নৌকাবাইচ
| এই নিবন্ধ অথবা পরিচ্ছেদটি নৌকা বাইচ-এর সাথে একত্রিত করার প্রস্তাব করা হচ্ছে। (আলোচনা করুন) |
নৌকাবাইচ হলো নদীতে নৌকা চালনার প্রতিযোগিতা। "বাইচ" শব্দটি ফারসি "বাজি" শব্দজাত যার বিবর্তন এরূপ: বাজি>বাইজ>বাইচ। এর অর্থ খেলা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে আমোদ-প্রমোদমূলক প্রতিযোগিতা বোঝায়।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। তবে কবে এদেশে গণবিনোদন হিসেবে নৌকাবাইচের প্রচলন হযেছির তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। "বাইচ" শব্দটির ব্যুৎপত্তি বিবেচনা করে অনুমিত হয়েছে যে মধ্যযুগের মুসলমান নবাব, সুবেদার, ভূস্বামীরা, যাদের নৌবাহিনী, তারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের সূত্রপাত করেছিলেন। তবে এ বিষয়ে দুটি জনশ্রুতি আছে। একটি জনশ্রুতি জগন্নাথ দেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে। জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় স্নানার্থীদের নিয়ে বহু নৌকার ছড়াছড়ি ও দৌড়াদৌড়ি পড়ে যায়। এতেই মাঝি-মাল্লা-যাত্রীরা প্রতিযোগিতার আনন্দ পায়। এ থেকে কালক্রমে নৌকাবাইচের শুরু। দ্বিতীয় জনশ্রুতি পীরগাজীকে কেন্দ্র করে। গাজী নদীর ওপারে বসে এ পারের ভক্তকে তার কাছে ডাকছেন। গাজীর আদেশ প্রতিপালন করতে পারছে না ভক্ত, নদীর ভীষণা মূর্তি তাকে নদী পার হতে দিচ্ছে না। তবুও গাজীর আহ্বানে সাড়া দিয়ে ভক্ত ছোটে কিন্তু কোনো নৌকা নেই। কে তাকে ওপারে নিয়ে যাবে? অনেক খোঁজ করে একখানা ডিঙ্গি জোগাড় করল ভক্ত। সে নৌকা যতই ওপারের দিকে যেতে চেষ্টা করে ততই স্ফীতদোর হয়ে ওঠে নদী। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার দুর্দশা দেখে একে একে অনেক লোক ছুটে বিপদগ্রস্ত ডিঙ্গির মাঝি, যাত্রী ও নৌকাকে সাহায্য করতে। সবাই গাজীর চরণে প্রণাম করে, গাজীর নাম নিতে নিতে এগিয়ে চলল। নদী ক্রমেই শান্ত হয়ে এলো। ভক্ত নদীর ওপারে পৌঁছাল। শান্ত নদীতে নৌকার সারি মনের প্রশান্তিতে তখন একে অপরের সাথে পাল্লা দিয়ে চলল। এই পাল্লার নেশা থেকেই নাকি নৌকা দৌড়ের বা বাইচের উৎপত্তি। [১]
বাইচের নৌকা [সম্পাদনা]
বাংলাদেশে বিভিন্ন ধরনের নৌকা দেখা যায়। বাইচের নৌকার গঠন কিছুটা বৈশিষ্ট্যপূর্ণ। এই নৌকা হয় সরু ও লম্বাটে। লম্বায় যেমন অনেক দঘল ; ঠিক তেমনই চওড়ায় খুবই সরু। কারণ সরু ও লম্বাটে হওয়ার দরুন নদীর পানি কেটে দরতরিয়ে দ্রুত চলতে সক্ষম এবং প্রতিযোগিতার উপযোগী। নৌকার সামনের গলুইটাকে খুব সুন্দর করে সাজানো হয়। তাতে কখনো করা হয় ময়ূরের মুখ, কখনো রাজহাঁস বা অন্য কোনো পাখীর মুখাবয়ব। নৌকাটিতে উজ্জ্বল রঙের কারুকাজ করে বিভিন্ন নকশা তৈরি করা হয়। সর্বোপরি নৌকাটিকে দর্শকের সামনে যথাসম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা থাকে।
বাইচে অংশগ্রহণ [সম্পাদনা]
উপযুক্ত নৌকায় দু’পাশে মাঝিরা সার বেধে বসে পড়ে বৈঠা হাতে। মাঝিদের বৈঠা টানাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একজন পরিচালক থাকে যাকে বলা হয় গায়েন। সে বসবে নৌকার গলুই-এ।। মাঝিরা একত্রে জয়ধ্বনি সহকারে নৌকা ছেড়ে দিয়েই এক সাথে কোনো একটি গান গাইতে আরম্ভ করে এবং সেই গানের তালের ঝোঁকে ঝোঁকে বৈঠা টানে ; যার ফলে কারও বৈঠা ঠোকাঠুকি না-লেগে এক সাথে পানিতে অভিঘাত সৃষ্টি করতে থাকে। গায়েন বা পরিচালক কাঁসির শব্দে এই বৈঠার এবং গানের গতি বজায় রাখতে সাহায্য করে। অন্য সব নৌকাকে পেছনে ফেলে নিজেদের নৌকাকে সবার আগে যাওয়ার চেষ্টায় প্রয়োজন বোধে কাঁসির শব্দে বৈঠার গতি বাড়ানোর নির্দেশ দেয়া হয় এবং সেই সাথে গানের গতিও বেড়ে চলে। এ ছাড়া এই সময় দেহ ও মনের উত্তেজনার বশেই গানের মধ্যে 'হৈ, হৈয়া" এই ধরনের শব্দের ব্যবহার দেখা যায়। এটি সারি গানের বিশেষ বৈশিষ্ট্য।
বাইচের গান [সম্পাদনা]
নৌকাবাইচের সময় মাল্লারা সমবেত কণ্ঠে যে গান গায় তা সারি গান নামে অভিহিত। একটি জনপ্রিয় সারিগান নিম্নরূপ:
আল্লায় বলিয়া নাও খোল রে
ভাই সক্কলি।
আল্লাহ বলিয়া খোল।।
ওরে আল্লা বল নাও খোল
শয়তান যাবে দূরে।।
ওরে যে কলমা পইড়া দেছে
মোহাম্মদ রাসূলরে
ভাই সক্কল।...
তথ্যসূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |