কম্পিউটার প্রোগ্রামিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কম্পিউটার প্রোগ্রামিং (ইংরেজি ভাষায়: Computer programming) হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম নির্মাণ করার কাজ বা শিল্প। একটি কম্পিউটার প্রোগ্রাম (Program) হল কতগুলি লিখিত নির্দেশের একটি সেট, যে নির্দেশগুলি কোন কম্পিউটার নির্বাহ করে। একটি প্রোগ্রামকে সাধারণত বৃহত্তর একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনের অংশ হিসেবে লেখা হয়। কোন প্রোগ্রামের লিখিত, মনুষ্যবোধ্য টেক্সট রূপটিকে সোর্স কোড (বা শুধু কোড) বলা হয়। যিনি কোন প্রোগ্রাম রচনা করেন, তাঁকে প্রোগ্রামার, কোডার বা ডেভেলপার বলা হয়। যেকোন বই যেমন একটি ভাষাতে যেমন ইংরেজি, রুশ, জাপানি, বাংলা, ইত্যাদিতে লেখা হয়, তেমনি প্রতিটি প্রোগ্রাম কোন একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষাতে লেখা হয়। প্রোগ্রাম রচনা করার সময় প্রোগ্রামারকে ঐ নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বা ব্যাকরণ মেনে চলতে হয়।