৎস হবার ফলে অর্থনৈতিক ও বানিজ্যিক কারণে হুমকির মুখে পড়েছে। ১৯৯০ সালের শেষের দিকে পেরু সরকার এখানে যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য একটি কেবল কার নির্মাণ এবং বুটিক, পর্যটকদের কমপ্লেক্স ও রেস্তোরাঁ সম্বলিত একটি বিলাসবহুল হোটেল তৈরির অনুমতি দেয়। বিজ্ঞানী, শিক্ষাবীদ ও পেরুর জনগণ এই পরিকল্পনার তীব্র প্রতিবাদ করে, তাদের সংশয় ছিল এর ফলে মাচু পিচুতে পর্যটকের সমাগম ব্যাপকভাবে বৃদ্ধিপাবে এবং তা এই পুরাকীর্তির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করবে।
প্রতি বছরই মাচু পিচুতে পর্যটক সমাগম বাড়ছে, যা ২০০৩ সালে ৪ লক্ষ ছাড়িয়ে যায়[৫]। ফলে মাচু পিচুতে আর কোনও ধরণের সেতু নির্মানের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত আছে [৬]এবং বর্তমানে মাচু পিচুর উপর দিকে কোনওধরণের উড়োজাহাজ চালানো নিষিদ্ধ[৭]। ইউনেস্কো একে বিপন্ন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করার চিন্তভাবনা করছে। তা সত্ত্বেও, অতিরিক্ত ব্যবহার ও লোকসমাগমের ফলে মাচু পিচুর বেশ ক্ষতিসাধন হয়েছে। ২০০০ সালের সেপ্টেম্বর মাসে মাচু পিচুর শতাব্দী প্রাচীন ইন্তিউয়াতানা পাথর বা "সূর্য ঘড়ি" এর উপর ১০০০ পাউন্ড ওজনের ক্রেন পড়লে এটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। জে ওয়াল্টার টমসন (ইংরেজি: J. Walter Thompson) বিজ্ঞাপন এজেন্সির তত্ত্বাবধানে ক্রিস্টাল বিয়ারের বিজ্ঞাপনের চিত্রায়নের সময় দুর্ঘটনাটি ঘটে। ফেদেরিকো কাউফমান দোইগ (স্পেনীয়: Federico Kaufmann Doig ফেদ়েরিকো কাউফ়্মান্ দোইগ্) নামক পেরুর একজন পুরাতত্ত্ববিদ বলেছেন - "মাচু পিচু আমাদের পুরাতাত্মিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু এবং ইন্তিউয়াতানা মাচু পিচুর হৃদয়। তারা আমাদের সবচাইতে পবিত্র ঐতিহ্যকে আঘাত করেছে"[৮]। এছাড়াও ১৯৮০র দশকে হেলিকপ্টারের অবতরণস্থান তৈরির জন্য মাচু পিচুর কেন্দ্রস্থল থেকে একটি বড় পাথর অন্যস্থানে সরানো হয়। উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে কোনও ধরণের উড়োজাহাজে মাচু পিচুতে যাতায়াত বন্ধ করা হয়েছে।
[সম্পাদনা] ইয়েল বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বন্দ্ব
প্রথমদিকে হাইরাম বিঙাম পেরুর সরকারী কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাই পেরুতে ঘুরে বেড়ানো ও পুরাতাত্ত্বিক সামগ্রী ধার করার অনুমতি পেতে তাঁর কোনও সমস্যাই হয় নি। ইয়েল বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় তিনি সাথে করে প্রায় ৫০০০ পুরাকীর্তি নিয়ে আসেন এই উদ্দেশ্যে যে পেরুর সরকার সেগুলো ফেরত না চাওয়া পর্যন্ত তা ইয়েল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকবে[৯]।
বিতর্ক নতুন করে দানা বাধে যখন the Hartford Courant পত্রিকার ১৪ই মার্চ, ২০০৬ তারিখের একটি রিপোর্টে বলা হয় পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তোলেদোর (স্পেনীয়: Alejandro Toledo) স্ত্রী অভিযোগ করেছেন যে, মাচু পিচু থেকে ১৯১২ সালে হাইরাম বিঙাম কর্তৃক অপসারিত ২৫০টি জাদুঘরমানের প্রত্নতাত্ত্বিক নির্দশণের সত্ত্ব দাবী করে নিজেদের কাছে রেখে এবং সেগুলো বিশ্ববিদ্যালয়ের Peabody Museum এ প্রদর্শণীর মাধ্যমে ইয়েল বিশ্ববিদ্যালয় মুনাফা করছে। হাইরাম বিঙাম কর্তৃক সংগৃহীত মাচু পিচুর কিছু কিছু নিদর্শণ পেরুর কাছে হস্তান্তার করা হয়েছে, কিন্তু বাদবাকি নিদর্শণ সমূহ ইয়েল বিশ্ববিদ্যালয় নিজেদের কাছে রেখে দিয়েছে এই বলে যে, পেরুর প্রত্নসম্পদ সম্পর্কিত কেন্দ্রীয় আইনে এর সমর্থন আছে [১০]।
