বিপ্রদাস পিপলাই
বিপ্রদাস পিপলাই (মতান্তরে বিপ্রদাস পিপিলাই) ছিলেন পঞ্চদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি কবি। তিনি অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বাদুড়িয়া-বাটাগ্রামের বাসিন্দা মুকুন্দ পিপলাইয়ের পুত্র ছিলেন।[১]
মনসাবিজয় কাব্য [সম্পাদনা]
বিপ্রদাস পিপলাই ছিলেন সর্পদেবী মনসার মাহাত্ম্যপ্রচারের উদ্দেশ্যে রচিত মনসামঙ্গল কাব্যধারার অন্যতম প্রধান কবি। তাঁর কাব্যের তিনটি পুথি আবিষ্কৃত হয়েছে। ১৮৯৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী তদাবধি আবিষ্কৃত দুটি পুথির উপর ভিত্তি করে তাঁর কাব্যের একটি অসমাপ্ত সংস্করণ সম্পাদনা করে প্রকাশ করেন। ১৯৫৩ সালে সুকুমার সেন বিপ্রদাস পিপলাইয়ের মনসাবিজয় নামে তাঁর কাব্যের একটি সম্পূর্ণ সংস্করণ সম্পাদনা করে প্রকাশ করেন। এই সংস্করণটি এশিয়াটিক সোসাইটির বিবলিওথেকা ইন্ডিকা গ্রন্থমালার অন্তর্গত ছিল। এই সংস্করণটি প্রস্তুত করা হয় প্রাপ্ত তিনটি পুথির ভিত্তিতেই।[২] এই পুথিগুলি থেকে গ্রন্থরচনার যে তারিখটি পাওয়া যায় সেটি হল ১৪১৭ শকাব্দ (১৪৯৫-৯৬ খ্রিষ্টাব্দ)।[৩] বরিশালের বিজয়গুপ্তও একই সময়ে তাঁর মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন।[১]
বিপ্রদাসের কাব্যের বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল চাঁদ সদাগরের বাণিজ্যযাত্রা পথের বিস্তারিত বিবরণ। এই বিবরণ থেকে তৎকালীন সপ্তগ্রাম এবং হুগলি-সরস্বতী নদীর নিম্ন অববাহিকার একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়।[১]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (বাংলা), p. 349, ISBN 8185626650
- ↑ Sen, Sukumar (1991, reprint 2007). Bangala Sahityer Itihas, Vol.I (বাংলা), Kolkata: Ananda Publishers, ISBN 81-7066-966-9, p.199
- ↑ Sen, Sukumar (1991, reprint 2007). Bangala Sahityer Itihas, Vol.I, (বাংলা), Kolkata: Ananda Publishers, ISBN 81-7066-966-9, pp.161-78