বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর মাধ্যমে ডিসেম্বর ১৬, ১৯৭১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে। এর কার্য নির্বাহী প্রধান ‘গভর্নর’ হিসাবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা এবং কার্যতঃ ‘ব্যাংকসমূহের ব্যাংক’। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা এবং ২ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।
বাংলাদেশ ব্যাংক-এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা ৯ জন ব্যক্তি সমন্বয়ে গঠিত একটি বোর্ডের ওপর অর্পিত আছে। বোর্ডে গভর্নর, একজন ডেপুটি গভর্নর, তিন জন উচচ পদস্থ সরকারি কর্মকর্তা এবং চার জন এমন ব্যক্তি থাকেন যারা ব্যাংকিং, বাণিজ্য, ব্যবসায়, শিল্প অথবা কৃষি খাতে যথেষ্ট অভিজ্ঞতা ও যোগ্যতার প্রমাণ রেখেছেন। বোর্ডের চেয়ারম্যান হলেন গভর্নর নিজেই। বোর্ডের সবাই সরকার দ্বারা নির্বাচিত হন। এই বোর্ডের সভা প্রতি ছয় মাসে কমপক্ষে একবার অথবা প্রতি তিন মাস অন্তর একবার বসে। সরকার দ্বারা অনুমোদিত গভর্নর বোর্ডের পক্ষে, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বাংলাদেশ ব্যাংকের সকল কাজের দিক নির্দেশনা ও নিয়ন্ত্রণ করেন।
বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহীকে বলা হয় গভর্নর। এ পর্যন্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এই পদে দায়িত্ব পালন করেছেন।
গভর্নরের তালিকা
| ক্রমিক নং |
নাম |
কার্যকাল |
| ১। |
এ. এন. এম. হামিদুল্লাহ |
১৮ জুলাই, ১৯৭২ - ১৮ নভেম্বর, ১৯৭৪ |
| ২। |
এ. কে. নাজিরুদ্দীন আহমেদ |
১৯ নভেম্বর, ১৯৭৪ - ১৩ জুলাই, ১৯৭৬ |
| ৩। |
এম. নূরুল ইসলাম |
১৩ জুলাই, ১৯৭৬ - ১২ এপ্রিল, ১৯৮৭ |
| ৪। |
সেগুফতা বখ্ত চৌধুরী |
১২ এপ্রিল, ১৯৮৭ - ১৯ ডিসেম্বর, ১৯৯২ |
| ৫। |
মোঃ খোরশেদ আলম |
৩০ ডিসেম্বর, ১৯৯২ - ২১ নভেম্বর, ১৯৯৬ |
| ৬। |
মোঃ লুৎফর রহমান সরকার |
২১ নভেম্বর, ১৯৯৬ - ২১ নভেম্বর, ১৯৯৮ |
| ৭। |
ড. মোহাম্মদ ফরাশউদ্দীন |
২৪ নভেম্বর, ১৯৯৮ - ২২ নভেম্বর, ২০০১ |
| ৮। |
ড. ফখরুদ্দীন আহমদ |
২৯ নভেম্বর, ২০০১ - ৩০ এপ্রিল, ২০০৫ |
| ৯। |
ড. সালেহউদ্দিন আহমেদ |
১ মে, ২০০৫ - ৩০ এপ্রিল, ২০০৯ |
| ১০। |
ড. আতিউর রহমান |
মে ১, ২০০৯ - বর্তমান |