১৪ই আগস্ট, ২০০৭ তারিখে the Hartford Courant পত্রিকার প্রতিবেদনে বলা হয় ইয়েল বিশ্ববিদ্যালয় নিজেদের কাছে সংরক্ষিত ৩০০টির মত জাদুঘরমানের প্রত্নতাত্ত্বিক নিদর্শণ পেরুর কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। এ ঘটনার পরপরই পেরুর নতুর প্রেসিডেন্ট আলান গার্সিয়া (স্পেনীয়: Alan García) একটি প্রতিনিধিদল নিয়োগ দেন যাতে করে ইয়েল বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা চালিয়ে নেয়া যায় এবং কোন রকম আইনী জটিলতা ছাড়াই এই সমস্যার সমাধান এবং বিতর্কের অবসান ঘটানো যায়[১১] ।
পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর, ২০০৭ সালে the Hartford Courant পত্রিকা তাদের প্রতিবেদনে বলে যে, বিংশ শতাব্দীর প্রথমভাগে হাইরাম বিঙাম কর্তৃক অপসারিত মাচু পিচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শণ সমূহের হস্তান্তরের ব্যাপারে পেরু এবং ইয়েল বিশ্ববিদ্যালয় একটি ঐক্যমত্যে পৌঁছেছে। এর আওতায় পেরু সরকার এবং ইয়েল বিশ্ববিদ্যালয় যৌথভাবে ভ্রাম্যমাণ প্রত্নতাত্ত্বিক প্রদর্শণীর আয়োজন করবে এবং কোস্কো শহরে ইয়েল বিশ্ববিদ্যালয় পরামর্শে একটি জাদুঘর ও গবেষণাগার নির্মিত হবে। ইয়েল মাচু পিচু থেকে অপসারিত সকল নিদর্শণের ওপর পেরুর স্বত্ত্ব স্বীকার করেছে, তবে গবেষণার জন্য ব্যবহৃত নিদর্শণ সমূহের ওপর পেরুর সাথে ইয়েল বিশ্ববিদ্যালয়েরও অধিকার থাকবে, যার একটি অংশ চলমান গবেষণার উপাদান হিসাবে বিশ্ববিদ্যালয়ের কাছে থাকবে[১২]।
[সম্পাদনা] মাচু পিচুর ভার্চুয়াল ভ্রমণ
পেরুর পর্যটন বিভাগ PROMPERU বিশ্বে প্রথমবারের মত পুরো মাচু পিচু দূর্গনগরীর ৩৬০ x ৩৬০ ফুল স্ক্রিন ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করেছে। নিচের লিংকে মাচু পিচুর ভার্চুয়াল ভ্রমণ করা যাবে।
[সম্পাদনা] আরো দেখুন
- চোকি কিরাউ (কেচুয়া: Chuqi K'iraw চোক্বি ক'ইরাউ "স্বর্ণের দোলনা")
- কুয়েলাপ (চাচাপোয়া: Kuélap)
- পাচাকুতিক (কেচুয়া: Pachakutiq পাচাকুতিক্ব্ "জগতের পরিবর্তক")
| বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকা | ||
|---|---|---|
|
আমেরিকা | ইউরোপ | আফ্রিকা | এশিয়া এবং অস্ট্রালেশিয়া | ঝুঁকিপূর্ণ স্থানসমূহ |
||
| বিশ্বের সাতটি নতুন বিস্ময়ের নাম | অবস্থান | ছবি |
|---|---|---|
| চিচেন ইৎজা / Chichen Itza | ||
| ক্রাইস্ট দ্যা রিডিমার / Christ the Redeemer | ||
| কলোজিয়াম / Colosseum | ||
| চীনের মহাপ্রাচীর / Great Wall of China | ||
| মাচু পিচু / Machu Picchu | ||
| পেত্রা / Petra | ||
| তাজমহল / Taj Mahal | ||
| এবং তালিকাতে একটি সম্মানসূচক ভুক্তি রয়েছে: গিজার মহাপিরামিড / Great Pyramid of Giza (প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একমাত্র প্রতিনিধি) |
[সম্পাদনা] টীকা
- ↑ Historic Sanctuary of Machu Picchu — UNESCO World Heritage Centre. UNESCO (2006). Retrieved on 9 December 2006.
