মতিলাল শীল
মতিলাল শীল (জন্ম: ১৭৯২ - মৃত্যু: ২৯ মে ১৮৫৪) একজন বিখ্যাত ব্যবসায়ী, সমাজসেবী এবং দানবীর ।
মতিলাল শীল কলকাতার কলুটোলার বাসিন্দা ছিলেন । তাঁর বাবার নাম চৈতন্যচরণ ।
[সম্পাদনা] ব্যবসায়ী জীবন
ফোর্ট উইলিয়ামে সামরিক কর্মচারীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের মধ্যে দিয়ে তাঁর অর্থোপার্জনের শুরু । এর পর তিনি শিশি বোতল এবং ছিপির ব্যবসা শুরু করেন । কিছুদিন তিনি বালিখালের কাস্টমস দারোগা ছিলেন । ১৮২০ থেকে ১৮৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বিভিন্ন ইউরোপীয় প্রতিষ্ঠানের মুৎসুদ্দীর কাজ করেন । এই সময়ে আমদানী রপ্তানী ব্যবসায়ে লিপ্ত হয়ে রুস্তমজী কাওয়াসজী এবং দ্বারকানাথ ঠাকুরের মত প্রতিপত্তিশালী এবং বিখ্যাত ব্যবসায়ী হন । তিনি জাহাজ শিল্পে যোগ দিয়ে বিদেশীদের সাথে প্রতিযোগিতা করেন । আন্তর্দেশীয় জাহাজ ব্যবসায়ে তিনিই প্রথম বাষ্পীয় পোত ব্যবহার করেন ।
[সম্পাদনা] সমাজসেবা
১৮৪৩ খ্রিস্টাব্দে তিনি শীলস্ ফ্রী কলেজ প্রতিষ্ঠা করেন এবং ইহুদী শিক্ষকদের দ্বারা ধর্মনিরপেক্ষ শিক্ষার ব্যবস্থা করেন । তিনি বিভিন্ন জনহিতকর কাজে বহু অর্থ ব্যয় করেছেন । তিনি ১৮৪৬ খ্রিস্টাব্দে হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশন এবং ১৮৫৩ খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটান কলেজ স্থাপনে সহযোগিতা এবং অর্থসাহায্য করেন । তিনি ১৮৪৬ খ্রিস্টাব্দে বেলঘরিয়া অতিথিশালা এবং স্নানার্থীদের জন্য গঙ্গাতীরে মতিলাল ঘাট স্থাপন করেন । তিনি কলকাতা মেডিকেল কলেজের জন্য অনেক জমি দান করেছিলেন । তিনি ধর্মসভার একজন নেতৃস্থানীয় হলেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবর্তিত বিধবা বিবাহ আন্দোলনের সমর্থক ছিলেন ।
[সম্পাদনা] তথ্যসূত্র
- সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