গোরুমারা জাতীয় উদ্যান
গোরুমারা জাতীয় উদ্যান ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের জলদাপাড়া-চাপড়ামারি-গোরুমারা রেঞ্জের অন্তর্গত এই জাতীয় উদ্যান। এই বনভূমির আয়তন প্রায় ১,৩০০ বর্গকিলোমিটার।[১] গোরুমারায় হাতি, গণ্ডার, গউর, হরিণ, বুনো শুয়োর, ময়ূর প্রভৃতি পশুপাখি রয়েছে।[১] বনের প্রান্তদেশে রাভা, রাজবংশী, মেচ, কোঁচ, ওঁরাও, মুন্ডা ও টোটো উপজাতি বাস করে।[১] গোরুমারার মধ্য দিয়ে তিস্তা, তোর্সা, মালঙ্গী, জলঢাকা, রায়ডাক, সঙ্কোষ, মূর্তি, কালজানি প্রভৃতি নদনদী প্রবাহিত।[১] গোরুমারায় শাল, সেগুন, শিমূল, পলাশ, বহেড়া, পিপল প্রভৃতি গাছ দেখা যায়।[১]
১৯৭৬ সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায়।[১] গোরুমারায় মোট পাঁচটি ওয়াচ-টাওয়ার রয়েছে। এগুলি হল: মেদলা, চাপড়ামারি, যাত্রাপ্রসাদ রাইনো পয়েন্ট, চুকচুকি ও খুনিয়া চন্দ্রচূড় ওয়াচ-টাওয়ার।[১] লাটাগুড়ি শহর এই জাতীয় উদ্যানের প্রবেশদ্বার।[১] জাতীয় উদ্যানের পাশ দিয়ে লাটাগুড়ি শহর ঘেঁষে ন্যাওড়া নদী প্রবাহিত। এই নদীকে ঘিরে রয়েছে ন্যাওড়া চা বাগান।[১]