- ↑ UNESCO advisory body evaluation (PDF).
- ↑ http://64.233.183.104/search?q=cache:JSwdbm9AmYwJ:www.sacredsites.com/americas/peru/machu_picchu.html+%22Intihuatana+Stone%22&hl=en&ct=clnk&cd=1&client=firefox-a
- ↑ http://64.233.183.104/search?q=cache:JSwdbm9AmYwJ:www.sacredsites.com/americas/peru/machu_picchu.html+%22Intihuatana+Stone%22&hl=en&ct=clnk&cd=1&client=firefox-a
- ↑ "Row erupts over Peru's tourist treasure", BBC News Online. 27 December 2003
- ↑ "Bridge stirs the waters in Machu Picchu", BBC News Online, 1 February 1 2007
- ↑ "Peru bans flights over Inca ruins", BBC News Online, 8 September 2006
- ↑ September 12, 2000, Sacred stone in Machu Picchu damaged during beer commercial, CNN
- ↑ Andrew Mangino (2006-04-12). Elections could avert Peru's lawsuit. Yale Daily News Publishing Company, Inc.. Retrieved on June 26, 2006.
- ↑ Hartford Courant. "Peru Presses Yale On Relics." March 14, 2006..
- ↑ Hartford Courant. "Yale Will Give Peru A List Of Artifacts." August 14, 2007..
- ↑ Hartford Courant. "Yale To Return Incan Artifacts" by Edmund H. Mahoney. September 19, 2007
[সম্পাদনা] তথ্যসূত্র
- Bingham, Hiram (1979 [1930]) Machu Picchu a Citadel of the Incas. Hacker Art Books, New York.
- Burger, Richard and Lucy Salazar (eds.) (2004) Machu Picchu: Unveiling the Mystery of the Incas. Yale University Press, New Haven.
- Frost, Peter (1995) Machu Picchu Historical Sanctuary. Nueves Imágines, Lima.
- Reinhard, Johan (2002) Machu Picchu: The Sacred Center. Lima: Instituto Machu Picchu (2nd ed.).
- Richardson, Don (1981) Eternity in their Hearts. Regal Books, Ventura. ISBN 0-8307-0925-8, pp. 34–35.
- Wright, Kenneth and Alfredo Valencia (2000) Machu Picchu: A Civil Engineering Marvel. ASCE Press, Reston.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- মাচু পিচু, সাধারণ তথ্যাবলী, ইতিহাস, মানচিত্র, ছবির এ্যালবাম, ইত্যাদি
- মাচু পিচু ঐতিহাসিক সংরক্ষিত এলাকা (ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান)
- ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে মাচু পিচু
- উইকি ট্র্যাভেলে মাচু পিচু
- মাচু পিচুর ইনফরমেশন পোর্টাল (এতে মাচু পিচুর ধ্বংসাবশেষ এবং ইনকাদের সম্পর্কে নিবন্ধগুলো বিস্তারিতভাবে রয়েছে )
- মাচু পিচু ও এর আশপাশের সংরক্ষিত এলাকার গুগল স্যাটেলাইট এদত্ত ছবি
- মাচু পিচুর একটি ছবি ভিত্তিক ভ্রমণ নির্দেশিকা
- Machu Picchu. Map Peru interactive
- The World Monuments Fund's এর ২০০৮ সালের বিপন্ন নিদর্শণ তালিকায় মাচু পিচু
- ইউ টিউবে মাচু পিচুর দূর্গ নগরী
- ইংরেজি উইকিপিডিয়ায় মাচু পিচু