খান আতাউর রহমান
| খান আতাউর রহমান | |
|---|---|
খাতা আতাউর রহমান |
|
| প্রাথমিক তথ্যাদি | |
| জন্ম নাম | খান আতা |
| জন্ম | ১১ ডিসেম্বর, ১৯২৮ বাংলাদেশ |
| মৃত্যু | ১ ডিসেম্বর, ২০০৪ |
| পেশা | সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সংগীত পরিচালক, গীতিকার, প্রযোজক |
খান আতাউর রহমান যিনি খান আতা নামে বহুল পরিচিত (ডিসেম্বর ১১, ১৯২৮ - ডিসেম্বর ১, ২০০৪) একজন বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা। তিনি একাধারে সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্রযোজক, সংলাপ রচয়িতা, কাহিনীকার। অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে জীবন থেকে নেয়া উল্ল্যেখযোগ্য।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] শৈশব
খান আতা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন।বাবার নাম জিয়ারত হোসেন খান, মায়ের নাম যোহরা খাতুন। তার মা তাকে আদর করে ডাকতেন "তারা"। তার মায়ের পরিবার ছিলেন মাজারের খাদিম তথা তত্ত্বাবধায়ক। ধর্মীয় উরসে তার মামা নানারকম আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করতেন। ১৯৩৭ সালে ঢাকা জিলা সঙ্গীত প্রতিযোগীতায় খান আতা প্রথম স্থান দখল করেন। তিনি তখন তৃতীয় শ্রেণীর ছাত্র।[১]
[সম্পাদনা] শিক্ষাজীবন
খান আতা ১৯৪৩ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশান পরীক্ষা পাশ করেন। ইন্টারমেডিয়েট পরীক্ষা দেন ঢাকা কলেজ থেকে ১৯৪৫ এ । এরপর ১৯৪৬ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। এসময় তিনি চলচ্চিত্রে অভিনয়ের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে পালাবার চেষ্টা করেন। কিন্তু ফুলবাড়িয়া রেলস্টেশনে তিনি পরিবারের এক সদস্যের চোখে পড়ে গেলে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। কিন্তু অল্প কিছুদিন পরেই মেডিকেল ছেড়ে চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এবারো তার বোহেমিয়ান স্বভাবের কারণে তিনি সেখানে থাকলেন না। এ বছরেই তিনি লন্ডনে ফটোগ্রাফি বিষয়ক একটি বৃত্তি লাভ করেন। কিন্তু অজ্ঞাত কারণে তিনি সেখানে যাননি। ১৯৪৯ সালে আবার তিনি বাড়ি ছেড়ে পালাবার চেষ্টা করেন। এবারো উদ্দেশ্য ছিল একই। [২] এবার তিনি প্রথমে মুম্বাই যান। মুম্বাই গিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন, চলচ্চিত্র জগতের আনাচে কানাচে গিয়েছেন। এসময় তিনি জ্যোতি স্টুডিওতে ক্যামেরাম্যান জাল ইরানির শিক্ষানবিশ হেসেব কিছুদিন কাজ করেন।
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতাউর রহমানের দুই স্ত্রী মাহবুবা রহমান ও নীলুফার ইয়াসমীন। খান আতা ও নিলুফারের ঘরে জন্ম নেন বর্তমান প্রজন্মের গায়ক ও অভিনেতা আগুন। অপরদিকে মাহবুবা রহমান ও খান আতার ঘরে জন্ম নেন কণ্ঠশিল্পী রুমানা ইসলাম।[৩]
[সম্পাদনা] কর্মজীবন
