কাবুল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| কাবুল کابل |
|
|---|---|
| Kabul Skyline | |
| Province | Kabul |
| Coordinates | |
| Population (2009)[১] - Metro Area (2009) |
২,৫৩৬,৩০০ (1st) Less than 5 million[২] |
| City Districts | 18 sectors or boroughs |
| Area - Elevation |
১,৭৯০ মিটার (৫,৮৭৩ ফুট) |
| Time zone | UTC+4:30 Kabul |
| Mayor | Abdul Ahad Sahebi |
| Chief of Police | Mohammad Ayub Salangi[৩] |
কাবুল (পশতু ভাষায়: کابل) পূর্ব-মধ্য আফগানিস্তানের একটি শহর এবং কাবুল প্রদেশ ও আফগানিস্তানের রাজধানী। শহরটি কাবুল নদীর তীরে সমুদ্রতল থেকে ১৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। কাবুল আফগানিস্তানের প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী পর্বতাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গিরিপথ খাইবার গিরিপথের কাছে অবস্থিত বলে কাবুল শহর সামরিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। শহরে বস্ত্র, খাদু প্রক্রিয়াকরণ, রাসায়নিক ও কাষ্ঠজাত দ্রব্য উৎপাদন করা হয়। কাবুলে বসবাসরত জাতিগুলির মধ্যে তাজিক জাতির লোকেরা সংখ্যাগরিষ্ঠ। তবে পশতুন জাতির লোকেরা সংখ্যালঘু জাতি হলেও গুরুত্বপূর্ণ। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত কাবুল বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা বিদ্যাপীঠ। ১৯৯২ সালের যুদ্ধে এটি বন্ধ হয়ে যায়।
কাবুল একটি প্রাচীন লোকালয় হলেও ১৫০৪ সালে এসে এটি প্রথম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঐ বছর ভারতীয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর শহরটিকে তাঁর রাজধানী বানান। ১৫২৬ সালে দিল্লীতে সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত করা হলেও কাবুল মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। ১৭৩৮ সালে পারস্যের শাসক নাদির শাহ শহরটি দখল করেন। ১৭৪৭ সালে আফগানিস্তানের প্রথম আমীর আহমদ শাহ কাবুলকে আফগানিস্তানের দুইটি রাজধানীর একটি বানান। অপর রাজধানীটি ছিল দক্ষিণের কান্দাহার শহর। ১৭৭৩ সালে আহমদ শাহের মৃত্যুর পর কাবুল দেশের একমাত্র রাজধানীতে পরিণত হয়। ১৯শ শতকে খাইবার গিরিপথের নিয়ন্ত্রণের জন্য শহরটি ব্রিটিশ, পারসিক ও রুশদের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই শতকে ব্রিটিশ সেনারা দুইবার (১৮৩৯-১৮৪২ এবং ১৮৭৯-১৮৮০) কাবুল দখল করে। ১৯৪০ সালের পর শিল্পকেন্দ্র হিসেবে কাবুলের বিকাশ ঘটে।
১৯৭৯ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সোভিয়েত সেনারা কাবুলের নিয়ন্ত্রণ নেয়। ১৯৯২ সালের শুরুতে মুজাহেদিনদের বিভিন্ন দল কাবুল দখলে নেয়। ১৯৯৬ সালে তালিবান নামের একটি মৌলবাদী ইসলামী আন্দোলন দুই বছর প্রচেষ্টার পর শহরটি দখল করে এবং আফগান সরকারের নিয়ন্ত্রণ নেয়। ২০০১ সালের নভেম্বর মাসে উত্তরের জোট বা যুক্তফ্রন্ট তালিবানদের হাত থেকে কাবুল পুনরুদ্ধার করে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ USAID, Afghanistan
- ↑ Australian Broadcasting Corporation, Dodgy cars clogging Kabul's roads
- ↑ Quqnoos.com, Kabul's disgraced police chief replaced (July 06, 2008)
|
||||||||||||||||||||