১৯৫০ সালের জানুয়ারিতে চলে আসেন করাচি। করাচী এসে তিনি যোগ দেন রেডিও পাকিস্তান এ সংবাদপত্র পাঠক হিসেবে। এখানেই আরেকজন প্রতিভাবান বাঙালি ফতেহ লোহানী এর সাথে তার সখ্যতা গড়ে উঠে। তখনো চলচ্চিত্রের ব্যাপারে তার উৎসাহ কমেনি। যার কারণে তিনি প্রায়ই লাহোর যেতেন। এসময় তিনি সারঙ্গী বাদক জওহারি খানের কাছ থেকে তালিম নেয়া শুরু করেন। ফতেহ্ লোহানী কিছুদিন পরে লন্ডন চলে গেলে ১৯৫২ সালে খান আতা একটি পোল্যান্ডীয় জাহাজে করে লন্ডন পাড়ি জমান। সেখানে অনেক বাঙালি অনুষ্ঠানে গায়ক এবং অভিনেতা হিসেবে তিনি অংশগ্রহণ করেন। এখানে এস এম সুলতানের সাথে তার সাক্ষাৎ হয়। এস এম সুলতানের চিত্রকর্মের উপকরণ যোগানে সাহায্য করেন তিনি। [১] খানা আতা এবং তার সাথীরা এস এম সুলতানের চিত্রকর্মের প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা করেন। লন্ডনের সিটি লিটারেরি ইন্সটিটিউটে তিনি থিয়েটার ডিপার্টমেন্টে ভর্তি হন। পরের বছরেই তিনি ইউনেস্কো বৃত্তি নিয়ে নেদারল্যান্ডে চলে যান। ১৯৫৫ সালে আবার লন্ডনে ফিরে এসে থিয়েটার রয়াল, ইউনিটি থিয়েটার, আরভিং থিয়েটারে সকল স্থানীয় গ্রুপের সাথে কাজ করতে থাকেন। এসময় তিনি কিছুদিন বিবিসি’র সাথেও কাজ করেছেন। ১৯৫৭ তে ফিরে আসেন ঢাকায়। এসেই তিনি পাকিস্তান অব্জারভারে চাকরি নেন। এরপর তিনি রেডিওতে গীতিকার, সঙ্গীত পরিচালক, আবৃত্তিকার এবং অভিনেতা হিসেবে যোগ দেন।
[সম্পাদনা] চলচ্চিত্রে খান আতা
১৯৫৮ সালে পাকিস্তানি পরিচালক আখতার জং কারদার পরিচালিত ছবি জাগো হুয়া সাভেরাতে মূল ভূমিকাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূত্রপাত হয়। তার বিপরীতে ছিলেন তৃপ্তি মিত্র নামক ভারতীয় অভিনেত্রী।[২] এ ছবির সহকারী পরিচালক ছিলেন জহির রায়হান। চলচ্চিত্র জগতে তিনি আনিস নামটি ব্যবহার করতেন। তার অভিনীত প্রথম বাংলা ছবি "এদেশ তোমার আমার" মুক্তি পায় ১৯৫৯ সালে। এহতেশামের এই চলচ্চিত্র এ দেশ তোমার আমার-এ তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৬০ সালে জহির রায়হানের সাথে গড়ে তোলেন লিটল সিনে সার্কেল। এর পরের বছরগুলোতে জনপ্রিয়তা বেড়ে যায় তার। অভিনেতা এবং সঙ্গীত পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন কখনো আসেনি, যে নদী মরুপথে, সোনার কাজল এর মতো সফল চলচ্চিত্রে।
[সম্পাদনা] সুরকার এবং সঙ্গীত পরিচালক খান আতা
সূর্যস্নান ছবিতে ১৯৬২ তে তিনি উপহার দেন পথে পথে দিলাম ছড়াইয়া রে এর মতো গান। যাতে কন্ঠ দেন কলিম শরাফী। ১৯৬৩ সালে জহির রায়হানের কাঁচের দেয়াল ছবিতে তিনি নিয়ে আসেন শ্যামল বরণ মেয়েটি শীর্ষক একটি জনপ্রিয় গান। সূর্যস্নান ছবির গীতিকার হিসেবে এবং কাঁচের দেয়াল ছবির সঙ্গীত পরিচালক হিসেবে পাকিস্তান ফিল্ম ফেস্টিভাল এ ১৯৬৫ সালে তিনি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। এছাড়া সঙ্গীত পরিচালক ছিলেন বাহানা, সাগার, আখেরি স্টেশান, মালা প্রভৃতি উর্দু ছবিতে। ১৯৬৯ সালে জহির রায়হানের পরিচালনায় জীবন থেকে নেয়া তে অভিনয় করেন। এই ছবিতে তিনি এ খাঁচা ভাংবো আমি কেমন করে শীর্ষক গানের কথা লিখেন এবং নিজেই কন্ঠ দেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে দেশাত্মবোধক গান লিখেন এবং মুক্তিযোদ্ধাদের খাদ্য এবং চিকিৎসাসামগ্রী সরবরাহ করে সাহায্য করেন। ’৭০ এবং ’৮০'র দশকে উপহার দেন সাবিনা ইয়াসমীনের কন্ঠে এ কি সোনার আলোয়, শহনাজ রহমতুল্লাহের কন্ঠে এক নদী রক্ত পেরিয়ে এর মতো গান। খান আতাউর রহমান প্রায় ৫০০ গানের গীতিকার।[৪]
[সম্পাদনা] গায়ক খান আতা
[সম্পাদনা] পরিচালক খান আতা
তার প্রথম পরিচালিত ছবির নাম অনেক দিনের চেনা।[৪] ছবিটি ১৯৬৩ সালে মুক্তি পায়। তিনি সিরাজউদ্দৌলা, সাত ভাই চম্পা, অরুণ বরুণ কিরণমালা, আবার তোরা মানুষ হ, সুজন সখি, দিন যায় কথা থাকে, পরশ পাথর, এখন অনেক রাত-সহ অনেক ছবি পরিচালনা করেছেন।[৪] ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর তৈরি করেন আবার তোরা মানুষ হ যার বিষয়বস্তু ছিল যুদ্ধ পরবর্তী বাস্তবতা। ৮০'র দশকের শেষে বানান হিসাব নিকাশ এবং পরশপাথর নামের দুইটি ছবি। মুক্তিযুদ্ধের উপর ১৯৯৪ সালে তিনি এখনো অনেক রাত নামের একটি ছবি তৈরি শুরু করেন। ১৯৯৭ সালে ছবির কাজ শেষ হয়। কিন্তু সেন্সর বোর্ড ছবির ৭ টি স্থানে দৃশ্য কেটে ফেলার নির্দেশ দেয়ায় ক্ষুব্ধ হন তিনি।
তিনি বাংলার কবি জসীম উদ্দীন, গঙ্গা আমার গঙ্গা, গানের পাখি আব্বাস উদ্দিন সহ বেশকিছু তথ্যচিত্রও তৈরি করেছেন।[৪]
[সম্পাদনা] চলচ্চিত্রপঞ্জি
- অনেক দিনের চেনা (১৯৬৩)
- সিরাজউদ্দৌলা
- সাত ভাই চম্পা
- অরুণ বরুণ কিরণমালা
- আবার তোরা মানুষ হ
- সুজন পাখি
- দিন যায় কথা থাকে
- পরশ পাথর
- এখনো অনেক রাত
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ http://www.thedailystar.net/story.php?nid=14982
- ↑ ২.০ ২.১ http://www.banglapedia.org/httpdocs/HT/R_0037.HTM
- ↑ সেন গুপ্ত, আশিষ (মে ১৫, ২০০৯). বিনোদন জগতে আত্মীয়তার বন্ধন (বাংলা ভাষায়). প্রকাশক: glitz.bdnews24.com. http://glitz.bdnews24.com/details.php?catry=2&showns=51। সংগৃহীত হয়েছে: ২০০৯-১০-২৭.
- ↑ ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ http://glitz.bdnews24.com/binodonKhoborDetails.php?bindnewid=1191&catry=
[সম্পাদনা] বহি:সংযোগ
- Articles with hCards
- Infobox musical artist with missing or invalid Background field
- Articles using Infobox musical artist with deprecated parameters
- ১৯২৮-এ জন্ম
- ২০০৪-এ মৃত্যু
- বাংলাদেশী সঙ্গীত পরিচালক
- বাংলাদেশী সুরকার
- ঢাকা কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র
- বাংলাদেশী কণ্ঠশিল্পী
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা
- বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক
- বাংলাদেশী চলচ্চিত্র প্রযোজক